অপরাধের বীজ বোনা হয়েছে যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েল যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে সারা দুনিয়াই সোচ্চার হয়েছে। ফলে শেষমেশ পশ্চিমও কথা বলতে বাধ্য হয়েছে।ব্রিটেনের প্রথম মুসলিম প্রতিমন্ত্রী সাইয়েদা ভার্সি তাঁর সরকারের গাজাবিষয়ক ‘নৈতিকভাবে অসমর্থনযোগ্য’ অবস্থানের বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তাঁর এই পদক্ষেপ থেকে সাহস সঞ্চয় করে দেশটির উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগও দাবি জানিয়েছেন, ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স বাতিল করা হোক।
গত সপ্তাহে এড মিলিব্যান্ড ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করেছেন, ‘গাজায় নিরীহ শিশুদের হত্যায়’ প্রধানমন্ত্রীর নীরবতার সমালোচনা করেছেন।এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও তার কৌশলগত মিত্রের স্কুলে বোমা বর্ষণের মতো ‘হীন’ কাজের সমালোচনা করেছে। আর বারাক ওবামার ফিলিস্তিনিদের এই দুর্দশা দেখে ‘হৃদয়ভঙ্গ’ হয়েছে, ভাবখানা এমন, তাঁর যেন কিছুই করার নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটি অবস্থান নেওয়াটা সমীচীন বোধ করছে। কারণ, ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ কায়রোতে আলোচনা করার জন্য এসেছে৷ তাঁদের লক্ষ্য হচ্ছে, কীভাবে এই যুদ্ধবিরতিকে একটি দীর্ঘমেয়াদি রূপ দেওয়া যায়। কিন্তু গত এক মাসের এই নৃশংস হত্যাযজ্ঞকে এখনো ইসরায়েলের আত্মরক্ষার যুদ্ধ বলে চালানো হচ্ছে, যে যুদ্ধে দুই হাজারেরও অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আর ইসরায়েলে মৃতের সংখ্যা ৬৭। অথচ ব্যাপারটা হচ্ছে, দখলকারী ও দখলীকৃতের মধ্যকার এক দীর্ঘমেয়াদি দ্বন্দ্ব, যেখানে পশ্চিমা সরকারগুলো সব সময় দখলদারদের পক্ষেই অবস্থান নেয়।
ফিলিস্তিনের যারা নিহত হয়েছে, তাদের মধ্যে বেশির ভাগই বেসামরিক মানুষ, এর মধ্যে শিশুই হচ্ছে প্রায় ৫০০। ইসরায়েলের নিহত সেনার সংখ্যা ৬৪। আর হামাসকে বলা হচ্ছে সন্ত্রাসী, ইসরায়েলি বাহিনীকে নয়; যাদের হাতে লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য দুনিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তি রয়েছে।
কথা হচ্ছে, হতাহতের সংখ্যাটা যদি উল্টো হতো, তাহলে দেখা যেত পশ্চিমা নৈতিকতার ন্যায্যতা কতখানি, মানবতার ঝাঁপি খোলার ক্ষেত্রে তারা যে মোটেই নিরীহ নয়, সেটাও পরিষ্কার হয়ে যেত। আর এ দ্বন্দ্বের পুরো ইতিহাসটা চেপে গেলে এটাকে এক প্রাচীন নৃতাত্ত্বিক ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে চালানো যায়।
গণতন্ত্র ও ছোট জাতিগুলোর অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটেন এবং ফ্রান্স, জার্মানি ও অটোম্যান সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, এর ব্যাপ্তি ছিল ইরাক থেকে ফিলিস্তিন পর্যন্ত, যার জের এখনো আমরা বয়ে বেড়াচ্ছি।
১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ঘোষণায় স্বাক্ষর করেছিলেন। এতে একজনের কাছে অন্যজনের জমির প্রতিশ্রুতি দেওয়া হলে তা আরেকজন তার পক্ষে গ্রহণ করতে পারত। এতে আরও বলা হয়, ফিলিস্তিন হবে ইহুদিদের দেশ, তবে সেখানে অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ অধিকারসহ বসবাস করতে পারবে।
এরপর ইউরোপীয়রা দলে দলে সেখানে যাওয়া শুরু করে, যেটা শুধু ঔপনিবেশিক শাসনেই সম্ভব। তারও তিন দশক পর সেখানে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, আর শুরু হয় সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিদের নিজ ভূমে পরবাস।
