বছরের এই সময়টাতে দেশজুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। গত ১৮ ডিসেম্বর কুমিল্লার উৎসব দিয়ে এবারের উৎসব শুরু হয়েছে। পরদিন উৎসব ছিল ফেনীতে। উৎসবের মাঠেই আমার উদ্বিগ্ন সহকর্মীর ফোন। তিনি জানতে চান, ইন্টারনেটে তথ্য অনুসন্ধানকারী বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের বাংলাদেশ সাইট ‘হ্যাকড’ হওয়ার বিষয়ে আমি কিছু জানি কি না। উৎসবের সময়গুলোতে আমি সচরাচর ইন্টারনেট ব্যবহার করি না। তাই কোনো জবাব দিতে পারলাম না। কিন্তু মনের মধ্যে একটা খচখচানি থেকেই গেল। কারণ, গুগলের ওয়েবসাইট হ্যাকিং বা তাদের কোনো সার্ভারে অনুপ্রবেশের ব্যাপারটা মোটেই কোনো সহজ কাজ নয়।
সন্ধ্যাবেলা প্রথম আলোর অনলাইন থেকে নিশ্চিত হলাম যে না, গুগলের সাইট হ্যাক হয়নি; বরং বাংলাদেশের জন্য গুগলের সাইট তথা গুগলডটকমডটবিডির (google.com.bd) ইন্টারনেট ঠিকানা পরিবর্তন করে দেওয়া হয়েছে। কাজটি করা হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির (বিটিসিএল) সার্ভারে। ফলে দেশে বা বিদেশ থেকে যিনিই ইন্টারনেটে গুগলডটকমডটবিডিতে যাওয়ার চেষ্টা করছেন, তাঁরা অন্য একটি সাইটে চলে যাচ্ছেন। তবে শুধু গুগলডটকমডটবিডি নয়, আরও কয়েকটি সার্ভারের ইন্টারনেট ঠিকানা পরিবর্তন করে দেওয়া হয়েছে।
ইন্টারনেট ঠিকানা (ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস) হলো বিশ্বজুড়ে পরস্পর সংযুক্ত কম্পিউটার চেনার ব্যবস্থা, যা মূলত একটি সংখ্যা। কম্পিউটারের আন্তযোগাযোগের জন্য এই ইন্টারনেট ঠিকানার প্রয়োজন। কিন্তু মানুষের পক্ষে ইন্টারনেট ঠিকানা মনে রেখে ব্যবহার করা অসম্ভব। তাই ইন্টারনেটে চালু আছে ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) নামে একটি পদ্ধতি, যেখানে উদ্দিষ্ট ডোমেইনের নাম সংখ্যায় না লিখে ইংরেজি, অধুনা বাংলা ও অন্য ভাষায় লেখা যায়। ডিএনএস সিস্টেম তখন প্রকৃত ইন্টারনেট ঠিকানাটা সরবরাহ করে। আর এ জন্য ঠিকানাটা নির্দিষ্ট সার্ভারে (ডিএনএস সার্ভার) আগে থেকে লেখা থাকে। এখন কেউ যদি ডিএনএস সার্ভারে কোনো ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করে দেয়, তাহলে লোকে ভুল ঠিকানায় চলে যায়। অননুমোদিতভাবে এ কাজটা কোনো অনুপ্রবেশকারী করতে পারার অর্থই হলো সার্ভারটির নিরাপত্তাব্যবস্থা যথাযথ নয়।
ঢাকায় ফিরে খোঁজখবর নিয়ে যা জানা গেল, ফয়সল নামের এক পাকিস্তানি হ্যাকার বিটিসিএলের সার্ভারে অনুপ্রবেশ করে ঠিক এ কাজটিই করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখলাম, বিটিসিএলের সার্ভার–পদ্ধতিতে বেশ কিছু নিরাপত্তাঝুঁকি রয়ে গেছে। বিশ্বব্যাপী সাইবার আক্রমণ বেড়ে যাওয়ার ফলে বর্তমানে এই সার্ভারগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়, যা এক দশক আগেও প্রয়োজন হতো না। এর একটি হলো ডটবিডি সার্ভারের সঙ্গে রুট সার্ভারের ডিজিটাল স্বাক্ষরবিনিময়। বিশ্বের বেশির ভাগ দেশ তাদের দেশ পরিচিতিজ্ঞাপক সার্ভারের সঙ্গে ইন্টারনেটের মূল (রুট) সার্ভারগুলোর ডিজিটাল স্বাক্ষরের ব্যাপারটি করে ফেলেছে, কিন্তু আমরা এখনো তা করিনি। আবার অতিসাধারণ কিছু নিরাপত্তাব্যবস্থাও বিটিসিএল সার্ভারে গ্রহণ করা হয়নি। আর এর প্রকাশ দেখা গেল বছরের প্রথম দিনে। সেদিনও ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলডটকমডটবিডিসহ চারটি সাইটে ঢুকতে গেলে বগুড়ার এক কলেজশিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছেন। জানা গেল, ওই শিক্ষার্থী বিটিসিএলের সিস্টেমের ত্রুটি দেখিয়ে দেওয়ার জন্য এ কাজটি করেছেন। বিশ্বব্যাপী এটি একটি স্বীকৃত পন্থা, যেখানে নিরাপত্তা বিশেষজ্ঞ বা প্রোগ্রামাররা কোনো সিস্টেমের ত্রুটি বা প্রোগ্রামিংয়ের ভুল চিহ্নিত করতে সহায়তা করেন।
