
কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, পরশ্রীকাতরতা মানুষের রিপু হিসেবে গণ্য হয়ে আসছে বহুকাল থেকে। সব জাতি ও সব সমাজের মানুষের মধ্যেই তা বিদ্যমান। শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনে যেসব জাতি অতি উন্নত, তাদের মধ্যেও ক্রোধের বশে খুনখারাবি ও শারীরিক সহিংসতার প্রবণতা রয়েছে।
উনিশ শতকের জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার ছিলেন প্রাচ্যের ভাববাদী দর্শনের অনুরাগী। ভারতীয় যোগীদের মতো নির্জন জীবনযাপন করতেন। হইচই পছন্দ করতেন না। তাঁর পাশের ফ্ল্যাটের এক নারী ছিলেন উগ্র মেজাজের। সারা দিন তাঁর স্বামীর সঙ্গে উচ্চ স্বরে গজগজ করতেন। শোপেনহাওয়ারের দর্শনচর্চায় মনোযোগে ব্যাঘাত ঘটত। তিনি তিষ্ঠাতে না পেরে একদিন লেখার টেবিল থেকে উঠে গিয়ে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তাতে ওই নারীর কোমর ভেঙে যায়। তিনি দার্শনিকের বিরুদ্ধে বার্লিনের আদালতে মামলা ঠুকে দেন। শাস্তি হিসেবে আদালত শোপেনহাওয়ারকে নির্দেশ দেন যত দিন ওই নারী জীবিত থাকবেন, তত দিন তাঁর ব্যয়ভার বহন করতে হবে।
প্রভাবশালী মার্ক্সবাদী ফরাসি দার্শনিক লুই আলথুজার ছিলেন পাগলাটে। ১৯৮০ সালে একদিন সকালবেলা তিনি তাঁর অ্যাপার্টমেন্ট থেকে দৌড়ে রাস্তায় নামেন এবং চিৎকার করে বলতে থাকেন: ‘আমার স্ত্রী মারা গেছে। আমি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছি।’ ঘটনাস্থলে পুলিশ আসে। কিন্তু তার আগেই আলথুজারকে অ্যাম্বুলেন্স ডেকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তে ধরা পড়ে আলথুজারের স্ত্রীর গলায় ও শরীরে আঘাতের চিহ্ন। পুলিশ রিপোর্ট দেয়: ‘হত্যাকাণ্ডটি মামলা করার মতো নয়।’ আলথুজারকে গ্রেপ্তার না করে অনেক দিন হাসপাতালে রাখা হয়েছিল। তাঁর মানসিক অসুস্থতা ও চিন্তাজগতে তাঁর অবদানের কারণে সরকার মামলা করেনি। তবে তিনি যে অপরাধ করেছেন, তাতে কারও সন্দেহ ছিল না।
মানুষ অপরাধপ্রবণ প্রাণী। তার স্বভাবে নির্যাতনস্পৃহা রয়েছে। অন্যকে আঘাত করে, কষ্ট দিয়ে নির্যাতন করে, এমনকি হত্যা করে
সে তার ক্ষোভ প্রশমিত করে। কখনো এমনও হয়, যে তার শত্রু নয়, তাকেও হত্যা করতে সে দ্বিধা করে না। ক্ষেত্রবিশেষে মুহূর্তের উত্তেজনাবশত মানুষ তার সবচেয়ে প্রিয়পাত্রকেও হত্যা করে। গতকালের প্রথম আলোতেই আছে, নিউইয়র্কে ২১ বছর বয়সী এক বাংলাদেশি মা তিন সপ্তাহ বয়সী শিশুপুত্রকে হত্যা করে চারতলার জানালা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন।
সম্প্রতি সিলেটে রাজন নামে এক দরিদ্র কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে পৈশাচিকভাবে হত্যা করার যে ভিডিও প্রচারিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে, তা কোনো সংবেদনশীল মানুষের দেখার মতো দৃশ্য নয়। আমাকে অনেকে অনুরোধ করেন নির্যাতনের দৃশ্যটি দেখতে এবং তা নিয়ে লিখতে। সবাই খুবই উত্তেজিত, কিন্তু আমার ওই দৃশ্য দেখার আগ্রহ ছিল না। কয়েক দিন পত্রপত্রিকায় ওই ঘটনার প্রতিবাদে অনেকের আবেগমথিত লেখা দেখলাম। টিভি চ্যানেলের টক শোতেও অনেক কোমল-হৃদয় ব্যক্তি গভীর বেদনা প্রকাশ করে আলোচনা করেন। ওই সব লেখা পড়ে ও আলোচনা শুনে মনে হলো, এ রকম মর্মান্তিক ঘটনার কথা আগে তাঁরা কখনো শোনেননি।
