আগ্রহ ছিল দেশে ও দেশের বাইরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নির্মাণশ্রমিকদের অবস্থা, কাজে নিয়োগের প্রক্রিয়া, নিয়োগের পর মজুরি, ছুটিছাটা ইত্যাদি সম্পর্কে জানা। সে উদ্দেশ্যে এ বছর চাঁপাইনবাবগঞ্জে বার তিনেক যাতায়াত করেছি। কারণ, এ এলাকা থেকে একটা বড়সংখ্যক শ্রমিক ঢাকা ও বাংলাদেশের নানা অঞ্চলে কাজ করতে যান। কয়েকটি গ্রামে ও সদরে কথা বলেছি নানাজনের সঙ্গে। নির্মাণশ্রমিকদের অবস্থা বুঝতে গিয়ে দেখতে পাই, নারী নির্মাণশ্রমিক প্রান্তিকেরও প্রান্তিক এবং কোনো আলোচনাতেই কোনো মনোযোগ পায় না।
আমরা কি ঢাকা শহরে কি গ্রামে ও অন্যান্য বড় বড় শহরে কত-না দালানকোঠা দেখি। এসব দালানকোঠা বৃদ্ধিকে আবার দেশের উন্নয়নের প্রতিচ্ছবি বলে অনেকে মনে করেন। দালান নির্মাণে যুক্ত আছে বিরাট সংখ্যার নির্মাণশ্রমিক। আশ্চর্যের ব্যাপার, যেসব নির্মাণশ্রমিক কাজ করেন, তা তিনি রাজমিস্ত্রি হন আর রংমিস্ত্রি বা কাঠমিস্ত্রিই হন না কেন, এই হাই স্কিলড কাজের জন্য তাঁদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ থাকে না। দেখা যায়, তাঁরা প্রায় সবাই কাজ শুরু করেন রাজমিস্ত্রির জোগালি (যাঁরা নির্মাণকালীন ইট বালু-সিমেন্ট-সুরকি মিস্ত্রিকে সরবরাহ করেন) হিসেবে। এরপর এ ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে জোগালির কাজ করতে করতে রাজমিস্ত্রির কাজ শিখে নেন, সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে ওঠেন। যদিও চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু অনানুষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে, তবে সেখানে মূলত প্রশিক্ষণ নেন তাঁরাই, যাঁরা নির্মাণশ্রমিক হিসেবে বিদেশে যেতে চান।
বলা বাহুল্য, নারী নির্মাণশ্রমিকের কখনো রাজমিস্ত্রি, টাইলস-মিস্ত্রি, রংমিস্ত্রি হওয়া হয় না। তাঁরা জোগালির কাজে এই পেশাজীবন শুরু করলেও পেশাজীবন শেষও করেন জোগালি হিসেবেই। বিশেষায়িত দক্ষতা যেখানে প্রয়োজন হয়, সে রকম কাজে নারী শ্রমিকদের দক্ষতার উত্তরণ ঘটে না। এতে প্রমাণিত হয় না যে নারী সেসব কাজে অক্ষম, কারণ নারী এসব কাজে কখনো তার সক্ষমতা যাচাইয়ের সুযোগই পান না। এই সুযোগ না পাওয়ার পেছনে রয়েছে সামাজিকভাবে নারীর কী করা উচিত আর কী করা উচিত নয়, সেই ধারণা। নির্মাণশিল্পে নারী কাজ করবেন, বৃহত্তর অর্থে সেটা গ্রহণযোগ্য নয়। যেমন চাঁপাইনবাবগঞ্জে যেসব নির্মাণশ্রমিক, সাব-কনট্রাক্টর, ফোরম্যান, মধ্যবর্তী যোগাযোগকারী (প্রচলিত