সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউডের চলচ্চিত্র ওয়ান্টেড। এ ব্যাপারে এ দেশের চলচ্চিত্রশিল্পের অঙ্গন উত্তপ্ত। তাঁদের তীব্র আপত্তি রয়েছে বাংলাদেশে ভারতীয় হিন্দি চলচ্চিত্র মুক্তি দেওয়ার বিষয়ে। তাঁরা বলছেন, ভারতীয় চলচ্চিত্র এভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিলে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প ধ্বংস হয়ে যাবে।
ওয়ান্টেড নামক যে হিন্দি চলচ্চিত্রটি ভারতে মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। এটি ছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া তামিল চলচ্চিত্র পোকিরির হিন্দি রিমেক। অর্থাৎ প্রায় ছয় বছর আগের একটি ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি পেল। আর এ কথা বলাই বাহুল্য, স্যাটেলাইট চ্যানেলগুলোর কল্যাণে যাঁরা ভারতীয় চলচ্চিত্র দেখেন, তাঁরা এই চলচ্চিত্রটি দেখেছেন অনেক আগেই।
আমরা এখন এমন একটা সময়ে বাস করছি, যেখানে হলিউড বা বলিউডে একটি চলচ্চিত্র মুক্তি পেতে সময় লাগলেও আমাদের দেশের দর্শকদের তা দেখে ফেলতে বেশি সময় লাগে না। স্যাটেলাইট টেলিভিশন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা খুব সহজেই ঘরে বসে এসব চলচ্চিত্র দেখতে পারছি। আমি মনে করি, বিদেশি সিনেমা আমাদের দেশে প্রদর্শিত হলেই যে আমাদের সিনেমা ধ্বংস হয়ে যাবে, এমন আশঙ্কা ঠিক নয়। এ দেশের মানসম্মত চলচ্চিত্রগুলোও জনপ্রিয়। শ্রাবণ মেঘের দিন, ব্যাচেলর, আমার বন্ধু রাশেদ বা মনপুরার মতো চলচ্চিত্রগুলো আমাদের দর্শকদের হলমুখী করেছে। তবে চলচ্চিত্রের মানোন্নয়ন না ঘটার কারণে আমাদের দেশের দর্শকেরা দেশি চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যখন মানুষ খুব সহজেই বিশ্বমানের বিদেশি চলচ্চিত্রগুলো দেখছেন, তখন তার চেয়ে নিম্নমানের ছবি তাঁরা দেখবেন না, এটাই স্বাভাবিক।
তাই দুয়ার বন্ধ না করে আমাদের উচিত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে নিজেদের মানোন্নয়ন ঘটানো, সাংস্কৃতিক আদান-প্রদান বাড়ানো। সেই মনোভাব অর্জন করাটাই আসল ব্যাপার। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?
লেখক: শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।