অবৈধ শিশুশ্রম ও শিশুহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যে সমাজের ভিত্তি বলিষ্ঠ নীতি-নৈতিকতা ও মানবতাবাদী দর্শনের ওপর স্থাপিত নয়, সেখানে যেকোনো ধরনের অমানবিক, অশ্লীল ও নিষ্ঠুর কাজ অবলীলায় চলতে পারে। এবং যেকোনো খারাপ দৃষ্টান্ত সেখানে বারবার অনুশীলিত হবে। মানুষ অপরাধপ্রবণ প্রাণী, কিন্তু পারিবারিক ও সামাজিক পরিবেশ সুস্থ হলে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে। রাষ্ট্র যদি অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, তাহলেও সমাজে অপরাধপ্রবণতা কমে যায়। একদিকে সামাজিক অবক্ষয়, অন্যদিকে অপরাধ দমনে রাষ্ট্রীয় প্রশাসনের উদাসীনতা—এ দুইয়ের কারণে অপরাধ জ্যামিতিক হারে বাড়তে পারে।
অনাচারে সয়লাব আমাদের সমাজে হঠাৎ হঠাৎ নতুন আলামত দেখা দেয়। বছর দুই-তিন যাবৎ পত্রিকায় দেখা যাচ্ছে শিশুদের গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে মারার খবর। ঘরের ভেতরে পিটিয়ে মারলে পরিণতি যা, রাস্তার ওপর গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করলেও পরিণতি একই, অত্যাচারিতের কষ্ট একই, কিন্তু মানুষকে দেখিয়ে মারার মধ্যে প্রকাশ ঘটে পৈশাচিকতার। তার চেয়েও বড় কথা, এ ক্ষেত্রে শুধু ব্যক্তি অপরাধী নয়, সমাজ নিজেও অপরাধের অংশীদার। সমাজ অপরাধ দেখছে চেয়ে চেয়ে, বাধা দিচ্ছে না। বলতে গেলে সমাজ নিষ্ঠুরতা উপভোগ করছে। এসবই আদিম উপজাতি সমাজের বৈশিষ্ট্য, সভ্য সমাজের নয়। আদিম সমাজের বৈশিষ্ট্যগুলোই আজ বাংলাদেশের সমাজে ও রাষ্ট্রে নতুন করে সঞ্চারিত হয়েছে।
খুলনার রাকিব নামের ছেলেটির পেটে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার খবর যেদিন টিভি চ্যানেলে প্রচারিত হয়, সেদিন রাতে আমি এক ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলাম। এক ভদ্রলোক বললেন, এই এক নতুন জিনিস শুরু হলো। আরও কতজন যে এভাবে মরে বলা যায় না। আমি তাঁর কথায় সায় দিয়েছিলাম। এ দেশে কোনো ধরনের হিংস্র প্রবণতা একবার শুরু হলে তা থামে না সহজে। একসময় যেমন খুব শোনা যেত ডাকাত বা চোর সন্দেহে চোখ উপড়ে ফেলার বর্বরতা। এখনো মাঝে মাঝে তা ঘটছে।
রূপগঞ্জ উপজেলার এক সুতার কারখানায় সাগর বর্মণ নামে ১০ বছর বয়সী এক বালকের পায়ুপথে কম্প্রেসার মেশিনে বাতাস ঢুকিয়ে হত্যার খবর কাগজে দেখে প্রবীণ জননেতা পঙ্কজ ভট্টাচার্য ও আমি ঘটনাস্থল পরিদর্শনে যাই। যে কারখানায় হত্যাকাণ্ড ঘটেছে, সেটি ঢাকা-নরসিংদী মহাসড়কের পাশে। নিহত সাগরের বাসা মহাসড়ক থেকে দেড়-দুই কিলোমিটার ভেতরে। সংকীর্ণ ভাঙাচোরা রাস্তা। দুপাশে নিম্ন আয়ের মানুষের বাড়িঘর, ছোট ছোট দোকান ইত্যাদি। শ্রাবণের চড়া রোদ। নিম্নচাপের ভ্যাপসা গরম। ছোট ছোট বাচ্চা রাস্তার পাশে হাঁটাহাঁটিতে ব্যস্ত। অনেকেরই পুষ্টির অভাব। আমাদের দিকে কিঞ্চিৎ জিজ্ঞাসু দৃষ্টিতে তারা তাকায়। আজকের এই সব শিশু জানে না ওদের কোনো ভবিষ্যৎ নেই। যারা ভাগ্যবানের ঘরে জন্ম নিয়েছে ভবিষ্যৎ শুধু তাদের।

মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে একসময় গিয়ে পৌঁছাই দিঘিবরাব গ্রামে। এক-দেড় বিঘা জমির ওপর জলাভূমির পাশে ৮০টির মতো ঘর। ততগুলো বা তার চেয়ে বেশি পরিবার সেখানে বাস করে। দুই সারি ঘর। এক চিলতে হাঁটার জায়গা। শেষ প্রান্তের ঘরটি সাগরের বাবা রতন চন্দ্র বর্মণের। পানির কল, রান্নাঘর ও পায়খানা যৌথ। ঘরটিতে আসবাব বলতে একটি চৌকি। আমাদের আপত্তি সত্ত্বেও প্রতিবেশীদের কেউ দুটো প্লাস্টিকের চেয়ার আনলেন। ঘরের ভেতরে চেয়ার দুটো রাখার পরে আর বিশেষ জায়গা অবশিষ্ট রইল না। রতন বর্মণের বয়স বেশি নয়, কিন্তু অভাবে বুড়ো হয়ে গেছেন। অসুখবিসুখও আছে। তিনি ঘরের এক কোণে মাটিতে মাদুরে বসে ছিলেন। আমরা তাঁকে চৌকিতে উঠে বসতে বললাম, তিনি উঠতে গিয়েও উঠতে পারলেন না, শারীরিক সমস্যায়।

রতন বর্মণ একজন মৎস্যজীবী। বাড়ি নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায়। বংশানুক্রমে নদী ও জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। এখন খাল-বিল-নদ-নদী শুকিয়ে গেছে, তা ছাড়া প্রভাবশালী ব্যক্তিদের উৎপাতে মাছ ধরায় নানা বাধা। ঘরে চাল থাকে না। তাই বাঁচার তাগিদে স্ত্রী ও দুই ছেলের মধ্যে ছোটটি সাগরকে নিয়ে শহরে কারখানায় কাজ করতে এসেছেন। সাত মাস যাবৎ এই ঘরে ভাড়া আছেন। ভাড়া ১ হাজার ৬০০ টাকা।

চৌকির এক কোণে একখণ্ড পাথরের মতো স্তব্ধ হয়ে বসে ছিলেন সাগরের মা। তাঁর সামনে সাগরের বড় ভাই উদয় বর্মণ। সাগরের মায়ের নাম জিজ্ঞেস করলাম, একজন বললেন, লাবণ্য বর্মণ। সেটা সংশোধন করে সাগরের বাবা বললেন, লাবণ্য না, লাবণ্য রানী বর্মণ। লাবণ্য রানীকে আমি সান্ত্বনাসূচক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। পুত্র হারিয়ে তাঁর জবান বন্ধ হয়ে গেছে।

দিঘিবরাব থেকে আমরা নারায়ণগঞ্জ যাই। প্রেসক্লাবে পঙ্কজদা ও আমি সংবাদ সম্মেলন করি। পত্রিকা ও সম্প্রচার মাধ্যমের স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিরা ছিলেন। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত সাগরের পরিবারের ক্ষতিপূরণ দাবি করি। জাতীয় পত্রিকার মধ্যে প্রথম আলো ও সমকালে রিপোর্ট বের হয়।

অবাক হলাম এক দিন পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সংবাদ সম্মেলনের খবর পাঠ করে। তিনি গণমাধ্যমকে অবগত করলেন, ‘খেলার ছলে’ ‘দুষ্টুমি’ করতে করতে এই ঘটনা ঘটিয়েছে। তাঁর এই সংবাদ সম্মেলনের খবর বিরাট করে আমাদের জাতীয় পত্রিকাগুলো প্রকাশ করে। এমনকি কোনো কোনো কাগজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ এক কলামে এক চিলতে, এসপি সাহেবের সংবাদ সম্মেলনের খবর তার চেয়ে বড়। তিনি কী কারণে, কার পক্ষে সংবাদ সম্মেলন করলেন, তা তিনিই ভালো জানেন আর জানেন কারখানার পলাতক মালিক। সরকারি কর্মকর্তাদের যখন-তখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার বিধান নেই। এখন অবশ্য স্বাধীন দেশ, সবাই স্বাধীন।

মিলের মালিক ছেলেটিকে হত্যা করেননি। সুতরাং তাঁর ভয় কী? তাঁর উচিত ছিল ঘটনাটি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে থানায় গিয়ে পুলিশকে জানানো। কিন্তু বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। শুনলাম, জানার পরেও স্থানীয় পুলিশ ব্যবস্থা নেয়নি, গড়িমসি করেছে, বরং র‌্যাবের সদস্যরা অপরাধীদের গ্রেপ্তারে সহায়তা করেছেন।

হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও মিলমালিকের দায় রয়েছে। তাঁর কারখানায় শিশুদের খাটিয়ে ধন উপার্জন করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। বাংলাদেশের কোটি কোটি বয়স্ক মানুষ বেকার। তাঁদের নিযুক্ত না করে অল্প বেতনে তিনি সেই সব শিশুদের দিয়ে ক্রীতদাসের মতো কাজ করাচ্ছেন, যে বয়সে তাদের মার্বেল খেলার কথা বা তারা ফড়িং ধরার জন্য মাঠের মধ্যে দৌড়াবে। অবশ্য রাষ্ট্র, প্রশাসন ও পুলিশ মালিকদেরই পক্ষে।

