অনলাইন মন্তব্য
>প্রথম আলোর ছাপা ও অনলাইন সংস্করণে নিয়মিতভাবে পাঠকেরা বিভিন্ন সংবাদ ও মতামতের ওপর মন্তব্য করেন। এ সপ্তাহে গুলশান বিভীষিকার ঘটনায় পাঠকের কিছু নির্বাচিত মন্তব্য আজ প্রকাশিত হলো।

আমাদের কাঁদতে দিন
আনিসুল হক | জুলাই ০৩, ২০১৬
মতামত: যদি পারেন, আমাকে এই আশ্বাস দিন, আর কোনো মায়ের কোল খালি হবে না। আমাকে কেউ এসে বলুন, ভয় নেই, আমরা আমাদের উত্তর-প্রজন্মকে সুন্দর ভয়হীন আকাশের নিচে, নির্ভরতার জমিনের ওপরে রেখে যাচ্ছি। অপরাধ সব দেশেই হয়, কিন্তু বলতে পারবেন কি, আর কোনো দেশে মানুষের মৃত্যু নিয়ে দলাদলি হয়! ক্ষুদ্র রাজনীতি হয়! বলতে পারবেন কি আর কোনো দেশে কত অপরাধী ধরা পড়ে না, পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়?
জিল্লুর
গুলশানের সন্ত্রাসী হামলা সব মানবিক লোককে নাড়া দিয়েছে। ইসলামে এ ধরনের সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। ইসলাম শান্তির ধর্ম। যুদ্ধ ছাড়া কোনো নিরপরাধ মানুষকে হত্যা ইসলাম কোনোমতেই সমর্থন করে না। এরা দেশ ও জাতির চরম শত্রু। যেকোনো বিবেকবান নাগরিক এর নিন্দা ও ধিক্কার না জানিয়ে পারবেন না। সরকারের উচিত, বিরোধীদের দমন ও দোষারোপ না করে সত্যিকার সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা এবং একই সঙ্গে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মাহফুজা বুলবুল
কান্না এখন যেন আমাদের নিয়তি। নিত্যসঙ্গী। আমরা পিলখানার সেই শোকাবহ ঘটনার পর থেকে কেঁদেই চলেছি। কারখানায় জীবন্ত মানুষ কয়লা হতে দেখেছি। রানা প্লাজা ধসে চাপা পড়া হাজার হাজার মানুষের আর্তনাদ, বাঁচার বৃথা আকুতি শুনেছি। ঘরে-বাইরে নৃশংস খুন হতে দেখেছি। পথে-ঘাটে, নদী-নালায় লাশ আর লাশ দেখেছি। বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদতে দেখেছি। কোনো আনন্দ, আশ্বাসবাণী আমাদের কান্না থামাতে পারেনি। আমরা স্বদেশে থেকেও হাসতে ভুলে গেছি।
মো. মাহমুদুল হক
বিদেশি যাঁরা মারা গিয়েছেন, তাঁদের দেশকে আমরা কী জবাব দেব। তাঁরা তো আমাদের অতিথি ছিলেন। তাঁদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কর্তব্য ছিল। কিন্তু আমরা তাতে ব্যর্থ হয়েছি। বিদেশিদের কাছে মুখ দেখাব কী করে আমরা? এখন আস্তে আস্তে সব দিক দিয়ে বিনিয়োগ কমে যাবে। পর্যটক আসবে না। কারণ, তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে মৃত্যুকূপে আসবে কেন? আমরা এটাই কি চেয়েছিলাম আমাদের বাংলাদেশে? বাংলাদেশের রাজনীতি এর প্রধান কারণ। তারা নিজেরা তাদের অবস্থানে কঠোর হলে আজ এই ঘটনা ঘটত না। না না, বাংলাদেশে তো জঙ্গি নেই। বাংলাদেশ সন্ত্রাসমুক্ত। কোনো কিছু হলেই এ ওকে দোষারোপ করছে। নিজেদের ফায়দা নিচ্ছে। আর এদিকে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এর শেষ কবে ঘটবে একমাত্র আল্লাহই বলতে পারেন।
কাজী এস আহমেদ
এত বড় একটা ঘটনার পরও সরকারপ্রধান ও অনুসারীরা ঐক্য ও সহযোগিতার হাত বাড়ানোর বদলে রাজনৈতিক প্রতিপক্ষকে জড়ানোতে মগ্ন। এরা জননিরাপত্তার পরোয়া করে না। সন্ত্রাসী নয়, যেকোনো ঘটনায় এরা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়।
রক্তাক্ত গুলশান, স্তম্ভিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | জুলাই ০৩, ২০১৬
সংবাদ: শুরুতেই নিহত পুলিশের দুই কর্মকর্তা। দেশে-বিদেশে উদ্বেগ-উৎকণ্ঠা। রাতভর জিম্মি উদ্ধারের প্রস্তুতি। সকালে যৌথ বাহিনীর কমান্ডো অভিযান। ছয় জঙ্গির মৃত্যু। নিয়ন্ত্রণে পুরো রেস্তোরাঁ। কিন্তু এর পরের দৃশ্য ভয়ংকর। একে একে মিলল ২০ জিম্মির লাশ। হতভম্ব অপেক্ষারত স্বজনেরা। স্তম্ভিত বাংলাদেশ।
মোহাম্মদ
সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। সাত জঙ্গির তাণ্ডব সামলানোর অভিযানে ৭ হাজারের বেশি সদস্য লেগেছে। সুতরাং ভবিষ্যতে এরা যেন এ ধরনের হামলা করতে না পারে, সে জন্য অঙ্কুরেই এদের বিনাশের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।
মাসুদ করিম
