
এ দেশে যন্ত্রদানব নামে একটা শব্দ আছে। এই যন্ত্রদানবেরা বিভিন্ন প্রজাতির। বাস প্রজাতির, ট্রাক প্রজাতির, কখনো গাড়ি প্রজাতিরও। বাস-ট্রাক অন্য কোনো ভাষায় দানব না, ইংরেজিতে ‘মেশিন-মনস্টার’ না। তাহলে আমাদের দেশে এরা কেন দানব?
কারণ, আমাদের দেশেই কেবল এরা ছুটতে পারে দানবের মতো বেসামাল গতিতে। মানুষ-পশুপাখি যা সামনে থাকে থেঁতলে দিতে পারে। এরপর চোখের নিমেষে উধাও হতে পারে। দৈত্য-দানবের জন্য কোনো নিয়ম নেই, এদের জন্যও নেই। দৈত্য-দানবের বিচার নেই, তাদেরও নেই।
দানবদের বিচার করা সম্ভব না। কিন্তু এই দানব তো আসলে নিজে নিজে দানব হয় না! তাকে দানবীয়ভাবে চালায় আমাদের মতো মানুষ। এই দানবের মালিকও থাকে মানুষ। মালিক-চালকদের জন্য আইন থাকে। যন্ত্রদানবকে কেমন অবস্থায় রাখতে হবে, কীভাবে তা চালাতে হবে, এসবের আইনও থাকে। তারপরও যন্ত্রদানবে চাপা পড়ে এ দেশে হাজার হাজার মানুষ প্রাণ হারায় প্রতিবছর। কিন্তু এসব ঘটনায়ও যন্ত্রদানবের চালক-মালিকদের কোনো বিচার নেই কেন দেশে?
বলা হয়, এদের নাকি বিচারের জন্য তেমন আইন নেই দেশে। মোটর ভেহিক্যাল আইন নামে একটা আইন আছে বটে, কিন্তু তাতে সর্বোচ্চ শাস্তি মাত্র ছয় মাসের। মানুষ মারার মতো বিশাল কাজে এত তুচ্ছ শাস্তিতে আগ্রহ নেই তেমন কারও। তাই বিচার দূরের কথা, মামলাই হয় না এই আইনে অনেক ক্ষেত্রে।
কিন্তু এটা কি আসলে ঠিক? আসলে কি অন্য কোনো আইন নেই যন্ত্রদানবের চালক-মালিকদের বিচারের? মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স, ১৯৮৩ নামক আইনে দুর্ঘটনার জন্য শাস্তির বিধান আছে সর্বোচ্চ ছয় মাসের। কিন্তু এতে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে কী শাস্তি হবে, তা বলা নেই। তাহলে যেসব দুর্ঘটনা মানবসৃষ্ট (যেমন: বেসামাল বেগে ত্রুটিযুক্ত গাড়ি চালানো) এবং যার ফলে মানুষের প্রাণহানি ঘটে, সেসব মৃত্যু নরহত্যা হিসেবে অন্য কোনো আইনে কি বিচারযোগ্য নয়?
আমার মতে, অবশ্যই তা বিচারযোগ্য। বিচারের জন্য আইনটি হচ্ছে আমাদের পেনাল কোড বা দণ্ডবিধি। দণ্ডবিধিতে অপরাধজনিত নরহত্যা নামক যে অপরাধ রয়েছে, তা অবশ্যই সড়কে হত্যার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। নরহত্যা খুনের তুলনায় সামান্য লঘু অপরাধ। নরহত্যা ঘটানোর জন্য ইনটেনশন (অভিপ্রায়) থাকতেই হবে—এমন কোনো কথা নেই, নলেজ থাকলেও চলবে। আমি যদি এমন কোনো কাজ করি, যা আমার জানামতে (নলেজ) কারও জীবনহানি ঘটাতে পারে এবং আমি যদি সেই কাজ করে কারও মৃত্যু ঘটাই, তাহলেই তা নরহত্যা।