অভিযুক্ত ব্যক্তিরা ধরা পড়েছেন এবং পুলিশের কাছে স্বীকার করেছেন তাঁদের অপরাধ। ১৬১ ধারায় পুলিশের কাছে আসামি যে জবানবন্দি দেন, তার মূল্য নেই। তবে মামলার স্বার্থে পুলিশের জিজ্ঞাসাবাদে যে তথ্য বেরিয়ে আসে, তার কিছুটা মূল্য রয়েছে। আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে ১৬৪ ধারায় যে স্বীকারোক্তি, তার মূল্য রয়েছে।

ব্রিটিশ প্রবর্তিত আইনেই ফৌজদারি মামলার আসামিদের থেকে স্বীকারোক্তি নেওয়ার বিধান রাখা হয়। মামলার নির্ভুল বিচারে আসামির স্বীকারোক্তি বিশেষ সহায়ক। যাঁরা এই আইন করেছিলেন, তাঁরা ভাবতেই পারেননি একদিন একটি দেশে সেই বিধানের চরম অপপ্রয়োগ হবে। বাংলাদেশে আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে কাউকে একজন বড় চোর সাব্যস্ত করতে তাকে দিয়ে স্বীকারোক্তি নেওয়া
সম্ভব এই মর্মে যে সে গোপনে মঙ্গল গ্রহে গিয়েছিল এবং সেখান থেকে মূল্যবান কিছু খনিজ ধাতু চুরি করে এসেছে। কীভাবে সে ওই ধাতু চুরি করে, তা জানার জন্য তাকে ৪০ দিনের রিমান্ড মঞ্জুর করা দরকার। আমাদের দেশে রিমান্ড মঞ্জুরই তো নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় প্রবণতা ও অনাচার রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধা। এতে জনগণ তো নয়ই, সরকারও লাভবান হয় না। তবে ব্যক্তিবিশেষ উপকৃত হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিও যে লাভবান হবে, তার শতভাগ নিশ্চয়তা নেই। তা যে নেই তার জ্বলন্ত দৃষ্টান্ত বাংলাদেশের একজন অতি যোগ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, লুৎফুজ্জামান বাবর সাহেব এবং তাঁর সহযোগী আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর সেই উচ্চপদস্থ কর্মকর্তারা, যাঁরা এখন জেলখানায় বিশ্রামরত। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় রাষ্ট্র, রাজনৈতিক নেতা ও প্রশাসন যা করেছে, ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্ত বেঁচে থাকলে তাঁর কিরীটী রায় হতবুদ্ধি হয়ে যেতেন। গুপ্ত মহাশয় কিরীটী অমনিবাস ১০ খণ্ড প্রকাশ করেছেন, ২১ আগস্ট নিয়ে হতো ১১তম খণ্ড।

একজন হতদরিদ্র ধীবরের ছেলেকে হত্যা করা হয়েছে, তাতে আকাশ ভেঙে পড়বে না। ওর বাবা-মায়ের দীর্ঘনিশ্বাসে পৃথিবীর মানুষের কিছুই আসে-যায় না। কিন্তু রাষ্ট্র যখন তার নৈতিক দায়িত্ব পালন করে না, প্রশাসন ওর পাশে না দাঁড়িয়ে যখন ওর নির্যাতনকারীর পাশে থাকে, তখন প্রমাণিত হয়, সাগর বর্মণ এই রাষ্ট্রের কেউ ছিল না। অথবা সাগর এই রাষ্ট্রেরই অন্যতম মালিক ছিল, কিন্তু রাষ্ট্র তা স্বীকার করেনি। তা না করে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়নি, কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

রাষ্ট্র এবং প্রশাসন যখন অযাচিতভাবে শক্তিমান ও নিপীড়কের পক্ষে দাঁড়ায়, তখন তা দুর্বল শুধু হয় না, তার নাগরিকেরা অসহায় ও বিপন্ন বোধ করে। রাষ্ট্রের মালিক তখন আর জনগণ থাকে না, সরকারি কর্মকর্তা ও সরকারি দলের নেতা-কর্মীদের মালিকানায় চলে যায়। রাষ্ট্র মধ্যম আয়ের হলো না উচ্চতম আয়ের হলো, তাতে সাগরদের মতো অভাগাদের কিছুই যায়-আসে না। সাগররা কাচ্চি বিরিয়ানি, সুতি কাবাব, মোগলাই পরোটা বা হাম বার্গার খেতে চায় না, তারা চায় দুবেলা দুমুঠো ডাল-ভাত ও জীবনের নিরাপত্তা। যে মধ্য আয়ের দেশ সেটুকুও দিতে পারে না, সেখানে সাগররা কী করে বলবে: ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।