
‘এখন ২০১৭ সাল, তবে পিতৃতন্ত্রের আঁটুনি আগের মতোই শক্তিশালী।’ আপনি যদি আরও অনেক আত্মমর্যাদাশীল ব্যক্তির মতো ‘পিতৃতন্ত্র’ শব্দটিতে দমে যান, তাহলে আমি জানি, আপনি ঠিক কী ভাবছেন। এটাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কারণ একটি, আর তা হলো, এমন একজন মানুষ এটা বলেছেন, যিনি ধর্ষণের তদন্ত এড়াতে একটি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তাই উদাহরণ হিসেবে এটি ভালোই।
জুলিয়ানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিত হচ্ছে, ফরাসি নির্বাচনে অতি ডানপন্থী প্রার্থী মারি লো পেনের পরাজয়। তাঁর আক্ষেপ হলো, ‘প্রথমে হিলারি, এরপর মারি।’ তবে তাঁর কথাকে বাজে উক্তি মনে করার কারণ নেই। সত্য হলো, সুইডেনের আইনজীবীরা যে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের মামলার তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে বোঝা যায়, এই ব্যাপারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা কতটা সঠিক ছিলেন। শুধু তা-ই নয়, নাইজেল ফারাজ, ক্যাথি লেট, জন পিলজার ও ইয়োকো ওনোর মতো আরও অনেকের জন্য তিনি আশার আলো হয়ে রইলেন; যাঁরা অ্যাসাঞ্জের মতোই বিচারিক প্রক্রিয়ার অবসানের অপেক্ষা করছেন (নানাভাবেই আমার মনে হয়, ইকুয়েডর দূতাবাসে যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে আসতেন, তাঁদের তালিকাই তাঁর বিকল্প ন্যায়বিচারের ব্যবস্থা করবে)। কিন্তু এটা কি উতরানো সম্ভব? সম্ভবত না।
দাপ্তরিক বিবৃতিতে জানা যায়, সুইডেনের আদালতে অ্যাসাঞ্জের অনুপস্থিতির মধ্য দিয়ে মামলাটা যত দূর টেনে নেওয়া যায়, তত দূর সেটা নেওয়া হয়েছে। আমার মনে হয়, আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা পেয়েছি। অর্থাৎ আমরা যদি অপেক্ষা করি এবং বাজে জিনিসকে পাত্তা না দিই, তাহলে সেগুলো দূর হয়ে যায়।
বস্তুত, এখন অ্যাসাঞ্জের অনেক সমর্থকই চিন্তা করবেন, যে নারীরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন, তাঁরা যেন এই ধ্রুপদি মনোভাব নেন। এমনকি যদি তাঁরা শেষমেশ এই ‘বাজে জিনিস দূর হয়ে যায়’ পর্যায়টা না–ও দেখে যেতে পারেন।
তবে আজ এই উদ্যাপনের দিনে আসুন, আমরা গল্পের এই দুঃখজনক দিকটা মাথায় না রাখি। শুক্রবার বিকেলে তিনি দূতাবাসের বারান্দায় যথারীতি কপট রূপে হাজির হয়েছিলেন। ছুটির দিনের মেজাজে টি-শার্ট পরিহিত একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁর গা-এলানো দেঁতো হাসি যেন বলছে, ‘হ্যাঁ, আমি জানি, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (যুক্তরাষ্ট্রকে আবারও মহান বানাই)। স্লোগানসংবলিত বেসবলের হ্যাট পরে এলে ছবিটা আরও ভালো হতো। কিন্তু এখন কেনাকাটা করা কিছুটা কঠিন।’
