অন্তরে সিসি ক্যামেরা বসাবে কে?
খবরটি চমকে দেওয়ার মতো। হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ সেখানে ৫০টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা করার ঘোষণা দিয়েছে। এটি টোটকা ওষুধ হিসেবে কাজ করতে পারে, কিন্তু স্থায়ী সমাধান দেবে না। মানুষের অন্তরে সিসি ক্যামেরা বসাবে কে?
গতকাল মঙ্গলবার প্রথম আলোর খবরে বলা হয়, নিরাপত্তার অংশ হিসেবে উপজেলা সদরের বিভিন্ন স্থানে গত সোমবার ২৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে, আরও ২৩টি বসানো হবে। এর আগে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গত রোববার নাসিরনগর সদরের বিভিন্ন মহল্লার বাসিন্দাদের সঙ্গে উঠোন বৈঠক করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে ওই সব মহল্লায় পাহারার জন্য বাসিন্দাদের হাতে লাঠি ও বাঁশি তুলে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুর করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তা জোরদার করতে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পুলিশ। সদরের নাসিরপুর গ্রামও সিসি ক্যামেরার আওতায় আনা হবে। উপজেলা সদর এলাকার পশ্চিমপাড়ার জগন্নাথ মন্দির, মহাকালপাড়ার গৌর ও শিবমন্দির, দত্তপাড়ার দত্তবাড়ির মন্দির, ঋষিপাড়া, নাসিরনগর বাজার, খেলার মাঠ, হিন্দু-অধ্যুষিত বিভিন্ন এলাকা ও বিভিন্ন সড়কের মোড়সহ অন্তত ২৭টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের এসব পদক্ষেপ দেখে মনে হয়, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার তিন সপ্তাহ পার তাদের চৈতন্যোদয় হয়েছে। এই চেতনা আগে এলে হয়তো সেখানকার হিন্দু সম্প্রদায়ের ৬০ থেকে ৭০টি বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এড়ানো যেত।
নাসিরনগরে হামলা শুরু হয় তিন সপ্তাহ আগে, গত ৩০ অক্টোবর একটি সমাবেশ থেকে, যে সমাবেশে স্থানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউএনও বক্তৃতা দিয়েছেন। বর্তমানে জেলার যে পুলিশ প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তায় এখন তৎপর, হামলার সময়ও কিন্তু তারা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল। স্বভাবতই প্রশ্ন আসে, পুলিশ প্রশাসন কি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছে? করে থাকলে সংখ্যালঘুদের ওপর সাত-সাতবার হামলা হলো কীভাবে? এখন জেলা প্রশাসন বলেছে, সমাবেশের অনুমতি তারা দেয়নি, দিয়েছে উপজেলা প্রশাসন। মেনে নিলাম। কিন্তু যখন উপজেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলো, তখন জেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা নিল না কেন? কেনই-বা উপজেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনল না?
আসলে জেলা প্রশাসন ও জেলা পুলিশ রোগের আসল কারণ খুঁজে বের না করে উপসর্গ নিয়ে টানাটানি করছে। নাসিরনগরে সংখ্যালঘুদের হামলার মূলে ছিল ব্রাহ্মণবাড়িয়ার শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল ও পাল্টাপাল্টির ঘটনা। সেখানে আওয়ামী লীগের জেলা সভাপতি ও নাসিরনগরের সাংসদ ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মধ্যকার বিরোধের কথা সবার জানা। বিরোধটি এমন পর্যায়ে ছিল যে জেলা কমিটি উপদেষ্টা পদ থেকে মন্ত্রীকে অব্যাহতি দিয়েছিল, যা বাংলাদেশে বিরল ঘটনা। একজন কেবিনেট মন্ত্রীকে জেলা কমিটি বাদ দিয়েছে, প্রশ্ন হচ্ছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জন্য যদি তা হয়ে থাকে, তাহলে তাঁর মন্ত্রী পদে থাকার কথা নয়। কেননা, তিনি দলের মনোনয়ন নিয়েই সাংসদ ও মন্ত্রী হয়েছেন। আর জেলা কমিটি যদি অন্যায়ভাবে তাঁকে অব্যাহতি দিয়ে থাকে, তাহলে সেই কমিটির বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা। কোনোটাই হয়নি বলেই ব্রাহ্মণবাড়িয়ায় শাসক দলে যে দীর্ঘদিনের চাপান-উতর চলছিল, তারই বহিঃপ্রকাশ ঘটে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার মধ্য দিয়ে। বিগত ইউপি নির্বাচনে নাসিরনগরে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়েও দুই পক্ষের বিরোধ আরও চাঙা হয়ে ওঠে। দুই পক্ষ একে অপরকে রাজাকার তোষণকারী ও উৎকোচ গ্রহণকারী হিসেবে আখ্যায়িত করে।
নাসিরনগরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, এমন একজন মানবাধিকারকর্মী প্রথম আলোকে বলেছেন, নাসিরনগরে এখন সবকিছু বিভক্ত। আওয়ামী লীগ বিভক্ত। প্রশাসন বিভক্ত। পুলিশ বিভক্ত। এমনকি সেখানে আক্রান্ত সংখ্যালঘুরাও বিভক্ত হয়ে পড়েছেন। তাঁদের কেউ মন্ত্রীর পক্ষে, কেউ জেলা আওয়ামী লীগের নেতাদের পক্ষে।
নাসিরনগরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা বন্ধ হলেও পরিস্থিতি এখন থমথমে। সেখানে সংখ্যালঘুদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা যেত হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের মাধ্যমে। কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি। সরকার ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আক্রান্ত মানুষগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। সেটি ভালো উদ্যোগ। কিন্তু অপরাধীরা ধরা না পড়লে অপরাধের বিচার হবে কীভাবে?