পরপর দুদিন বাংলাদেশ বিশ্ব মিডিয়ার শীর্ষ শিরোনাম। এর আগে রিজার্ভ চুরি, ব্লগার হত্যা, ধর্মীয় ব্যক্তি হত্যা—এসব ঘটনার জন্যও বাংলাদেশ বিশ্ব মিডিয়ায় স্থান করে নিচ্ছিল। এসব খবর বাংলাদেশের জন্য মোটেও ভালো খবর নয়। রিজার্ভ চুরির তদন্ত করতে গিয়ে এক বিশিষ্ট ব্যক্তি সরকারকে দম ফেলার সময় দিতে বলেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকার দম ফেলার সময়টুকু পাচ্ছে না। যেখানে ১৩ মিনিটেই অপারেশন সফল, সেখানে কেন এতগুলো ঘণ্টা, অতি গুরুত্বপূর্ণ সময় জঙ্গিদের দেওয়া হলো।
হাফেজ শরিফ
এরা ইসলাম ও মুসলমানদের শত্রু, সঠিকভাবে তদন্ত করে এদের প্রশিক্ষণদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা, পরিকল্পনাকারী কে,
তা বাংলাদেশের নিরাপত্তাকর্মীরা বের করতে পারবেন। দেশের জনগণ এদের জানতে চায় ও কঠিন বিচারের মুখোমুখি দেখতে চায়।

গুলশান হামলায় প্রশিক্ষিত শিবির: নাসিম
নিজস্ব প্রতিবেদক | জুলাই ০৩, ২০১৬
সংবাদ: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ‘প্রশিক্ষিত শিবির’ জড়িত থাকতে পারে বলে মন্তব্য করছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। একই সঙ্গে ওই হামলার ঘটনায় ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন তিনি। রোববার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাসিম এসব কথা বলেন। গুলশানের ওই হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘যে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই এখানকার লোক এবং এখানকার সন্তান। কারা এর সঙ্গে জড়িত, তা আপনারাও বুঝতে পারছেন। প্রশিক্ষিত শিবির যারাই, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে।’
পুষ্পিতা
যারা গুলশানে হামলা করেছে, তাদের পরিচয় বের হওয়া শুরু হয়েছে। সেই হামলাকারীদের একজন হলো রোহান ইমতিয়াজ, তার বাবা ইমতিয়াজ খান বাবুল ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং এই বাবুল গত বছর অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন। হামলা করল আওয়ামী লীগের নেতার ছেলে আর এখন হয়ে গেল শিবির? আইএসের নামে হামলা করল আওয়ামী পরিবারের সদস্যরা আর অপরাধী হলো জামায়াত-শিবির? এই আপনাদের মানসিকতা? এ মানসিকতা দিয়ে আপনারা জঙ্গিবাদ দমন করছেন, না লালন ও উৎপাদন করে চলেছেন?
আক্তারুজ্জামান
এদের অদূরদর্শী ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ হাসিলের বক্তব্যের কারণের হয়তো আমাদের সামনে অভিবাসী হয়ে বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিতে হবে। ‘শিবির, শিবির’ করে আট বছর ক্ষমতায়। কই, শিবিরের রাজনীতি তো নিষিদ্ধ করলেন না। ইসলামী ব্যাংক টেরর ফান্ডিং করে। ওই ব্যাংক তো ঠিকই চলে। ওদের অনুদানও নিচ্ছেন। এতগুলো ব্লগার খুন হলো, কয়জন খুনিকে ধরেছেন, কয়জন জঙ্গির বিচার করেছেন? আপনাদের তো দেশের প্রতি কোনো মায়া নেই। দেশ গোল্লায় যাক, আপনাদের তাতে কোনো মাথাব্যথা নেই। আপনারা চান, সন্ত্রাস-জঙ্গিবাদ এসব চলতে থাকুক। সারা পৃথিবীকে দেখাতে চান দেশ জঙ্গিতে ভরে গেছে, দেশকে জঙ্গিমুক্ত করতে হলে আপনাদের ক্ষমতায় থাকা দরকার। দেশে সিআইডি, র্যা ব, পুলিশ থাকতে এত জঙ্গি গ্রুপের জন্ম কীভাবে? আজ যে হামলা হলো, তা প্রশাসনের অদক্ষ পরিচালনা আর অগণতান্ত্রিক মূল্যবোধের কুফলমাত্র। আপনারাই গণতন্ত্র হরণ করে দেশে জঙ্গিবাদীদের অবস্থান পাকাপোক্ত করতে দিয়েছেন।
মঞ্জুর
হতে পারে, তবে প্রমাণসহ কথা বলুন। তা না হলে মূল অপরাধীরা আবারও পার পেয়ে যাবে, ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা প্রতিকার চাই, রাজনৈতিক বক্তব্য চাই না; অন্তত এ ক্ষেত্রে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা থেকে বিরত থাকুন।
শহিদুল
জঙ্গিদের বিচার বুঝি আর হলো না! আপনাদের বেফাঁস উক্তি থেকেই তারা পার পেয়ে যাবে। এক সপ্তাহ চিরুনি অভিযানে ১৩ হাজারের মতো তো ধরেছেন। কতজন জঙ্গি? আর কতজন জামায়াতের? কোথায় মূল হোতারা? আপনাদের এসব ফায়দা লুটানো ভাষণ সচেতন জনগণ এখন আর বিশ্বাস করে না। এখন প্রয়োজন বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ মোকাবিলা। নাহয় অচিরেই আমরা পাকিস্তানের মতো দেশে পরিণত হব। আশা করি, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে।