অপচনশীল আবর্জনার সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই ঘণ্টা বৃষ্টি হলে রাজধানী ঢাকা, বন্দর নগর চট্টগ্রামের অর্ধেকের বেশি জলমগ্ন হয়ে পড়ে। দেশের অন্যান্য শহরের অবস্থাও প্রায় একই রকম। মানুষের প্রজ্ঞা বলছে, প্রাকৃতিক জল নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বাড়ছে। রাস্তার ওপর জমে থাকা আবর্জনা খানাখন্দে-গর্তে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আমাদের অধিকাংশের প্রতিদিনের চলাচল। শহরে পানি নিষ্কাশন, ময়লা-আবর্জনা অপসারণের দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা দাবি করেন, এ ভোগান্তি সাময়িক। তা সাময়িক হলেও প্রতিবছর বর্ষায় এ সমস্যাগুলো আমাদের নিয়মিত সঙ্গী। শহরে অপরিকল্পিত বসতি যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সমন্বয়হীন অবকাঠামোর উন্নয়ন ও সংস্কারের কাজ চলছে। শহরের পানি নিষ্কাশনের পথগুলো অধিকাংশ হয় বেদখল অথবা অপচনশীল বর্জ্য দিয়ে বন্ধ। শহরাঞ্চলে খোলা জায়গা, উন্মুক্ত জলাশয়গুলো যেভাবে হারিয়ে যাচ্ছে, তাতে বৃষ্টি আর বর্ষার এ দেশে জলাবদ্ধ জীবন এখন নিত্যসঙ্গী হওয়ার পথে।

প্রতিদিন আমাদের পরিবেশে যেসব বর্জ্য উৎপাদিত হচ্ছে, তার মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পৌর কর্তৃপক্ষ বড় বিপাকে। আমাদের দেশে পচনশীল বর্জ্য এবং অপচনশীল বর্জ্য উৎস পৃথক করার সংস্কৃতি গড়ে ওঠেনি। ফলে কঠিন বর্জ্য লাভজনকভাবে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করার বিভিন্ন আলাপ সময়ে সময়ে শোনা গেলেও তা এগোয়নি। একইভাবে কঠিন বর্জ্যের পুনর্ব্যবহার সামান্যই হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, বিকল্প আয়ের সুযোগ ‘টোকাই’দেরও ফেলে দেওয়া জিনিস সংগ্রহে আগের মতো উৎসাহিত কম করে। খেয়াল করলে চোখে পড়ে, প্লাস্টিক, পলিথিন-জাতীয় বর্জ্য চারপাশের বর্জ্যের স্তূপে বিশাল জায়গা দখল করে আছে। প্লাস্টিক-জাতীয় পণ্যের ব্যবহার বেড়ে যাওয়া এবং বহুমুখী হওয়াকে এ শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা মানুষের বর্ধিত আয় ও জীবনমান উন্নয়নের অন্যতম সূচক হিসেবে দেখেন। ২০১৪ সালে পরিচালিত জরিপে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়েস্ট কনসার্ন’ বলেছিল, বাংলাদেশে মাথাপ্রতি প্লাস্টিক-জাতীয় পণ্যের ব্যবহার বছরে ৩ দশমিক ৫ কিলোগ্রাম। সে তুলনায় এশিয়ার উন্নত দেশগুলোর গড় ছিল দৈনিক মাথাপ্রতি ৩৬ কিলোগ্রাম, ইউরোপে ১৩৬ কিলোগ্রাম ও উত্তর আমেরিকায় ১৩৯ কিলোগ্রাম। তবে ২০০৫-২০১৪ সময়কালে বাংলাদেশে প্লাস্টিক-জাতীয় পণ্যের ব্যবহার গড়ে বেড়েছে ১৬ দশমিক ২ শতাংশ, শহরাঞ্চলে ১৬৯ শতাংশ। অবধারিতভাবে, প্লাস্টিক-জাতীয় পণ্যের (পলিথিন ব্যাগ, খাদ্য ও শিল্পের বিভিন্ন পণ্যের মোড়ক, শিল্পপণ্য, মুঠোফোন, ইলেকট্রনিকস, নির্মাণসামগ্রী, তৈজসপত্র, আসবাব, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি) ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে প্লাস্টিকের বর্জ্যের পরিমাণও দ্রুত বাড়ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া প্লাস্টিক পণ্যের মাত্র ৯ দশমিক ২ শতাংশ পুনর্ব্যবহার হয়েছে। অর্থাৎ, সিংহভাগ প্লাস্টিক বর্জ্যের জায়গা হয়েছে কৃষিজমি, জলাধার, নদ-নদী এবং শেষাবধি সাগরে।

