
আজ তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন। আমরা না চাইলেও এ দিনটি আসে। ঘুরে ঘুরে প্রতিবছর আসে। প্রতিদিনের যন্ত্রণা ও দুঃখটাকে হৃদয় খুঁড়ে জাগিয়ে দিয়ে যায়। বেঁচে থাকলে ত্বকীর আজ ২২ বছর পূর্ণ হতো। ১৮ পেরোনোর আগেই তার মৃত্যু হয়েছে। কোনো দুরারোগ্য
ব্যাধি বা দুর্ঘটনা নয়, তার মৃত্যুর কারণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ব্যাধি।
আনা ফ্রাংকেরও মৃত্যু হয়েছিল ১৮ পেরোনোর আগেই। আমস্টারডামে বাবার অফিসে লুকিয়ে থেকেও বাঁচতে পারেনি। হিটলারের নাৎসি বাহিনী তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। আনা ডায়েরিতে তার শেষ সময়ের নির্মম যন্ত্রণার কথা লিখে গিয়েছিল। কিন্তু ত্বকী তার শেষ সময়ের যন্ত্রণার কথা লিখে যাওয়ার সুযোগ পায়নি।
আমরা ঘাতকের জবানবন্দি থেকে তা জেনেছি। ত্বকীকে নিয়ে যাওয়া হয়েছিল টর্চার সেলে। এটা কনসেন্ট্রেশন ক্যাম্পেরই এক ভিন্ন রূপান্তর। তাকে হাত-পা বেঁধে দলবদ্ধভাবে লাঠি দিয়ে পিটিয়ে অজ্ঞান করে বুকের ওপর উঠে গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল, উপড়ে ফেলা হয়েছিল তার একটি চোখ। নিথর দেহটি বস্তাবন্দী করে ফেলে দিয়েছিল শীতলক্ষ্যা নদীতে।
আনা ফ্রাংকের স্থান ও কালটি ছিল ইউরোপ ও দ্বিতীয় মহাযুদ্ধ। স্থান ও কালের ভিন্নতা হলেও হিংস্রতা, বর্বরতা ও মানবতার বিপর্যয়ের ক্ষেত্রে অর্ধশতাব্দী পরও তাতে কোনো পার্থক্য লক্ষ করা যায়নি। আনার কোনো শত্রু ছিল না; কিন্তু রাষ্ট্র অ্যানার বিরুদ্ধে ছিল। ত্বকীরও কোনো শত্রু ছিল না; তবে ত্বকীর ঘাতকেরা অনেক বেশি ক্ষমতাধর। তাই রাষ্ট্র তাদের খুঁজে বের করতে পারে না।
আনার মৃত্যুর পর তার ডায়েরির মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে এক বর্বরোচিত উপাখ্যান। ত্বকীর মৃত্যুর পর তার কয়েকটি খেরোখাতায় আমরা দেখতে পাই গণিত ও বিজ্ঞানের বিভিন্ন সূত্রের পাশাপাশি বিভিন্ন বিষয়ে ইংরেজি ও বাংলায় লেখা গদ্য, কবিতা, গল্প ও বিভিন্ন কাব্যময় পঙ্ক্তির সমাহার। যা থেকে আমরা জানতে পারি, সমাজের অন্তর্গত ভয়ংকর সব ক্ষত সম্পর্কে তার ভাবনা, উদ্দীপনা, ক্ষোভ ও দুঃখবোধ। ‘একজন শহীদের ময়নাতদন্ত’ শিরোনামে এক কবিতায় ত্বকী লিখেছে, ‘ওরা ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে দ্বিখণ্ডিত করে কণ্ঠনালি,/ ওরা উল্লাসে দেখে/ কীভাবে শরীর থেকে/ বৃষ্টির মতো রক্ত গড়ায়— / ধারালো অস্ত্র দিয়ে/ শরীরের চামড়া ছিলে নেয়/ এবং দেখে ভেতরের মাংসপেশি ও হাড়গোড়।/ ওরা টুকরো টুকরো করে হাড়গোড়,/ খণ্ড-বিখণ্ড করে ফেলে/ বীভত্স উল্লাসে।/ ওরা সেই সব মৃত মানুষের মাংস খায়/ বর্বর অন্ধকার যুগে যেমনি মানুষখেকোরা/ ভক্ষণ করেছে তাদের স্বজাতিকে—’। অন্ধকার যুগের অবসান যে এখনো হয়নি, এ সত্যটি ত্বকী নিশ্চিত জেনে গিয়েছিল।
