‘সন্ত্রাসবাদের অবশিষ্ট হুমকি নির্বিচারে নির্মূল করা, এ পর্যন্ত যেসব সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে সেগুলোর অর্জন সংহত করা এবং আমাদের সীমান্তগুলোর নিরাপত্তা আরও নিশ্চিত করার উদ্দেশ্যে’ পাকিস্তান সেনাবাহিনী দেশজুড়ে ‘অপারেশন রাদ-উল-ফাসাদ’ নামে এক সামরিক অভিযান শুরু করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) এক বিবৃতিতে দাবি করা হয়েছে: সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বেসামরিক সশস্ত্র বাহিনীগুলো (রেঞ্জার্স) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী (পুলিশ, ইত্যাদি) এই ‘ব্যাপক পরিসরের নিরাপত্তামূলক/ সন্ত্রাসবিরোধী অভিযানে অংশগ্রহণ করবে।
আইএসপিআরের বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর প্রথমটা হলো ‘নির্বিচারে’ বা বাছ-বিচার ছাড়াই। এ থেকে এই আভাসই মেলে যে আগের অভিযানগুলোতে কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী ও উপাদানকে কোনো না কোনো কারণে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু এবারের অভিযানে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দটি হলো ‘অবশিষ্ট’। এই শব্দ ব্যবহার করে এটাই বলতে চাওয়া হচ্ছে যে সন্ত্রাসবাদ নির্মূল করার মূল কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, এখন বাকি আছে শুধু ‘ঝেড়েমুছে পরিষ্কার করার’ কাজটুকু। তৃতীয় গুরুত্বপূর্ণ শব্দবন্ধ হলো ‘ব্যাপক পরিসর’। এটা থেকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, অতীতে যেমন শুধু কেন্দ্রশাসিত উপজাতীয় অঞ্চলগুলো (ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াজ—ফাটা) ও করাচি এলাকায় অভিযান চালানো হয়েছে, এবারের অভিযান সে রকম সীমিত পরিসরের হবে না; বরং অভিযান চালানো হবে দেশব্যাপী; ছোট বা বড় কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীকেই এবার ছাড় দেওয়া হবে না। অন্য কথায়, এবারের অভিযানের লক্ষ্য হলো দেশের ভেতরে সন্ত্রাসবাদী নৈরাজ্য সৃষ্টি করছে, এমন সব অভ্যন্তরীণ ও বহির্দেশীয় উপাদান থেকে আমাদের মুক্ত করা।
এই অভিযানের যে লক্ষ্য ঘোষণা করা হয়েছে, তার অর্ধেকটাও যদি অর্জন করা যায়, তা হলে সেটা হবে পাকিস্তানের জন্য এক বিরাট আশীর্বাদ। কীভাবে, তা ভেবে দেখা যাক।
আগের অভিযানগুলোর লক্ষ্যবস্তু ছিল ফাটা অঞ্চলগুলোর পাকিস্তানি তালেবান ও করাচির এমকিউএমের সন্ত্রাসী ক্যাডাররা। সম্প্রতি পুলিশ বাহিনীকে দিয়ে পাঞ্জাবের কিছু নেতৃস্থানীয় জাতিগোষ্ঠীগত সন্ত্রাসী ব্যক্তিকে হত্যা করার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু দক্ষিণ পাঞ্জাবজুড়ে তৎপর জাতিগোষ্ঠীভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে নির্মূল করার উদ্দেশ্যে কোনো সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়নি। অন্য কথায়, সন্ত্রাসবাদ দমনের তৎপরতাগুলো ছিল বৈষম্যমূলক। এর একটা কারণ হতে পারে এই যে, এ ধরনের সন্ত্রাসবাদী উপাদানগুলোর সঙ্গে মূলধারার রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা আছে এবং দলগুলো স্থানীয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেয়নি। আর একটা কারণ হতে পারে এই যে, প্রাদেশিক সরকারগুলো ও স্থানীয় প্রশাসনগুলো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর ওপর আঘাত হানতে আগ্রহ বোধ করেনি, কেননা তারা ভেবেছে তার ফলে তারাও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর দিক থেকে পাল্টা আক্রমণের শিকার হতে পারে।
এখন কি আমাদের এটাই বুঝে নিতে হবে যে এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও এবার সুপরিকল্পিতভাবে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে? আর সে রকম পদক্ষেপ যদি নেওয়া হয়, তাহলে তা কী ধরনের হবে? আইনের সফল প্রয়োগের মাধ্যমে বিচার করার যথাযথ ব্যবস্থা ছাড়াই যদি লোকজনকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়, তাহলে পুরো উদ্যোগটি মলম লাগানোর মতো সাময়িক ব্যাপার হবে। কারণ, নির্বিচারে গ্রেপ্তার করা লোকগুলোকে বেসামরিক আদালতগুলো দ্রুত হোক কিংবা কিছু দেরিতে হোক মুক্তি দেবে। আবার, সামরিক আদালতগুলোর মাধ্যমে যদি তাদের সংক্ষিপ্ত বিচারে দণ্ড