অন্ধজনে দেহ আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সরোদশিল্পী ওস্তাদ আফজালুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর মতো তাঁর দুই কন্যাও দৃষ্টিপ্রতিবন্ধী। এঁদের কেউ জন্মান্ধ না হলেও দৃষ্টিহীন জীবনই তাঁদের জীবনদৃষ্টি। পিতার মতো কন্যাদ্বয়ও সংগীতে নিবেদিত। কিন্তু তাঁদের পরিবার ও জীবনে দৃষ্টির অধিকারী হয়ে দুই কন্যা মহুয়া ও অন্তরা, পিতার সঙ্গে জননীকে, প্রয়াত স্বামীকে নিয়ে যিনি দ্বান্দ্বিক কিন্তু সংবেদনশীল পথ পাড়ি দিয়েছেন ও দিচ্ছেন, তাঁদের গল্পের বই অন্ধকারে আলোর ডানা উৎসর্গ করতে গিয়ে যা বলেছেন, সেটাই মা আনোয়ারা রহমান সম্পর্কে যথাযথ মূল্যায়ন: ‘ধরিত্রীর মতো সর্বংসহা যে নারীর একজোড়া চোখের আলোয় আঁধারঘেরা পৃথিবীর পথ পাড়ি দিয়েছে তিন স্বজন।’২০১০-এর ফেব্রুয়ারিতে প্রকাশিত এই গল্পগ্রন্থের একই উৎসর্গপত্রে সদ্যপ্রয়াত পিতা সম্পর্কে কন্যাদ্বয় লিখেছেন, ‘করুণার সাদাছড়ির বদলে যিনি অসংখ্য দৃষ্টিপ্রতিবন্ধী শিশু-কিশোরের হাতে পরম মমতায় তুলে দিয়েছেন সুর-তপস্যার বাদ্যযন্ত্র।’ মাত্র নয় বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টি হারান আফজালুর রহমান। আয়চান বানু ও আবদুর রেজ্জাক চৌধুরীর সন্তান আফজালুর রহমানের জন্ম ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়ার লাকিবাড়িতে। সুরের যে সাধনা তিনি করে গেছেন, তা-ই তাঁকে অমর করে রাখবে। দুই কন্যার বেঁচে থাকার আশ্বাসও যে তা-ই। পিতার মতো তাঁরাও জীবনের প্রথম পর্বেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। কিন্তু জনকের মতোই তাঁরাও এর কাছে হার স্বীকার করেননি। শুধু সংগীতই নয়, লেখালেখির মধ্য দিয়েও কন্যাদ্বয় নিজেদের আত্মপ্রকাশকে তাৎপর্যময় করে তুলতে চেয়েছেন। পত্রিকায় প্রকাশের সময় কন্যারা যথাক্রমে ব্রহ্মপুত্র ও কপোতাক্ষ ছদ্মনামে গল্প লিখেছেন। কিন্তু উল্লিখিত গল্পগ্রন্থে উল্লেখ করেননি কোন গল্পটি কার। বিষয়টিকে আড়াল করে দুই বোন নিজেদের অভিন্ন সত্তারই পরিচয় দিয়েছেন। মনে হয় এটা তাঁদের উভয়েরই শুধু নয়, পরিবারেরও একটি প্রকাশ। তাঁরা যে ‘ইনার আইজ ফ্যামিলি অর্কেস্ট্রা’ গড়ে তুলেছেন, লেখার মধ্যেও যেন তার অন্যতর প্রকাশ ঘটেছে।শৈশবে সে সময়ের সুরের শহর ব্রাহ্মণবাড়িয়াতে সুরকে অন্ধত্বের বিরুদ্ধে লড়ার উপায় ও অস্ত্র হিসেবে পেয়েছিলেন আফজালুর রহমান। এ ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করেছেন ও সাহস জুগিয়েছেন তাঁর মামা, পরবর্তীকালের প্রকৌশলী ও চলচ্চিত্র পরিচালক, রকিবউদ্দিন আহমদ। হেমন্তকুমার রায় ও ইসরাইল খান হয়ে বেহালায় শিক্ষা গ্রহণের জন্য তিনি ছুটে যান কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কাছে। বেহালার জটিল-সূক্ষ্ম বাদনে দক্ষ হয়ে উঠলেও পরের বছর, ১৯৫৩ সালে ত্রিপুরার আগরতলার মহারাজাদের এক সংগীত সম্মেলনে আয়েত আলী খাঁ অগ্রজ ওস্তাদ আলাউদ্দিন খাঁর সরোদবাদন শুনে তাঁর পরবর্তী জীবনের শিল্পরূপের সন্ধান তিনি পেয়ে যান। এর আগে ওস্তাদজিকে বেহালা শুনিয়ে তিনি তাঁকে মুগ্ধ করেন। শুরু হয় তাঁর জীবনব্যাপী সাধনার প্রারম্ভিক পর্ব।