আমাদের আবেগ ও নৈতিকতা প্রকাশ উপলক্ষনির্ভর। যেদিন রাজনের হত্যার ভিডিও প্রচারিত হয়, সেদিনই বরিশালের হিজলা উপজেলায় ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। একটি হত্যাকাণ্ড ঘটে কথিত চুরির অভিযোগে—চুরি ছেলেটি করুক বা না করুক। আর তিনজনকে পিটিয়ে মারা হয় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এই অভিযোগে। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মূল্যবান দ্রব্য চুরি হয়। সব চোরকে পিটিয়ে মারলে প্রতিদিন শত শত চোর মারা পড়বে। প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতি হয়। সব ডাকাতের শাস্তি যদি হয় পিটিয়ে মারা, তাহলে বহু ডাকাত নিহত হবে। গত মাস তিনেকে জনা বিশেক কথিত ডাকাতকে পিটিয়ে মারা হয়েছে। ওই সব মৃত্যু কারও করুণার উদ্রেক করেনি। ওই হত্যাকাণ্ডের ছোট্ট খবরের দ্বিতীয় দিন ফলোআপও হয়নি। ২০১১ সালে শবে বরাতের রাতে ছয়টি নিরপরাধ ছেলেকে আমিনবাজারের অদূরে গ্রামবাসী পিটিয়ে হত্যা করে। কয়েক দিন লেখালেখি হয়। ওই পর্যন্তই। কারও শান্তি হয়েছে, সে সংবাদ দেখিনি। ওদের বাবা-মা কে কোথায় কেমন আছেন, সে খবর মিডিয়ার কেউ নিয়েছেন, সে কথাও শুনিনি।
অন্যায় ও জঘন্য অপরাধের সামাজিকভাবে প্রতিবাদ হওয়াই উচিত। কিন্তু যা কাম্য, তা হলো রাষ্ট্র অপরাধীদের আইনের আওতায় আনবে এবং বিচার করে উপযুক্ত শাস্তি দেবে। অপরাধীর শাস্তি হবে আদালতে এবং তা দেবেন বিচারক। এবং সেটা তিনি দেবেন কারও কোনো দাবির চাপে নয়, আইন অনুযায়ী। রাজন হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশে ঘাতকদের ফাঁসির দাবি করা হয়েছে। হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। কিন্তু প্রতিবাদ সমাবেশে কাউকে বলতে শোনা গেল—খুনিরে পাইলে রাস্তার মধ্যে পিটাইয়া মারুম। সমবেদনা প্রকাশকারীদের অনেকের কথাটি মনঃপূত হলেও আমার ভালো লাগেনি। একজন অসভ্য বর্বর যা করবে, সভ্য ও নীতিমান মানুষ তা করতে পারে না।
‘বাংলাদেশে মানবাধিকার কমিশনের হিসাবে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে মোট ৩ হাজার ৬৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার ১৩১ জন ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩২ জনকে। যৌতুকের কারণে ৪৯ জন, পারিবারিক সহিংসতায় ২৯৫ জন, সামাজিক সহিংসতায় ২৮৮ জন, রাজনৈতিক সহিংসতায় ১৯৫ জন ও রহস্যজনকভাবে নিহতের ঘটনা ৩৭৩টি। খুন হয়েছে ১৯১ শিশু। সাত মাসে ১১১ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মহিলা পরিষদের হিসাব অনুযায়ী, জুলাই মাসে ৩৬৮ নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা হয়েছে ৮৩টি। গণধর্ষণ ১৫, ধর্ষণের পর হত্যা ৯, ধর্ষণের চেষ্টা ১৯ ও শ্লীলতাহানির শিকার ১০ জন। বছরের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১০১ জন মারা যাওয়ার ঘটনার রেকর্ড হয়েছে।’ (যুগান্তর, ৯ আগস্ট) প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সাত মাসে ৩ হাজার ৬৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও একটিরও বিচার শুরু হয়নি। অধিকাংশ ঘটনার তদন্তও শেষ হয়নি। অপরাধীরাও ধরা পড়ছে না।’
বাঙালির নির্যাতনস্পৃহা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। হাজার হাজার গৃহকর্মী, যাদের অধিকাংশই শিশু-কিশোর, নির্যাতিত হচ্ছে প্রতিদিন। তাদের আর্তনাদ চার দেয়ালের মধ্যেই ধ্বনিত-প্রতিধ্বনিত হয়। মানুষের করুণার উদ্রেক করে না। কত মেয়েকে নানা অজুহাতে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারা হচ্ছে। ক্রসফায়ার, এনকাউন্টার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু, অপহরণ, গুম প্রভৃতি সমাজের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে, তার প্রমাণ নেই। ‘ক্রসফায়ারে’ কোনো কোনো কুখ্যাত সন্ত্রাসী নিহত হয়েছে, তা এলাকাবাসীর জন্য স্বস্তির কারণ হতে পারে, কিন্তু তার নিহত হওয়ার আনন্দে মিষ্টি খাওয়া সভ্য সমাজের পরিচয় নয়। প্রায়ই কথিত অপরাধীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে রাস্তায় হাজারো মানুষের সামনে। মানুষ তা উপভোগ করছে। যারা গণপিটুনিতে অংশ নেয়, তারা ফৌজদারি অপরাধ করে। তারাও হত্যাকাণ্ডের আসামি। কিন্তু সমাজ থেকে পাচ্ছে তারা বীরের মর্যাদা। চোর বা ডাকাতের চোখ উপড়ে ফেলার খবর প্রায়ই পত্রিকায় আসে। কী বীভৎস! চোখ ওপড়ানোর অপরাধে কারও শাস্তি হয়েছে বলে শুনিনি।
