অনিশ্চয়তার ভেলা দুলছে গুজরাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের গুজরাট নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণের প্রস্তুতি। কংগ্রেস না বিজেপি—কোন দল ক্ষমতায় আসবে, তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। সুরাট, গুজরাট, ভারত, ৮ ডিসেম্বর। ছবি: আইএএনএস
ভারতের গুজরাট নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণের প্রস্তুতি। কংগ্রেস না বিজেপি—কোন দল ক্ষমতায় আসবে, তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। সুরাট, গুজরাট, ভারত, ৮ ডিসেম্বর। ছবি: আইএএনএস

কিছুদিন ধরেই ভারতে একটা প্রচার বেশ জোরালো। বড় সব খবরের কাগজ ও টেলিভিশন নিউজ চ্যানেল নাকি বিজেপির পোঁ-ধরা হয়ে গেছে। সরকারি বিজ্ঞাপন না পাওয়ার ভয়ে হোক অথবা ভক্তিতে, সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলো নাকি সরকারের বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করে দিয়েছে। কোনো রকম সমালোচনাই বের হয় না!

আমি সংবাদমাধ্যমের লোক বলে অনেকেই আমার কাছে জানতে চান প্রচারটা সত্যি না মিথ্যা। উত্তরে আমি স্পষ্টভাবে হ্যাঁ বা না কোনোটাই বলতে পারি না। বলি, সত্য সম্ভবত ওই দুই অবস্থানের মাঝামাঝি কিছু একটা।

গুজরাট নির্বাচনের প্রথম দফার ভোটের ঠিক আগে এক জনমত সমীক্ষার ফল প্রকাশিত হলো। যে তিন সংস্থা এই সমীক্ষা করেছে, এটি তাদের তৃতীয় ফল। এই বছরের আগস্ট মাসে প্রথম সমীক্ষায় তারা বলেছিল, ১৮২ আসনের গুজরাট বিধানসভায় বিজেপি ১৪৪ থেকে ১৫২টির মতো আসন পাবে। কংগ্রেস পাবে ২৬ থেকে ৩২ আসন। মানে, দুই দিকেই সর্বকালীন রেকর্ড। ফল দেখে সেই সময় অনেকে মনে করতেই পারতেন সংবাদমাধ্যম বিকিয়ে গেছে। অক্টোবর মাসে ওই তিন সংস্থা তাদের দ্বিতীয় ফল ঘোষণা করে। তাতে বিজেপির আসন কমে দাঁড়ায় ১১৩ থেকে ১২১, কংগ্রেসের বেড়ে হয় ৫৮ থেকে ৬৪। গত সোমবার প্রথম দফার ভোটের ঠিক পাঁচ দিন আগে ওই সংস্থার তৃতীয় সমীক্ষার ফল দেখাচ্ছে, বিজেপি পাবে ৯১ থেকে ৯৯টি আসন, কংগ্রেস পাবে ৭৮ থেকে ৮৬টি। আমি জানি না, শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়াবে। তবে লড়াইটা যে সেয়ানে সেয়ানে হচ্ছে, কদিন
ধরে গুজরাট ঘুরে আমি নিশ্চিত। হয়তো আমার মতো অনেকেই।

সমীক্ষাটির কথা উত্থাপন করলাম এই ফল জানানোর জন্য নয়; করলাম সংবাদমাধ্যমের বিকিয়ে যাওয়া তত্ত্ব সত্য না মিথ্যা, তার একটা হাতে-গরম প্রমাণ তুলে ধরতে। যে বিকিয়ে যায়, সে কি তিন-চার মাসের মধ্যে এমন ভোল বদলাতে পারে? বিচার পাঠকই করুন।

ভোটের দিন যত এগোচ্ছে, বিজেপির শক্ত মুঠি আলগা হওয়ার লক্ষণ ততই প্রকট হচ্ছে। যে গুজরাট বাইশ বছর ধরে বিজেপির দুর্গ বলে পরিচিত, সেখানে কেন এই গেল গেল রব? কেন অশনিসংকেতের আঁচ পেয়ে নরেন্দ্র মোদি প্রাণপাত শুরু করেছেন? কেন অমিত শাহ বুঝতে পারছেন, আগ বাড়িয়ে ‘দেড় শ আসন পাবই’ বলে হাঁক দেওয়াটা শেষমেশ তাঁকে পরিহাস করতে পারে? তবে কি সত্যিই মানুষের মন বোঝায় তাঁদের কোথাও ভুল হয়েছিল? এতগুলো বছর ধরে ‘ভাইব্রেন্ট গুজরাটের’ যে বিজ্ঞাপন নরেন্দ্র মোদি দেশে-বিদেশে ছড়িয়ে দিয়েছেন, তার জ্বলজ্বলে ও ঝলমলে আলোর নিচের অন্ধকার তাঁদের দৃষ্টি কাড়েনি? নাকি স্রেফ উপেক্ষা করে গেছেন? একসঙ্গে অনেক প্রশ্ন ভিড় করে আসছে, যার উত্তর ছড়িয়ে রয়েছে গুজরাটের পথে-প্রান্তরে।

