
সিরিজা পার্টির সদর দপ্তরে সিগারেটের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। এই ধোঁয়া যদি কফিতে বুঁদ হওয়া মানুষের মনের চিত্রকল্পের প্রতিবিম্ব হয়, তাহলে দেখা যাবে তা চে গুয়েভারা বা আরিস ভেলোচিওতিসের মুখ হয়ে উঠেছে। শেষোক্ত ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গ্রিক বীর। এঁরা সেই পোড় খাওয়া বামপন্থী, যাঁরা উন্নয়ন অর্থনীতি, মানবাধিকার আইন ও গৃহযুদ্ধে কে কাকে মেরেছে—এসব পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে তাঁদের অধ্যাপনার ক্যারিয়ার শেষ করতে অধীর ছিলেন। আর এখন তাঁরা ক্ষমতায়।
সেখানকার ক্যাফেতে কালো কফি ও শক্ত নোনতা বিস্কুট পাওয়া যায়। একই সঙ্গে সেখানে গেলে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে। কিন্তু ভোটের প্রাক্কালে এই ক্যাফের বাসিন্দাদের বেশ আত্মবিশ্বাসীই মনে হলো, কিছুটা হতবুদ্ধিও হয়ে গেছে তারা।
অবশ্য সিরিজা পার্টির সদর দপ্তর বিপ্লবপনা শেখার জায়গা নয়। ঘটনা হচ্ছে, ‘কেন্দ্রীয় কমিটি’-সংবলিত একটি পার্টির ক্ষমতায় যাওয়ার সঙ্গে গ্রিকদের হঠাৎ করে মার্ক্সবাদের দিকে ঝোঁকার কোনো সম্পর্ক নেই। বরং এতে তিনটি বিষয়ের প্রামাণিক সাক্ষ্য পাওয়া
যায়: ইউরোজোনের কৌশলগত সংকট, গ্রিক অভিজাতদের দুর্নীতি করার প্রত্যয় ও তরুণদের মধ্যে নতুন চিন্তার উন্মেষ।
এর মধ্যে ইউরোজোনের সংকট বোঝাটা সবচেয়ে সহজ। কারণ, এর প্রভাব সামষ্টিক অর্থনীতিতে সহজেই অনুভূত হয়। আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছিল, তার ২০১০ সালের সহায়তা প্যাকেজে গ্রিসের উন্নতি হবে। সেটা না হয়ে গ্রিসের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হয়েছে। মজুরিও একই হারে কমে গেছে। তরুণদের বেকারত্ব ৬০ শতাংশে পৌঁছেছে, দেশে অবস্থানরত তরুণদের মধ্যেই এটা দেখা যাচ্ছে।
ফলে এই অর্থনৈতিক ধস আসলে কোনো বস্তুগত কারণে ঘটেনি, যে ব্যাপারে ডান ও বাম মহল উভয়ই খুব তিক্ত। এতে ইউরোপীয় অভিজাত নীতিপ্রণেতাদের সংকীর্ণ দৃষ্টিই প্রতিভাত হয়। সব নাটক ও কৌতুকের মধ্যে এটাই সবচেয়ে হাস্যকর যে একজন ধনী মানুষ জানে না, সে কী করছে। চার বছর ধরে ইউরোপীয় কমিশন, আইএমএফ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক মিলে গঠিত ট্রয়কা নামে পরিচিত ত্রিশিক্ত গ্রিসের সামনে তেমনই একটা ব্যাপার হাজির করেছে।
আর গ্রিসের অর্থবান অভিজাতদের দুঃশাসন এই সংকটের অনেক আগে থেকেই চলে আসছে। না, শুধু বড় বড় জাহাজ নির্মাতারাই নন, জ্বালানি, নির্মাণ প্রতিষ্ঠান ও ফুটবল ক্লাবের কর্তারাও সেখানে কর দেন না। বিশিষ্ট একজন গ্রিক অর্থনীতিবিদ গত সপ্তাহে আমাকে বলেছেন, ‘এসব মানুষ সব সময়ই কর ফাঁকি দিয়েছেন: মেটাক্সাস একনায়কত্ব, নাৎসি দখলদারি, গৃহযুদ্ধ ও সামরিক জান্তা—সব আমলেই।’ ট্রয়কা চেয়েছিল, গ্রিস যেন ২০১০ সালের হিসাবে ভারসাম্য আনে, সে কারণে পেয়ি ব্যবস্থায় যারা আটকে পড়েছিল, তাদের ওপর চাপ পড়ে। যে কর্মশক্তির আকৃতি ছিল ৩ দশমিক ৫ মিলিয়ন, সংকটের সময় তা কমে দাঁড়ায় ২ দশমিক ৫ মিলিয়নে।
এই অভিজাতরা চেয়েছে, গ্রিস যেন বিবদমান স্বার্থের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। গ্রিক সাংবাদিক ইয়ানিস পালাইওলাগোস সংকটবিষয়ক তাঁর সাম্প্রতিক এক গ্রন্থে বলেছেন, সেখানে ‘সবার মধ্যে দায়িত্বহীনতা রয়েছে। ব্যাপারটা এমন যে কারও কোনো দায়িত্ব নেই। কেউই জনসম্পদের জামিনদার হতে ইচ্ছুক নয়’।
