অনলাইন মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রথম আলোর প্রকাশিত ও অনলাইন সংস্করণে নিয়মিতভাবে পাঠকেরা বিভিন্ন সংবাদ ও মতামতের ওপর মন্তব্য করেন। এখন থেকে প্রতি সোমবার নির্বাচিত কিছু পাঠকের মন্তব্য প্রকাশ করা হবে। এ সপ্তাহের মন্তব্য আজ প্রকাশ করা হলো।

বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি। সেপ্টেম্বর ১৯, ২০১৫

সংবাদ: টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

রেজাউল
পুরো দেশই এখন নেতাশূন্য, আছে কেবল শাসক আর পুলিশ, মাঝখানে আতঙ্কিত সাধারণ মানুষ।

সালেকিন
মূল কারণ যাহোক, পুরো ঘটনাটি ঘটতে সময় লেগেছে। এই পুরো সময়টায় এলাকার এত এত নেতা কোথায় ছিলেন? আগে
এসব নেতা নামধারীদের জবাবদিহির আওতায় আনা হোক।


জিএসপি নিয়ে নতুন নতুন প্রশ্ন যুক্তরাষ্ট্রের!

রাহীদ এজাজ। সেপ্টেম্বর ২০, ২০১৫

সংবাদ: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) ফিরিয়ে দিতে দুই বছর আগে ১৬ দফার এক কর্মপরিকল্পনা দিয়েছিল দেশটি। অধিকাংশ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে তৈরি পোশাক কারখানার কাজের মান উন্নত করার পর যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়েনি বরং কমেছে। তাই পোশাকের ‘ন্যায্যমূল্য’ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কখন কথা বলবে, তা জানতে চেয়েছে বাংলাদেশ।

মামুন (চট্টগ্রাম)
তারা বাংলাদেশের শ্রমিকদের সহানুভূতি দেয় কিন্তু পোশাকের মূল্য খুব কম দেয়। তাদের দেশে ট্রেড ইউনিয়ন নেই কিন্তু এখানে ট্রেড ইউনিয়ন করার জন্য ঘুম হারাম! এসব ভাঁওতাবাজি কথা না বলে তারা বলুক তারা সাম্রাজ্যবাদ চায়! তারা এ দেশের
এমন উন্নতি কখনো মানতে পারবে না। তারা এ দেশের স্বাধীনতাকেও বড় দুশমনি মনে করে। তারা আমাদের বঙ্গোপসাগরে
ঘাঁটি করতে পারবে না আওয়ামী লীগের আমলে। তাই অনেক দিন থেকেই এদের উৎখাত করতে চাইছে।

সিকান্দার বক্স
এটা ঠিক যে আমেরিকার এ কাজ বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং বাংলাদেশে এর প্রভাব বাজেভাবেই পড়বে। কিন্তু শ্রমমান চাপিয়ে দিলেও তার জন্য শ্রমিকদের ভালো ছাড়া ক্ষতি হবে না। বাংলাদেশের আইনের যে দুরবস্থা, তাতে মালিকেরা তাঁদের স্বার্থে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করছেন। এবং সরকারের পক্ষ থেকে উল্লেখ করার মতো কোনো উদ্যোগ চোখে পড়ে না। তাই এসব চাপের মুখে সরকার শ্রমিক অধিকার নিয়ে ভাবতে বাধ্য হবে।

মো. গোলাম মামুন
পদ্মা সেতুতে যাদের কারণে ঋণ দেয়নি বিশ্বব্যাংক, তাদের অনুরোধেই জিএসপি বাতিল। সারা দুনিয়াতেই আমেরিকার দালাল আছে। আমি বুঝি না এই জিএসপিতে কী মধু আছে। সামান্য ১০০ কোটি টাকার সুবিধার জন্য আমেরিকার কাছে ধরনা দেওয়ার দরকার কী? তার চেয়ে বরং বাংলাদেশি প্রবাসীদের উন্নয়ন, নিরাপত্তা ও সম্মান বাড়ানোর জন্য পদক্ষেপ নিলে অনেক উপকার হবে।


টনপ্রতি ৫৮০ টাকা মাশুল গ্রহণযোগ্য নয়
সংবাদ: নিজস্ব প্রতিবেদক। সেপ্টেম্বর ১৯, ২০১৫

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের ট্রানজিট মাশুল টনপ্রতি ৫৮০ টাকা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিএনপির মুখপাত্র বলেন, জাতীয় রাজস্ব বোর্ড টনপ্রতি ১ হাজার টাকা মাশুল আদায়ের প্রস্তাব করেছিল। কিন্তু আন্তমন্ত্রণালয়ের সভায় তা অগ্রাহ্য করে ৫৮০ টাকা ধার্য করা হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থের বিপক্ষে।

শাকিব খান
টনপ্রতি মাত্র ৫৮০ টাকা মাশুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের সময় সড়কের ওপর যে অত্যাচার হবে, যানজট বৃদ্ধি পাবে, গাড়ির ধোঁয়ায় পরিবেশের যে ক্ষতি হবে, তা কি মাশুল নির্ধারণের সময় বিবেচনা করা হয়েছে?