অর্থে যাদের দালাল বলা হয়) সবাই বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের নারীরা কখনো নির্মাণ শ্রমে কাজ করতে যান না, তা স্থানীয়ভাবে চাঁপাইনবাবগঞ্জে হোক কিংবা ঢাকাতেই হোক। মনে করা হয়, এ কাজ যাঁরা করেন, তাঁরা সামাজিক অর্থে ভালো কাজ করছেন না। প্রচলিতভাবে এসব কাজকে নারীর কাজ মনে করা হয় না। তবে জীবিকার তাগিদে তাঁরা শহরে যান, গার্মেন্টসে কাজ করেন। গার্মেন্টসে তাঁরা কারখানার অভ্যন্তরে সেলাইয়ের কাজ করেন। সেলাই করা প্রচলিতভাবে নারীর কাজ এবং তাঁরা খোলা জায়গা নয়, কারখানার অভ্যন্তরে কাজ করেন বলে যেন-বা ঐতিহ্যকে অটুট রাখছেন বলে মনে করা হয়। কিন্তু অনেক নারী যে নির্মাণশিল্পে জোগালির কাজ করেন, তা আবার সবাই বলছেন।
কোনো নারী, কেন এই কাজ করেন, সে প্রসঙ্গে জানতে চাইলে পুরুষ শ্রমিক বা সাব-কনট্রাক্টররা জানান, যেসব নারী স্বামী-সন্তান নিয়ে দালান বা ব্রিজ নির্মাণক্ষেত্রের কাছাকাছি বসবাস করেন, তাঁরাই নির্মাণশিল্পে দিনমজুরির চুক্তিতে জোগালির কাজ করে থাকেন। অর্থাৎ নারীর জন্য নির্ধারিত জায়গা, স্বামী ও সংসার কাছাকাছি থাকলে নারী এ রকম শ্রমবাজারে যুক্ত হন বলে চাঁপাইনবাবগঞ্জের নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত পুরুষেরা মনে করেন। এখানে তাঁদের বরাত দিয়ে আলোচনায় আমি নারীর কাজ প্রসঙ্গে যে মতাদর্শ বিরাজ করে তা সামনে আনছি, আদতে যে হুবহু এমনটাই ঘটে, সেটা বলা আমার লক্ষ্য নয়। তবে ভাবার মতো বিষয় হলো, তাঁরা বলছেন সাব-কনট্রাক্টররা জোগালির কাজে নারীকেই বেশি বেশি কাজে নিতে চান।
বলা প্রয়োজন, নির্মাণশিল্পে অধিকাংশ ক্ষেত্রেই মূল কনট্রাক্টর কাজ করেন না, কাজটি করেন সাব-কনট্রাক্টর। কারণ জানা যায়, সাব-কনট্রাক্টরেরই শ্রমিকের সঙ্গে যোগাযোগ থাকে এবং এর মাধ্যমে শ্রমিকের মজুরি, দুর্ঘটনা, চিকিৎসা—সব হুজ্জতি ব্যবস্থাপনা সহজভাবে করা যায়। উপরন্তু তাঁদের সঙ্গে আলাপ থেকে ধারণা করি, কনট্রাক্টর ও সাব-কনট্রাক্টররা নির্মাণ খরচ কমিয়ে মুনাফা বেশি নিশ্চিত করতে পারেন। একজন নির্মাণশ্রমিক তথা সাব-কনট্রাক্টর বললেন, নারীরা জোগালির কাজ করলে সাশ্রয় বেশি। তিনি স্পষ্ট বলেন, ‘দেখেন, মেয়েরা সব সময় পুরুষের কথা শুনে আসছে। সংসারেও দেখেন আমার বউ আমার কথা শুনবেই, না চাইলেও শুনবে। কারণ তার ভয় আছে, না শুনলে সে মার খাবে। তেমনই হয় সাইটে। নারীরা অল্প সময়ে বেশি কাজ করে, কাজে ফাঁকি দেয় না, সময় নষ্ট করে না। অথচ পুরুষেরা একটু কাজ করেই বিড়ি ফুঁকতে যায় বা গল্পগুজব করে, তাদের নিয়ন্ত্রণ করা যায় না, অথচ সহজে নারীদের বকাঝকা দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।’
এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, একই খরচে পুরুষের তুলনায় নারীর কাজ গুণগত অর্থে ভালো হয়। যদিও এই সেক্টরে জোগালি হিসেবে নারী ও পুরুষের দিনচুক্তিতে সমান মজুরি নির্ধারিত থাকে, তবে নারী শ্রমিকদের থাকা-খাওয়ার দায়িত্ব সাব-কনট্রাক্টরের নয়, যেখানে পুরুষ শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা তঁাদের করতে হয় (মাস শেষে পুরুষের দিনচুক্তির মজুরি থেকে খাবার খরচ কেটে রাখা হয়)। অর্থাৎ সব অর্থেই নারী শ্রমিক নিয়োগ সাশ্রয়ী। আমি ভেবেছিলাম, হয়তো নারী শ্রমিকেরা ঝুঁকিপূর্ণ কোনো কাজ করেন না, কিন্তু যাঁদের সঙ্গে কথা বলেছি, তাঁদের সবাই জানালেন, নারী জোগালিরা পুরুষের মতোই সমান ঝুঁকিপূর্ণ কাজ করেন। তাঁরা ইট-বালু-সিমেন্ট বোঝাই টুকরি মাথায় নিয়ে তিন-চার-পাঁচতলায় বেল্ট ছাড়াই বাঁশের সিঁড়ি বেয়ে উঠে নিয়মিত জোগালির কাজ করেন। কেবল তাঁদের অপ্রচলিত মিস্ত্রি পেশায় কখনো উত্তরণ ঘটে না, দেখে দেখে শেখার পথ তাঁদের জন্য নয়।
অনেক নারী তাঁদের শিশুদের সঙ্গে করে নির্মাণস্থলে আসেন ও কাজ করেন। নির্মাণ সাইট যে শিশুদের শারীরিক নিরাপত্তার বিচারে ঝুঁকিপূর্ণ, তা কে না জানে। এই নারীরা নিশ্চয়ই নিরুপায় হয়েই তাঁদের সঙ্গে করে নিয়ে আসেন। নিশ্চিত করেই নির্মাণ সাইটে শিশুদের রাখার আলাদা কোনো ব্যবস্থাপনা থাকে না। সঙ্গে করে নিয়ে আসার সুবিধাটুকু নারীরা যে পান, অনুমান করতে পারি, এতেই তাঁরা কৃতজ্ঞ থাকেন। নির্মাণস্থলে নারী-পুরুষ সবার জন্য একই অপরিচ্ছন্ন শৌচাগার অপ্রতুল সংখ্যায় থাকে। শুধু মায়ের সঙ্গে আসা
শিশুরা নয়, কর্মরত নারীরা সারাক্ষণ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে এই পরিসরে কাজ করেন। যখন শ্রমিকের শ্রমের মূল্য থেকেই মুনাফা বাড়ানোর ব্যবস্থা জারি থাকে, তখন যেকোনো উপায়েই তাঁরা শোষিত হবেন, তা আর নতুন কী! ফলে ঘরে নারী যে মতাদর্শিক অধস্তনতার মধ্যে জীবন যাপন করেন, সেই মতাদর্শিক অধস্তনতাই বর্ধিত হয় যখন তিনি নির্মাণশিল্পের কাজে যুক্ত হন। পুরুষের নির্মাণ খাতে শ্রমের ধরনের বিশ্লেষণ বাড়ানো তো বটেই, সঙ্গে নারীর এই আপাত-অদৃশ্য শ্রম খাতটি আরও অনেক বেশি পর্যবেক্ষণ, বিশ্লেষণ তথা মনোযোগের দাবি রাখে।
মির্জা তাসলিমা সুলতানা: অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।