
ঘটনাটা এ রকম। কোথাও এক জায়গায় জোরে জোরে বাজছে জনপ্রিয় গজল ‘জমানা খারাব হ্যায়’। ঘরের মধ্যে দুই কিশোর-কিশোরীর খুনসুটি ঝগড়ার রূপ নিয়েছে। তাদেরই দাদি অথবা নানি কেউ হবেন। জগৎ সংসারের নানা অনাচার দেখতে দেখতে অতিষ্ঠ ও ক্ষুব্ধ ওই নারী নাতি-নাতনিদের উদ্দেশে চেঁচিয়ে বলছেন, ‘জমানা খারাপ না, তোরা খারাপ; তাই জমানারে খারাপ বানাইছ।’
সংক্ষেপে এই হলো আমাদের রাজনীতির হালচাল। আড়াই দশক ধরে আমাদের জমানাকে খারাপ বানানোর যে সর্বনাশা খেলায় মেতে আছেন আমাদের প্রধান দুই দলের নেতারা, তাতে অসহায় নাগরিকদের এই খেদোক্তি করা ছাড়া আর বিকল্প কী?
‘কে কার চেয়ে বেশি খারাপ হতে পারি’—এই অধঃপতনের প্রতিযোগিতায় এখন প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন কৌশল। এসব আবিষ্কারের সংক্ষিপ্ত তালিকা করলে যেটা দাঁড়াতে পারে:
১. বিএনপির নেত্রীকে গৃহবন্দীর বদলে অফিসবন্দী করা; ২. রাস্তা বন্ধে ব্যারিকেডের জায়গায় প্রথম বছরে বালুর ট্রাক এবং পরের বছর মাটি, ইট ও বালুর ব্যবস্থা (দেশের নানা জায়গায় বালুমহাল দখলে ক্ষমতাসীন দলের সমর্থকদের এগিয়ে থাকার কীর্তি জাহিরের নমুনা হলেও হতে পারে); ৩. সরকারি খরচে (অথবা চাঁদায়) বিএনপির নেত্রীর দপ্তরের ফটকে তালা লাগানো; ৪. বিএনপির কেন্দ্রীয় অফিস বন্ধ করতে তাদের দপ্তর সম্পাদককে পুলিশ পাঠিয়ে হাসপাতালে নেওয়া (অতি অবশ্যই সেটি হবে একটি ব্যয়বহুল এবং বেসরকারি হাসপাতাল, কোনোভাবেই সরকারি হাসপাতাল নয়); ৫. প্রশাসনিক তদারকিতে ঢাকামুখী সব যানবাহন বন্ধ করে বিরোধীদের জন্য হরতাল অথবা অবরোধ সরকারিভাবে বাস্তবায়ন; ৬. ১৪৪ ধারা প্রয়োগে ছাত্রলীগ, যুবলীগ, প্রজন্ম লীগের সহযোগিতায় দেশব্যাপী পুলিশি অভিযান; ৭. ঘোষণা দিয়ে লুঙ্গি পরে মন্ত্রীর রাস্তায় অবস্থান (ধারণা করি, ওই লুঙ্গিপ্রেমী মন্ত্রী বারিধারার বাসিন্দা নন, যেখানকার বাসিন্দারা বেশ কিছুদিন আগেই তাঁদের এলাকায় এমনকি রিকশাওয়ালাদেরও লুঙ্গি পরা অবস্থায় প্রবেশ নিষিদ্ধ করেছেন); ৮. নতুন মাত্রায় মিথ্যাচার, যেমন: খালেদা জিয়া ইট, বালু তাঁর বাড়ি সংস্কারের জন্য আনিয়েছেন কিংবা পুলিশ তাঁর নিরাপত্তা জোরদার করেছে; ৯. প্রতিপক্ষকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না অথবা ‘নেড়ি কুত্তার মতো পিটামু’–জাতীয় হুমকি প্রদান এবং ১০. সব ধরনের শক্তি প্রয়োগ করে রাস্তায় নামতে না দিয়ে বিএনপির নেতাদের অশালীনভাবে খোঁটা অথবা খোঁচা দেওয়া।
সরকারে থেকে বিরোধীদের দমন করার অন্য কৌশলগুলো, যা বিএনপি ক্ষমতায় থাকতে প্রয়োগ করেছিল, সেগুলোর কোনোটি যে এবারে বাদ গেছে তা নয়। পুলিশ দিয়ে নির্বিচার লাঠিপেটা, ধরপাকড়, মিথ্যা মামলার হয়রানি—এগুলোর সবকিছুই বিএনপি এবং তার আগের সরকারগুলোও করে এসেছে। বিএনপির সরকারের পুলিশ মোহাম্মদ নাসিম-মতিয়া চৌধুরীদের যেভাবে মেরেছে, ঠিক একইভাবে সাদেক হোসেন খোকা, জয়নুল আবদিন ফারুককে আওয়ামী লীগের আমলের পুলিশ পিটিয়ে রক্তাক্ত করেছে। বিএনপির সরকার যেমন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পুলিশ পাঠিয়ে মারধর করেছিল, একই কাজ করেছে আওয়ামী লীগও। বিরোধীদের কোনো রাজনৈতিক কর্মসূচি মানেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা এবং তার আশপাশ নিষিদ্ধ এলাকায় রূপান্তরিত হওয়া, মামলা হলেই শত শত এমনকি হাজার হাজার অজ্ঞাতনামা আসামি, ঢাকায় সভা-সমাবেশের ঘোষণা মানেই সরকারিভাবে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণের মতো চরম ব্যবস্থা। তবে গত বছরের ভোটারবিহীন জবরদস্তির নির্বাচনের সময় থেকে এসব পুরোনো কৌশলের ব্যবহার এতটাই বেড়েছে, যার কোনো তুলনা বোধ হয় অসম্ভব। জবরদস্তির একতরফা নির্বাচন বিএনপিও করেছিল, তবে তা টেকানোর জন্য আওয়ামী লীগের মতো তারা এতটা একরোখা ছিল না।
সন্দেহ নেই, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে নির্মূল করার চেষ্টায় বিএনপির রেকর্ড মোটেও ভালো কিছু ছিল না। এবং দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ রেকর্ডটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোটের শাসনামলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় সংঘটিত একুশে অাগস্টের গ্রেনেড হামলা। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডের মতো জঘন্য হামলাগুলোও খালেদা জিয়ার শাসনামলের কলঙ্ক। যদিও এসব মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত কাউকে নির্দিষ্ট করে দায়ী করা যায় না, তবু এগুলোর বিচার করতে না পারা এবং বিভিন্ন পারিপার্শ্বিক আলামত বিএনপির দিকেই ইঙ্গিত করে। সরকার ও ক্ষমতাসীন দলের চাপ ও মারের মুখে বিএনপির নেতাদের অসহায়ত্ব প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এবং সংবাদপত্রের অনলাইন মন্তব্যে অনেকেই তাঁদের আমলের এসব রেকর্ডের কথা তুলে ধরে চলমান নিগ্রহের যৌক্তিকতা খুঁজছেন। এই বাস্তবতা কি অধম হওয়ার প্রতিযোগিতা নয়? ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ দর্শনটি যে এখন নির্বাসনে, সে কথা অস্বীকারের আর কোনো সুযোগ কি আছে?
আবার বিরোধী দলের ভূমিকায়ও এ দুই দলের মধ্যে চলে দায়িত্বহীনতার বেপরোয়া প্রতিযোগিতা। সংসদ বয়কট, সংসদে খিস্তিখেউড়, নির্বাচন বয়কট, হরতাল-অবরোধ, যানবাহনে আগুন লাগানো—এগুলোর কোনোটিতেই যে কেউ ব্যতিক্রমী আচরণ করেছে, তেমন প্রমাণ নেই। যুবলীগের দুই নেতা যাঁরা পরে মন্ত্রিত্বও পেয়েছেন, তাঁরা যে মামলার পলাতক আসামি হিসেবে বিদেশে বসে বিবৃতি দেওয়াতেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন, সেটা বেশি দিন আগের কথা নয়—সেনাসমর্থিত উদ্দিনীয় শাসনামলেই তার নজির পাওয়া যাবে। এমনকি ব্যাপকভাবে নিন্দিত জামায়াতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরতাল এবং নির্বাচন বর্জনের রেকর্ডেও রয়েছে এই দুই দলের মিল।
তবে ফারাক হচ্ছে, দিন যত যাচ্ছে বিরোধী দলের দায়িত্বহীন আচরণও বাড়ছে এবং পরিণতিতে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতা আর প্রাণহানি। আওয়ামী লীগের সুবিধা হচ্ছে জামায়াতের সঙ্গে তাদের বোঝাপড়াটা আনুষ্ঠানিক ছিল না, ফলে তাদের কালিমা ঝাপসা হয়ে গেছে। বিপরীতে, বিএনপি যেন কোনোভাবেই জামায়াতের সঙ্গ ছাড়তে পারছে না। ফলে নিজেরা রাস্তায় দাঁড়াতে না পারলেও নাশকতায় পারদর্শী জামায়াতের সহিংসতার দায় বিএনপিকেই বইতে হচ্ছে। এমনও হতে পারে যে সহিংসতার অভিজ্ঞতার কারণেই জামায়াতকে তারা কাজে লাগাচ্ছে।
সামরিক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণজাগরণ সফল হওয়ার পর থেকে যে চারবার গ্রহণযোগ্য নির্বাচনী পন্থায় সরকার বদল হয়েছে, তার প্রতিবারই সরকার ও বিরোধী দলের ভূমিকায় আগের চেয়ে অধঃপতন ঘটেছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, সুশাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা কিংবা আইনের শাসন—এগুলোর সব ক্ষেত্রেই এটি ঘটেছে। প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে দলীয়করণে এক পক্ষ আরেক পক্ষকে টেক্কা দিয়েছে। দুর্নীতি ও লুটপাটের আর্থিক মূল্য কোটি থেকে শত কোটি হয়ে হাজার কোটিতে ঠেকেছে। বিচারবহির্ভূত হত্যার সংখ্যাও বেড়েছে জ্যামিতিক হারে। অপারেশন ক্লিনহার্টে আইন করে দায়মুক্তি দেওয়া থেকে যার শুরু, তাতে এখন আইন ছাড়াই চলছে দায়মুক্তি। উপরি হিসেবে যুক্ত হয়েছে গুম। বিচার বিভাগে শুরু হওয়া দলীয়করণের প্রক্রিয়া এখন ঠেকেছে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে জবাবদিহির আইনে। অনুগত ও দলকানাদের বিশ্ববিদ্যালয় ও টেলিভিশনের লাইসেন্স দেওয়ার প্রতিযোগিতাও একই রকম। ফলে বুদ্ধিজীবীদের রাজনৈতিক দলাদলি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব ও আদালতপাড়ায় নির্লজ্জ হাতাহাতিতে গড়িয়েছে।
গণতন্ত্রেও সংকট থাকতে পারে, কিন্তু সেই সংকটের সমাধান সামরিক শাসন বা স্বৈরশাসন নয়। গণতন্ত্রের সংকটের সমাধান করতে হবে গণতান্ত্রিক উপায়েই। উন্নত গণতন্ত্রগুলোতে সেই চেষ্টাই চলছে। বিভিন্ন দেশে আইন হচ্ছে মেয়াদ ফুরানোর আগেই নির্বাচিত প্রতিনিধির ওপর থেকে আস্থা প্রত্যাহার করে নেওয়ার। ভোটারদের একটি নির্দিষ্ট অংশ লিখিতভাবে কোনো বিষয়ে প্রস্তাব করলে পার্লামেন্ট তা আলোচনা করতে বাধ্য হচ্ছে। বিতর্কিত অথবা গুরুত্বপূর্ণ বিষয়ে পার্লামেন্ট সদস্য কোন দিকে ভোট দিচ্ছেন, তা ভোটারদের জানানো এবং তার সিদ্ধান্ত ব্যাখ্যা করার বাধ্যবাধকতা তৈরি হচ্ছে। আমাদের কাছে এগুলো হয়তো বিলাসী কল্পনা। কিন্তু অধঃপতনের প্রতিযোগিতা আর কত দিন?
বছরের পয়লা দিন বিবিসির রেডিও ফোরের অনুষ্ঠান শুনছিলাম। সেদিনই তারা মনে করিয়ে দিল গণতন্ত্র, মৌলিক মানবাধিকার ও আইনের শাসন বিষয়ে বিশ্বে যত ধরনের আইন বা সনদ রচিত হয়েছে, তার উৎস যে দলিল, সেই ম্যাগনা কার্টার ৮০০ বছর পূর্ণ হচ্ছে এ বছর। ইংল্যান্ডের টেমস নদীর পাড়ে রানিমিডে ১২১৫ সালের জুন মাসে রাজা জনের সঙ্গে ব্যারনদের রাজস্ব দেওয়া এবং আইনের শাসন বিষয়ে যে সমঝোতা দলিল সই হয়েছিল, সেটিই ম্যাগনা কার্টা। ওই সনদই প্রথম লিখিত দলিল, যাতে রাজা মেনে নেন যে কাউকে বিনা বিচারে বন্দী করা যাবে না এবং রাজাও আইনের অধীন হবেন। ব্রিটেন ও ব্রিটেনের আচারপ্রথা যেসব দেশে অনুসৃত হয়, সেসব দেশেও বছরজুড়ে চলবে এই সনদের অষ্টম শতক পূর্ণ করার উৎসব। রেডিওর ওই অনুষ্ঠান আমাকে মনে করিয়ে দিয়েছে যে ওসব উৎসবে আমরা শুধুই দর্শক অথবা শ্রোতা। কেননা, আমাদের অপেক্ষার পালা তো ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
কামাল আহমেদ: সাংবাদিক।