বিপ্লব (কুয়াকাটা)
তাহলে কত টাকা মাশুল গ্রহণযোগ্য, তা তো আসাদুজ্জামান রিপন হিসাব করে বললেন না। কথার কথা হয়ে গেল। আমরা আসাদুজ্জামান রিপনদের আরও দায়িত্বশীল ভূমিকা আশা করি, দায়সারা নয়। তিনি যদি যুক্তির মাধ্যমে এবং অন্য দেশ কী পরিমাণ মাশুল দেয়, এসব উদাহরণ দিয়ে কথাটা বলতেন, তবে সবাই মানত। তাঁর কথা শুনে মনে হলো, টনে ৫ হাজার টাকা মাশুল হলেও তিনি একই কথা বলতেন ‘গ্রহণযোগ্য নয়’, কারণ এ তো বলার জন্যই বলা!

মো. আবদুর রহমান
আসাদুজ্জামান রিপনকে নতুন করে হিসাব করে বলতে হবে কেন? তিনি তো পরিষ্কার করেই বলেছেন, রাজস্ব বোর্ড ১ হাজার টাকা প্রস্তাব করেছে, আর তা কমানোর জন্য ভারতের পক্ষ থেকে কোনো চাপও ছিল না। নতজানু সরকারই আগ বাড়িয়ে ভারতকে বিশেষ সুবিধা দিচ্ছে। পঞ্চপন্থীদের এই এক সমস্যা, তারা নিজেরটা ছাড়া আর কারও কথাকে যুক্তিসংগত ও গ্রহণযোগ্য মনে করে না। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও এরা আওয়ামী লীগকে ‘নিরাপদ’ দেখতে চায়।

মো. জহির উদ্দিন
আমার বোধগম্য হচ্ছে না কিছু মানুষ এমনভাবে বিএনপিকে বিরূপ মন্তব্য করছে নিজের দেশের কথা না ভেবে। মানলাম, বিএনপির বর্তমান রাজনীতি ভালো নয়, তার জন্য তাদের পস্তাতেও হচ্ছে। তাই বলে সবকিছুতেই দোষ খুঁজে আমরা কাকে লাভবান করছি, বিএনপি তো ভারতের কাছ থেকে সঠিক মাশুল নেওয়ার কথা বলছে। এটাও কি তার দোষ? আসলে আমরাই আমাদের ক্ষতি করি, কিন্তু ভারত এ ক্ষেত্রে একচুলও ছাড় দিত না বা কোনো ভারতীয়ও আমাদের মতো সব বিষয়ে একজন আরেকজনের দোষ খুঁজত না...তারা দেশের স্বার্থে এককাট্টা।


রাজস্ব আয়: ভ্যাটের খোঁচা
শওকত হোসেন। সেপ্টেম্বর ১৭, ২০১৫।

মতামত: সরকার তার ব্যয় অনেক বেশি বাড়িয়ে ফেলেছে। আর এই বাড়তি ব্যয় মেটাতে এখানে-সেখানে খোঁচা মারা ছাড়া অর্থমন্ত্রী বা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বিকল্প তেমন কিছু নেই।

মীর মোহাম্মদ আবদুর রাজ্জাক
সরকারের ব্যয় নিয়ে সাধারণ মানুষের অনেক সন্দেহ আছে বলেই কর দিতে এত অনীহা। আজ পর্যন্ত কেউই জনগণের আস্থা অর্জনের কোনো চেষ্টা করেনি। বরং মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও আস্থা কমে গেছে।

রেজাউল করিম
এমনিতেই আমাদের দেশে কর দেন খুব কম মানুষ, কথাটি ঠিক নয়। ধরে নিলাম আপনি বলেছেন, গরিব মানুষ কর দেয় না। আমিও একজন গরিব মানুষ, আমার নুন আনতে পান্তা ফুরোয়। কোনো কোনো দিন বাজারও করতে পারি না। আমার থেকেও সরকার কর নেয়।

লীনা দিলরুবা
রাজনৈতিক কারণে অর্থমন্ত্রীকে হয়তো ঘাটতি বাজেট দিতে হয় বা আয়ের রাস্তা না জেনে ব্যয়ের বাজেট করতে হয়, কিন্তু তাঁর কী করে বাজেটের কনটেন্ট অজানা থাকে, সেটি বিস্ময়কর। চিনির ওপর শুল্ক আরোপ নিয়ে লেখায় যা পড়লাম, তাতে একটি বিষয়ই স্পষ্ট হয়েছে, আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের স্মৃতিভ্রম ঘটে এবং তা প্রায়ই। সরকারের এত গুরুত্বপূর্ণ একটা পদে যিনি বসে আছেন, তাঁর এই ভ্রম ঠিক মেনে নেওয়া যায় না।

ফরহাদ ফয়সল
বাজেটের বাকি প্রায় দুই লাখ কোটি টাকার পুরোটাই হচ্ছে অনুন্নয়ন ব্যয়।...বাজেট ঘাটতি মেটাতে সরকারকে প্রতিবছর ব্যাংকব্যবস্থা থেকে বিপুল পরিমাণ অর্থ ধার করতে হয়। মনে রাখুন, বর্তমানে গ্রিকদের কঠিন রাষ্ট্রীয় ঋণ-সমস্যা এভাবেই শুরু হয়!