অনলাইন মন্তব্য
>প্রথম আলোর ছাপা ও অনলাইন সংস্করণে নিয়মিতভাবে পাঠকেরা বিভিন্ন সংবাদ ও মতামতের ওপর মন্তব্য করেন। প্রতি সপ্তাহেই নির্বাচিত কিছু মন্তব্য প্রকাশ করা হচ্ছে। এ সপ্তাহের মন্তব্য আজ প্রকাশিত হলো।
সাংসদের গুলিতে রক্তাক্ত শিশু
নিজস্ব প্রতিবেদক, রংপুর ও গাইবান্ধা প্রতিনিধি | অক্টোবর ৩, ২০১৫
সংবাদ: ‘সকালে চাচার সঙ্গে হাঁটতে বেরিয়েছিল আট বছরের শিশু শাহাদাত হোসেন (সৌরভ)। কিন্তু সাংসদের ছোড়া গুলিতে রক্তাক্ত হয়ে তাকে যেতে হয়েছে হাসপাতালে। তার দুই পায়ে তিনটি গুলি লেগেছে।’
নিউ মার্মা
জমিদার নেই তো কী হয়েছে, এখন রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের জমিদার মনে করেন...
মাহফুজা বুলবুল
একসময় বিদেশি দখলদারদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হতো। এখন সেই শত্রু চলে এসেছে ঘরের ভেতরে। তাদের বিরুদ্ধে কি প্রতিবাদ করা চলে? যা-ই হোক, তারা তো আমাদেরই লোক!
মাহবুবুল হক
হুইপের কথায় বোঝা গেল যে তদন্ত করে দোষী সাব্যস্ত করা যাবে না, সুতরাং খালাস। পুলিশ সুপার সবচেয়ে ভালো কথা বলেছেন, ‘কে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’ অর্থাৎ, যে গুলি করেছে, তাকে আর পাওয়া যাবে না! তাহলে যারা সাংসদকে গুলি করতে
দেখেছে, তারা সবাই মিথ্যাবাদী! ভালোই তো, ভালো না!
অনলাইন মন্তব্য
আসছে না অস্ট্রেলিয়া
অক্টোবর ০২, ২০১৫
সংবাদ: শেষ পর্যন্ত দুঃসংবাদই এল অস্ট্রেলিয়া থেকে। নিরাপত্তার কারণ দেখিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে আপাতত বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ফারিনা
নিরাপত্তা ঝুঁকিতে নেই—এ কথাটা কে বুকে হাত দিয়ে বলতে পারবেন? অস্ট্রেলিয়া দলের সফর স্থগিত করা অবশ্যই আমাদের জন্য কষ্টের, কিন্তু এ–ও তো সত্যি যে অনন্ত বিজয়, অভিজিত রায়—এমন একের পর এক ব্লগার খুন হচ্ছেন ঘরেবাইরে, প্রকাশ্যে বা পরিবারের সামনে। রাষ্ট্র কি পেরেছে অন্তত একটা হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে প্রমাণ করতে যে আমরা রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থানে আছি?
মাহতাব হোসেন
পৃথিবীর এমন কয়টা দেশ আছে, যেখানে কমবেশি অন্তর্ঘাতমূলক বা সন্ত্রাসী আক্রমণ হয় না? তাই বলে কথায় কথায় কোনো দেশ নিজেকে সন্ত্রাস বা জঙ্গিবাদ-আক্রান্ত দেশ হিসেবে পরিচিত করে তোলে না, বরং ওই সব অপরাধ কঠোর হাতে দমন করে এবং সঙ্গে সঙ্গে তা যেন জঙ্গিবাদের মোড়কপ্রাপ্ত না হয়, তার প্রচেষ্টাই বরং চালায়।
আমাদের ছোট্ট এ দেশটাকে জঙ্গিরাষ্ট্র বা সন্ত্রাসকবলিত রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত করার কী নির্লজ্জ নিরলস প্রচেষ্টা যে রাষ্ট্রীয় পর্যায় থেকে চালানো হয়েছে, তা সরকারের কয়েকজন মন্ত্রী ও কিছু আমলার কথাবার্তা থেকে দেশের মানুষ অনেক আগেই বুঝতে পেরেছিল, যে জন্য অনেকে প্রতিবাদও করেছিল। শেষ পর্যন্ত বিভিন্ন দেশের নাগরিকদের এ দেশে ভ্রমণে-চলাচলে সতর্কতা জারি এবং অস্ট্রেলীয় ক্রিকেট দলের খেলতে না আসায় তার ষোলোকলা যেন পূর্ণ হলো! দুর্ভাগ্য এ জাতির!!
