অনন্ত অভিবাদন তোমায় হে কবি, হে যোদ্ধা!

পেছনে ফেলে আসা কয়েক হাজার বছরের বাঙালি জাতিসত্তার স্মৃতি-পরম্পরা কবি রফিক আজাদের চিন্তা-চেতনে, মেধা এবং মননে সতত ছায়া ফেলেছে। তাঁর অত্যন্ত পরিশীলিত পরম্পরার কাব্য-চেতনা আঘাতপ্রাপ্ত হয়ে, আহত হয়ে, মাঝেমধ্যে রূঢ় উচ্চারণে বাঙময় হয়ে উঠেছে বটে, কিন্তু তা কখনোই তাঁর অসম্ভব কোমল, প্রেমময় সত্তাকে গ্রাস করতে পারেনি। এ কারণেই সর্বাংশে আধুনিক এই কবির কাব্যে আমরা খুঁজে পাই চিরন্তন বাংলার সমূহ সারল্য, জলের গভীরে জোছনা, বন্ধুত্ব ও ভালোবাসা, বিরহ-বালু, বহিরঙ্গে নাগরিক আর অন্তরঙ্গে সমূহ এক কৃষক সত্তাকে।
শান্তি ছায়াঘন আদিম অরণ্যের কবি রফিক আজাদ টাংগাইলের ‘গুণি’ গ্রামে পহেলা ফাল্গুন, ১৩৪৭ বঙ্গাব্দে, বিশ জানুয়ারি, ১৯৪৩ সালে রাবেয়া খাতুন আর সলিম উদ্দীন খানের ঘর আলো করে ভূমিষ্ট হয়েছিলেন।
বালক বয়সেই তাঁর ভেতরে স্বদেশ প্রেম, স্বাজাত্যবোধ, স্বাধীনতার চেতনা তীব্রভাবে গড়ে উঠেছিল।এই চেতনার বাস্তব রূপায়ণ ঘটে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কলম ছেড়ে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দেশমাতৃকাকে শত্রুমুক্ত করার জন্য। কবি-সাহিত্যিকদের মধ্যে যে ক’জন সশস্ত্র সংগ্রাম করেছেন, রফিক আজাদ তাঁদের অন্যতম।
জীবনের মতো মৃত্যুও কবির প্রিয় অনুষঙ্গ। তাঁর বেশ কিছু কবিতাতেই মৃত্যু আছে বিভিন্নভাবে। মৃত্যুকে তিনি কখনো দেখছেন প্রেয়সী হিসেবে, আবার কখনো এক সবুজ বেড়াল যেন সে। তাঁর প্রথম কাবিতার বই ‘অসম্ভবের পায়ে’-এর অন্তর্গত ‘স্বগত মৃত্যুর পটভূমি’ কবিতায় মৃত্যু কবির কাছে এক মোঘল প্রিয়তমা, যে শুধু পালিয়ে বেড়ায়, সহসা ধরা দেয় না-
‘তোমার এই ওঁৎ পেতে থাকাকে
মোটেও ভয় করি না আমি, ভালোবাসি।
কেননা, এই-ই আমার একান্ত ইচ্ছা,
আমাকে স্পর্শ করো তুমি নিবিড় আলিঙ্গনে
ভ’রে দাও আমার শূন্য-কুম্ভ জীবন,
আর বহু প্রতিক্ষীত মৃত্যুতেই হোক
আমার শেষ-নেই দুঃখের অবসান।।’
আবার ‘অন্য এক দিনে’ নামে একটি কবিতায়ও কবি এঁকেছেন মৃত্যুর চিত্র-
‘শেরাটনের ছাদ থেকে এক লাফে ট্রান্সক্রিপশন
সার্ভিসের ছাদে এসে পূর্বোক্ত সবুজ বিড়াল
টকটকে লাল বল মুখে নিয়ে বিএসএমএমইউতে ঢুকে গেল!’
এই কবিতার শাদা আর সবুজ বিড়াল যেন কবি নিজে আর লাল বলটা তাঁর মস্তিষ্কের ডান পাশে ক্ষরিত তাজা লাল রক্ত। বারডেমে কবির যখন চোখের অপারেশন হয়, তখন বেশ কিছুদিন হাসপাতালের দশ তলার কেবিনে থাকতে হয়েছিল তাঁকে।
এভাবে কবির জীবনের সঙ্গে তাঁর কবিতার মিল তো খোঁজাই যায়। খুঁজলে পাওয়াও যাবে ঢের। আর সেসব খোঁজার সময় তো পেরিয়ে যাচ্ছে না। এবার খানিকটা ব্যক্তিগত কথা বলি। কবি রফিক আজাদ সম্পর্কে আমার চাচা। তাঁর সঙ্গে আমার কত স্মৃতি, অথচ কিছুই গুছিয়ে লিখতে পারছি না এখন! কেন? তিনি নেই বলে?
পিতার মতো স্নেহ-শাসনে বড় করে তোলা বড় ভাইজানের অমলিন ভালোবাসা, বাড়িতে নতুন বৌ হয়ে আসা প্রায় সমবয়সী ‘বৌদি’র স্নেহময় বন্ধুতা আর মাতৃ-সম রেণু বুজির আদরের ‘জীবন’ (রফিক আজাদের ডাকনাম ছিল জীবন), সন্তানদের অশেষ ভালোবাসাময় পরিচর্যায় অবগাহনের সময়টিতেই কী যেন এক অভিমান বুকে নিয়ে চলে গেলেন। চলে গেলেন তাঁর খুব আদরের অকালপ্রয়াত কন্যা নভেরা দীপিতা-তাঁর প্রিয় ‘পিতুন’এর কাছে ‘সুতোর ওপারে’!
তিনি চলে যাওয়ার পর তাঁর মৃত্যুগন্ধী কবিতাগুলোতে যখন চোখ বোলাচ্ছি, মনে হচ্ছে, মৃত্যুর কথা কীভাবে এত অবলীলায় বলা যায়!
অনন্ত অভিবাদন তোমায় হে কবি, হে যোদ্ধা!
লেখক: কবির ভ্রাতুষ্পুত্রী