কিন্তু দেখা যাচ্ছে, ওই সংবাদে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছেন, ‘আসলে কেউই আমাদের নেটওয়ার্কে ঢুকতে পারেনি। রক্ষণাবেক্ষণের জন্য মাঝেমধ্যে আমরা কিছু সাইট বন্ধ রাখি। কেউ হয়তো এ সুযোগে সার্ভারে ঢুকে পড়ে। নিজের নাম জাহির করার জন্য কেউ এটা করছে। আমাদের সিস্টেম পুরোপুরি নিরাপদ।’ (অরক্ষিত ডটবিডি সার্ভার, প্রথম আলো, ২ জানুয়ারি ২০১৭)। আমি ভয় পেয়েছি ওখানেই, কারণ বিটিসিএলের শীর্ষ ব্যক্তি তাঁর সিস্টেমের দুর্বলতা উড়িয়ে দিয়েছেন। এবং সম্ভবত এ কারণে ১৯ ডিসেম্বরের ঘটনার পর ১ জানুয়ারি পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা সংহত করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এমনকি মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিকেও এ ব্যাপারে অবহিত করা হয়নি। আশঙ্কা হচ্ছে, বগুড়ার সাইজার হোসেনের দেখিয়ে দেওয়ার পরও হয়তো এ নিরাপত্তা ত্রুটি সারানোর কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
ক্রমাগতভাবে সাইবার জগতের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে আমাদের অর্থনীতি, প্রশাসন ও সামাজিক জীবন। যেকোনো ধরনের সাইবার নিরাপত্তার হুমকি তাই প্রকারান্তরে অর্থনীতি ও উন্নয়নের জন্য হুমকি। যে সহজ পদ্ধতিতে উপরিউক্ত দুটি ঘটনা ঘটেছে, তাতে ডটবিডি ডোমেইনের যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের বেলায়ও বড় ধরনের বিপর্যয় হয়ে যেতে পারে। মনে রাখা দরকার, প্রায় ৩০ হাজারের বেশি ওয়েবসাইট বিটিসিএলের সংশ্লিষ্ট সার্ভারের ওপর নির্ভরশীল। এ ছাড়া ডটবাংলা ডোমেইনেও দ্রুত অনেক ওয়েবসাইট ও সংস্থা নিবন্ধিত হতে পারে।
হুমকি বা বিপর্যয়ের আশঙ্কা থাকলেও যথাযথ উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান করা কঠিন নয়। প্রথমত, দরকার ডটবিডি (এবং নতুন চালু হওয়া ডটবাংলা) ব্যবস্থাপনার সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ গড়ে তোলা। বাংলাদেশ সরকারের ব্রডব্যান্ড নীতিমালা ২০০৯-এ ডটবিডি ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ কেন্দ্র গড়ে তোলার কথা রয়েছে। নীতিমালার ৫.২, ৭.১ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বিডি ডোমেইনের নামকরণ তত্ত্বাবধানের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় বাংলাদেশ নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার শীর্ষক একটি যথোপযুক্ত প্রশাসনিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। এটি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলো যেমন: ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেম অ্যান্ড নম্বরস (আইসিএএনএন), ইন্টারনেট অ্যাসাইন্ড নম্বর অথরিটি (আইএএনএ), এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) ইত্যাদির সঙ্গে সমন্বয় সাধন করিবে।’ ২০০৯ সালে গৃহীত হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ দেশেই এই কাজগুলো করার মতো দক্ষ জনগোষ্ঠী রয়েছে।
সাইবার নিরাপত্তার ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখে নিজেকে নিরাপদ ভাবার কোনো অবকাশ নেই। ঠিকমতো উদ্যোগ না নিলে অচিরেই দেশের ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়তে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের বোধোদয় হোক—এ কামনা করি।
মুনির হাসান: যুব কর্মসূচি সমন্বয়কারী, প্রথম আলো।