অবরোধ ও জেল-জুলুম বন্ধে যুগপৎ ঘোষণা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুটি কথা বলেছেন, যার একটি আনন্দের, আরেকটি আতঙ্কের। এত পাল্টাপাল্টির মধ্যেও তিনি যে তাঁর কার্যালয়ের চারপাশে পুলিশি ‘অবরোধ’ প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন, সেটা রাজনৈতিক সহনশীলতার একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী দিনের আবহাওয়ার উত্তাপ প্রশমনের একে একটি ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া যায়। ১৬ দিন বেআইনিভাবে দলের কার্যালয়ে অবরোধ করে রাখার জন্য সরকারের বিরুদ্ধে যে তিনি বাড়তি হুমকি দেননি, সেটাই স্বস্তির বিষয়।
কিন্তু তিনি যখন বলেন অবরোধ চলছে, চলবে, তখন আতঙ্কিত হতে হয়। অবরোধ মানে কী? চোরাগোপ্তা দু-চারটা পেট্রলবোমা, গাড়ি ভাঙচুর, বাসে আগুন, এই তো! কত মায়ের বুক খালি হলো, আগুনে পুড়ে মরলেন বাস-ট্রাকের চালক, হেলপার। রাজধানী ঢাকায় দিনদুপুরে বাসে পেট্রলবোমায় পুড়ে ইডেন কলেজের দুই ছাত্রী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বিএনপি কি এই অবরোধ চালিয়ে যেতে চায়?
তারা সরকারকে দায়ী করবে। বলবে, সমাবেশ করতে দেয় না; পাইকারি হারে গ্রেপ্তার, রিমান্ড, নিপীড়ন চালায়। তাদের আর কী করার আছে? এটা নিশ্চয়ই অন্যায়। এখনই ধরপাকড়-বাড়াবাড়ি বন্ধ করতে হবে। এই গণতন্ত্র আমরা চাই না। সভা-সমাবেশ করতে দিতে হবে। দেশের সবচেয়ে বড় বিরোধী দলের নেতা-কর্মীদের রাজনৈতিক মর্যাদা দিতে হবে। গণগ্রেপ্তার, হুমকি-ধমকি বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে সংগ্রাম করলে কারও আপত্তি থাকবে না। এর জন্য বিএনপি যদি সরকারকে শাস্তি দেয়, সবাই খুশি হবে। কিন্তু শাস্তি তো দিচ্ছে নিরীহ মানুষকে।
এ পর্যন্ত দেশে সরকারবিরোধী অনেক আন্দোলন হয়েছে। এমনকি ষাটের দশকে আইয়ুববিরোধী বা আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনেও সাধারণ মানুষকে পুড়িয়ে মারার সর্বনাশা প্রবণতা ছিল না। থাকলেও হয়তো ছিল বিচ্ছিন্ন ঘটনা। সেসব নাশকতা হিসেবেই দেখা হয়েছে। গণস্বার্থে আন্দোলনের জন্য সাধারণ মানুষকে কেন পুড়িয়ে মারতে হবে? মানুষ আন্দোলন করে আর জালিম সরকারের পুলিশ গুলি চালায়, সাধারণ মানুষ মারা যায়, শহীদ হয়। এটাই তো গণ-আন্দোলন। কিন্তু সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করে ককটেল-পেট্রলবোমা মারছে, মরছে সাধারণ মানুষ আর পুলিশ। এটা কোন ধরনের আন্দোলন?
ঘটনাটা দাঁড়িয়েছে এ রকম: সরকার নির্যাতন চালায় বলে বিরোধী দল চোরাগোপ্তা পেট্রলবোমা হামলা চালায়। আর বিএনপি যত বোমা ফাটায়, পুলিশ ততই মারমুখী হয়ে বাড়াবাড়ি শুরু করে। এই পাল্টাপাল্টি, রাজনৈতিক হানাহানির পথ থেকে দুই পক্ষকেই সরে আসতে হবে। এখন দরকার একটি যুগপৎ ঘোষণা। সরকারপক্ষ খালেদা জিয়ার কাছে দূত পাঠিয়ে বলবে, যত খুশি সমাবেশ করুন। আর খালেদা জিয়ার দূত প্রধানমন্ত্রীকে জানিয়ে আসবেন, তাঁরা অবরোধ-হরতাল করবেন না!
