অনন্য ফারুক আজিজ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আজিজ খান
ফারুক আজিজ খান

এক জীবনে দুটি স্বাধীনতাসংগ্রাম প্রত্যক্ষ করেছিলেন। প্রথমটি, ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ও দেশভাগ। দ্বিতীয়টি, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ড. ফারুক আজিজ খান। ৮৯ বছর বয়সে ১৬ জুলাই চিরবিদায় নিয়েছেন এ পৃথিবী থেকে। ব্যক্তিগতভাবে ফারুক আজিজ খানের সান্নিধ্যে আসার সুযোগ হয় কয়েক বছর আগে, যখন প্রথমা প্রকাশনের জন্য তাঁর রচিত স্প্রিং ১৯৭১ বাংলা অনুবাদের কাজে হাত দিই। বইটির সঙ্গে পরিচয় ঘটে ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে। শাহাদত চৌধুরী সম্পাদিত সাপ্তাহিক বিচিত্রায় মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ‘ভুলি নাই’ শিরোনামে একটি বিভাগ খোলা হয়েছিল। যেখানে খ্যাতিমান থেকে সাধারণ—সব ধরনের মানুষের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ছাপা হচ্ছিল। কাজটি সমন্বয় ও গ্রন্থনার দায়িত্ব ছিল সতীর্থ সাংবাদিক গোলাম মোর্তোজার (বর্তমানে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক)। তিনি একদিন বইটি দিয়ে শেষ অধ্যায়টি অামাকে অনুবাদ করে দিতে বললেন। ‘শেখ মুজিব যেদিন দেশে ফিরলেন’ শিরোনামে লেখাটি বিচিত্রায় ছাপা হয়; যা দিয়ে ওই ধারাবাহিক বিভাগটি শেষ করা হয়।

এরপর পুরো বইটি আমি পড়ে ফেলি। আর তখনই ভাবি এটি অনুবাদ করা দরকার। নিজেই কাজটি করব—এমনটাও ঠিক করি। প্রায় দেড় দশক পরে প্রথম আলোয় কর্মরত অবস্থায় প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদের কাছে প্রস্তাবটি দিই। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সোৎসাহে তা অনুমোদন করেন। কিন্তু লেখককে পাই কোথায়? খুঁজতে গিয়ে জানা গেল নিউ এজ-এর এক সাবেক সহকর্মী তানিম আজিজ খানের বড় চাচা তিনি (মরহুম তৌফিক আজিজ খানের বড় ভাই)। এরপর তানিমের মাধ্যমে ফারুক স্যারের সঙ্গে যোগাযোগ ঘটে। আমার সংগ্রহে ছিল বইটির প্রথম সংস্করণ; যা লেখক নিজের উদ্যোগেই প্রকাশ করেছিলেন ১৯৮০-এর দশকের শেষ দিকে। তানিম আমাকে এনে দেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত বর্ধিত সংস্করণের (১৯৯৩) একটি অনুলিপি। সেটিকে ধরেই অনুবাদের কাজ সম্পন্ন করি। এরপর পুরো অনুবাদটা নিয়ে যাই লেখকের কাছে। তিনি তখন রাজধানীর ইস্কাটনে ইউনিভার্সেল টিউটোরিয়াল স্কুলে অধ্যক্ষের দায়িত্বে। পাণ্ডুলিপিটা তাঁকে দিই। কয়েক দিন পরে তিনি পাণ্ডুলিপিটায় প্রয়োজনীয় সংশোধন করে ফেরত দেন। সে অনুযায়ী প্রকাশনার কাজ এগিয়ে চলে। অবশেষে ২০১৫ সালে বসন্ত ১৯৭১ নামে বইটি বাজারে আসে। যেখানে তিনি মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের ভেতরে থাকার অভিজ্ঞতার কিছুটা তুলে ধরেছেন। কিছুটা এ জন্য তাঁকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তিনি যা দেখেছেন, জেনেছেন ও প্রত্যক্ষ করেছেন, তার সবটুকু তুলে ধরেছেন কি না। জবাবে হেসে বলেছিলেন, ‘সব কি আর লেখা যায়!’

ফারুক আজিজ খান জন্মেছিলেন ১৯২৯ সালে পাবনায়। তাঁরা চার ভাই ও দুই বোন। তাঁদের বাবা আবদুল আজিজ খান পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় সরকারি উকিল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর ১৯৫৪ থেকে ১৯৫৮ পর্যন্ত পাবনা পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। ফারুক পাবনা এডওয়ার্ড কলেজ ও বাঁকুড়া কলেজ থেকে আইএসসি ও বিএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নেন। সে বছরই পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করেন। এরপর কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডা যান এবং সেখানকার ওয়েস্টার্ন ওন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। তিনি নিউক্লিয়ার ফিজিকসে পোস্ট ডক্টরাল করেন যুক্তরাষ্ট্রে।

কর্মজীবনে ফারুক আজিজ খান পাকিস্তানের ইসলামাবাদে প্রেসিডেন্ট সচিবালয়ের সহকারী বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ১৯৬৮ সালে তিনি পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইতে সুইডিশ-পাকিস্তান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (সিপিআইটি) পরিচালক হিসেবে বদলি হয়ে আসেন। এখান থেকেই ১৯৭১ সালের এপ্রিলের মাঝামাঝি তাঁর স্ত্রী দুররে শাহ্ওয়ার খান, দুই বছরের মেয়ে তারজিয়া নবী সুমি ও ছয় মাসের ছেলে আহমদ রায়হান খানকে ফেলে রেখে পালিয়ে যান। গভীর জঙ্গল ও দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে সীমান্ত পেরিয়ে মিজোরাম ও আসাম হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় যান। জুন মাসের মাঝামাঝি তিনি তাজউদ্দীন আহমদের একান্ত সচিব হিসেবে যোগদান করেন। সে ছিল এক অনন্য অভিজ্ঞতা।

স্বাধীনতার পর তিনি অল্প কিছুদিন বিদেশে কাজ করলেও বেশির ভাগ সময়ই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং এর অধীন পরমাণু শক্তি কমিশনে কাজ করেছেন। সর্বশেষ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে ১৯৮৫ সালে অবসর নেন। নিভৃতচারী মানুষটি নীরবে চলে গেলেন মুক্তিযুদ্ধের ও বাংলাদেশের ইতিহাসের অনেক অজানা তথ্য চিরকালের মতো অজানাই রেখে দিয়ে।

আসজাদুল কিবরিয়া: সাংবাদিক