পুলিশ প্রশাসন স্থানীয় জনগণের হাতে লাঠি-বাঁশি তুলে দিয়েছে। তাদের এই উদ্যোগ দেখে মনে হতে পারে, লাঠি-বাঁশি না থাকার কারণেই সেখানে হামলা ঘটনা ঘটেছে। জেলা পুলিশ প্রশাসন সেখানে ২৭টি সিসি ক্যামেরা বসিয়েছে। আরও বসাবে। এই সিসি ক্যামেরা দিয়ে চোর ধরা যেতে পারে। কিন্তু রাতের অন্ধকারে যারা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে এবং আগুন দেয়, তাদের ধরা কঠিন হবে। আরও কঠিন হবে হামলাকারীদের নেপথ্যে যাঁরা আছেন, তাঁদের ধরা।
পুলিশ গয়রহ ৮০ থেকে ৮৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু কিসের ভিত্তিতে? ঘটনার পর নাসিরনগরের তিন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা আওয়ামী লীগ। অথচ পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে এক বিএনপি নেতাকে ধরেছে। মামলার বাদীসহ স্থানীয় সংখ্যালঘু নেতারা আদালতে দরখাস্ত দিয়ে বলেছেন, বিএনপির ওই নেতা হামলার সঙ্গে জড়িত নন। আক্রান্ত ব্যক্তিরা যাঁকে নির্দোষ বলছেন, পুলিশ তাঁকেই ধরছে। আর যে সাইবার ক্যাফে থেকে রসরাজ দাস নামের এক দরিদ্র জেলের নাম দিয়ে ফেসবুকে কথিত ধর্ম অবমাননাকারী পোস্ট দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, পুলিশ সেই ক্যাফের মালিক বা কর্মচারী কাউকে খুঁজে পাচ্ছে না!
আমরা মনে করি, নাসিরনগরে সিসি ক্যামেরা ইত্যাদি বসানোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রকৃত অপরাধীকে ধরা। যে সমাবেশ থেকে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হলো, সেই সমাবেশের উদ্যোক্তাদের কেন এখনো আইনের আওতায় আনা হচ্ছে না? তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী বলে? পুলিশ চাইলে কারা ট্রাক ভাড়া করে হবিগঞ্জের মাধবপুর থেকে লোক নিয়ে এসেছিল, তা বের করা কঠিন নয়। স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বলেছিলেন, নাসিরনগরের পুলিশের কোনো দোষ নেই। কিন্তু তিনিও পরে স্বীকার করেছেন, সেখানকার পুলিশ দায়িত্বে গাফিলতি করেছে। এই দায়িত্বে গাফিলতির বিচার শুধু বদলি বা প্রত্যাহার হতে পারে না। এ ধরনের কর্মকর্তা নাসিরনগরের মতো অন্য কোথাও অঘটন ঘটাতে পারেন। স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসা দরকার, তাঁরা স্বেচ্ছায় সমাবেশের অনুমতি দিয়েছিলেন, না কেউ তাঁদের দিতে বাধ্য করেছেন। সেই বাধ্যকারকদের খুঁজে বের না করা পর্যন্ত নাসিরনগরের হামলার রহস্যও উদ্ঘাটিত হবে না।
সিসি ক্যামেরা দিয়ে চোর ধরা যায়, কিন্তু সাম্প্রদায়িকতা ঠেকানো যায় না। সরকারকে বুঝতে হবে, প্রশাসনে ও দলে সাম্প্রদায়িক ব্যক্তিদের রেখে বা আশ্রয়-প্রশ্রয় দিয়ে কখনোই এই মারাত্মক সামাজিক ব্যাধি থেকে রক্ষা পাওয়া যাবে না।