
আরেকজন ব্লগারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো। ব্যাপারটা কি নিয়মিতই হয়ে গেল? আমাদের স্নায়ুর ওপর, নিরাপত্তাবোধের ওপর, দৈনন্দিন জীবনের ওপর এ ধরনের ঘটনা অসহনীয় চাপ সৃষ্টি করে যাচ্ছে। আজ আমরা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, ব্লগার-মুক্তমনা তরুণদের হত্যা করা হচ্ছে। সারা বিশ্বেই এটা ঘটছে, ধর্মীয় উগ্রবাদ বিশ্বব্যাপী বিস্তৃতি পাচ্ছে। ধর্মের নামে হত্যা করা হচ্ছে স্বধর্মের বা বিধর্মের মানুষকে। কেউ যদি ধর্মকে কটাক্ষ করে কিছু বলে, তার প্রতিকার চাওয়ার পথ আইনে আছে। আপনি আইনের আশ্রয় নিতে পারেন, তার জন্য মানুষকে নির্মমভাবে হত্যা করা হবে, এটা কেমন কথা? কোনো ধর্মই তো উগ্রতাকে সমর্থন করে না। কোনো ধর্মই বর্বরতার পক্ষে নয়। যারা ধর্মকে হিংসার কাজে ব্যবহার করে, তারা ধর্মেরও লোক নয়, মানুষেরও পক্ষে নয়।
ঘোষণা দিয়ে এ পর্যন্ত চারজন ব্লগারকে হত্যা করা হলো। শুধু যে প্রগতিশীল ব্লগাররাই নিহত হচ্ছেন তা নয়, একজন মাওলানা সাহেবও একই কায়দায় নিজ গৃহে চাপাতির আঘাতে নিহত হয়েছেন। কিন্তু সেই সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের সময় থেকে এখনকার এ ধরনের হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা হচ্ছে না। হত্যাকারীদের বিচারের আওতায় আনা যাচ্ছে না, তারা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েই যাচ্ছে!
এই বিচারহীনতার, যথাযথ তদন্তহীনতার এবং নাগরিকদের নিরাপত্তাহীনতার দায় তো সরকারকেই নিতে হবে। এ
বিষয়ে ইতস্তত করার কিছু নেই; সরকারকে নিজের ও দেশের স্বার্থে কঠোর হাতে এসব দমন করতে হবে। তা যখন করা
হচ্ছে না, তখন আগের ঘটনাগুলোয় ছাড় পাওয়ার সুবিধা নিয়ে নতুন নতুন হত্যাকাণ্ড ঘটছে। স্বভাবতই যারা দেশটাকে দক্ষিণ দিকে নিতে চায়, উগ্র ধর্মান্ধ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তারাই এর সুবিধাভোগী।
এ দেশের নাগরিক হিসেবে, নিহত লেখক অভিজিৎ রায়ের পিতা হিসেবে, একজন ভুক্তভোগী হিসেবে সরকারের ভূমিকায় মোটেই সন্তুষ্ট নই। তাদের আরও আন্তরিকতার সঙ্গে তৎপর হওয়া দরকার। সরকারকে বুঝতে হবে, আজ যারা এসব অপকর্ম করে যাচ্ছে, তারা শক্তিশালী হয়ে উঠলে সরকারের ভবিষ্যৎও ভালো থাকবে না। তাদেরও কিন্তু হামলা-আক্রমণের শিকার হতে হবে। এখানে উদাসীনতার কোনো সুযোগ নেই, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কোনো জায়গা নেই।
সরকারের পক্ষ থেকে জঙ্গিদের ব্যবহারের চেষ্টা হচ্ছে কি না তা বলতে পারব না। কিন্তু এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে তারা যথেষ্ট সক্রিয় ও আন্তরিক নয়। জঙ্গিদের ধরার ব্যর্থতা অপশক্তির জন্য ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। এভাবে ধর্মীয় উগ্রবাদীদের জন্য ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। যারা এসবের বিরুদ্ধে দাঁড়ায়, তারাই এখন টার্গেট হতে পারে। সরকার যদি নিজের গরজে প্রতিকারে নেমে না পড়ে, তাহলে সমাজে অনেক রকমের প্রশ্ন উঠবে, অনাস্থার পরিবেশ সৃষ্টি হবে। সেটা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
জনগণের নিরাপত্তা দেওয়া এবং ধর্মের নামে খুন প্রতিরোধের প্রশ্নকে রাজনীতি ও ক্ষমতার হিসাব-নিকাশের বাইরে রাখতে হবে। দেশে গণতন্ত্র আছে কি নেই, এটা তারও ঊর্ধ্বের বিষয়। এ ব্যাপারে সমমনা রাজনৈতিক ও সামাজিক শক্তিকে এক কাতারে দাঁড়াতে হবে। অর্থাৎ যারা উগ্রবাদ ও হত্যার বিরুদ্ধে, মানুষের জীবনের অধিকারের পক্ষে; তাদের সবাইকে সামনে আসতে হবে। জনশক্তির ওপর তো কোনো শক্তি নেই। দেয়ালে যখন পিঠ ঠেকে যাচ্ছে, তখন তো জনগণের এগিয়ে আসা ছাড়া আর তো কোনো উপায় নেই। তাদের কাছে আমাদের আহ্বান নিয়ে যেতে হবে। সব সামাজিক শক্তিকে একত্র করতে হবে। আমি মনে করি, সরকারের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক লোক আছেন, বিএনপির মধ্যেও মুক্তিযোদ্ধারা আছেন। নিজেদের স্বার্থেই তাঁদের এই প্রশ্নে এক হওয়া উচিত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তো ধর্মবিশ্বাসীরা ছিলেন, মুক্তিযোদ্ধাদের অধিকাংশই তো ধর্মবিশ্বাসী। স্বাধীনতার চেতনার সঙ্গে ধর্মবিশ্বাসের তো কোনো বিরোধ থাকার কথা নয় এবং তা নেই। যারা ধর্মের নামে অনাচার করে, জনগণ কখনো তাদের ছেড়ে দেয়নি। গণতান্ত্রিক শক্তি মাথা উঁচু করে দাঁড়ালে এরা টিকবে না। যে ছাত্র ও যুবশক্তির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছে, তাদেরই একজোট হতে হবে। সমচিন্তার রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে হবে। আর বর্তমান সরকার যদি মুক্তিযুদ্ধের চেতনানিষ্ঠ হয়, তাহলে তাদের দাঁড়াতেই হবে।
অজয় রায়: শিক্ষাবিদ, নিহত বিজ্ঞান–লেখক অভিজিৎ রায়ের পিতা।