অবরোধ নিয়ে নতুন করে ভাবনা
>নতুন বছর কেমন কাটবে বিশ্ববাসীর? পৃথিবীর প্রথম সারির নেতা ও ভাবুকেরা তুলে ধরেছেন তার এক আগাম ছবি। বাংলাদেশে শুধু প্রথম আলোকে দেওয়া প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ নিয়ে চার দিনব্যাপী বিশেষ আয়োজন। আজ প্রকাশ হলো প্রথম দুটি লেখা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত অবরোধের সংখ্যা ইতিহাসের অন্য যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি। ১৯৯০-এর দশকে আরোপিত অবরোধের সর্বোচ্চ সংখ্যা ছিল আট। ২০০০-এর দশকে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১২, আর এখন তা ১৬। এসবের বাইরে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ। অবরোধের সংখ্যা ক্রমে বৃদ্ধি লক্ষ করে কেউ হয়তো এই সিদ্ধান্ত টানবেন যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে অবরোধ আরোপ একটা কার্যকর হাতিয়ার। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, ব্যাপারটা মোটেও তা নয়।
বস্তুত, বিভিন্ন প্রাতিষ্ঠানিক গবেষণা থেকে দেখা যাচ্ছে, অবরোধ আরোপের সুফল খুবই সামান্য। জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের টমাস বিয়ারস্টেকারের মূল্যায়ন অনুযায়ী, অবরোধ মাত্র ২০ শতাংশ কার্যকর হয়। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাডাম রবার্টসের মতে, ‘মাঝেমধ্যে অন্যান্য ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া খুব কম ক্ষেত্রেই অবরোধ আরোপ করে সুফল পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।’ উদাহরণ হিসেবে বলা যায়, মিয়ানমার যে তার অর্থনীতিকে মুক্তবাজারের জন্য খুলে দিয়েছে এবং পর্যায়ক্রমে রাজনৈতিক সংস্কার শুরু করেছে, তার এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনে যুক্তরাষ্ট্র ও ইইউর আরোপ করা অবরোধ কিছুটা ভূমিকা রেখে থাকতে পারে; তবে তার চেয়েও বেশি ভূমিকা রেখেছে চীনের ওপর তার অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ার ভয়।
কিন্তু অবরোধের অকার্যকারিতার চেয়ে সম্ভাব্য সমস্যা অনেক বেশি। এমন দৃষ্টান্তও আছে যে অবরোধ ক্ষতিকর হতে পারে। যেমন অবরোধের শিকার সরকারগুলো নিজেদের আয় বাড়াতে পারে নিষিদ্ধ পণ্যসামগ্রীর চোরাবাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ার মাধ্যমে। শুধু একটা দৃষ্টান্ত দেওয়া যাক: ১৯৯৩ ও ১৯৯৪ সালে হাইতির তেলের ওপর অবরোধ চলাকালে দেশটির সামরিক সরকার তেলের চোরাই বাজারকে উৎসাহিত করে; সীমান্তের ওপারে ডোমিনিক্যান রিপাবলিকে তেল চোরাচালান হয়।
ঝুঁকি বেড়ে যায়, যখন কোনো শক্তিশালী দেশের ওপর অবরোধ আরোপ করা হয়, তখন পাল্টা জবাব আসে। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইইউ মস্কোর ওপর অবরোধ আরোপ করলে তার জবাবে মস্কো পশ্চিম ইউরোপ থেকে খাদ্যসামগ্রী আমদানি বন্ধ করে দেয়। ফলে খাদ্যপণ্যের দাম কমে যায় এবং এর প্রতিবাদে ব্রাসেলস ও অন্যান্য স্থানে কৃষকেরা বিক্ষোভ করেন।
