অবসর–উত্তর জীবন কীভাবে কাটবে, সে–বিষয়ক পরিকল্পনা আমাদের দেশে একরকম অনুপস্থিত। বাংলা সিনেমায় আমরা দেখেছি, নায়কের বাবা পেনশনের টাকা তুলতে পারছে না বলে সংসারে টানাটানি চলছে, আবার পেনশন ছাড়া তার আর কোনো সঞ্চয় না থাকায় অবস্থা হয়েছে আরও তথৈবচ। নিম্ন আয়ের মানুষেরা সংসারের হাল টানতে টানতে যেমন সঞ্চয় করে উঠতে পারে না, তেমনি একটু পরিকল্পনা করলে তারা যে কিছু সঞ্চয় করতে পারত না, তা-ও হয়তো নয়। সামগ্রিকভাবে আমাদের সঞ্চয়ের প্রবণতা কম। ফলে আমাদের দেশে এখনো যে মেয়ের বাবা-মা বিয়েশাদির সময় সরকারি কর্মকর্তা বর খোঁজেন, তার কারণ অবোধ্য নয়। আবার অষ্টম পে–স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের পেনশনের হার আরও বাড়বে। কিন্তু দেশের সিংহভাগ বেসরকারি চাকরিজীবীর জন্যই সে ব্যবস্থা নেই। ফলত, মধ্যবিত্ত ও নিম্ন–মধ্যবিত্ত মানুষের শেষ জীবনের নিরাপত্তা খুবই নাজুক।
উন্নত দেশগুলোর বিভিন্ন বিমা, ব্যাংক ও বিনিয়োগ কোম্পানির আর্থিক উপদেষ্টা রয়েছে। তারা আয়–ব্যয়ের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনার বিবেচনায় একজন গ্রাহকের জন্য বিনিয়োগের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। তখন একজন গ্রাহক ঠিক করতে পারেন, তিনি কোনটা বেছে নেবেন। এর মধ্যে আছে বিমার পেনশন স্কিম, বন্ডে বিনিয়োগ, শেয়ারবাজারে বিনিয়োগ প্রভৃতি। প্রতিটি খাতের জন্যও আবার আলাদা আলাদা সঞ্চয়ের ব্যবস্থা থাকে; যেমন ভ্রমণ, বাড়ি বা ফ্ল্যাট ক্রয় প্রভৃতি। প্রত্যেক গ্রাহকের জন্য তারা আলাদা আলাদা পরিকল্পনা করে থাকে। কিন্তু আমাদের দেশে এসবের বালাই নেই। আমাদের দেশের মানুষ এখন নিজেদের ব্যাপারে বেশ সচেতন তা ঠিক; কিন্তু অবসরবিষয়ক সুনির্দিষ্ট পরিকল্পনা ও ব্যবস্থা এখনো আমাদের দেশে নেই।
দেশে বিমা কোম্পানিগুলোর কিছু পেনশন স্কিম আছে, কিন্তু সে ব্যাপারে মানুষ তেমন অবগত নয়। এর মূল কারণ হলো, মানুষ বিমার ওপর আস্থা রাখতে পারে না। অথচ পৃথিবীর উন্নত দেশগুলোতে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিমা কোম্পানির ভূমিকা অপরিসীম। তবে সরকার চাইলে এ খাতকে চাঙা করতে পারে। এর সঙ্গে বিমা কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে, তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। বুড়ো বয়সে মানুষের পেনশনের সুযোগ একরকম নেই বলেই মানুষ ব্যাংকের ডিপিএস ও সঞ্চয়পত্রের দিকে ঝোঁকে। কিন্তু এগুলোর চেয়ে পেনশন স্কিম অনেক বেশি কার্যকর হতে পারে। কারণ, ডিপিএস ও সঞ্চয়পত্র সাধারণত স্বল্প মেয়াদের হয়, আর পেনশন স্কিম হয় দীর্ঘ মেয়াদের। সঞ্চয় দীর্ঘ মেয়াদে হলে মুনাফা পাওয়া যায় বেশি। আর একটি নির্দিষ্ট বয়স থেকে প্রতি মাসে পেনশন পাওয়ার ব্যবস্থা থাকলে তা অনেক সুবিধাজনক হয়।
আমাদের দেশে বয়স্ক মানুষের কাজের সুযোগও নেই যে তাঁরা শারীরিক সক্ষমতা থাকলে কিছু করতে পারবেন। হেল্পএজ ইন্টারন্যাশনালের গবেষণা অনুসারে, পৃথিবীতে বুড়ো হওয়ার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নরওয়ে। সেখানকার ষাটোর্ধ্ব মানুষেরা দুনিয়ার অন্য যেকোনো জায়গার চেয়ে বেশি সংখ্যায় কাজ করেন, দেশটির গণপরিবহনও ভালো। সেখানকার বৃদ্ধদের আর্থিক নিরাপত্তাও বেশ শক্তিশালী।
>অষ্টম পে–স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের পেনশনের হার আরও বাড়বে। কিন্তু দেশের সিংহভাগ বেসরকারি চাকরিজীবীর জন্যই সে ব্যবস্থা নেই। ফলত, মধ্যবিত্ত ও নিম্ন–মধ্যবিত্ত মানুষের শেষ জীবনের নিরাপত্তা খুবই নাজুক