কিন্তু তাদের সবচেয়ে ক্ষয়িষ্ণু প্রভাব দেখা যায় সমাজে তাদের নিচের তলায়। ‘দেখো, এক্স যায়’, ধনীদের হালফ্যাশনের বারে যেতে দেখলে গ্রিকরা নিজেদের মধ্যে এভাবেই বলাবলি করে। ‘সে ওয়াইকে সংসদে নিয়ন্ত্রণ করছে আর জেডের সঙ্গে তাঁর সম্পর্ক আছে’। মনে হয়, এটা যেন টিভির ধারাবাহিক নাটক। কিন্তু পুরো ব্যাপারটাই আসলে বাস্তব। আর বহু গ্রিক মানুষই এতে ভক্তিভরে মজে আছে।
তিনটি সাধারণ নির্বাচনে সিরিজার অর্জন হচ্ছে গোষ্ঠীশাসনের ব্যাপারটিকে রাজনৈতিক করে তোলা। সিরিজার নেতা আলেক্সিস সিপ্রাস দুর্নীতি ও কর ফাঁকি দেওয়ার ব্যাপারে উচ্চকণ্ঠ ছিলেন, তরুণদের মধ্যে তা ব্যাপক মাত্রায় ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছে।
আসলে ব্যাপারটা এ কারণে ঘটে। কার্যক্ষম বাজার অর্থনীতিতে অভিজাত রেস্তোরাঁয় কাছাকাছি বয়সের তরুণ দম্পতি বসে থাকে। আর ডাবলিন থেকে এথেন্স পর্যন্ত ইউরো-সংকটের মধ্যে ভ্রমণ করে আমি দেখেছি, সনাতন কার্যকর অর্থনীতিতে ধূসর চুলের মানুষ ২০–এর কোঠার তরুণীদের নিয়ে রেস্তোরাঁয় বসে আছে। এটা এক পয়সাওয়ালা বুড়ো মানুষের গল্প, সে ক্ষমতা ও টাকা নিয়ে খেলছে, অথচ কেউ তাকে তিরস্কার পর্যন্ত করছে না।
গোষ্ঠীশাসন, দুর্নীতি ও অভিজাত রাজনীতি মেধার টুঁটি চেপে ধরলে তরুণদের আর দৃশ্যপটে দেখা যায় না। গ্রিসে তরুণ পেশাজীবীদের নেতৃত্বে গঠিত মধ্যপন্থী দলগুলোর হঠাৎ আবির্ভাবে বোঝা যায়, এই তরুণদের ঘটে বহু কিছুই আছে। কিন্তু তারা একত্র হওয়ার আগেই সিপ্রাস দৃশ্যপটে আবির্ভূত হন।
বাইরে থেকে দেখলে গ্রিস একটা বিশাল নেতিবাচক কিছু। কিন্তু বিপ্লবী বামপন্থার উদ্ভবের কারণ হচ্ছে, ইতিবাচক নতুন মূল্যবোধের উদয়। মূলত তরুণদের মধ্যে এটা ঘটেছে, সিরিজার স্বাভাবিক সমর্থক ভিত্তির চেয়েও এটা বৃহৎ। এটা এই পারস্পরিক সংযুক্ত প্রজন্মের ধ্রুপদি মূল্যবোধ: আত্মনির্ভরশীলতা, সৃজনশীলতা, জীবনকে সামাজিক পরীক্ষা হিসেবে দেখার ইচ্ছা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি।
গোল্ডেন ডন নামক দল যখন ভীতিকর, সহিংস ও নতুন নাৎসি শক্তি হিসেবে ১৪ শতাংশ সমর্থনসহ আবির্ভূত হয়, তখন এই পারস্পরিক সংযুক্ত তরুণেরা একটি ব্যাপারে বিস্মিত হয়েছিল: কতজন রাজনৈতিক অভিজাত এতে উৎসাহ জুগিয়েছে। যারা ইতিহাস পড়েছে, তাদের চোখের সামনে মৃত ওয়েইমারের ভূত উড়েছে, বড় বড় ব্যবসায়ী প্রতারক নাৎসিদের তোয়াজ করছে, কারণ তারা শৃঙ্খলা চায়!
গ্রিসের সংকটের শুরু থেকেই আমি এ বিষয়ে লিখে আসছি, ২০১৫ সালে যা বদলে গেল তা হলো: সিরিজা ইউরোপীয় ইউনিয়ন ও অর্থনীতি বিষয়ে ৩৫ শতাংশ ভোটারের নিখাদ সমর্থন পেয়েছে। আর এখন ভোটারদের একটি বড় অংশ, বিশেষ করে তরুণেরা বলছে, তারা এই অভিজাততন্ত্র ও দুর্নীতি অনেক দেখে ফেলেছে, আর নয়।
গ্রিস বিচ্ছিন্ন হলেও সে দ্যোতকও বটে। আধুনিক পুঁজিবাদ ব্যর্থ হলে এটা ঘটে। কারণ, সব জায়গাতেই অদক্ষ আমলা ও দুর্নীতিবাজ অভিজাতরা আছে। গ্রিসের অর্থনীতিতে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে মুনাফা নিয়ে চলে গেছে, কিন্তু কর না দেওয়ায় ডুবেছে গ্রিস।
ইউরোপে আগামী দুই বছর আমাদের নির্বাচনী অনিশ্চয়তা মোকাবিলা করতে হবে। স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসে অতি বাম ও কট্টর ডানপন্থীরা ক্ষমতার দ্বৈরথে অবতীর্ণ হয়েছে। অনেকে ঘোষণা দিয়ে দিয়েছে, এটা ‘নব্য উদারনীতিবাদের পতন’।
আমি এ ব্যাপারে নিশ্চিত নই। তবে গ্রিস দেখিয়ে দিয়েছে, কীভাবে এটা শেষ হতে পারে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
পল ম্যাসন: চ্যানেল ফোর নিউজের অর্থনীতি সম্পাদক।