জনতার ক্রোধ কিন্তু আজ প্রকাশ্য। রাজ্যের প্রভাবশালী প্যাটেল সম্প্রদায় স্পষ্টত বিভাজিত। অগ্রসর শ্রেণি হয়েও শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সংরক্ষণের দাবিকে যে উচ্চতায় প্যাটেলদের একাংশ তুলে দিয়েছে, তা অস্বীকার ও উপেক্ষা করা বিজেপি সরকারের পক্ষে সম্ভব নয়। প্যাটেলদের যুব সম্প্রদায় ক্ষুব্ধ। ক্রুদ্ধ রাজ্যের কৃষিজীবী মানুষ, যাঁরা উৎপাদিত ফসলের দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। প্রবল অসন্তুষ্ট টেক্সটাইল ও হীরা-জহরতের কারবারিরা, নোট বাতিল এবং অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু হওয়ায় এখনো যাঁদের হা-হুতাশ কান পাতলেই শোনা যায়। তাঁরা সবাই যে চিরকালীন বিজেপিবিরোধী তা নয়; বরং ঐতিহ্যগতভাবে তাঁরাই মিত্র। এতগুলো বছর ধরে বিজেপিকে তাঁরাই কাঁধে বয়ে নিয়ে বেড়িয়েছেন। এই সুহৃদেরাই আজ ‘ঔদ্ধত্যের’ একটা জবাব দিতে উসখুস করছেন। কেন?

কারণ একাধিক। ‘ভাইব্রেন্ট গুজরাট’ স্লোগান বিক্রি করার জন্য নরেন্দ্র মোদি এক দশক ধরে এই সত্যগুলো কার্পেটের তলায় পাচার করেছেন। তাঁর আমলে শুধু গুজরাটে ৬০ হাজারের বেশি ছোট শিল্প বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা পেয়ে চলেছেন তাঁদের ন্যূনতম মজুরিরও কম পাওনা। শিল্প বিকাশের দুন্দুভি বাজানো সত্ত্বেও ব্যাংকিং পরিষেবায় গুজরাট সারা দেশের মধ্যে আঠারোতম। উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে
ত্রয়োদশ। নারী-পুরুষের আনুপাতিক হারে ২৪তম। অপুষ্টি, নারীস্বাস্থ্য ও শিশুমৃত্যুর হার জাতীয় গড়ের নিচে। এগিয়ে শুধু প্রবৃদ্ধির হারে এবং অবকাঠামোর বিজ্ঞাপনে।

উন্নয়নের মডেল যে এটাই নয়, এ কথাটাই এত বছর ধরে যাঁরা বলে আসছিলেন, মোদি-সমর্থকেরা তাঁদের কটাক্ষ করে গেছেন। আজ ভোটের আগে বোঝা যাচ্ছে, অবিচার ও বৈষম্যের প্রশ্নটি তোলা নিতান্তই বাতুলতা ছিল না। ছিল না বলেই আজ বিজেপির নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি তাঁর সাধের ‘স্মার্ট সিটি’ কিংবা বুলেট ট্রেনের কথা মুখেও আনছেন না। বরং করজোরে বলছেন, গুজরাটি অহংকার যেন অটুট থাকে। ভাষণে উপুড় করে দিচ্ছেন আবেগের কলসি।