বিনিয়োগ পরিকল্পনা না থাকায় মানুষ নিজের মতো ব্যাংকে ডিপিএস করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করেন। অনেকেই এখন আবার জমি ক্রয়-বিক্রয়সহ নানা ঝুঁকিপূর্ণ কাজে টাকা বিনিয়োগ করেন। জমিতে অতিরিক্ত বিনিয়োগের কারণে ঢাকা শহরে জমির দাম এখন নিউইয়র্ক ও লন্ডন শহরের সমান। কিন্তু বৈপরীত্য হচ্ছে, এ শহরের মধ্যবিত্তের উপার্জন ওই দুটি শহরের মধ্যবিত্তের উপার্জনের তুলনায় ঢের কম। এখানে বাড়িভাড়াও অনেক, ফলে ঢাকায় একজন মানুষকে আয়ের বড় অংশই বাড়িভাড়ার জন্য ব্যয় করতে হয়। নব্য উদারনৈতিক অর্থনীতির কারণে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসা, বস্ত্র—সব মৌলিক অধিকারই এখন টাকা দিয়ে কিনতে হয়। আবার রাজনৈতিক কারণে ব্যাংকিং ব্যবস্থার সুফলও মানুষ পাচ্ছে না। উচ্চ সুদের কারণে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি বা সম্পদ করা কঠিন হয়ে উঠেছে। দেখা যায়, একজন সাধারণ মধ্যবিত্ত ফ্ল্যাট কিনলে তাঁর আর আশপাশে তাকানোর সুযোগ থাকে না, সুদের টাকা শোধ করতে করতে জীবন শেষ হয়ে যায়। অন্যদিকে একটি দুর্ঘটনা বা গুরুতর অসুখের কারণে মানুষের জীবনে অন্ধকার নেমে আসতে পারে।
পার্শ্ববর্তী দেশ ভারতেও অবসর জীবন সুরক্ষিত করার নানা উপাদান রয়েছে। বিশেষ করে সেখানকার বিমা কোম্পানিগুলোর অবসর স্কিম অনেক জনপ্রিয়, হিন্দি চ্যানেলগুলোতে তাদের অনেক বিজ্ঞাপনও দেখা যায়। ইন্টারনেট ঘেঁটে দেখলাম, অবসর পরিকল্পনা করার সময় কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় সেই টিপস দেওয়া হয়েছে। মোদ্দা কথা, সেখানে সবাই এ ব্যাপারে বেশ সচেতন, আর যথাযথ আয়োজনও আছে সেখানে।
তবে আশার কথা হচ্ছে, সরকার বেসরকারি খাতে কর্মরত মানুষের জন্যও বাধ্যতামূলক পেনশন–সুবিধা চালু করার কাজ শুরু করেছে। এর জন্য বিশেষ আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠন করা হবে। উল্লেখ্য, দেশে বর্তমানে ১৫ লাখ মানুষ সরকারি পেনশন–সুবিধা ভোগ করছেন, যার মধ্যে পাঁচ লক্ষাধিক মানুষ মাসিক ভিত্তিতে পেনশন নিচ্ছেন, আর অন্যরা তা সমর্পণ করে দিয়েছেন। দেশে ৬৩-ঊর্ধ্ব দরিদ্র নারী ও ৬৫-ঊর্ধ্ব দরিদ্র পুরুষেরা মাসে ৩০০ টাকা পেনশন পাচ্ছেন। নতুন আইন হলে সিটিজেন পেনশন স্কিমের আওতায় ষাটোর্ধ্ব দরিদ্র মানুষেরা পাবেন মাসে ৮০০ টাকা, আর ৯০-ঊর্ধ্ব মানুষেরা পাবেন মাসে তিন হাজার টাকা। ওদিকে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে বলেছে, প্রবাসীদের জন্য তারা একটি পেনশন স্কিম করার কথা ভাবছে।
যেখানে উন্নত বিশ্বের মানুষেরা শেষ জীবনটা ভ্রমণ করে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কাটিয়ে দেন, সেখানে আমাদের দেশের অধিকাংশ মানুষের শেষ জীবনটা কাটে নানা পারিবারিক তিক্ততার মধ্য দিয়ে। শেষ জীবনে পিতা-মাতা সন্তানের স্নেহ–ভালোবাসার ছায়ায় থাকতে চান, এই আকাঙ্ক্ষা হয়তো চিরন্তন মানব প্রকৃতিরই ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, আর্থিক নিরাপত্তা না থাকলে মানুষ কখনোই মর্যাদা নিয়ে বাঁচতে পারে না। এ লক্ষ্যে রাষ্ট্র এগিয়ে আসছে, সেটা অবশ্যই আশার কথা। কারণ, এত বিপুলসংখ্যক মানুষের জন্য রাষ্ট্র কিছু করবে না, তা হতে পারে না। এখন উচিত হবে অবসর জীবন পরিকল্পনার সংস্কৃতি গড়ে তোলায় মনোযোগ দেওয়া। ভারতের একটি বিমা কোম্পানির পেনশন স্কিমের টিভিসির স্লোগান ছিল, ‘রিটায়ারমেন্ট কি বাদ স্যের উঠাকে জিয়ো’, অর্থাৎ অবসরের পর মাথা উঁচু করে বাঁচুন—সেটাই আমাদের কাম্য।
প্রতীক বর্ধন: সাংবাদিক ও অনুবাদক।
[email protected]