এমন ঘটনাও দেখা যায়, অবরোধের প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না, তবু তা প্রায়ই বলবৎ রাখা হয়। এর একটি কারণ হলো, একবার অবরোধ আরোপ করা হলে, পরে তা প্রত্যাহারের পক্ষে সবাই সিদ্ধান্ত নিলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একজনও যদি ‘সংরক্ষিত ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে, তাহলে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হতে পারে না। এভাবে অবরোধ কিছু সময় পর পর পর্যালোচনা করার সুযোগ থাকা সত্ত্বেও বস্তুত এর কোনো কার্যকর অর্থবহতা নেই, যত দিন পর্যন্ত অন্তত একটি স্থায়ী সদস্য অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল থাকছে।
এ রকম ঘটেছে ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকের ওপর অবরোধ আরোপের ক্ষেত্রে। ওই অবরোধের লক্ষ্যবস্তু ছিলেন দেশটির তৎকালীন শাসক সাদ্দাম হোসেন ও তাঁর সরকার। কিন্তু অবরোধের ফলে শুধু সাদ্দাম ও তাঁর সরকারই গুরুতর সমস্যায় পড়েনি, বিপুলসংখ্যক নিরীহ সাধারণ মানুষও দুর্ভোগের শিকার হয়েছিল এবং এটাই ছিল বেশি গুরুতর বিষয়। শিকাগোর লয়োলা বিশ্ববিদ্যালয়ের গবেষক জয় গর্ডন হিসাব দিয়েছেন, ইরাকের ওপর ওই অবরোধ আরোপের ফলে অতিরিক্ত ৬ লাখ ৭০ হাজার থেকে ৮ লাখ ৮০ হাজার শিশুর মৃত্যু হয়।
সত্যি বলতে, আন্তর্জাতিক সম্প্রদায় ইরাকের ওপর অবরোধের ফলে দেশটির সাধারণ মানুষের দুঃখ-দুর্ভোগের বিষয়টি উপলব্ধি করে লক্ষ্যাভিমুখী অবরোধ বা ‘স্মার্ট’ অবরোধের নীতি গ্রহণ করেছে। কিন্তু এটা এখনো পরিষ্কার নয়, আজকের টার্গেটেড বা লক্ষ্যাভিমুখী অবরোধ আগের দিনের কমপ্রিহেনসিভ বা নির্বিশেষ অবরোধের তুলনায় আসলেই বেশি কার্যকর কি না। গর্ডন যেমনটি বলেছেন, অস্ত্র ও তেলের ওপর লক্ষ্যাভিমুখী অবরোধের পরেও চোরাচালান বাণিজ্যের কারণে অবরোধের কার্যকারিতা কম হতে পারে। আর কিছু নির্দিষ্ট শিল্পের ওপর অবরোধ আরোপ করলে বৃহৎ পরিসরে অর্থনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেটা সাধারণ নাগরিকদের জীবনযাত্রা ও জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু অবরোধের এসব পরিণতি আমলে নেওয়া হয় না।
অবরোধের আনুষঙ্গিক ক্ষয়ক্ষতির প্রভাব যাতে বিপুলসংখ্যক মানুষের জীবনে না পড়ে, এ লক্ষ্যে ব্যক্তিবিশেষের ওপর লক্ষ্যাভিমুখী অবরোধ অপেক্ষাকৃত শ্রেয় বিকল্প। যেমন ব্যক্তিবিশেষের সম্পদ জব্দ করা কিংবা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা। কিন্তু এমন অবরোধের তালিকায় অনবধানতাবশত নিরপরাধ মানুষেরও নাম চলে আসে। অবশ্য এ ধরনের অবরোধের শিকার হয়েছেন, এমন ব্যক্তিদের আপত্তির পর যেসব ব্যক্তির ওপর অবরোধ আরোপ করা হবে, তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া অনেকটা উন্নত হয়েছে।
