অবিন্তা আর হিরোশিকে নিয়ে দু-চার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিন্তা কবীর,হিরোশি তানাকা
অবিন্তা কবীর,হিরোশি তানাকা

নিহত ২০ জনের মধ্যে কেবল দুজনকে এই লেখার জন্য বেছে নেওয়ার কারণ একটাই, আর তা হচ্ছে বয়স-সীমার বিভাজনে একই ঘটনায় নিহত দুই প্রান্তের এই দুই চরিত্র যেন প্রতীকী অর্থে দেখিয়ে দিচ্ছেন আমাদের দুই দেশের মধ্যে বিরাজমান গভীর সম্পর্ক ঠিক কতটা গভীর আর অর্থবহ। ১৭ বছরের অবিন্তার জীবনের সূচনা মাত্র হলেও হিরোশি তাঁর ৮০ বছরের জীবনেও ‘এই আমার শেষ’ বলে দিয়ে নিজেকে গুটিয়ে নেননি জীবনের সক্রিয়তা থেকে।

ফলে অর্থবহ এক জীবনের যে স্বপ্ন অবিন্তা মাত্র দেখতে শুরু করেছিল, অনেকটা যেন সে রকম এক স্বপ্নেরই বাস্তব রূপ ফুটে উঠেছিল হিরোশির যাপিত জীবনে। শান্তিপূর্ণ এক বিশ্ব গড়ে নেওয়ার তাগিদে বিশ্বের নানা প্রান্তে উন্নয়নকাজের সঙ্গে হিরোশি জড়িত হয়েছিলেন। তাগিদ ছিল একটাই, আর তা হলো অবহেলিত বিভিন্ন জনপদের মানুষের কল্যাণ সাধনে আধুনিক জীবনের নানা রকম প্রয়োজনীয়তা মেটানোর ব্যবস্থা তাঁদের জন্য যেন করে দেওয়া যায়, সে রকম অর্থবহ এক প্রক্রিয়ায় নিজের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। আমরা জানি অবিন্তার জীবন হিরোশির মতোই দীর্ঘায়িত হতে পারলে ওর পক্ষেও হয়তো সম্ভব হয়ে উঠত একইভাবে মানুষের কল্যাণে অবদান রাখা। খুনিরা সে রাতে ওর চোখের দিকে তাকিয়ে সেই সত্য সম্ভবত ঠিকই ধরতে পেরেছিল। ফলে ১৭ বছরের বালিকার নৃশংস প্রাণ বধে ওদের মন কিংবা হাত কোনোটাই মুহূর্তের জন্যও কেঁপে ওঠেনি। আর এটাই তো হচ্ছে জঙ্গির স্বাভাবিক আচরণ, যা আমাদের বলে দেয় মানুষের জন্য যা কিছু কল্যাণকর তার ঠিক কতটা বিপরীতে দাঁড়িয়ে এই সব নরাধম।

অবিন্তার মৃতদেহ পিত্রালয়ে ফিরে যাওয়ার পর শোকার্ত পরিবার আর বন্ধুদের তা চোখের জলে ভিজিয়ে দিলেও মৃত অবিন্তা তাঁদের মনে একই সঙ্গে জাগিয়ে দিয়ে গেছে নতুন এক স্বপ্ন দেখার আশা, যে স্বপ্ন হচ্ছে জঙ্গিমুক্ত একটি দেশে মানুষের কল্যাণে চালিয়ে যাওয়া নানা রকম প্রচেষ্টা অব্যাহত রাখা, যে স্বপ্ন হচ্ছে আমাদের যাঁরা বন্ধু, তাঁদের যেন কোনো রকম ক্ষতি ভবিষ্যতে না হয়, সেই লক্ষ্যে সমাজকে আবর্জনামুক্ত করা।

অন্যদিকে হিরোশি তানাকার মৃতদেহ জাপানে ফিরে আসে এ মাসের ৫ তারিখে। দুদিন পর টোকিওতে আয়োজিত অন্ত্যেষ্টি অনুষ্ঠানে তাঁর কনিষ্ঠ ভ্রাতা বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেছেন, ভাইয়ের এই হঠাৎ এবং অর্থহীন মৃত্যু মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব না হলেও তিনি চাইছেন ভাইয়ের অসমাপ্ত কাজ যেন তাঁর দেশবাসী অব্যাহত রাখে এবং বিশ্বজুড়ে যেন শান্তি ফিরে আসতে পারে, সেই চেষ্টা তাঁরা যেন চালিয়ে যান। ক্ষোভের প্রকাশ সেই বক্তব্যে থাকলেও নৃশংস সেই অর্থহীন মৃত্যুর জন্য যে দেশে সেই হত্যা সংঘটিত হয়, সেই দেশটিকে দায়ী না করে তিনি বরং ভাইয়ের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে সেই দেশের জনগণের মঙ্গল কামনা করেছেন। কেননা, তাঁর জানা আছে সে রকম এক মঙ্গল আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করেই এমনকি ৮০ বছর বয়সেও ভাই তাঁর যাত্রা করেছিলেন দুর্ভাগ্য অজান্তে অপেক্ষায় থাকা সেই দেশটির উদ্দেশে। ফলে মৃত হিরোশিকে আমরা এখন পাচ্ছি আমাদের অকৃত্রিম এক বন্ধু হিসেবে—সেই বন্ধু, আমাদের প্রতি যঁার নেই কোনো রকম ক্ষোভ কিংবা বিদ্বেষ। উল্টোভাবে বরং আমাদের দিকে বাড়িয়ে রেখেছেন তিনি তাঁর ভালোবাসার হাত।

ফলে এমন এক দৃশ্য নিজেদের মনের পর্দায় আমরা কল্পনা করে নিতে পারি, যেখানে আমরা দেখি আদিগন্ত বিস্তৃত এক খোলা প্রান্তরে দূরে অস্তমান সূর্যের দিকে হাতে হাত ধরে হেঁটে যাচ্ছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ এবং ১৭ বছরের এক বালিকা; যেন পিতামহ আশ্বস্ত করছেন তাঁর স্নেহের নাতনিকে, দেখিয়ে দিচ্ছেন সামনে এগিয়ে যাওয়ার পথ আর বলছেন, ‘এত কিছুর পরও ভয় করতে নেই; কেননা আমরা জানি ভয়কে জয় করেই শান্তির গন্তব্যে আমরা পৌঁছে যাব।’

চারদিকজুড়ে স্বর্গীয় প্রশান্তি এনে দেওয়া সে রকম এক কাল্পনিক দৃশ্যের মধ্য দিয়ে হিরোশি আর অবিন্তা যেন হয়ে উঠেছেন দুই দেশের মৈত্রী আর বন্ধনের অনুপ্রেরণা জোগানো প্রতীক। আসুন, আমরা তাঁদের স্মরণ করি, আর সংগ্রামী প্রত্যয়ের মধ্য দিয়ে মনে বাসা বাঁধা আশার বন্ধনকে আরও দৃঢ় করে নিই যে, গৌরবের ইতিহাসের মধ্যে দিয়ে যে দেশটির জন্ম, সেই দেশে পশ্চাৎগামী অশুভ শক্তির রাতের আঁধারে পদচারণ আমরা রুখবই। 

মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।