প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার কিছু আগে ও পরে হোয়াইট হাউসজুড়ে করোনা সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যে এক ডজনের বেশি কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। কার কাছ থেকে কে সংক্রমিত হয়েছেন, সে খোঁজখবর এখন নেওয়া হচ্ছে। অর্থাৎ কন্ট্যাক্ট ট্রেসিং চলছে। তবে তা চলছে চুপিসারে। স্বাস্থ্য বিভাগ বা সিডিএসের বিশেষজ্ঞদের পরামর্শ বা অংশগ্রহণ ছাড়াই। কাজটি করছেন হোয়াইট হউসের নিজস্ব কর্মকর্তারাই। তাই সন্দেহ জেগেছে, কাজটা স্বচ্ছভাবে হবে কি না, তথ্য হয়তো গোপন করা হবে কি না। হাজার হলেও প্রেসিডেন্ট! অবশ্য তাঁর সংক্রমণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।
করোনার পাশাপাশি আমাদের দেশে চলছে সহিংস অপরাধের মহামারি। এই সহিংসতার, বিশেষত নারী নির্যাতনেরও কন্ট্যাক্ট ট্রেসিং প্রয়োজন। বোঝার চেষ্টা করতে হবে কী কারণে সহিংস অপরাধের এমন বাড়াবাড়ি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দু–তিনটি পবলিক বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বা অপরাধবিদ্যা বিভাগ আছে। সরকারের উচিত হবে এসব বিভাগকে গবেষণার জন্য অনুদান দেওয়া, যাতে তারা সহিংস অপরাধের কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারে।
২.
সম্প্রতি ভয়াবহ যেসব অপরাধ সংবাদমাধ্যমে আসছে তার অনেক কটিই ঘটেছে প্রকাশ্যে। অপরাধীরা রাখঢাক ছাড়াই অপরাধ করেছে। যেমন বরগুনার রিফাত হত্যার ঘটনা ঘটেছিল কলেজের সামনের রাস্তায় দিনদুপুরে। আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বুয়েটের ছাত্রাবাসে। বেগমগঞ্জে নারী নির্যাতনের ভাইরাল হওয়া ভিডিওতে অপরাধীরা তাদের মুখ দেখাতে ইতস্তত করেনি। যুবলীগের সম্রাট খোদ রাজধানীর কেন্দ্রস্থলে আটতলার বিশাল অট্টালিকা জোর করে দখলে রেখেছিল বছরের পর বছর ধরে। সবকিছুই প্রকাশ্যে, স্পষ্টতই তাদের এবং তাদের মতো শত শত অপরাধীর জন্য ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি আছে। অবশ্য দু–চারটা এসব অলিখিত দায়মুক্তি অধ্যাদেশ আজকাল বাতিলও হচ্ছে। কিন্তু শেষতক এদের বিচারে দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘদিন সাজা খাটার সম্ভাবনা ক্ষীণ।
আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেড় যুগ ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধ সমস্যার সমাধানের চেষ্টা করেছে। ফলে আশঙ্কা হয় যে আইন অনুযায়ী এবং আইনের চোখে গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ কী এবং তা কীভাবে জোগাড় করে আদালতে উপস্থাপন করতে হয়, সেটা সম্ভবত তারা ভুলে গেছে। তারা জানে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায় করা। ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিই এখন মূল সম্বল। আইনের শাসনের দেশে এ রকম জবানবন্দি অপরাধীর অপরাধ প্রমাণে ব্যবহৃত হয় না বললেই চলে। তবে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকতে পারে না আর আইনের শাসন না থাকলে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা দুরূহ। বিচার হয়, শাস্তিও হয়, কিন্তু সেই বিচারে জনগণ ভরসা পায় না। ত্রুটিপূর্ণ বিচারে দোষী প্রমাণিত হওয়া ব্যক্তিরা উচ্চ আদালতে গিয়ে খালাস পেয়ে যায়।
৩.
