অপমানের ফল ভালো হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকা লা নামের জায়গাটি, যেখানে ভারত, চীন ও ভুটানের সীমান্ত মিলেছে, সেখানে ভারতীয় ও চীনা সেনারা প্রায় এক মাস ধরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। ১৯৬২ সালের পর দুই দেশের সেনাবাহিনী এত দীর্ঘ সময় ধরে মুখোমুখি অবস্থানে থাকেনি। ওই যুদ্ধে ভারতের বিপর্যয়কর পরিণতি হয়েছিল। সেই যুদ্ধের প্রতি একরকম স্থূলভাবে ইঙ্গিত করে চীনের জাতীয় প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল উ কিয়ান ভারতকে সতর্ক করেছেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিন।’ কিন্তু যাঁরা ইতিহাসের প্রসঙ্গ টানেন, ইতিহাসের শিক্ষা তাঁদের হাতে এসে ভিন্ন পরিপ্রেক্ষিত পেয়ে যায়। ব্যাপরাটা এ রকমই ঘটে থাকে।

চীনের বর্তমান নেতৃত্ব ১৯৬২ সালের যুদ্ধকে মনে করেন, কোনো উদ্ধত প্রতিবেশী তার ভূমির দাবি না মানলে এই মূল্য দিতে হবে। অর্থাৎ ভারতকে যে মূল্য দিতে হয়েছিল। এটা মনে করিয়ে দেওয়া হলে তার যে উল্টো প্রভাব অনুভূত হবে, উ তা বুঝতে পারেননি। আন্তর্জাতিক সম্পর্কে অপমানিত হওয়া লজ্জিত হওয়ার চেয়ে বেশি কিছু। এর মানে হলো আরেক পক্ষের জনসমক্ষে মর্যাদাহানি ঘটা, তার মর্যাদার অস্বীকৃতি এবং সুস্পষ্টভাবে এক আধিপত্য-পরম্পরার সৃষ্টি হওয়া। যুদ্ধের মাধ্যমে খুব কঠিনভাবে অপমানিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। কারণ, পরাজয় মানে শুধু উপহাসের পাত্র হওয়া নয়, এতে সুস্পষ্টভাবে ভূমি হারাতে হয়।

এই অপমানের প্রভাব কী, তা যদি কোনো দেশ বুঝে থাকে, তাহলে সে দেশটি হলো চীন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং চীনের কাছে হংকং হস্তান্তর অনুষ্ঠানের ২০ বছর পূর্তিতে বলেছিলেন, ১৮৪২ সালে ব্রিটিশরা এই শহরটি দখলের মাধ্যমে যে ‘অপমান ও দুঃখ’ বোধে চীনাদের জর্জরিত করেছিল, এর মাধ্যমে তার অবসান হলো। উ প্রকৃত অর্থে অপমানের কথা বলতে গিয়ে সি চিন পিংয়ের কথারই পুনরাবৃত্তি করেছেন। এতে চীনা কমিউনিস্ট পার্টির বৃহত্তর অর্থে ব্যবহৃত ‘অপমানের শত বছর’ কথাটির প্রতিফলন ঘটেছে। কথিত আছে, ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরই এর অবসান ঘটে। ওই সময় একাধারে বেশ কিছু পরাজয়ের কারণে পূর্ব এশিয়ার গণ্যমান্য শক্তি হিসেবে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আর যখন সেই পরাজয় জাপানের কাছে হয়, তখন সেটা বিশেষভাবে বেদনাবহ হয়ে ওঠে।

নিজের অপমানের জ্বালার দীর্ঘ প্রভাবের ব্যাপারে চীন অত্যন্ত অবগত হলেও তারা কখনো কখনো ভুলে যায়, তার অতীতের কার্যক্রম কীভাবে অন্যের মধ্যে সেই একই জ্বালা সৃষ্টি করেছে। ১৯৬২ সালে ভারতের পরাজয়টি ছিল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর দশকব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পরিণতি। ভারত জোটনিরপেক্ষ আন্দোলনের অবিসংবাদিত নেতা হতে চেয়েছিল, এই পরাজয়ে তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। চীন শুধু ভারতকেই অপমানিত করেনি। ভিয়েতনামে ‘হাজার বছরের চীনা কর্তৃত্ব’ শব্দবন্ধটি চীনের ‘শত বছরের বিদেশি অপমান’-এর সমার্থক।