আফজালুর রহমানকে আলাউদ্দিন খাঁ বলেছিলেন, সংগীতের মধ্য দিয়ে যদি তুমি মানুষের চিত্ত জয় করতে পারো, তবে বাইরের দৃষ্টিহীনতা তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পল ক্লির ভাষায়, এভাবে দুই চক্ষুর আড়ালে তিনি আরেক জোড়া অন্তশ্চক্ষু আবিষ্কার করেছিলেন। সংগীতই ছিল তাঁর সেই দৃষ্টি। কন্যাদ্বয়ও যন্ত্র ও কণ্ঠসংগীত এবং অন্যান্য বাদনের মধ্য দিয়ে পিতার উত্তরাধিকারকে বহন করে চলেছেন। আর আনোয়ারা রহমান নিজের সংগীতসাধনার সঙ্গে সঙ্গে স্বামীর মৃত্যুর পর কন্যাদ্বয়ের পরিচর্যার ব্রতে নিজেকে উৎসর্গ করেছেন।বড় কন্যা রুবার জন্ম ১৯৭৬-এর ২ এপ্রিল, ছোট কন্যা টুংটাং জন্মেছেন ১৯৮২-এর ১৩ জুলাই। পিতা আফজালুর রহমান জীবদ্দশায় নানা পদক, পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়ে কৃতজ্ঞ দেশবাসীর শ্রদ্ধা অর্জন করেছেন। কন্যাদ্বয় দৈহিক প্রতিবন্ধকতার চেয়ে অন্তরের সাড়াকেই তাঁরা বড় করে দেখেছেন। তাঁদের গল্পের বই অন্ধকারে আলোর ডানায় সংকলিত মোট ১৩টি গল্পের দশটি বাংলায় ও তিনটি ইংরেজিতে লেখা। ‘জেন ও ফেরনানদো’ অবশ্য দুই ভাষায় লেখা একই গল্প। ‘ফাইন্ডিং হোম’ অস্ট্রেলিয়ার পটভূমিতে লেখা হলেও এটি আমাদেরও গল্প হতে পারত বা পারে।মানুষের বাইরের চোখের চেয়ে অন্তরের চোখই যে প্রকৃতপক্ষে দেখতে পায়, সেটা রুবা ও টুংটাংয়ের গল্প পড়ে বেশ বোঝা যায়। গুছিয়ে গল্প বলার মুনশিয়ানা হয়তো এখনো তাঁদের অনায়ত্ত কিন্তু মনের যেকোনো গল্প বলে, শুনে ও তার রস গ্রহণ করে সেটা তাঁদের হয়েছে।স্বভাবতই গল্পগুলোর সাধারণ বিষয় প্রেম। কিন্তু যা অবাক করে, তা হচ্ছে বাস্তবতা বিষয়ে নির্মেদ দৃষ্টি ও বর্ণনা। ‘শুধু তুমি অদিতি’ গল্পে একজন লেখক যে নিজেকে ‘একান্তই সাধারণ মানুষ’, ‘দু কলম লিখি’ বলে জানান, তাতে তাঁদের দৃষ্টিরই প্রতিফলন ঘটে। সে কারণে সংকলিত গল্পগুলোতে নারী ও নারীদেহ বিষয়ে কোনো সংস্কার বা অত্যুৎসাহ নেই। বরং এখানে বাস্তবতাকে সহজ ঋজুতায় তুলে ধরা হয়েছে। নাম-গল্প পড়ার আগে আমার মনে হয়েছিল, এটি নিশ্চয়ই দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে লেখা। কিন্তু পড়ে দেখলাম, অন্য প্রতিবন্ধীরা এর আলোচ্য। এই সংযম পিতা ও মাতার কাছ থেকে পুত্রীদের মধ্যে বর্তেছে বলে মনে হয়। সবশেষে উল্লেখ করা দরকার, এ বছর ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির পঞ্চবিংশতিতম মতিউল ইসলাম স্মারক বক্তৃতার বিষয় ‘ওস্তাদ আফজালুর রহমান: শিল্প ও শিল্পীর আন্ত ও দ্বান্দ্বিক সম্পর্ক’। কবি মতিউল ইসলাম মারা যান ১৯৮৪ সালে। ১৯৮৬ সালে প্রবর্তিত ‘মতিউল ইসলাম স্মারক বক্তৃতা’ শুরু হয় সে বছর প্রয়াত ছন্দবিজ্ঞানী প্রবোধচন্দ্র সেনের ছন্দচর্চার ওপর। তার পর থেকে ২৩ বছর ধরে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে স্মারক বক্তৃতা দিয়েছেন দেশের বিশিষ্ট, যোগ্য ও গুণীজন। ঊনসত্তরের গণ-আন্দোলনের দুই দশক পূর্তি উপলক্ষে ১৯৮৯ সালে আখতারুজ্জামান ইলিয়াস যেমন ‘ঊনসত্তরের গণ-আন্দোলনের সাংস্কৃতিক তাৎপর্য’র ওপর স্মারক বক্তৃতা দেন, তেমনি মৃত্যুর পর তাঁরও জীবন ও সাহিত্যকর্মের ওপর স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। আশা করা যায়, ২০১০-এর শেষ দিন সন্ধ্যায় অনুষ্ঠেয় এই বছরের স্মারক বক্তৃতা দৃষ্টি উন্মোচনের সঙ্গে সামগ্রিক হতাশা ও অন্ধকারমোচনে ভূমিকা পালন করবে।