নির্যাতনের অকল্পনীয় বর্বর পদ্ধতি বাঙালি উদ্ভাবন করছে। ছুরি বা আগ্নেয়াস্ত্র যথেষ্ট নয়। যা সম্ভবত পৃথিবীর সমস্ত মানুষ কোনো দিন স্বপ্নেও দেখেনি, তা-ই ঘটছে আজ বাংলাদেশে। পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যা করা হচ্ছে। রাকিবের মলদ্বারে কমপ্রেসর পাইপ ঢুকিয়ে যখন পাম্প করা হয়, পেট ফুলে যাচ্ছে হাওয়ায়, ফেটে যাচ্ছে নাড়িভুঁড়ি, সে বলছে, ‘মামা আর দিয়েন না, আমি মরলাম...।’ যখন রাকিবের পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়, বাতাসের যদি প্রাণ থাকত, তাহলে রাকিবের মিনতি করার আগে বাতাসই আর্তনাদ করে প্রতিবাদ করত, বলত—হে বাংলার মানুষ, তোমরা ছুরি, বন্দুক, দা, বঁটি ব্যবহার করো, আমাকে ব্যবহার কোরো না।
শুরুতেই বলেছি, অপরাধ যেকোনো সমাজেই হতে পারে, কিন্তু তার একটা ধরন আছে। সুইজারল্যান্ডে জার্মান বা ফরাসি বংশোদ্ভূতরাও অপরাধ করে। কিন্তু তারা কোনো মেয়েকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারবে না বা কারও পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যা করবে না। রুয়ান্ডার হুতু ও তুতসি জাতির মানুষ যদি এ কাজ করে, তাতে বিস্ময়ের কিছু নেই। বাঙালি হুতু বা তুতসির চেয়ে অধম ও বর্বর, তা আমাকে কেউ মেরে ফেললেও বিশ্বাস করব না। কিন্তু তাদের চেয়ে উত্তম, সে কথাই বা জোর দিয়ে বলি কীভাবে?
আগে হত্যাকাণ্ড ঘটত অতি গোপনে। আজ অপরাধ ঘটছে প্রকাশ্যে, দলবদ্ধভাবে, পৈশাচিক পদ্ধতিতে। ধর্ষণ আগেও হয়েছে গোপনে, এখন হচ্ছে গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা। কিছু কিছু জঘন্য অপরাধ আছে, যার দায় শুধু সংশ্লিষ্ট অপরাধীর। কিছু অপরাধের দায় শুধু অপরাধীর নয়, সমাজ ও রাষ্ট্রের। যেমন ‘ক্রসফায়ারে’র দায়দায়িত্ব ষোলো আনাই রাষ্ট্রের। গণপিটুনির দায়দায়িত্ব সমাজ ও রাষ্ট্র উভয়েরই।
বহুদিন আগে আমার ঘনিষ্ঠ তিনজন শিক্ষাবিদের সঙ্গে বাংলাদেশের সমাজ ও বাঙালির মনস্তত্ত্ব নিয়ে মাঝে মাঝে আমি আলোচনা করতাম। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে নাজমুল করিম, মুহম্মদ আফসারউদ্দিন ও রংগলাল সেন। খুনখারাবি নিয়ে নয়, কথা হয়েছিল যুবসমাজের যখন-তখন মারামারি ও ভাঙচুরের বিষয়ে। কিল-ঘুষি হত্যাকাণ্ডের চেয়ে ছোট অপরাধ—বাঙালির মধ্যে প্রবল। গত পাঁচ-ছয় বছরে কত উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক লাঞ্ছিত হয়েছেন এবং তাঁদের কক্ষে আটকে তালা মারা হয়েছে, তার হিসাব নেই। একটি জাতির মনমানসিকতা গঠিত হয় দীর্ঘ সময় ধরে আর্থসামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে।
যেসব অপরাধের কথা আমরা শুনছি, এই অপরাধীদের সৃষ্টি করেছে আমাদের সমাজ ও রাষ্ট্র। কারণ ছাড়া কার্য হয় না। প্রতিটি কর্ম—সুকর্ম হোক বা অপকর্ম হোক—বাহ্যিক ও অন্তর্নিহিত কারণ ছাড়া ঘটে না। নষ্ট সমাজের জন্য দায়ী নষ্ট রাজনীতি। দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে প্রশাসন ভেঙে পড়ে বা দুর্বল হয়। সুতরাং একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করতে চাইলে বদলাতে হবে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