এর জন্য সংলাপের দরকার নেই। আসলে দুই দলের মধ্যে আমরা নাগরিকেরা যতই সংলাপের কথা বলি না কেন, সংলাপের পরিবেশ–পরিস্থিতি সৃষ্টির লক্ষণ এখনো নেই। দুই পক্ষের কেউই সংলাপ চায় না, চায় একে অন্যকে রাজনীতির মাঠে একেবারে অকার্যকর করে ফেলতে। এখানেই সমস্যা। এ কারণেই রাষ্ট্রপতির উদ্যোগে গোলটেবিল বৈঠক আহ্বানের আশা বৃথা। কারণ, রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া নিজ উদ্যোগে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। এটা সংবিধানে পরিষ্কার লেখা আছে। আর যদি প্রধানমন্ত্রী সংলাপের পরামর্শ দিতে চান, তাহলে তো রাষ্ট্রপতির দরকারই হয় না। নিমেষেই সংলাপ শুরু হয়ে যেতে পারে।
তাই সংলাপের আশা বৃথা। এখন যদি দূতিয়ালি করে কিছু করা যায়, তাতেই চলবে। অন্তত জেল-জুলুম বন্ধ ও অবরোধ প্রত্যাহার হলে আরও কিছুদিন শান্তিতে থাকা যাবে।
১৯৯০ সালে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে রচিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ঐতিহাসিক রূপরেখা। কিন্তু চারটি সুষ্ঠু নির্বাচন হওয়ার পর প্রথমে বিএনপি ২০০৭ সালে এ ব্যবস্থা কার্যত অচল করে দেয় এবং পরে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে ওই মৃতপ্রায় ব্যবস্থাটি বাতিল করে। এখন আর সেই পুরোনো ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো ভিত্তি যে নেই, তা এমনকি বিএনপিও জানে এবং বিশ্বাস করে। সে জন্যই তারা নানাভাবে বোঝাতে চেষ্টা করছে, যেন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হয়।
এ রকম নির্বাচনের একটি নতুন ব্যবস্থা উদ্ভাবনই হলো এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্দলীয় তত্ত্বাবধায়কের সাবেকি চিন্তাটা আর খাটবে না। নতুন কিছু ভাবতে হবে এবং সেটা ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে হবে না। এ কথা আকারে-ইঙ্গিতে বিএনপির বুদ্ধিজীবীরাও বলছেন। শ্রীলঙ্কার সাম্প্রতিক নির্বাচনে প্রবল শক্তিধর রাজাপক্ষের শোচনীয় পরাজয় ও লেজ গুটিয়ে তা মেনে নেওয়ার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এই রাজাপক্ষে তাঁর এক ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রী, এক ভাইকে স্পিকার, আরেকজনকে প্রভাবশালী মন্ত্রী ইত্যাদি বানিয়ে সব ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। এমনকি সংবিধান সংশোধন করে দুই মেয়াদের পরও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিধান জারি করেছিলেন। তিনি অবশ্য সত্যিকার অর্থেই দেশের বিরাট উন্নয়ন করেছিলেন। অত্যাধুনিক বন্দর নির্মাণের মহাকর্মযজ্ঞ শুরু করেছিলেন। জাতীয় মহাসড়ক, উড়ালসড়ক, সেতু নির্মাণ থেকে শুরু করে অবকাঠামো নির্মাণে অভাবিত সাফল্য দেখিয়েছিলেন। কিন্তু জোর-জুলুমের রাজত্ব তিনি তাঁর অধীনে নির্বাচন করেও টিকিয়ে রাখতে পারেননি।
এর প্রধান কারণ হলো একটি শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি। তামিল বিদ্রোহীদের নৃশংসভাবে দমনের পরও সমাজে গণতান্ত্রিক সংস্কৃতি টিকিয়ে রাখা সম্ভব হয়েছিল মানুষের শক্তির বলেই। শক্তিশালী নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা বজায় ছিল।
আমাদের দেশে এ ধরনের গণতান্ত্রিক চর্চা এখনো দুর্বল। তাই ক্ষমতাসীন দলের পরিচালনায় নির্বাচন করে হুবহু শ্রীলঙ্কার মতো ফল পাওয়া সম্ভব হবে না। সে জন্যই নতুন এক ফর্মুলা দরকার। এর মূল কথা হবে একটি ছোট নির্বাচনকালীন সরকার। সেখানে সব দলের সাংসদদের মোটামুটি অংশগ্রহণ থাকবে। এই সরকারের প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীর কার্যপরিধি ও ক্ষমতা সীমিত থাকবে শুধু সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই। তিন মাসে নির্বাচন করে নুতন সরকার ক্ষমতা গ্রহণ করবে।
এখানে ভারত, শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের প্রচলিত ব্যবস্থার সঙ্গে কিছু পার্থক্য থাকবে, কিন্তু স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন এবং সরকারের প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা হবে। এ ধরনের একটি ব্যবস্থার জন্য সবাই একমত হলে হয়তো রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানো যাবে।
কিন্তু বিএনপি এ ধরনের ব্যবস্থায় এখন রাজি হবে না এবং হওয়া উচিতও নয়। কারণ বিএনপি তো সংসদে নেই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে বিএনপির প্রতিনিধিত্ব না থাকলে তারা কেন নির্বাচনে যাবে? তাই শুধু আগামী নির্বাচনের ক্ষেত্রে ব্যতিক্রমী কোনো ব্যবস্থায় বিএনপির নির্ধারিত কয়েকজন প্রতিনিধিকে সাংসদ হিসেবে নির্বাচিত করিয়ে আনা যেতে পারে। এটা হবে বিশেষ ব্যবস্থা, শুধু একবারের জন্য। এ রকম করা সম্ভব। নব্বইয়ে বিচারপতি সাহাবুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা সব দলের সম্মতির ভিত্তিতে পরে সংবিধান সংশোধন করে অনুমোদন দেওয়া হয়। বিশেষ অবস্থায় বিশেষ কিছু করা যায়, যদি তা দেশ ও গণতন্ত্রের কল্যাণে করা হয়।
কিন্তু এতে যদি দুই পক্ষ রাজি না হয়, তাহলে কি অনাদিকাল পর্যন্ত হরতাল, অবরোধ চলতে থাকবে? এটা তো হতে পারে না। কেউ চায়ও না। তার পরও যদি দুই পক্ষ অনড় থাকে, দেশবাসী অসহায়।
তবে অবরোধ, হরতালের নামে সাধারণ মানুষ মারা চলবে না। জনগণের স্বার্থের কথা বলে চোরাগোপ্তা ককটেল-পেট্রলবোমা হামলা চালাতে থাকলে শেষ পর্যন্ত তা বিএনপির জন্য বুমেরাং হবে। আর সরকারকেও বুঝতে হবে, পুলিশি নির্যাতন বন্ধ না করলে বিএনপির পক্ষে হরতাল-অবরোধ প্রত্যাহার করার সুযোগ থাকে না। সরকারের স্বার্থেই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ করে দিতে হবে।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]