অবরোধ-হরতালে সেশনজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজট পুরোনো বিষয় হলেও অবরোধ ও হরতালের কারণে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এটা নতুন করে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা ক্লাসহীন দিন উদ্বেগ নিয়ে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর জীবনে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৭টি আবাসিক হল ও শিক্ষকদের আবাসিক এলাকা থাকলেও বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি আবাসিক নয়। বহু ছাত্রকেই শহরের বিভিন্ন স্থানে মেসে থাকতে হয়।
রাস্তায় বের হলে পিকেটাররা গাড়ি ভাঙচুর করে বলে হরতাল-অবরোধ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বাস চলে না। আর ২০১৩ সাল থেকে যুক্ত হয়েছে পেট্রলবোমা মারার চল। যে ছাত্র ও শিক্ষকেরা ক্যাম্পাসের বাইরে থাকেন, তাঁরা হরতাল-অবরোধের সময় ঝুঁকি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে চান না। ফলে স্বাভাবিকভাবেই সে সময় কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয় না।
শীতকালীন ছুটির শেষে ১১ জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ২০-দলীয় জোটের চলমান অবরোধ আর মাঝে মাঝে হরতালের কারণে নিয়মিত ক্লাস বা পরীক্ষা শুরু হয়নি। এর মধ্যে প্রথম বর্ষের ক্লাস ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এটাই শুধু জানানো হয়েছে। সবারই লক্ষ্য থাকে, পড়াশোনা শেষে একটা ক্যারিয়ার গড়ার। কিন্তু এই সেশনজটের কারণে চাকরির প্রতিযোগিতায় যুদ্ধ করার সময় কমে যায়।
ক্লাস না হলেও অবরোধের কারণে শিক্ষার্থীরা বাড়িও যেতে পারছেন না। ফলে আমাদের সামগ্রিক শিক্ষাব্যয়ের পরিমাণও বেড়ে যাচ্ছে।
২০১৩ সালেও আমরা একবার পিছিয়ে পড়েছিলাম। এবার আরও একবার আমার পিছিয়ে পড়লাম। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থাও কমবেশি একই রকম। এ অবস্থায় আমাদের দাবি, অর্থনীতি ও শিক্ষা খাতকে রাজনৈতিক কর্মসূচির আওতার বাইরে রাখা হোক। আর এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যে দেশের রাজনীতিবিদেরা কোনো পথ বের করুন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক, সেই প্রত্যাশা করছি।
লেখক: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়