২০১৬ সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ভেঙে বেরিয়ে যাওয়ার মতো বড় একটি সিদ্ধান্ত নিল এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। ওদিকে অনেক ইউরোপীয় দেশ অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ইউরোপীয় ইউনিয়ন এখন যতটা অস্থিতিশীল অবস্থায় আছে, জন্মের পর কখনোই এতটা অস্থিতিশীল ছিল না। কিছু অভিন্ন কারণে আমরা এই বিপজ্জনক পরিস্থিতিতে উপনীত হয়েছি। উন্নত দেশগুলোর উচিত, সম্মিলিতভাবে এই সমস্যা মোকাবিলা করা, যে প্রয়োজনীয়তা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে, এর বিপরীত ব্যাপারটা ঘটছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যখন বোঝাপড়াটা সবচেয়ে বেশি প্রয়োজন, তখন জাতীয়তাবাদী রাজনীতির কারণে সেই ঐক্যের সম্ভাবনা ভেঙে পড়ছে।
ইউরোপ এখন তিনটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর প্রথমটি হচ্ছে ব্রেক্সিট, যেটা গত কয়েক প্রজন্মের মধ্যে ব্রিটিশ রাজনীতির সবচেয়ে বড় ঘটনা। অনেকেই মনে করেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ভুল ছিল। কিন্তু যাঁরা বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন, তাঁদের অর্ধেকের বেশি মনে করেন, এখন এটা বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের রায়কে নীতিতে পরিণত করার ব্যাপারটা বোমা নিষ্ক্রিয়করণের মতো, অর্থাৎ কোন তারটা কাটতে হবে তা অনেক ভাবনাচিন্তা করে নির্ধারণ করতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সরকার যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় কোন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হতে পারে তাতে নজর দেয়, তাহলে আমরা সতর্কতার সঙ্গে আশাবাদী হতে পারি, এখান থেকে ভালো কিছু বেরিয়ে আসতে পারে। বিষয়টা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নকে নিজ অর্থনৈতিক স্বার্থেই যুক্তরাজ্যকে কাছে রাখতে হবে। যুক্তরাজ্যের যে সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক সক্ষমতা আছে, ইউরোপীয় ইউনিয়নের সেটা দরকার আছে। যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো, যেটা আটলান্টিকের উভয় পারের নিরাপত্তা অক্ষের জন্য প্রয়োজনীয়।
অন্যদিকে আমাদের ব্রিটিশদের এটা স্বীকার করা উচিত যে, ইউনিয়নের অনেক আইন ও বিধান আমাদের হয়ে গেছে। আমাদের অনেক অভিন্ন লক্ষ্য ও যৌথ কর্মসূচি আছে। এগুলোর সবই আমাদের বদলানো উচিত হবে না। অন্যদিকে ইউনিয়নের একক বাজারে ঢোকার যে সুবিধা, তা আমাদের অগ্রাহ্য করা যাবে না। কথা হচ্ছে, ইউরোপ পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক ব্লক, যা ইউরোপে বিনিয়োগের এক তাৎপর্যপূর্ণ উৎস। ‘কঠিন’ ও ‘নমনীয়’ ব্রেক্সিটের মধ্যে পার্থক্য করতে গেলে মূল বিষয়টা হারাতে হয়। আলোচনাটা এত জটিল হবে যে, কিছু কিছু পরিণতি নমনীয় ও কিছু কিছু কঠিন হবে। যুক্তরাজ্য হয়তো ইউনিয়নের অভিন্ন বাজারে ঢোকার জন্য কিছু মূল্য দিতে পারে, আর্থিক সেবার পাসপোর্ট আরোপ এবং ইউনিয়ন থেকে শরণার্থী আসার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
ইউরোপের দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা। ইউরোপীয় অর্থনীতির প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্র ও অধিকাংশ এশীয় দেশের তুলনায় কম। একই সঙ্গে তার জ্বালানি ও শ্রমের খরচ এশিয়ার তুলনায় দ্বিগুণ। ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উচিত হবে বাজারের নিয়ন্ত্রণ শিথিল করা এবং শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করা, যেটা যুক্তরাজ্য বহুদিন ধরে বলে আসছিল।