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু গত ২৪ জুন ২০১৭-এ প্রকাশিত সম্পাদকীয়তে উল্লেখ করেছে, ২ লাখ ৭০ হাজার টন প্লাস্টিক বর্জ্য (২০১৪ সালের জরিপ তথ্য অনুযায়ী) সাগরে ভাসছে। তবে সাগরে জমা হওয়া প্লাস্টিক পণ্যের অতি সামান্য পরিমাণ ভাসমান। উদ্বেগের বিষয়, সাগরে-জলাশয়ে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্য মাছ ও জলজ প্রাণী হয়ে মানুষের খাদ্যের শৃঙ্খলে ঢুকে পড়ছে। খ্যাতিমান জার্নাল ‘সায়েন্স’-এ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের মহাসমুদ্রে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্যের ৩০ শতাংশের দায় চীনের। অবশ্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য আমদানি করে চীন। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান গত ২৮ জুন প্রকাশিত নিবন্ধে জানিয়েছে যে পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় ১০ লাখ প্লাস্টিক বোতল বিক্রি হচ্ছে। পানীয় জল ও বিভিন্ন কোমল পানীয় বিক্রির সঙ্গে বিক্রীত বোতলের সম্পর্ক নিবিড়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালে পরিচালিত গবেষণা তথ্য অনুযায়ী, উপকূলঘেঁষা দেশগুলো থেকে প্রতিবছর প্রায় আট মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য মহাসাগরে গিয়ে মিশছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকায় অনুমান করা হয়, ২০১৫ সাল নাগাদ মহাসাগরে গড়ে ১৫ কোটি টন প্লাস্টিক বর্জ্য গিয়ে পড়েছে। ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর অনুমান, ২০৫০ সাল নাগাদ সাগরে মাছের চেয়ে প্লাস্টিক বর্জ্য বেশি হতে পারে। বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, সামুদ্রিক মাছ ও জলজ প্রাণী যাদের নিয়মিত খাদ্যতালিকায় রয়েছে, তারা বছরে প্রায় ১১ হাজার প্লাস্টিক পণ্যের ক্ষুদ্র অংশ খাদ্য হিসেবে গ্রহণ করছে। এসব প্লাস্টিক বর্জ্যের বেশির ভাগই বিষাক্ত, ক্ষতিকর এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ।

পানীয় বোতল পুনর্ব্যবহারের উদ্যোগ উত্পাদকদের সামান্য। প্রযুক্তির অগ্রগতি এখন প্লাস্টিক বর্জ্যের নানামুখী বিকল্প ব্যবহার লাভজনক করে তুলেছে। যেমন পাঁচটি পানীয় জলের বোতল থেকে পাওয়া আঁশ থেকে একটি টি-শার্ট তৈরি করা সম্ভব। ১০ কোটি বাতিল মুঠোফোন যে পরিমাণ প্লাস্টিক সরবরাহ করে, তা তৈরিতে ব্যবহৃত জ্বালানি দিয়ে দুই লাখ বাড়ির (যুক্তরাষ্ট্রে) বিদ্যুতের চাহিদা পূরণ সম্ভব। ফেলে দেওয়া প্লাস্টিকের কাপ, গ্লাস থেকে ডাস্টবিন, ফুলের টব তৈরি করা যায়।

প্লাস্টিক পুনর্ব্যবহার করার প্রযুক্তি অনেকটুকু এগোলেও কড়া আইনি বাধ্যবাধকতা, সামাজিক সচেতনতার অভাবে অগ্রগতি কম। ২০১০ সালের তথ্য অনুযায়ী, জাপানে অবশ্য প্রায় ৭৭ শতাংশ প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহার করা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে আইনের কড়াকড়ি প্রয়োগ, জনসচেতনতা ও প্লাস্টিক পণ্য উত্পাদকদের সামাজিক দায়বদ্ধ সহযোগিতা ইতিবাচক ভূমিকা রেখেছে। বিশ্বব্যাপী সচেতনতা বাড়লে ‘পচনশীল’ প্লাস্টিক তৈরির গবেষণা আরও দ্রুত এগিয়ে নেওয়া যায় এবং তার প্রয়োগ নিশ্চিত করা সম্ভব।

মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।