ত্বকীকে হত্যার পাঁচ বছর হতে চলল, অথচ এখন পর্যন্ত তার হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। অপরাধী, অপরাধের কারণ, স্থান, কাল—সবই উদ্ঘাটিত হয়েছে। তারপরও রহস্যজনক কারণে অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। ত্বকী হত্যার আগে-পরে অনেক হত্যারই বিচার সম্পন্ন হয়েছে। রাজন-রাকিব, সাত খুন, পাঁচ খুনের বিচার হয়েছে। রাজনের ঘাতককে সৌদি আরব থেকে ধরে এনে বিচার সম্পন্ন করা হয়েছে সাড়ে সাত মাসে। সাত খুনের আসামিকে ভারত থেকে ধরে এনে বিচার করা হয়েছে সাড়ে তিন বছরে; কিন্তু ত্বকীরটি হয়নি। একটা বিচারহীনতা অসংখ্য অপরাধের দরজা খুলে দেয়। আমরা যেমন আমাদের এই দেশটাকে জঙ্গিদের দখলে যেতে দিতে চাই না, তেমনি মাফিয়া-গডফাদারদের অভয়ারণ্য হোক, এটাও চাই না। রাজা যায়
রাজা আসে কিন্তু ইতিহাস কাউকে বুকে টেনে নেয়, কাউকে পরিত্যক্ত ঘোষণা করে। কবি আবুল হাসান লিখেছেন—
দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে
তাও রাজনীতি, গোলাপ ফুটছে তাও রাজনীতি,
গোলাপ ঝরছে তাও রাজনীতি।
রাজনীতি আজ অক্টোপাসের মতো আমাদের সবকিছুকে ঘিরে ফেলেছে।
আজ ত্বকীর জন্মদিন ছাপিয়ে তার মৃত্যুদিনটিই বড় হয়ে উঠেছে। যে মৃত্যু জন্মদিনকে হারিয়ে দিতে চায়, সে মৃত্যু ভয়ংকর। সে মৃত্যুর বেদনায় জন্মদিন তলিয়ে যায়। তখন আর ফুল ও আনন্দের অস্তিত্ব থাকে না। জন্মদিনে ত্বকী গান গাইত, কেক কাটত। অনাগত এক ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে থাকত।
তা কেবল জীবনের ১৭টি জন্মদিন। কিন্তু তার পরের উপাখ্যানটি বেদনার। ‘ত্বকী’ একটি ফারসি শব্দ। যার অর্থ আলো। এ আলো ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এ আলোয়ে মুখোশ খসে বেরিয়ে এসেছে ঘাতকের কুৎসিত চেহারা, যা ঘাতকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভয়ংকর এ আলো আজ তাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
আর চার দিন পরই চে গুয়েভারার মৃত্যুর ৫০ বছর পূর্ণ হবে। ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার পাহাড়ি অঞ্চল হিগুয়েরায় সার্জেন্ট টেনার কারবাইন থেকে গুলি ছুড়ে ঝাঁঝরা করে দিয়েছিল চের বুক-হাত-পা, সারা দেহ। হত্যা করে তাঁর হাত দুটো কেটে রেখে লাশ গায়েব করে ফেলেছিল ঘাতকেরা।
মৃত্যুর দুই বছর পর রাসায়নিক প্রক্রিয়ায় সংরক্ষিত হাত দুটো কিউবায় পৌঁছায়; আর ৩০ বছর পর ১৯৯৭ সালে কিউবা ও আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ দল বলিভিয়ার ভ্যালেগ্রান্দে থেকে হাতবিহীন চের লাশ উদ্ধার করে কিউবার সান্তা ক্লারায় নিয়ে পুনরায় সমাহিত করে। মৃত্যুর কিছুদিন আগে চে তাঁর ডায়েরিতে লিখেছেন, ‘সংগ্রামের জন্য আমি প্রস্তুত, হয়তোবা মৃত্যুর জন্যও। তাতে আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই।...মনে পড়ছে জোসে মার্তির সেই ভবিষ্যদ্বাণী—চুল্লিতে আগুন জ্বালানো হয়েছে, এখন চারদিকে আলো ঠিকই পড়বে।’ মৃত্যুর কয়েক দিন আগে ত্বকী তার খেরোখাতায় লিখেছে,
আমি প্রস্তর হয়ে মরলাম উদ্ভিদ হতে
উদ্ভিদ হয়ে মরি, তো উত্থিত প্রাণে
মানুষ হয়ে উঠলাম পরে, যখন সত্য উদ্ভাসিত হলো
ভয় কিসের? দ্বিধা কেন মৃত্যুতে?
সব মৃত্যুর অন্তর্নিহিত শক্তির উৎস হয়তো একই জায়গায় প্রোথিত। যে মৃত্যু অমরত্ব নিয়ে আসে, নিয়ে আসে অন্ধকারের বিরুদ্ধে ভয়ংকর আলো, প্রকম্পিত করে তোলে ঘাতককে তার নিশ্চিত পরিণতিতে। সে মৃত্যুকে পরাজিত করে সাধ্য কার?
রফিউর রাব্বি: তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।