মো. আমিনুল হক
মৃত্যুভয় সবারই আছে। তবে পশ্চিমাসহ কিছু দেশের মানুষের মৃত্যুভয় হাজার বছর ধরেই বাড়াবাড়ি পর্যায়ে ছিল, আছে এবং থাকবে। এরা সব সময় জানা-আজানা ভয়ে ভীতসন্ত্রস্ত থাকবেই। জীবনকে আরও নিরাপদ করার নামে কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালতেই থাকবে! আমাদের এর মধ্যেই চলতে হবে।
মো. হাসানুর রহমান
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে কলেজে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় ১০ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এই খেলা যদি ইউএসএতে হতো, তখন অস্ট্রেলিয়া কী করত?
অনলাইন মন্তব্য
বলপ্রয়োগ কোনো সমাধান নয়
আনিসুল হক, অক্টোবর ০২, ২০১৫
মতামত: ‘একজনও যদি বলে, সে প্রশ্নপত্র আগে পেয়েছিল, সেটাকে যেমন খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে, তেমনি একজনও যদি থাকে, যে সততার সঙ্গে যোগ্যতা ও মেধা দিয়ে পরীক্ষায় ভালো করেছে, তাহলে তাকে অসম্মান করাটা হবে ঘোরতর অন্যায়।’
হালিম শান
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতে পারত একটা মাত্র সংগঠন, আর সেটা হচ্ছে বিএমএ। অতীতে ওনারা বেসরকারি মেডিকেল কলেজে মেধাহীন বিত্তবানদের ভর্তি বন্ধ করতে পেরেছেন সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে। কিন্তু এবার ওনারা একেবারেই চুপ। কারণ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কয়েকজন ডাক্তারও গ্রেপ্তার হয়েছেন। সুতরাং, তরুণদের ভবিষ্যৎ গোল্লায় যাক। প্রশ্নপত্র ফাঁস হয়নি, এমন অবস্থান নিয়েই বিএমএ ওই অভিযুক্ত ডাক্তারদের ছাড়িয়ে আনবে।
মো. শরিফুল ইসলাম
মেডিকেলে ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণ করা উচিত সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি না। এতে করে বর্তমানে যেসব শিক্ষার্থী মেডিকেলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তারা আন্দোলনে নামবে এবং পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। পরীক্ষা কমিটির উচিত ছিল পাঁচ সেট প্রশ্ন প্রণয়নের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা। তাদের স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।
ওয়াহিদুজ্জামান আকন
আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। আপনি এই ভর্তি পরীক্ষা বাতিলের দাবি না জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলছেন! আর যারা যোগ্যতার বলে সুযোগ পেয়েছে, ভর্তি পরীক্ষা পুনরায় হলে তারা নিশ্চয়ই আবার সুযোগ পাবে।
অনলাইন মন্তব্য
জঙ্গিরা আস্তানা গাড়তে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০১, ২০১৫
বিশেষ সাক্ষাৎকার: ‘আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আইএস নামের কোনো সংগঠন আমাদের দেশে নেই। তারপরও দাবি যখন করা হচ্ছে, তখন আমরা এটা খতিয়ে দেখব।’
মো. শফিকুর রহমান
আমার মনে হয়, বাংলাদেশে আইএস ও তালেবান আস্তানা করতে পারবে না। কারণ, বাংলাদেশ পাহাড়-পর্বতময় এলাকা নয়। জঙ্গিদের আশ্রয় হলো পাহাড়ি এলাকায়। শুধু পার্বত্য এলাকা চট্টগ্রামে। সেখানে কিছু আলামত মাঝেমধ্যে ধরা পড়ছে। সেটা নির্মূল করতে পারা যাবে। মাঝেমধ্যে যেটা ঘটছে, তা সন্ত্রাসী হামলাই মনে হয়, সে বিষয়ে কর্তৃপক্ষই তদন্ত করে সঠিক তথ্য দিতে পারবে।
মোহাম্মদ খান
বাংলাদেশে যদি ধর্মান্ধ বেশি থাকত, তাহলে আওয়ামী লীগ ও বিএনপির মতো দলগুলো ক্ষমতায় না গিয়ে নামসর্বস্ব পরগাছা ইসলামি দলগুলো ক্ষমতায় থাকত।
মেহেদি হাসান
আমাদের রাজনীতিবিদদের জঙ্গির সংজ্ঞা নির্ধারণ করতে হবে। তারা সব অরাজকতাকে জঙ্গি বলতে পারে না। এটা আমাদের দেশের আর দেশের মানুষের ভাবমূর্তির সঙ্গে জড়িত।