অবশ্য অবরোধ আরোপের ফলে কিছু কিছু উদ্দেশ্য অর্জিত হয়। এ বিষয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাইকেল ডয়েল বলেন, ‘নিষ্ক্রিয়তা বা সামরিক বলপ্রয়োগের ফল প্রায়ই খারাপ হয়, তেমন ক্ষেত্রে অবরোধ আরোপ করার ন্যায্যতা থাকতে পারে। নিষ্ক্রিয়তার মধ্যে পড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সহ্য করা…কিংবা মৌখিকভাবে সমালোচনা করা (“সস্তা কথা বলা”)। আর সামরিক বলপ্রয়োগ কিছু ক্ষেত্রে হয় মানবাধিকার লঙ্ঘনের তুলনায় অসামঞ্জ্যপূর্ণ রকমের বাড়াবাড়ি এবং তার ফলে মানবিক ও বৈষয়িক ক্ষয়ক্ষতিও হয় বেশি।’
নেতারা যখন অবরোধের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, তখনই সমস্যা দেখা দেয়। এই সমস্যা সংক্ষেপে ও সুস্পষ্টভাবে তুলে ধরেছেন হার্ভার্ডের অধ্যাপক জন রাগি: ‘অবরোধ হলো দমনমূলক কূটনীতির একটা হাতিয়ার—শুধু এটুকু ছাড়া যে নীতিনির্ধারকেরা কূটনীতির কূটনৈতিক অংশটার কথা ভুলে গেছেন।’ নিশ্চয়ই প্রায়ই দেখা যায় যে নেতারা সময়মতো প্রকৃত রাজনৈতিক উদ্যোগ নিতে অনিচ্ছুক কিংবা অপারগ, তাই কোনাকুনি রাস্তা হিসেবে অবরোধের হাতিয়ার বেছে নেন।
হার্ভার্ডের কেনেথ রোগোফ উল্লেখ করেছেন, ‘অবরোধের প্রভাব প্রায়ই বেশ হতাশাব্যঞ্জক হয়ে থাকে। এতটাই হতাশাব্যঞ্জক যে গবেষক ও পণ্ডিতেরা এ ব্যাপারে সিদ্ধান্ত টেনেছেন: এ ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে সরকারগুলো অন্তত নিজেদের জনগণকে বোঝানোর সুযোগ পায় যে সরকার তাদের জন্য “কিছু একটা করছে”।’ কিউবার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ আরোপের ঘটনাও ছিল সে রকমই ব্যাপার। কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধও ছিল সস্তা ও অকার্যকর (বস্তুত, অবরোধের ফলে কিউবার সংস্কার বিলম্বিত হয়েছে)।

দুর্ভাগ্যবশত, অবরোধ আরোপ করার তাগিদ যতটা বোধ করা হয়, সেগুলো সঠিক ও কার্যকরভাবে করার তাগিদ ততটা বোধ করা হয় না। যেহেতু অবরোধের কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে, তাই এ ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ প্রয়োজন। মোটের ওপর, অনুমান কিংবা আবেগের ওপর ভিত্তি করে নয়, বরং জননীতি পরিচালিত হওয়া উচিত তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে। তথ্য-প্রমাণ ইঙ্গিত দেয়, সাফল্য লাভ করতে হলে এবং অনিচ্ছাকৃত পরিণতি এড়িয়ে চলতে সতর্কতার সঙ্গে অবরোধ আরোপ করতে হবে, আর তা হতে হবে রাজনৈতিক সম্পর্কযুক্ত। অবরোধ আরোপ করে হয়তো ভালো বোধ করা যেতে পারে। কিন্তু অবরোধ ফলপ্রসূ করতে হলে তা প্রয়োগের ব্যবস্থার পরিমার্জন প্রয়োজন।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট; অনুবাদ: মিজান মল্লিক
কফি আনান: জাতিসংঘের সাবেক মহাসচিব।
কিশোর মাহবুবানি: সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির ডিন।
আগামীকাল পড়ুন: জ্যঁ–ক্লদ ইয়াঙ্কারের লেখা