কন্ট্যাক্ট ট্রেসিংয়ে ফিরে আসি। এই অপরাধগুলোর প্রধান কারণ তিন ধরনের: আর্থসামাজিক, রাজনৈতিক ও আইনগত। এই সমাজে এখন অর্থই সবচেয়ে মূল্যবান, কারণ অর্থ দিয়ে সবকিছু কেনা যায়। সাংসদের পদও কেনা যায়। তাই হয়তো আমাদের সাংসদদের ৬০–৭০ ভাগই ব্যবসায়ী। সাংসদ হলে ব্যবসায় আরও প্রসার ঘটে। টাকা কীভাবে আসছে সেটা নিয়ে কেউ আজকাল প্রশ্ন করে না। টাকা আছে, সেটাই বড় কথা। রাষ্ট্র পরিচালনার কেন্দ্রেও টাকার গল্প। লাখ লাখ কোটি টাকার বাজেট; প্রতি মঙ্গলবারের একনেক সভার শেষে আমরা জানতে পারি শত বা হাজার কোটি টাকার কয়টা প্রকল্প অনুমোদিত হয়েছে। ১০–২০ হাজার কোটি টাকা থেকে এক লাখ কোটি টাকার বেশি প্রকল্প চালু আছে। বালিশ কেনা হয় ছয়–সাত হাজার টাকায়। ফরেন রিজার্ভ কত বাড়ল, মাথাপিছু আয় কত ডলারে গিয়ে ঠেকল, সব দিকেই শুধু টাকার হিসাব। অর্থকেন্দ্রিক এই সমাজব্যবস্থায় অর্থ উপার্জনের জন্য অনেকেই যে অপরাধের পথে হাঁটবে, সেটাই তো স্বাভাবিক।
অপরাধ করতে গিয়ে যদি একটা রাজনৈতিক ছাতা পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। প্রায় সব অপরাধীই আজকাল বুঝে ফেলেছে যে রাজনৈতিক ছাতা ছাড়া অপরাধ করা মহাপাপ। অন্তত ইহকালে এটা ঘোরতর অন্যায়। তাই অপরাধ করার আগে সবাই ছাতার নিচে ঢুকে পড়ে। কিছু চোর, সাধারণ মাস্তান, ছোটখাটো পকেটমারের অর্থ উপার্জন নগণ্য, তাই তারা রাজনৈতিক ছাতা কিনতে পারে না। গত বছরখানেক ধরে বড় বড় অপরাধের যত ঘটনা সংবাদমাধ্যমে এসেছে, তার একটিতেও অভিযুক্ত বা অপরাধীদের রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না বলে মনে তো পড়ছে না। আর যারা দুর্নীতির অপরাধ করে, তারা তো কোনো না–কোনোভাবে সরকার পরিচালনার সঙ্গে জড়িত।
বাকি রইল আইনগত দিকটা। সাক্ষী ছাড়া বিচারক তো বিচার করতে পারবেন না। অপরাধের সাক্ষী ব্যক্তিকে আদালতে এসে সাক্ষ্য দিতে হবে যে উনি অমুক দিন অমুক স্থানে অমুক ব্যক্তিকে অপরাধটি করতে দেখেছেন। পাঁচ–দশজন সাক্ষী এই রকম প্রত্যক্ষ বা ক্ষেত্রবিশেষে কিছুটা পরোক্ষ সাক্ষ্য দিলেই তো বিচারক সাক্ষ্যপ্রমাণ, আইনজীবীদের যুক্তিতর্ক বিবেচনা ও পর্যালোচনা করে তাঁর সিদ্ধান্তে আসতে পারবেন। অর্থাৎ রায় ঘোষণা করতে পারবেন। কিন্তু বিচারককে যদি দিনের পর দিন, মাসের পর মাস সাক্ষীর অপেক্ষায় থাকতে হয়, আর সাক্ষীর দেখা না মেলে, তখন তো বিচার দীর্ঘায়িত ও বিলম্বিত হবে। সাক্ষীকে আদালতে হাজির করার মূল দায়িত্ব পুলিশের। মাঝেমধ্যে বিচারকেরা অধৈর্য বা বিরক্ত হয়ে কড়া আদেশ জারি করেন যে সাক্ষীকে অমুক দিন অবশ্যই আদালতে হাজির করতে হবে। নির্ধারিত দিনে পুলিশ এসে হয়তো সবিনয় নিবেদন করবে যে সাক্ষী তার আগের ঠিকানায় নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে চলবে আরও কয়েক মাস।
পুলিশের এখন অনেক শাখা–প্রশাখা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ইত্যাদি। এখন বিচার নিশ্চিত করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন ‘সাক্ষী হাজির করা পুলিশ’।
আরেকটা আইনগত দুর্বলতা হলো আমাদের সরকারের ‘আইনজীবী ক্যাডার’ নেই। যদি নিম্ন আদালতের বিচারকদের মতো সরকারের সহকারী আইন কর্মকর্তা, সিনিয়র সহকারী আইন কর্মকর্তা, যুগ্ম আইন কর্মকর্তা, অতিরিক্ত জেলা আইন কর্মকর্তা এবং প্রধান জেলা আইন কর্মকর্তা পদের সমন্বয়ে ক্যাডার সার্ভিস থাকত এবং তাঁরা যদি পুলিশের সঙ্গে সমন্বয় করে সাক্ষ্যপ্রমাণ খুঁজে বের করা এবং আদালতে হাজির করার দায়িত্বে থাকতেন, তাহলে বড় দাগে মাত্র এক–চতুর্থাংশ মামলায় আসামি দোষী সাব্যস্ত হওয়ার পরিবর্তে ফৌজদারি মামলায় হয়তো ৮০ থেকে ৯০ শতাংশ আসামির দোষ প্রমাণ করা যেত।
ধর্ষণ মামলায় ধর্ষণের অভিযুক্তের দোষী প্রমাণিত হওয়ার হার প্রতি ২৫টি মামলায় ১টিতে। ২৫টি মামলার ২৪টিতেই আসামি খালাস পেয়ে যায়। তাই প্রতিবাদ চালিয়ে যেতে হবে সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে। এখন ন্যায়বিচার পাওয়ার এটাই সম্ভবত একমাত্র পথ।
ড. শাহদীন মালিক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইনের শিক্ষক