দিতে হয়, তাহলে তা করার জন্য সম্পূর্ণ নতুন ও হালনাগাদ একটা আইনি কাঠামো সৃষ্টি করার প্রয়োজন হবে। সেই আইনি কাঠামো পার্লামেন্টে সমঝোতার ভিত্তিতে অনুমোদিত হতে হবে এবং নিশ্চিত করতে যে তা ঊর্ধ্বতন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়বে না। এই কাজটা কীভাবে করা হবে, সেটাই এখন দেখার বিষয়। কারণ, সামরিক আদালতগুলোর আইনি এখতিয়ারের পরিধি সীমিত সময়ের জন্য বাড়ানোর পক্ষে ও বিপক্ষে পার্লামেন্টে এখনো যুক্তিতর্ক চলছে এবং সামরিক আদালতগুলোতে দণ্ডপ্রাপ্ত কয়েকজন সন্ত্রাসী আসামির মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্ট কোনো না কোনো কারণ দেখিয়ে স্থগিত করে দিয়েছেন।
কিন্তু এসব করা হলেও সমস্যার সমাধান হয়ে যাবে না। এমনকি এসব অভিযান দ্রুত সম্পন্ন করা হলেও নয়, আরও কয়েক শ লোককে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিলেও নয়। জাতিগোষ্ঠীগত বিভেদ ও হানাহানির শিকড় আমাদের সমাজের গভীর পর্যন্ত ছড়ানো আছে। এ সমস্যার সঙ্গে সেই ‘ইসলামি ভাবধারা’র সম্পর্ক আছে, যা পাকিস্তানের রাষ্ট্র ও সমাজে প্রবলভাবে রয়েছে, যা রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শিক্ষাব্যবস্থা ও গণমাধ্যম—সব ক্ষেত্রে ব্যাপ্ত হয়েছে।
ইসলামের যে পাকিস্তানি সংস্করণ দীর্ঘ ছয় দশক ধরে আমাদের ধ্যানজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মাত্র কয়েক বছরে সেটাকে আমরা কীভাবে রাজনীতিমুক্ত করব? আর এ রকম ইসলামি ভাবধারায় নিমজ্জিত থেকে একজন প্রকৃত পাকিস্তানি হওয়ার অর্থ কী? অপারেশন রাদ-উল-ফাসাদে হয়তো বিভিন্ন জাতিগোষ্ঠীভুক্ত এক কুড়ি বা দুই কুড়ি দুর্ধর্ষ সন্ত্রাসী খতম হবে, কিন্তু যে ব্যবস্থার মধ্যে মাদ্রাসাগুলোর জঠরে প্রতিবছর ওই রকম সন্ত্রাসী হাজারে হাজারে পয়দা হচ্ছে ও বেড়ে উঠছে, এই অভিযান সেই ব্যবস্থার গায়ে সামান্য আঁচড়ও কাটতে পারবে না।
দ্বিতীয় শব্দটি, অর্থাৎ ‘অবশিষ্ট’ মানে পরিষ্কারভাবেই সন্ত্রাসবাদ নামের হিমশৈলটির উপরিভাগ মাত্র। জাতিগোষ্ঠীভিত্তিক সংগঠনগুলো যদি সন্ত্রাসবাদীদের ‘অবশিষ্ট’ হয়, তাহলে সেই জিহাদি সংগঠনগুলো কী, যাদের ‘সদস্যরা’ বিভক্ত হয়ে ইসলামিক স্টেট অথবা পাকিস্তানি তালেবানের বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগ দিচ্ছে? কিংবা যারা সীমান্তের ওপারে ভারতীয় কাশ্মীরে সন্ত্রাসীদের ঢুকিয়ে দিচ্ছে? এই যে জিহাদি গোষ্ঠীগুলো ভারত ও পাকিস্তানের মধ্যে প্রক্সি সন্ত্রাসবাদী যুদ্ধ উসকে দিয়েছে, আমাদের সামরিক কর্তৃপক্ষ কি সেগুলোকে গুঁড়িয়ে দিতে তৈরি আছে? আমরা একইভাবে প্রশ্ন তুলতে পারি, এই যে অভিযান, যার মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে বলা হচ্ছে, এটা কি হাক্কানি নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করবে? এই সন্ত্রাসবাদী গ্রুপটিকে কি পাকিস্তান থেকে বের করে আফগানিস্তানে পাঠিয়ে দেবে, যাতে করে আফগানিস্তানের সরকারও পাকিস্তানি তালেবানকে তাদের দেশে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, কেননা পাকিস্তানি তালেবান আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের পাঠিয়ে দিয়ে এই দেশের সর্বনাশ করছে?
জাতিগোষ্ঠীভিত্তিক যেসব সংগঠন পাকিস্তানের ‘কাহিনি’ ছড়াচ্ছে, তাদের মতোই জিহাদি গোষ্ঠীগুলো কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সঙ্গে আমাদের চলমান বিরোধে ইন্ধন দিয়ে যাচ্ছে। আর ভারতের সঙ্গে বিরোধ এখন আমাদের জাতীয় নিরাপত্তার কাহিনির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যেখানে ভারত হচ্ছে পাকিস্তানের অস্তিত্বের জন্য চিরস্থায়ী শত্রু।
অজস্র জটিল প্রশ্নের মধ্যে এই কয়েকটা প্রশ্ন অপারেশন রাদ-উল-ফাসাদ শেষ হওয়ার পরেও থেকে যাবে। সন্ত্রাসবাদ নির্মূল করার বিষয়টির কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান সম্পর্কে সেই ‘ভাবনা’ বা ‘কাহিনি’কে জায়েজ করা, যা সন্ত্রাসবাদকে রসদ জুগিয়ে চলেছে। এই ক্ষেত্রে আমরা সামরিক-বেসামরিক কর্তৃপক্ষের কোনো আন্তরিক উদ্যোগ দেখতে পাই না। এই সমস্যার আদি রূপকার তো তারাই।
পাকিস্তানের ইংরেজি সাপ্তাহিক দ্য ফ্রাইডে টাইমস থেকে নেওয়া, অনুবাদ: মশিউল আলম।
নাজাম শেঠি: সম্পাদক, দ্য ফ্রাইডে টাইমস।