ধরা যাক, আমি লাইসেন্স করা একটি পিস্তল নিয়ে ছাদে গিয়ে চারদিকে এলোমেলোভাবে গুলি করতে শুরু করলাম। এই গুলি লেগে অন্য একটি ভবনের একজন মারা গেল। আমি আদালতে গিয়ে বলতে পারি তাকে মারার কোনো ইচ্ছা আমার ছিল না, এমনকি আমি তাকে চিনিই না। এ ক্ষেত্রে আমি কি শাস্তি এড়াতে পারব? পারব না। কারণ, আমার নলেজ ছিল বা জানা ছিল যে আমার কাজটি এতই ঝুঁকিপূর্ণ যে এতে যে কারও মৃত্যু হতে পারে। আইন অনুসারে এটা ঠান্ডা মাথার বা পরিকল্পনামাফিক খুন না হলেও অপরাধমূলক নরহত্যা। কাজেই এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
একই রকমভাবে আমি যদি ইচ্ছা করে বেসামাল স্পিড তুলে, ত্রুটিযুক্ত যান নিয়ে, ট্রাফিক নিয়মনীতি না মেনে রাস্তায় যন্ত্রদানব চালিয়ে দিই, তাহলে যেকোনো ব্যক্তি আমার চালানো যন্ত্রদানবে পিষ্ট হয়ে মারা যেতে পারে। এই নলেজ যেকোনো সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষের থাকার কথা। কাজেই এ ধরনের মৃত্যুতে আমার অপরাধ অপরাধমূলক নরহত্যার। এটা সাধারণ অবহেলাজনিত মৃত্যু হতে পারে না, এটা নিছক দুর্ঘটনাও হতে পারে না।
আমাদের দেশে কখনো এভাবে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের বিচার হয়নি। মাত্র কয়েক দিন আগে তারেক মাসুদ আর মিশুক মুনীরদের প্রাণহানির ঘটনায় এমন একটি রায় হয়েছে প্রথমবারের মতো। এতেই ক্ষিপ্ত হয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করেছে পরিবহনশ্রমিক-মালিকেরা, এর পেছনে সরকারের একজন মন্ত্রীর ইন্ধনের কথা জানা যায়।
এদের কথা একটাই—যন্ত্রদানব দিয়ে হত্যা করলে বিচার করা যাবে না কারও। যন্ত্রদানবের চালকের না, মালিকের তো অবশ্যই না। এসব চালক-মালিকের ওপরে আছে আরও কিছু দানব। এই মহাশক্তিশালী দানবেরাই রক্ষা করে চলে রাজপথের ঘাতকদের।
আমরা সচেতন হলে রাজপথের ঘাতকদের তবু হয়তো বিচার করা যাবে কখনো। কিন্তু এদের রক্ষাকারী দানবদের বিচার কখনো করা যাবে কি? মনে হয় না।
২.
যন্ত্রদানবদের তবু চোখে দেখা যায়। তাই এই দানবের মালিক-শ্রমিককে খুঁজে বের করা যায়, এদের বিচারের প্রশ্ন তোলা যায়। কিন্তু অন্য আরও দানব আছে দেশে, যাদের আমরা চোখে দেখি না, এদের মালিক-চালকদের চিনি না। এদের তাই বিচার নেই এ দেশে।
এ দানবেরা হুট করে কাউকে নিয়ে উধাও হয়ে যায় অচিন দেশে। দুই বছর আগে এমনভাবে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ উধাও হয়েছেন বাংলাদেশে, কয়েক মাস পর চোখ খুলে তিনি নিজেকে আবিষ্কার করেন ভারতের শিলংয়ে। কারা তাঁকে উধাও করেছে, কারা তাঁকে শিলংয়ে ফেলে গেছে, কিছুই তিনি মনে করতে পারেননি।
এ দেশে এর আগে-পরে এমন ভৌতিক ঘটনা আরও ঘটেছে। এ বি সিদ্দিকী উধাও হওয়ার কয়েক দিন পর ফিরে এসেছেন। তিনি কই ছিলেন, কারা তাকে উধাও করেছে, তা তিনি বলতে পারেননি। গত বৃহস্পতিবার রাতে হুম্মাম কাদের চৌধুরী ফিরে এসেছেন আচমকা। ‘কে বা কাহারা’ তাকে ধানমন্ডির একটি মসজিদের সামনে ভোরের দিকে ফেলে গিয়েছিল। তারা কারা, তিনি জানেন না। তিনি এত দিন কই ছিলেন, কারা তাঁকে কয়েক মাস আগে তুলে নিয়েছিল, তাও জানেন না। কিছুই তাঁর মনে নেই!