কংগ্রেসের পুরো দায়িত্ব রাহুল গান্ধী তুলে নিয়েছেন তাঁর কাঁধে। সোনিয়া গান্ধী একটিবারের জন্যও প্রচারে আসেননি। আসবেনও না। এই প্রথম রাহুল দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানাননি। ভোটের প্রচারের মধ্যেই দলীয় সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হচ্ছে। গুজরাটে ‘টিম রাহুল’ তাতে উৎফুল্ল। কিন্তু ক্ষমতার হাতবদল নয়, গুজরাটে কংগ্রেসের প্রচারের অভিনবত্ব হলো চিরাচরিত ‘হিন্দু-মুসলমান দ্বন্দ্ব’ সম্পূর্ণভাবে ঊহ্য রাখা। গোধরা হত্যাকাণ্ড, নারোদা পাতিয়া, বীভৎস দাঙ্গা, মুসলমানদের মানবাধিকার হরণের মতো আদি ও অকৃত্রিম প্রসঙ্গগুলো প্রচারে অনুচ্চারিত রেখে দিচ্ছে কংগ্রেস। তারা চায় না এসব প্রসঙ্গ তুলে হিন্দু মেরুকরণের সহজ রাস্তায় গিয়ে বিজেপিকে ষষ্ঠবারের মতো ক্ষমতার সিঁড়িতে বসিয়ে দিতে। বরং হারের মুখ থেকে আহমেদ প্যাটেলের রাজ্যসভায় জয়কে উদাহরণ খাঁড়া করে রাহুল কংগ্রেসকে চাগিয়ে তুলতে চেয়েছেন। কিছুটা যে সফল, ভীত ও সন্ত্রস্ত বিজেপিই তার প্রমাণ।

কংগ্রেসের সমস্যা যেখানে, সেটাই কিন্তু বিজেপির শক্তি। বাইশ বছর ক্ষমতার অলিন্দে না থাকা কংগ্রেস সাংগঠনিকভাবে যথেষ্টই দুর্বল। বিজেপি আবার ততটাই শক্তিশালী। এই প্রবল চ্যালেঞ্জের মুখে অমিত শাহ মাটি কামড়ে পড়ে থেকে সংগঠনের দিক দিয়ে ভোটের দিন কংগ্রেসকে টেক্কা দেওয়ার যাবতীয় ছক কষে ফেলেছেন। যে তিন তরুণ তুর্কি এবার কংগ্রেসের ধার ও ভার বাড়িয়ে দিয়েছেন, সেই হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকোর ও জিঘ্নেশ মেওয়ানি এই ভোটযুদ্ধে কংগ্রেসের শক্তিবর্ধক ‘ফোর্স মাল্টিপ্লায়ার’। যুব সম্প্রদায়ের মধ্যে তাঁদের আলোড়ন প্রবল। কংগ্রেসের কমজোরি তাঁরা পুষিয়ে দিতে পথে নেমেছেন।

বাইশ বছর পর গুজরাটে বিজেপিকে হারানোর স্বপ্ন দেখতে গিয়ে কংগ্রেস কিন্তু বৃত্তকে চতুষ্কোণে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণের দাবিতে পাতিদারদের আন্দোলন, যে দাবি না মানার জন্য পাতিদারদের কাছে বিজেপি আজ ব্রাত্য, রাহুলের কংগ্রেস সেই দাবি পূরণের প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে দিয়ে রেখেছে। তারা বলেছে, অন্যদের থেকে না কেড়ে সংবিধানের আওতার মধ্যেই পাতিদারদের জন্য দল সংরক্ষণের ব্যবস্থা করবে। কিন্তু কীভাবে, সেই ব্যাখ্যা অনুচ্চারিত। ঘটনা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মোট সংরক্ষণ ৪৯ শতাংশের বেশি কখনোই নয়।

বিজেপি হারলে কিংবা কোনোভাবে টায়-টায় সরকার গড়লে অবশ্যই সেটা হবে বিশাল অঘটন। নরেন্দ্র মোদিকে তাক করে তখন অনেক নখ ও দাঁত বেরিয়ে পড়বে। এর অর্থ আরও একবার রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মাথাচাড়া দেওয়া। কেন্দ্রে ও রাজ্যে। শাহরুখ খানের রইস সিনেমাটা মনে করুন একবার। গুজরাটের আহমেদাবাদের পটভূমিতে তৈরি সেই সিনেমার অতি বিখ্যাত ডায়ালগটা মনে মনে আওড়ান।

শাহরুখ বলছেন, ‘আম্মিজান কহতি থি, কোই ভি কাম ছোটা ইয়া বড়া নহি হোতা। ধান্দে সে বড়া কোই মজহব নেহি হোতা।’ ধান্দাকে গিলে খাবে, ধান্দা চৌপাট হয়ে যাবে, শেষ বিচারে এমন কিছু করে আজন্ম ব্যবসায়ী গুজ্জুভাইয়েরা কি অনিশ্চয়তায় ভরা অনির্দিষ্ট ভবিষ্যতের পানে ভেলা ভাসাবে? সংশয় ও সন্দেহ এখানেই।

সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।