অধিনায়ক মাশরাফি ও নিরাপত্তার 'আরামে দাঁড়াও' ভঙ্গি
দর্শক নানা কিসিমের হয়। খেলায়, গ্যালারিতে বা মাঠে পাগল দর্শক কোনো নতুন বিষয় নয়। গতকাল শনিবার শেরেবাংলা স্টেডিয়ামে এমনই এক দর্শকের দেখা মিলেছে। এমন দর্শককে কীভাবে সামলাতে হয়, তা মাশরাফি আমাদের দেখিয়েছেন। নিরাপত্তাকর্মীদের অনুরোধও করেছেন যাতে ওই দর্শকের প্রতি দুর্ব্যবহার করা না হয়। মাশরাফি তাঁর কাজ করেছেন। দেখালেন, একজন অধিনায়ককে কীভাবে সব পরিস্থিতি সামাল দিতে হয়। কিন্তু নিরাপত্তারক্ষীরা আমাদের কী দেখালেন?
আমরা দেখলাম তাঁদের ‘দৌড়’। দুই অর্থেই; নিরাপত্তা রক্ষায় তাঁদের সক্ষমতার দৌড় ও শারীরিকভাবে তাঁদের মাঠে দৌড়ানোর ক্ষমতা। তাঁরা মাঠে এমনই ‘দুর্ভেদ্য’ নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন যে একজন দর্শক সহজেই মাঠে ঢুকে যেতে পারেন! এমনকি একজন দর্শক মাঠে ঢোকার চেষ্টা বা কসরত করছেন, তখনো তাঁদের চোখে পড়েনি। নিরাপত্তারক্ষীদের চোখ তবে কোন দিকে ছিল। ফেসবুকে দেখলাম আমার সহকর্মী এক ক্রীড়া সাংবাদিক সম্ভবত রগড় করেই লিখেছেন, মাঠে ফেসবুক লাইভ বা সেলফি তোলায় হয়তো তারা ব্যস্ত ছিলেন!
স্কুলে পিটি করার সময় আমাদের লেফট-রাইট করতে হতো। স্ট্যান্ড অ্যাট ইজ ও অ্যাটেনশন (আরামে দাঁড়াও-সোজা হও) ভঙ্গি করতে হতো। দুনিয়ার সবখানে দেখেছি, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন নিরাপত্তার দায়িত্ব পালন করেন, তখন তাঁরা ‘অ্যাটেনশন’ ভঙ্গিতে থাকেন। আমাদের দেশে এই জঙ্গি হামলার কালেও অবাক হয়ে দেখি, অনেক জায়গায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দায়িত্ব পালন করছেন ‘আরামে দাঁড়াও’ ভঙ্গিতে।
নিরাপত্তারক্ষীদের এই আরামে দাঁড়াও ভঙ্গির কারণেই একজন দর্শকের সঙ্গে তাঁরা দৌড়ে কুলিয়ে উঠতে পারেন না। মাঝমাঠে অধিনায়কের কাছে যাওয়ার আগ পর্যন্ত তাঁকে নিরস্ত করতে পারেন না! এই নিরাপত্তাব্যবস্থা ও এই মানের ‘দক্ষ’ নিরাপত্তাকর্মীদের নিয়ে আর যা-ই হোক, আজকের দুনিয়ায় আন্তর্জাতিক কোনো খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত করা যায় না।
ওই দর্শককে আমরা অনেকেই ‘পাগল’ দর্শক বা ‘মাশরাফিভক্ত’ হিসেবে উল্লেখ করেছি। ভাগ্যিস, তিনি এ ধরনের কিছু একটা ছিলেন বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। কিন্তু তেমন কেউ না হয়ে যদি ভিন্ন কেউ হতেন? উদ্দেশ্যটা যদি মাশরাফিকে জড়িয়ে ধরার বদলে ভিন্ন কিছু হতো? বোঝা যায়, ‘নিরাপত্তা’ বিষয়টির গুরুত্ব এখনো আমাদের মাথায় ঢোকেনি। বিষয়টি ভাসা-ভাসাই রয়ে গেছে।
বাংলাদেশের ক্রিকেট বড় বিপদ থেকে বেঁচেছে। দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়া সন্ত্রাসের এই যুগে খেলা বা ক্রিকেটের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা আমাদের বিবেচনার বাইরে থাকার কথা নয়। ‘নিরাপত্তা’ ইস্যুতেই তো গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করেছিল। এরপর আসেনি দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল, অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। হলি আর্টিজান ঘটনার পর ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করবে কি না, তা নিয়ে আমরা কত-না উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকলাম! এরপরও আমাদের টনক নড়ে না! ‘নিরাপত্তা’ বিষয়টির গুরুত্ব আমরা বুঝি না! নিরাপত্তা নিয়ে আমাদের ‘আরামে দাঁড়াও’ ভঙ্গি কাটবে কবে? কবে আমরা ‘অ্যাটেনশন’ বা সোজা হয়ে দাঁড়াব?
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]