কেউই যখন কিছু জানেন না, মনে করতে পারেন না, তখন এসব নিশ্চয়ই ‘দৈত্য-দানবের’ কাজ। এই রহস্যময় উধাওকারীদের ওপর তাই কোনো রাগ নেই উধাও থেকে ফিরে আসা ব্যক্তি বা তাঁর স্বজনদের। এ বি সিদ্দিকী আর সালাহ উদ্দিন আহমদের পরিবারকে চিনি আমি। ঘটনাক্রমে তাঁদের দুজনের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের ছাত্রী ছিলেন। আমি জানি, উধাও কারা করেছে। এ নিয়ে খুব একটা জানার আগ্রহ তাঁদের নেই, এ নিয়ে কিছু বলার আগ্রহ তাঁদের একদমই নেই। তাঁরা বরং খুশি আছেন স্বজনদের ফিরে পাওয়ার আনন্দে।
গুম বা উধাও হওয়া ব্যক্তির স্বজনেরা এখন তাই এসব দৈত্য-দানবের প্রতীক্ষা করেন। কোনো এক রহস্যময় ভোর বা রাতে স্বজনকে ফেরত পেলে তাঁরাও নিশ্চয়ই ভুলে যাবেন সবকিছু। কারা নিয়েছে, কারা ফেরত দিয়েছে, কোথায় ছিলেন—এ নিয়ে কোনো উচ্চবাচ্য হবে না। ফিরে যে এল বা হদিস যে হলো, তাতেই খুশি থাকবেন সবাই।
তাঁদের খুশি হওয়ারও কথা। কারণ উধাও হলে সবাই ফেরত আসেন না এ দেশে। কেউ লাশ হয় ফেরত আসেন, অনেকে কোনোভাবেই না। এই উধাও হওয়া ব্যক্তিদের একবারই কেবল মানুষেরা উদ্ধার করেছিল, নারায়ণগঞ্জের সেই ঘটনায় দুষ্ট মানুষদের সাজাও হয়েছে। কিন্তু বাকি সব ঘটনার জন্য দায়ী দৈত্য-দানব-অশরীরীরা। এই দৈত্য-দানবেরা হঠাৎ থাবা দিয়ে নিয়ে যায় কিছু মানুষকে, কোনো এক অচিন দেশে বন্দী করে রাখা হয় তাঁদের। সেখানে তাঁরা থাকেন অচেতন অবস্থায় বা ঘোরের মধ্যে। সৌভাগ্যবশত তাঁরা কেউ কেউ ফেরত আসেন। কিন্তু কিছুই আর মনে করতে পারেন না।
এরা দৈত্য-দানবই হবে! না হলে এদের কোনো হদিস মেলে না কেন? কেন এদের স্পর্শ করতে পারে না মানুষের আইন-আদালত?
৩.
শুধু কি উধাও বা গুমকারী দানব? অন্য প্রজাতির আরও কিছু দানব আছে এ দেশে। যেমন প্রশ্নপত্র ফাঁসকারী দানব। প্রশ্নপত্র ফাঁসের মতো ভয়াবহ অপরাধের জন্য মাঝে মাঝে মলিন মুখের দু-একজন ছোটখাটো মানুষ গ্রেপ্তার হন বটে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস তাতে থামে না কখনো। কারণ, এসব নিশ্চয়ই দানবের কাজ। এই দানবদের আমরা চিনি না, এদের মালিক-চালকদের তাই চিনি না।
চিনি না সাইবার ক্রাইম দানবদেরও। এ দেশে মন্ত্রী-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বা ইলেকট্রনিক মাধ্যমে খারাপ কিছু লিখলেই গ্রেপ্তার হয় যেকোনো মানুষ। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বা সরকারের বাইরে থাকা সমাজের অন্য সম্মানিত ব্যক্তিদের নিয়ে পৈশাচিক কিছু লিখলেও তার বিচার হয় না কখনো। যে পুলিশ-গোয়েন্দা সরকারের কারও সম্পর্কে কিছু লেখামাত্র গ্রেপ্তার করতে পারে দোষীদের, অন্যদের নিয়ে কিছু লিখলে তা কখনো করতে পারে না কেন? নিশ্চয়ই তাহলে অন্যদের সম্পর্কে লেখে দৈত্য-দানবেরা! এই দৈত্য-দানবের হদিস পাওয়ার ট্রেনিং নেই পুলিশ-গোয়েন্দার নোটবুকে!
আরও নানান দানব থাকে এ দেশে! এ দেশে খাদ্যে ভেজাল দেয় দানব, রাস্তা বানাতে এক টাকার জায়গায় দশ টাকা খরচ করে দানব, শেয়ার মার্কেট আর ব্যাংকের টাকা উধাও করে দানব, সাগর-রুনিকে হত্যা করে দানব।
এত দানব দেশে থাকলে মানুষের অধিকার থাকে কীভাবে? দানব বধ করার রাষ্ট্র কবে হবে এ দেশ?
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।