অন্য খেলায় বিনিয়োগ নিষ্ফলা হবে না
এবারও অলিম্পিক গেমসে বাংলাদেশ কোনো পদক পেল না। পৃথিবীতে মাত্র তিনটি দেশ আছে, যারা অনেক বার অলিম্পিকে অংশ নিয়ে একটি পদকও পায়নি। সেই কাতারে বাংলাদেশও আছে। ব্যাপারটা খুবই অগৌরবের, সন্দেহ নেই। বাংলাদেশ অলিম্পিকে অংশ নিচ্ছে সেই ১৯৮৪ সাল থেকে। এই একই সময়ে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। আরেক দিকে দেশের অন্যান্য খেলার মান কমেছে।
না, ব্যাপারটা গোলক ধাঁধা নয়। এর উত্তর সম্ভবত আমাদের জাতিসত্তার বৈশিষ্ট্যের মধ্যেই নিহিত আছে। আমরা যখন কেনো এক দিকে ছুটি, তখন সেদিকে চোখ বন্ধ করে ছুটি। তখন আর আশপাশে তাকানোর মনোভাব আমাদের থাকে না। কথাটা বলার কারণ হলো, গত ২০ বছরে আমরা ক্রিকেটে যতটা গুরুত্ব দিয়েছি, অন্য খেলায় ততটা গুরুত্ব দিইনি। একসময় ঢাকার ফুটবল লিগ তুমুল জনপ্রিয় ছিল। কিন্তু এখন আর শহুরে কোনো তরুণ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাঁচজন খেলোয়াড়ের নাম বলতে পারবে কি না, সন্দেহ আছে। অথচ এক ৎসময় সালাউদ্দিন, বাদল রায়, আসলাম, সাব্বির, কায়সার হামিদ, চুন্নু—এসব নাম তরুণদের মুখে মুখে ফিরত। বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক সফলতা তেমন একটা না পেলেও আঞ্চলিক সফলতা পেয়েছে। ফুটবলারদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ব্যাপারটা এমন হয়েছে যে, ক্রিকেট দলের ম্যানেজার, ফিজিও থেকে শুরু করে প্রায় সব স্টাফের নাম আমরা জানলেও হ্যান্ডবল ফেডারেশনের বলে যে কিছু আছে- সে খবর কজনই বা রাখে। আমাদের জাতীয় খেলা হাডুডু। কিন্তু ভারত এই হাডুডুর জমজমাট টুর্নামেন্ট আয়োজন করছে। খেলার চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করছে।
ফুটবলের পাশাপাশি হকি, হ্যান্ডবল, সাঁতার এসব খেলারও জনপ্রিয়তা ছিল। এসব খেলার তারকাও ছিল। গ্রীষ্মের সময় ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, হাডুডু প্রভৃতি, শীতের সময় ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলা হতো। এমনকি কোথাও কোথাও হকি খেলাও হতো। একটা কথা না বললেই নয়, তখন সব খেলারই কয়েকজন তারকা ছিলেন, মানুষ যাঁদের একনামে চিনত। হকির জুম্মন লুসাই, টেবিল টেনিসের জোবেরা রহমান লিনুর তারকা খ্যাতি ছিল।
কিন্তু ১৯৯৭ সালে আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ বিজয়ী হওয়ার পর ফুটবল, হকি, হ্যান্ডবল, অ্যাথলিটিকস—এসব খেলা ব্রাত্য হয়ে পড়ল। সরকার থেকে শুরু করে গণমাধ্যম, স্পনসর সবাই ছুটল ক্রিকেটের দিকে। ক্রিকেট হলো ক্রীড়া বাণিজ্যের রমরমা ক্ষেত্র। ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে, ক্রিকেট ছাড়া অন্য খেলাকে পেশা হিসেবে নেওয়া এখন একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে যা হওয়ার, তা-ই হলো।
বাংলায় একটি প্রবাদ আছে: যত গুড়, তত মিঠা। ক্রিকেটে আমরা বিনিয়োগ করেছি, মনোযোগ দিয়েছি, ফলে এই খেলায় আমরা উল্লেখযোগ্য সফলতা পেয়েছি। অন্য খেলায় ন্যূনতম মনোযোগ দিইনি, ফলে সেখানে সফলতার ছিটেফোঁটাও পাওয়া যায়নি। এবার অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত রুশ অ্যাথলেট মার্গারিতা মামুনের কথাতেই আমাদের অবস্থা বোঝা যায়। তিনি একবার বাংলাদেশে থাকার অভিপ্রায়ে ঢাকায় অনুশীলন করার চেষ্টা করলে ক্রীড়া পরিষদের কোনো সহযোগিতাই পাননি।
খেলাটা স্রেফ নৈপুণ্যের ব্যাপার নয়। খেলার একটা সংস্কৃতি আছে। এটা আবেগেরও ব্যাপার। একটা সময় বহু মানুষ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো খেলা নিয়েই পড়ে থাকত। মোবাইল ফোন ও ইন্টারনেটের তোড়ে এসব কথা এখনকার প্রজন্মের কাছে হয়তো রূপকথার মতো শোনাবে। কিন্তু এটাই সত্য। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, ১৯৮০ ও ৯০-এর দশকেও মাঝামাঝি পর্যন্ত এমনটা দেখা যেত। খেলাধুলার অভ্যাস থাকলে তরুণদের শরীর ও মন দুটোই ভালো থাকে।
কথা হচ্ছে, অলিম্পিকে পদক পাওয়া চাট্টিখানি কথা নয়। সারা পৃথিবীর বাঘা বাঘা খেলোয়াড়ের পরাস্ত করে সেখানে পদক পেতে হয়। ফলে এই পদক পেতে হলে চূড়ান্ত একাগ্রতা ও নিষ্ঠা প্রয়োজন। এর জন্য খেলোয়াড়দের দিনের পর দিন অনুশীলন করতে হয়, খেলা নিয়েই পড়ে থাকতে হয়। তাদের অন্য কাজ থেকে দূরে রাখতে হবে। এর জন্য প্রচুর বিনিয়োগ করতে হবে। সব খেলায় হয়তো আমরা এই বিনিয়োগ করতে পারব না। কিছু নির্দিষ্ট খেলায় তা করা যেতে পারে। এই বিনিয়োগ নিষ্ফলা হবে না। ক্রিকেটই তার জলজ্যান্ত প্রমাণ।