ইউরোপের তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক অসমতা। স্পেন, পর্তুগাল ও গ্রিসের এক-চতুর্থাংশ তরুণ বেকার। অনেক মানুষই বুঝতে পারেন, সমৃদ্ধির ফসলের বিতরণ সঠিকভাবে হয়নি। বিশ্বায়ন সামগ্রিকভাবে পৃথিবীর জন্য ভালো হলেও এর কারণে অনেক মানুষ সমাজ ও রাষ্ট্র থেকে বাদ পড়ে গেছে। এই মানুষেরা এখন ব্যালট বাক্সের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছে, তাদের কথা আমাদের শুনতে হবে। তাদের উদ্বেগের জবাব দিতে হবে।
যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই প্রলোভন এড়িয়ে চলতে হবে। এই বিপজ্জনক পৃথিবীতে সক্রিয় যুক্তরাষ্ট্রের বড় প্রয়োজন হবে, যারা যুক্তরাজ্যের মতো দেশের সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বজায় রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আটলান্টিকের উভয় পারের মধ্যে যে সমঝোতা গড়ে উঠেছিল, তা ৭০ বছর পৃথিবীকে বাঁচিয়েছে। যে হুমকির মুখে পৃথিবী পড়েছে, তা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রয়োজন হবে।
রাশিয়ার ইউক্রেনে ঢোকা ও ক্রিমিয়া অধিগ্রহণ আইনের শাসনের লঙ্ঘন, তা সত্ত্বেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত হবে, বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। যুক্তরাজ্য সহায়তা করতে পারে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গী, যদিও রাশিয়ায় ব্রিটিশ কোম্পানির বিনিয়োগ আছে। আবার রাশিয়াতেও যুক্তরাজ্যের বিনিয়োগ আছে।
দ্বিতীয়ত, ইরাক ও সিরিয়ায় দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে শূন্যতা সৃষ্টি হয়েছে। পুরোনো মিত্ররা এই সমস্যা মোকাবিলা করতে সম্মিলিত উদ্যোগ নিতে পারেনি। কিন্তু পশ্চিমের উচিত হবে, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা, যদিও রাশিয়া এতে ঢুকে পড়ায় নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। একইভাবে উত্তর আফ্রিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ইউরোপীয় ইউনিয়ন অক্ষের প্রয়োজন হবে, যেখানকার অনেক দেশের সরকারই স্থিতিশীল নয়। ফলে তারা সন্ত্রাসের সূতিকাগার হয়ে উঠেছে, যেখানকার মানুষ ইউরোপের দিকে যাত্রা শুরু করেছে। আমরা পশ্চিমারা এই ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করা বন্ধ করে দিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা অস্থিতিশীলতা সৃষ্টি করেছি। আমরা যদি নিজেদের গুটিয়ে নিতে থাকি তাহলে রাশিয়াসহ অন্য দেশগুলো আমাদের জায়গা দখল করতে শুরু করবে। তারা সেখানে প্রভাব বিস্তার করবে।
যে শক্তিগুলো দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তরকালের আন্তর্জাতিক ব্যবস্থা টেনে ভেঙে ফেলতে চাইছে, তাদের থামাতে হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন ঐতিহ্য আছে, যেটা রক্ষা করতে হবে। স্রেফ ব্রিটেন ইউনিয়ন ছেড়ে বেরিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রে এমন একজন মানুষ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি প্রথাগত চিন্তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, সে কারণে আইনের শাসনের মতো এমন একটি মূল্যবান ঐতিহ্যকে ঝুঁকির মুখে ফেলা ঠিক হবে না। যে সম্পর্ক আমাদের ঐক্যের বন্ধনে বেঁধে রেখেছে, তা রক্ষা করতে হবে; ঐক্য ও অভিন্ন ঐতিহ্যের মধ্যে আমাদের আশার ভিত গড়তে হবে।
অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
আইন কন: ব্রিটিশ কোম্পানি সেন্ট্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা।