
টাঙ্গাইলে বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। সকালে বেশ কুয়াশা ছিল। কিন্তু তাতে কিছু যায় আসে না। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ও অলিম্পিয়াডে অংশ নিতে সবাই এসে গেছে ঠিক সময়ে। প্রধান অতিথি হিসেবে এসেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ। তাঁর কথা বিশেষভাবে উল্লেখ করছি দুটি কারণে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স। প্রখ্যাত গণিতবিদ, অধ্যাপক খোদাদাদ খানের সরাসরি ছাত্র। তিনি প্রায় সারাটা সময় আমাদের সঙ্গেই থাকেন। আর দ্বিতীয়ত এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি তাঁর জেলায় গণিতচর্চা উৎসাহিত করার জন্য অভাবনীয় উদ্যোগ নিয়েছেন। সে কথায় পরে আসছি।
পরীক্ষা শেষে স্কুলমাঠে বড় শামিয়ানার নিচে পরীক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকেরা বসেছেন প্রশ্নোত্তর পর্বে। এটা খুব মজার একটি পর্ব। শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন আর শিক্ষকেরা উত্তর দেন, বুঝিয়ে বলেন। অধ্যাপক খোদাদাদ খান ছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপকসহ আরও কয়েকজন জ্ঞানী-গুণী মানুষ।
বাচ্চারা প্রশ্ন করবে, আমরা উত্তর দেব। একটু ভয় ভয় করছে। প্রশ্ন যদি কঠিন হয়, যদি আমরা উত্তর দিতে না পারি! যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। একজন শিক্ষার্থী প্রশ্ন করল, এমন কোন সংখ্যার বর্গফল হবে খুব তাৎপর্যপূর্ণ, যার মোট চারটি অঙ্কের (ডিজিট) প্রথম দুটি একই অঙ্কের আবার শেষ দুটিও হবে একই অঙ্কের। অর্থাৎ বর্গ সংখ্যাটির অঙ্কগুলোর ধরন হবে এ রকম: ককখখ। কঠিন প্রশ্ন। আমরা বললাম, এটা হিসাব করে দেখতে হবে, সময় লাগবে। পরে এর উত্তর জানাব বলে কথা দিলাম। এরপর অন্য প্রশ্নে চলে গেলাম।
অবশ্য অধ্যাপক খোদাদাদ খান প্রশ্নটি ভুলে যাননি। পরদিন নরসিংদী গণিত উৎসবে তিনি শিক্ষার্থীদের কাছে প্রশ্নটি তুলে ধরলেন। বললেন, টাঙ্গাইলের এক তরুণ শিক্ষার্থীর প্রশ্নের উত্তরটা তোমরা দিতে পারো কি না দেখো তো?
এবার আমরা সত্যিই অবাক হলাম। এক ছাত্রী কিছুক্ষণের মধ্যেই জানাল যে সে বের করেছে উত্তর। (৮৮)২ = ৭৭৪৪! বর্গ সংখ্যাটির প্রথম দুটি অঙ্ক ৭ ও শেষ দুটি ৪। উত্তর সঠিক। কিন্তু কীভাবে সে করল। সেটা অবশ্য সে বলতে পারল না। তবে বলল, এ রকম বর্গ সংখ্যা মাত্র একটিই আছে। গণিতের এ রকম কঠিন এক সমস্যার উত্তর বের করতে পারা কম কথা নয়।
আমরা বললাম, এই বর্গ সংখ্যাটি বের করার উপায় অন্য কেউ ব্যাখ্যা করতে পারে কি না? কিছুক্ষণ পর আরেকজন শিক্ষার্থী এক পৃষ্ঠা ভরে এক বিরাট প্রমাণ লিখে আমাদের কাছে দিল। এত গভীর উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা গণিতচর্চা করছে, তা আমরা ভাবতে পারিনি।
পরে বাসায় এসে আমি ইন্টারনেটে বর্গ সংখ্যার ছক খুলে বসলাম। প্রথমে দেখলাম দুই অঙ্কের কোন সংখ্যাগুলোর বর্গ চার অঙ্কের হয়। সেখানে সহজেই দেখা যাবে ৩২ থেকে ৯৯ সংখ্যাগুলোর বর্গ চার অঙ্কের এবং এই বর্গ সংখ্যাগুলোর মধ্যে একমাত্র ৮৮-এর বর্গই আমাদের শর্ত পূরণ করে। সেই শিক্ষার্থী যদি তাৎক্ষণিকভাবে স্মার্টফোনে ইন্টারনেট খুলে সমাধানটি বের করে থাকে, তাহলে তাকে জিনিয়াস বলতে হবে।
স্কুলে পড়া একজন শিক্ষার্থী যদি এ রকম উঁচু মানের প্রশ্ন করতে পারে, আর অন্য জেলায়, তাদেরই মতো একজন শিক্ষার্থী যদি উত্তর বের করতে পারে, তাহলে তো স্বীকার করতেই হবে যে সত্যিকার অর্থেই দেশে একটি নতুন গণিত প্রজন্ম গড়ে উঠতে শুরু করেছে।
নরসিংদীতে একজন ছাত্রী প্রশ্ন করল, জমি চাষ করলে উর্বরতা কমে কিন্তু মাথা খাটালে বুদ্ধি বাড়ে কেন? খুব মজার প্রশ্ন। আমরা কিন্তু এসব ছোটখাটো বিষয়ে চিন্তা করি না, ছোটরা করে। এটাই ভবিষ্যতের ইঙ্গিতবাহী একটি বিষয়। জমি চাষ করে বীজ বুনলে জমির খনিজ পদার্থ ও সার সংগ্রহ করে ফসল হয়। তাই জমির উর্বরতা কমে। সে জন্য নতুন করে আবার সার দিতে হয়। কিন্তু মাথা খাটালে মস্তিষ্কের নিউরনগুলো সক্রিয় হয়ে ওঠে, নতুন নতুন সংযোগ স্থাপিত হয়। চিন্তাশক্তি বাড়ে। একটার বেলায় উর্বরতা কমে, আর মাথার বেলায় বাড়ে কেন, তার ব্যাখ্যা জানলে বিজ্ঞানমনস্কতা বাড়ে। কুসংস্কার ও পশ্চাৎপদতা দূর করার এটি অন্যতম উপায়। এ ধরনের প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জ্ঞানের জগতে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি।
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হয়ে এসেছিলেন। তিনি নিজে গণিতের ছাত্র না হলেও গণিতে তাঁর অপার উৎসাহ। শুধু গণিত কেন, তিনি নরসিংদীতে একটি উন্নত সাংস্কৃতিক বলয় গড়ে তোলার জন্য কাজ করছেন। এবার নরসিংদীতে তাঁর বিশেষ উদ্যোগে ছয় দিনব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদ্যাপিত হয়েছে। তিনি গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে অনেক কথা বলেন।
টাঙ্গাইলের কথা বলছিলাম। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসকের উদ্যোগে গড়ে তোলা হয় ‘বোসন বিজ্ঞান সংঘ’। তারা গড়ে তুলেছে গ্রাম পাঠাগার আন্দোলন। গত ছয় মাসে এই সংগঠন নিজেদের উদ্যোগে বেশ কয়েকটি গণিত উৎসব ও প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে। ফলে এই সংগঠনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা টাঙ্গাইল গণিত প্রতিযোগিতায় খুব ভালো ফল করেছে। এ জেলা থেকে এবার ২৬ জন সেরা প্রতিযোগী ঢাকায় জাতীয় গণিত উৎসব ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তাদের মধ্যে ১৮ জনই বোসন বিজ্ঞান সংঘের সদস্য। এটা সত্যিই বিস্ময়কর। গণিতের জন্য যে জেলাব্যাপী এত বড় বিজ্ঞান ক্লাব গড়ে উঠতে পারে, টাঙ্গাইল তার একটি অনুকরণীয় উদাহরণ। সেখানে শুধু অতিরিক্ত জেলা প্রশাসকই নন, যে প্রাঙ্গণে উৎসব হলো, সেই বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে নিজেও অধ্যাপক খোদাদাদ খানের ছাত্র, গণিতের শিক্ষক। ফলে এবার যদি টাঙ্গাইলের কোনো প্রতিযোগী থাইল্যান্ডে আগামী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পায়, অবাক হওয়ার কিছু থাকবে না।
এবার সারা দেশে ২৪টি অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ও অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন দেশের সেরা গণিতবিদ ও বিজ্ঞানীরা। তাঁরা আমাদের দেশের তরুণদের গণিতের প্রতি আগ্রহ সৃষ্টির জন্য কাজ করছেন। বন্ধুসভা ও মুভারসের সদস্যরা কাজ করছেন। পরীক্ষার খাতা দেখে দিচ্ছেন। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষকদেরও সহযোগিতা রয়েছে। স্থানীয় প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এভাবে দেশব্যাপী এক বিরাট আয়োজনের মধ্য দিয়ে নতুন যে গণিত প্রজন্ম গড়ে উঠছে, আগামী দিনে তারাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]