অ্যাসাঞ্জের নারীভক্ত পামেলা অ্যান্ডারসন দ্রুতই এই ছবি পুনরায় টুইট করেছেন। এটা কোথায় যায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই সাবেক বেওয়াচ তারকা ‘মাই জুলিয়ান’ শীর্ষক একটি গদ্য-কবিতা লিখেছেন। এই দুজনই একাধিক সাক্ষাৎকারে তাঁদের মধ্যে বিশেষ কিছু আছে কি না—এমন প্রশ্নের জবাবে বেশ সলজ্জভাবে না বলেছেন। আমার সহজ বুদ্ধি বলে, এ ব্যাপারে অ্যাসাঞ্জ কিছুটা এগিয়ে থাকতে পারেন। ছবিটিতে অ্যাসাঞ্জের ঔদাসীন্য দেখে মনে হয়, তিনি যেন দিবাস্বপ্ন দেখছেন, পামেলা দূতাবাসের সামনে ফোর্ড গাড়ি থামিয়ে তাঁকে তুলে নেবেন। ঠিক যেন লেভাইয়ের বিজ্ঞাপনের মতো, যেখানে ব্র্যাড পিট মরুভূমির কারাগার থেকে বেরোনোর পর এক সুন্দরী একজোড়া জিনস (প্যান্ট) উপহার দিয়ে তাঁকে নিয়ে যান।
ওদিকে লন্ডন পুলিশ এই কথা বলতে সময় নেয়নি যে অ্যাসাঞ্জ এখনো তাদের ওয়ান্টেড আসামি, যার জামিনের মেয়াদ ২০১২ সালেই শেষ হয়ে গেছে। ফলে তিনি দূতাবাস ছাড়লেই গ্রেপ্তার হবেন।
অকপটে বলছি, পামেলা হয়তো এটাই চান, অ্যাসাঞ্জ তাঁকে নিয়ে বাইরে কোথাও সময় কাটান, অথবা তিনি ভেতরেই থাকুন। মনোবিদেরা প্রায়ই বলেন, যে নারীরা বিশৃঙ্খল রকম খাপছাড়া মানুষের প্রতি আকৃষ্ট হন, তাঁরা বন্দীদের সঙ্গে সম্পর্কে জড়ান। কারণ, এতে তাঁদের বিপদে পড়তে হয় না। নিশ্চিতভাবেই অনেক উচ্চ পর্যায়ের কারাবন্দীদের সঙ্গে নারীদের সম্পর্ক হয়, যেমন অভিনেতা চার্লসন ব্র্যানসনের কথা বলা যায়। সম্প্রতি তিনি কারাগারেই এক তরুণীকে বিয়ে করেছেন।
যা হোক, আমি এটা না ভেবে পারছি না যে অ্যাসাঞ্জের এই ছবি দেওয়ার পেছনে একই সপ্তাহে চেলসি ম্যানিংয়ের মুক্তির খবর আসার প্রভাব আছে। এই ম্যানিংই মূলত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মৌলিক গোপন নথিগুলো অ্যাসাঞ্জকে দেন। তবে ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি ম্যানিংয়ের লৈঙ্গিক পরিচয় দিতে গিয়ে খামখেয়ালের পরিচয় দেন। তবে ম্যানিংয়ের বন্দিদশা ঠিক অ্যাসাঞ্জের মতো ছিল না। তাঁকে দৌড়ের ওপর থেকে নাইটস ব্রিজের (লন্ডনের যে স্থানে ইকুয়েডর দূতাবাস) কোনো দূতাবাসে লুকাতে হয়নি, যেখানে আসা অতিথিরা আশপাশের মুদি দোকান থেকে অ্যাসাঞ্জের জন্য নানা দ্রব্য কিনে দূতাবাসে যেতেন। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ টুথপেস্ট ও কিছু ম্যাগাজিন নিয়ে ধরা পড়ায় চেলসিকে একবার ২১ দিনের জন্য কারা গ্রন্থাগার, ব্যায়ামাগার ও বহিরাঙ্গনে যেতে দেওয়া হয়নি।
চেলসি মর্যাদার খোঁজ করেই যাচ্ছেন। কিন্তু কিছু আইন বিশেষজ্ঞ বলেছেন, সীমাবদ্ধতা–সংক্রান্ত আইন শিথিল না হওয়া পর্যন্ত অ্যাসাঞ্জকে ২০২০ সাল পর্যন্ত ভেতরেই থাকতে হবে। কিন্তু ক্যাপ্টেন উইকিলিকস এই ভুয়া জেলখানা থেকে একদিন অবশ্যই বেরিয়ে আসবেন। তবে আমরা আশা করব, তিনি সিনেমার মতো সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন না।
অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
মেরিনা হাইড: দ্য গার্ডিয়ান–এর কলামিস্ট।