তারপর চারটি আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়।জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের ৪৪ শতাংশ ভূমি সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটাও ইসরায়েল দখল করে নেয়। ফলে শুরু হয় ফিলিস্তিনিদের গেরিলা যুদ্ধ।
কিছুদিন আগে আমি ১৯৭৮ সালের নিউজউইক ম্যাগাজিনের একটি সংখ্যা দেখলাম।এর প্রচ্ছদেও একটি ট্যাংকের ছবি দেখলাম, শিরোনাম হচ্ছে, ‘ইসরায়েল পাল্টা আক্রমণ করল’। সে সময় ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছিল, গাজায় নয়।
এরপর ইসরায়েল লেবাননে আরও বড় ধরনের হামলা চালায় ১৯৮২ সালে। এর মাধ্যমে তারা দেশটির দক্ষিণ অংশ ১৮ বছরের জন্য দখল করে নেয়। আর ১৯৯০-এর দশকের শুরুতে অসলো চুক্তির মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় যে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল, সেটা না হওয়ায় ইসরায়েল আবারও তার দখলীকৃত ভূমিতে বারবার বোমা বর্ষণ করেছে, সিরিয়া ও লেবাননও এ থেকে বাদ যায়নি। সোজা কথায়, উপনিবেশ স্থাপন করেছে।
এসবের জন্য সব সময়ই একই যুক্তি দেওয়া হয়: দখলদারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাদের ভূমি দখল করা হলো, তারা চুলায় যাক। আর প্রতিটি ক্ষেত্রে পশ্চিমের সমর্থন পেয়েছে ইসরায়েল; আর্থিক, সামরিক ও কূটনৈতিক সক্ষমতা তো তার আছেই।
কিছু গাঁইগুঁই করলেও পশ্চিম ও মার্কিন যুক্তরাষ্ট্র গত এক মাসে ইসরায়েলের এই গাজা আগ্রাসনে নিরন্তর সমর্থন জুগিয়ে গেছে। হ্যাঁ, নিরাপত্তা শুধু ইসরায়েলের জন্যই প্রযোজ্য, ফিলিস্তিনের জন্য নয়। সে লক্ষ্যেই ইসরায়েলকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার পরিমাণ বছরে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর সে বলে বলীয়ান হয়ে ইসরায়েলি বাহিনী গাজার নিরীহ মানুষকে কচুকাটা করছে, তাদের খাঁচার বন্দী করে বিড়াল যেমন ইঁদুর মারে, ঠিক সেভাবে মারছে। বোমায় উড়িয়ে দিচ্ছে তাদের বাড়িঘর। ইউরোপও একই কাতারে আছে। ব্রিটেন ২০১০ সালের পর ইসরায়েলের কাছে আট বিলিয়ন ডলার মূল্যের সামরিক ও দ্বৈত কাজে ব্যবহার হয়, এমন যন্ত্রপাতি বিক্রির লাইসেন্স দিয়েছে। আর সরাসরি ৪২ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এর মধ্যে আছে ড্রোনের অংশবিশেষ ও ট্যাংক, যেগুলো গাজা ধ্বংসে ব্যবহার করা হয়েছে।
এক মাস হয়ে গেল, ইসরায়েল কিন্তু তার লক্ষ্য অর্জনে সফল হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এটা ছিল বাড়ির লনে ঘাস ছাঁটাইয়ের মতো ব্যাপার—এই ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের পর তাদের কাছে এমনটাই মনে হচ্ছে। কিন্তু এর মাধ্যমে হামাস শক্তিশালী হয়েছে।
এ বন্দিত্ব থেকে বেরিয়ে আসতে হলে ফিলিস্তিনকে আরও কিছু করতে হবে। ৪৭ বছর ধরে ইসরায়েল বেআইনিভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে আছে, উপনিবেশ গেড়ে আছে। দুনিয়ার কাছে ব্যাপারটা পরাশক্তিদের সহায়তায় হয়েছে বলেই মনে হয়, ভুয়া শান্তি-প্রক্রিয়াও তাদের মদদে চলছে। এ ব্যাপারটির প্রতি ফিলিস্তিনিদের চ্যালেঞ্জ জানাতে হবে, এই সমীকরণ ভেঙে ফেলতে হবে।
দুনিয়ার মানুষের মতামত ফিলিস্তিনের ন্যায়বিচার প্রাপ্তির পক্ষে। প্রয়োজন হচ্ছে এটাকে চাপে পরিণত করে ইসরায়েলকে এই দখলদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য করা। গাজার এই ভয়ংকর হত্যাযজ্ঞ একটি অপরাধ, যার বীজ বপন করা হয়েছে ওয়াশিংটন, লন্ডন ও জেরুজালেমে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য গার্ডিয়ান থেকে
সিমাস মিলনে: দ্য গার্ডিয়ানের সহযোগী সম্পাদক।