
বাণিজ্য উন্নয়নে চীনের অঞ্চল ও পথভিত্তিক উদ্যোগের (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই) সুফল নিতে হলে বাংলাদেশকে এখনই প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ করতে হবে। এ ক্ষেত্রে সড়ক ও সমুদ্রপথের অবকাঠামো উন্নয়নে সমভাবে গুরুত্ব দিতে হবে। চীনের নেওয়া বিআরআই বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য করিডর।
বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংকের সহযোগিতায় প্রথম আলো আয়োজিত চীনের ‘এক অঞ্চল, এক পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গতকাল প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন স্ট্যানচার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০৩২ সালে অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে বড় দেশ হবে চীন। এ অবস্থান ধরে রাখতে চীন বিআরআই বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। চীনের উদ্যোগ হলেও বাস্তবে এর সঙ্গে যুক্ত সব দেশের জন্যই লাভজনক। বর্তমান সরকার ২০৪১ সালের প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের যে উদ্যোগ হাতে নিয়েছে, তাতে বিআরআইকে যুক্ত করা হবে।
অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের কারণে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরের কাজটি একটু ধীরে চলছে। এটির কাজ শেষ হয়ে গেলে সোনাদিয়ার কাজ এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি পায়রা বন্দর উন্নয়নের কাজও এগিয়ে চলেছে।
দেশে বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে কিছু ক্ষেত্রে সক্ষমতার ঘাটতির বিষয়টি উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, এটি রাতারাতি বাড়বে না। নিজস্ব সক্ষমতা যেখানে নেই, সেখানে বাইরে থেকে লোক আনার সুযোগ রয়েছে।
আবরার এ আনোয়ার বলেন, ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। চীন ও বাংলাদেশে ১০০ বছরের বেশি সময় ধরে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিআরআইয়ে ৬৮টি দেশ যুক্ত আছে, এর মধ্যে ৪৫টি দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের উপস্থিতি আছে। তাই এই উদ্যোগের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে এসসিবি বড় ভূমিকা রাখতে পারে।
আবরার এ আনোয়ার আরও বলেন, চীনের বেসরকারি খাত সে দেশের বাইরে বিনিয়োগ করার জন্য তৈরি হচ্ছে। এই বিনিয়োগ বাংলাদেশে আসার যথেষ্ট সুযোগ রয়েছে, তার জন্য দরকার যথাযথ প্রস্তুতি।
বিআইআইএসএসের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ বলেন, জল ও স্থল—সব দিক দিয়েই বাংলাদেশকে ঘিরে আছে ভারত। ভারত-চীন সম্পর্ক যদি শীতল অবস্থায় থাকে, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। সে জন্য আলাদা আলাদা করে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দর-কষাকষিতে বাংলাদেশকে দক্ষতা বাড়াতে হবে।
সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, একবিংশ শতাব্দীর দুটি প্রধান অর্থনীতি চীন ও ভারত এই অঞ্চলের মধ্যে আছে। এ দুটি দেশ থেকে বাংলাদেশের আমদানি ১ হাজার ৮০০ কোটি ডলার, কিন্তু রপ্তানি ১৫০ কোটি ডলারও নয়। বিআরআইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে উদীয়মান বড় দুই অর্থনীতির দেশ থেকে সুবিধা নেওয়ার সুযোগ আছে। এর ফলে পণ্য পাঠানো ও ব্যবসা করার খরচ কমিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে।
বিআরআইয়ে ভারতের যোগ না দেওয়ার বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ভারত অংশ না নেওয়ায় বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে কিছুটা দ্বিধা ছিল। তবে ভারতের যোগ দেওয়া-না দেওয়ার বিষয়টি নিয়ে ভারতের অভ্যন্তরেই যথেষ্ট বিতর্ক রয়েছে।
এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বাংলাদেশের জন্য যেসব সুযোগ তৈরি হচ্ছে, সেগুলো সময়মতো কাজে লাগাতে হবে। বড় উন্নয়ন প্রকল্পের কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোর ক্ষেত্রে বিনিয়োগকারীদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ মিলছে না—এসব সমস্যা দূর করতে হবে।
ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা। এ জন্য বড় আকারের শিল্পায়ন দরকার। শিল্পায়নে ভালো করতে হলে চীন যেসব শিল্প থেকে সরে আসছে, সেগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। এ জন্য বাংলাদেশকে বিশেষ কর্মকৌশল ও পরিকল্পনা তৈরি করতে হবে। অবকাঠামো যদি উন্নত ও আধুনিক না হয়, তাহলে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন দেরির কারণে বিনিয়োগের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের সামনে যে সুযোগ এখন আছে, সেটি কিন্তু চিরদিন থাকবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যুক্ত হওয়ার আগে উৎপাদনমুখী কর্মকাণ্ডে আমরা নিজেদের কীভাবে সংযুক্ত করব, সেটি নিশ্চিত হতে হবে। আমদানিনির্ভরতা থেকে উৎপাদনমুখিতায় সংযুক্তির যেসব ঝুঁকি রয়েছে, কীভাবে সেগুলো পরস্পরের সঙ্গে ভাগাভাগি করা হবে, সেই কৌশলও ঠিক করা জরুরি। পাশাপাশি পুঁজি ব্যবহারের দক্ষতাও বাড়াতে হবে।’
বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির বলেন, রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ ঘটাতে পারলে চীনও বাংলাদেশের জন্য বড় বাজার হতে পারে। ভারতের বাজারেও বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে সবার আগে দরকার অবকাঠামো খাতের ব্যাপক উন্নয়ন। এই মুহূর্তে গভীর সমুদ্রবন্দর তৈরির উদ্যোগ গ্রহণ জরুরি বলে জানান তিনি।
স্ট্যানচার্টের নাসির এজাজ বিজয় বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চীনের অনেক শিল্প সেখানে তাদের উৎপাদন কমিয়ে উন্নয়নশীল দেশে স্থানান্তর হচ্ছে। এসব শিল্প স্থাপনের জন্য বাংলাদেশ হতে পারে আকর্ষণীয় স্থান। তিনি বলেন, চীন আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে। বাংলাদেশেও যাতে সেই বিনিয়োগ আসে, তার জন্য ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই বিনিয়োগ আকর্ষণে স্ট্যানচার্ট ব্যাংক কাজ করছে বলেও তিনি জানান।