
পাকিস্তান আমলে আইয়ুবি স্বৈরাচারের হাতে জেল-জুলুম থেকে নিষ্কৃতি পেয়ে প্রায় এক যুগের মতো অনেকটা স্বেচ্ছানির্বাসনে কাটিয়ে হানাদার শত্রুমুক্ত স্বদেশে ফিরে এসে যেসব প্রিয়জনকে হারিয়েছি, অর্থাৎ যাদের আর কোনো দিনই দেখা যাবে না, তাদের মধ্যে একান্ত আপনজন শহীদ সিরাজুদ্দীন হোসেন।
সিরাজ ভাইয়ের কথা মনে পড়লে এখনো এক অজানা বিয়োগব্যথায় বুকটা টনটন করে ওঠে। অবশ্য ৩০ লাখ সুজনকে হারানোর বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় হয়েছে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের মঙ্গলহস্ত শহীদের রক্তে রাঙা স্বাধীন পতাকা, যার বুকে রক্তলাল সূর্য।
সিরাজ ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগের সূত্র ছিলেন এককালের বিখ্যাত বাগ্মী ছাত্রনেতা ও আমার খালাতো ভাই বদরুল হুদা চৌধুরী। বদরুল ভাইয়েরা প্রথম জীবনে সিরাজগঞ্জে কাটিয়ে কুমিল্লায় এসে ভাষা আন্দোলনের প্রথম সারির সক্রিয় কর্মী হিসেবে খ্যাতিমান হয়েছিলেন। ছাত্রজীবন শেষে ঢাকায় এসে জীবিকার সন্ধানে আজাদ পত্রিকায় চাকরি নেন। বদরুল ভাই ছিলেন সিরাজ ভাইয়ের প্রিয়জনদের একজন।
মনে আছে, বদরুল ভাইয়ের বিয়ের সময় হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় বন্ধুদের উপহার হিসেবে জীবনের আশ্চর্য ফাল্গুন নামে একটি চটি বই বেরিয়েছিল, যাতে সুফিয়া খালা (বেগম সুফিয়া কামাল) থেকে শুরু করে তৎকালীন সময়ের সব খ্যাতিমান শিল্পী-সাহিত্যিক-সাংবাদিকের প্রীতি শুভেচ্ছা ছিল। তাতে সিরাজ ভাইয়ের লেখাটিতে ছিল একজন অনুজের প্রতি অগ্রজের স্নেহাশীর্বাদ। একসময় আবার ভাসমান জীবনে আমি খন্দকার আবদুল কাদিরের সংস্পর্শে আসি। কাদির ভাই এমনিতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক ইত্তেফাক-এর সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি নয়া দুনিয়া নামে একটি সাপ্তাহিক কাগজ বের করতেন, যা ছাপা হতো হাটখোলার প্যারামাউন্ট প্রেস থেকে। কাদির ভাই আমাকে প্রথম সাংবাদিকতার কাজে হাতেখড়ি দিয়েছিলেন তাঁর অধুনালুপ্ত কাগজটিতে। কাদির ভাই থাকতেন নিমতলীর কাছাকাছি একটি বাড়িতে। আমি প্রেস থেকে লেখাপত্র কম্পোজ করিয়ে প্রুফ দেখে কাদির ভাইকে দেখিয়ে নিতাম।
সেই সময় ইত্তেফাক-এর কাজকর্ম চলত হাটখোলার এই প্রেস থেকে। অফিসে ঢোকার মুখে দেখা যেত সিংহাসনের মতো বিশাল এক চেয়ার, যার ওপর বসে কাজ করতেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। হয় লিখছেন, না হয় সামনে বসা লোকজনের সঙ্গে কথা বলছেন। তখন ইত্তেফাক অফিসে ঢুকতে রীতিমতো ভয়ই করত। সব বাঘা বাঘা লোক কাজ করছেন। দেখতাম ফয়েজ আহমদ, এম আর আখতার মুকুল—তাঁরা সবাই তখন যুবা বয়সের চাপল্যে টগবগ করছেন। সেদিন তো আর আজকের মতো সাংবাদিকদের এত রবরবা ছিল না। কোনো কোনো দিন দেখা যেত অফিসের সামনে অনেক লোক। হয়তো শেখ মুজিব কিংবা আতাউর রহমান এসেছেন।