কিন্তু পৃথিবীর ইতিহাসে শুধু চীনই অপমানিত হয়ে পরিণামে অন্যকে অপমান করেনি। ভারত ১৯৬২ সালে চীনের দ্বারা অপমানিত হওয়ার নয় বছর পর প্রতিবেশী পাকিস্তানকে একই হুলে বিদ্ধ করে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ভারতের সমকক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তারা যেমন চীনের সঙ্গে জোট গড়েছে, তেমনি চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন করে নিজের কৌশলগত গুরুত্ব প্রদর্শন করেছে। কিন্তু ১৯৭১ সালের পাকিস্তান-ভারত যুদ্ধে (বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে) বাংলাদেশ স্বাধীন হলে পাকিস্তানের সেই আশা ধূলিসাৎ হয়ে যায়।

তা সত্ত্বেও পাকিস্তান ভুলে থাকে এই অপমানের জ্বালা তাদের দেশে কী প্রভাব ফেলেছিল। আফগানিস্তানে তারা প্রায় চার দশক ধরে ‘কৌশলগত গভীরতা’ অর্জনের জন্য যে হস্তক্ষেপ করে আসছে, তাতে আফগানরা যে মর্মাঘাত পেয়েছে, তার রেশ আরও বহুদিন রয়ে যাবে। এমনকি রুশ হস্তক্ষেপেরও এত প্রভাব সেখানে পড়েনি। এটা আরও বেদনাদায়ক এ কারণে যে এই আঘাতটা দিয়েছে দূরের কেউ নয়, এক এশীয় প্রতিবেশী।

চীনের বেলায় আমরা দেখলাম, এই ধরনের অপমানের দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। বস্তুত এতে সর্বগ্রাসী প্রতিশোধের স্পৃহা তৈরি হতে পারে, যে কারণে দেশটির পক্ষে সংযমী পররাষ্ট্রনীতি গ্রহণ করা সম্ভব হয় না। সে কারণে পাকিস্তানি সেনাবাহিনী ভারতকে আঘাত করার জন্য সব প্রতিষ্ঠানকে উপেক্ষা করে, যেসব প্রতিষ্ঠানকে রক্ষা করতে তারা শপথ নিয়েছে।

এশিয়ায় জাতীয়তাবাদের জিকির উঠেছে। ফলে নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য ইতিহাসের অনুকূল একটা ভাষ্য তৈরি করার তাগিদ নেতাদের মধ্যে আছে। এ লক্ষ্যে মর্মঘাতী অপমানের চেয়ে কার্যকর অস্ত্র আর হতে পারে না। চীন এই কাজে কুশলী হয়ে উঠেছে। তবে ভারতসহ অন্যরাও তা করার চেষ্টা করছে। গুরুত্বপূর্ণ হচ্ছে অপমানের এক আধিপত্য-পরম্পরা তৈরি করা। এই তরিকায় নিজের দেশ যে অপমান সহ্য করেছে, তা খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়, কিন্তু যে অপমান অন্যদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তা খারিজ করে দেওয়া হয়। শুধু মর্যাদার পরম্পরা দৃঢ় করার জন্যই তা স্মরণ করা হয়।

দোকা লার বিতর্ক থেকে এটা পরিষ্কার যে, এই ধরনের মনোভঙ্গির কারণে গুরুতর ঝুঁকি সৃষ্টি হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ যখন এই অপমানের রেশ যথাযথভাবে সামাল দিতে পারেনি, তখন বিপর্যয় সৃষ্টি হয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এই চ্যালেঞ্জ গ্রহণ করে। তারা এক অভূতপূর্ব আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করে। মানুষ আশা করে, এশিয়া এই পথই ধরবে। আর সেটা ঘটা দরকার ফুটন্ত ঐতিহাসিক ক্রোধ উপচে পড়ার আগেই।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

দেবেশ কাপুর: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অব ইন্ডিয়ার পরিচালক।