ভেতরে এক কোণে দেখতাম বেশ শ্রীমণ্ডিত প্রসন্ন চেহারার একজন নিবিষ্ট মনে লিখে যাচ্ছেন। যেন কোনো দিকে দৃকপাতের সময় নেই। এরই মধ্যে আশ্চর্য হওয়ার মতো তৎপরতায় অন্য সহকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন, ফোনে কথা বলছেন। বার্তা সম্পাদক বলা হলেও আসলে তিনিই ছিলেন ইত্তেফাক-এর আসল প্রাণশক্তি। আর সেই জামানায় সরকারবিরোধী একটি কাগজের কান্ডারি হওয়া যে কতটা কঠিন, তখন না বুঝলেও এখন বুঝতে পারি। দূর থেকে দেখতাম বলে তখন কী করে বুঝব যে এই মানুষটি কোমলে-কঠোরে কতটা সজ্জন আর কতটা বহুপ্রসূ। হাতের কলম থেমে আছে অথচ সিরাজুদ্দীন হোসেন বসে আছেন, এমনটা দেখেছি বলে মনে পড়ে না।
বহু পরে ফ্র্যাঙ্কলিন পাবলিকেশনসের টুকটাক কাজ করার সূত্রে প্রথম সিরাজুদ্দীন হোসেনের মুখোমুখি হয়ে বুঝতে পারলাম, এমন হৃদয়বান মানুষ কদাচিৎ দেখা যায়। পরিচয় হতে বদরুল ভাইয়ের পরিচিতি পেয়ে সেই যে বুকে টেনে নিলেন, সেই উষ্ণতা আজীবন ভোলার নয়। মনে হলো, আমিও তাঁর বহুদিনের পরিচিত এক অনুজ। আজকে সাংবাদিকতা নিয়ে কত বোলচালই না শোনা যায়, কিন্তু সেদিন এই সিরাজুদ্দীন হোসেনই অনুসন্ধানী প্রতিবেদন কাকে বলে দেখিয়ে দিয়েছিলেন ছেলে চুরি চক্রের অকাট্য সব তথ্য-প্রমাণসহ দিনের পর দিন চাঞ্চল্যকর প্রতিবেদন ছেপে। ইত্তেফাক যে সত্যিকার অর্থে জনগণের কাগজ, সেটা প্রমাণিত হওয়ার জন্য যদি ‘মুসাফিরের’ রাজনৈতিক মঞ্চ বা ‘ভিমরুলের’ জ্বালাময়ী কলামের অবদান থাকে, তাহলে শহীদ সিরাজুদ্দীন হোসেনের অবদানও কোনো অংশেই কম নয়। তাঁর ক্ষুরধার যুক্তিনিষ্ঠ লেখনী সাংবাদিকতা পেশার যে কারোর জন্যই আদর্শস্বরূপ।
সত্য, সাহস আর আবিষ্কার কাকে বলে, তার পাঠ নিতে যেতে হবে আপসহীন সিরাজুদ্দীন হোসেনের কাছে। না হলে দেশ যখন হানাদার বাহিনীর কবলে, তখনো তিনি অকুতোভয়ে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়ে বাঘের গহ্বরে বসেই নিবিষ্ট মনে তাঁর কাজ করে যাচ্ছেন কোন সাহসে? এই না হলে কি আর সিরাজুদ্দীন হোসেন হওয়া যায়?
তাঁদের আত্মদান আজকের যুগে কেবল শিক্ষণীয়ই নয়, অনুপ্রাণিত হওয়ার মতোই বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে আবহমান বাংলা ও বাঙালির ইতিহাসে। এ রকম যুগপুরুষ জাতীয় জীবনে একবারই আসে।
বেলাল চৌধুরী: কবি ও সাংবাদিক।