অভিনন্দন বাংলাদেশ, তবে...
সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক পরিমণ্ডলে দু-দুইটি উন্নতির খবর পাওয়া গেল। এর আগেরটি দ্য ইকোনমিক পত্রিকা খুঁজে বের করেছে। সেটি ছিল স্বাধীনতার ৪৭ বছর পর অবশেষে মাথাপিছু জিডিপিতে পাকিস্তানকে অতিক্রম করে যাওয়া (ইকোনমিস্ট, ৭ সেপ্টেম্বর, ২০১৭)। ১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের এ দেশ থেকে তাড়িয়েছি। সরকারি চাকরির সুযোগ-সুবিধা ছাড়াও ১৯৭১ সালের শুরুতে পশ্চিম পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০ শতাংশ আসত শিল্প থেকে আর আমাদের মাত্র ৬-৭ শতাংশ। মাথাপিছু আয়ের কথা নাহয় আর না বলি। এই দীর্ঘ সময়ে লড়াই-সংগ্রামের পর এখন বাংলাদেশে মাথাপিছু দেশজ উৎপাদন ১ হাজার ৫৩৮ ডলার আর পাকিস্তানের ১ হাজার ৪৭০ ডলার! এর অন্যতম কারণ ১০ বছর ধরে আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি এবং গত দুই বছর এটি প্রায় ৭ শতাংশ। আর এ সময়ে জিডিপিতে আমাদের শিল্পের অবদান ৬ থেকে বেড়ে হয়েছে ২৯ শতাংশ। এ সময় আমরা বিদেশিদের পুরোনো কাপড় পরতাম, সবাইকে আচ্ছাদিত করতে পারতাম না। আর এখন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ভারত ও পাকিস্তানের সম্মিলিত তৈরি পোশাক রপ্তানির চেয়ে বেশি।
দ্বিতীয় খবরটি পাওয়া গেছে গতকাল, বুধবার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থান পেয়েছে। গত বছর আমরা ছিলাম ১০৬তম। এর মানে হলো, ৭ ধাপ এগিয়ে আমরা প্রথমবারের মতো এই সূচকের ১০০-এর মধ্যে ঢুকে পড়েছি।
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বরাবরের মতো এবারও প্রথম অবস্থান পেয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। তৃতীয় অবস্থানে সিঙ্গাপুর। নেদারল্যান্ডসের অবস্থান চতুর্থ, জার্মানি পঞ্চম। আর আমাদের আশপাশের দেশগুলোর অবস্থান ভারত (৪০), শ্রীলঙ্কা ((৮৫) ও পাকিস্তান (১১৫)। ১৯৭৯ সাল থেকে ১২টি বিষয়ের ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সক্ষমতা সূচক তৈরি করা হয়। এগুলো হলো প্রতিষ্ঠান, অবকাঠামো, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ, পণ্যবাজারের দক্ষতা, শ্রমবাজারের দক্ষতা, প্রযুক্তি, বাজারের আকার, ব্যবসায় উন্নতি ও উদ্ভাবন প্রভৃতি।
>আমাদের অর্থনীতির বড় হওয়ার বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শিক্ষিত শ্রমশক্তির অভাব! বলা হচ্ছে, তাঁরা মানসম্মত নন। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বেসরকারি খাত এরই মধ্যে বিদেশি কর্মীদের শরণাপন্ন হয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাত, উন্নত প্রযুক্তিনির্ভর শিল্পের মাঝারি ও উচ্চপদে এরই মধ্যে বিদেশি কর্মীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এক হিসাব বলছে, গত অর্থবছরে এই সব বিদেশি কর্মী না হলেও ৩০ হাজার কোটি টাকার বেশি নিজেদের দেশে নিয়ে গেছেন।
আমাদের উন্নতির দুইটি জায়গা তারা লক্ষ করেছে। একটি হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং অন্যটি হলো অবকাঠামোর উন্নয়ন। অন্যদিকে যেসব কারণে আমরা আরও এগিয়ে যেতে পারছি না তা হলো দুর্নীতি, অদক্ষ আমলাতন্ত্র এবং শিক্ষিত শ্রমশক্তির অভাব।
এর মধ্যে শিক্ষিত কর্মীর অভাবের কথা উঠে এসেছে বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, মানসম্মত কর্মসংস্থান তৈরিতে আগের দশকের চেয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আর তার কারণগুলোর একটি হলো কর্মীদের দক্ষতার অভাব। বোঝা যাচ্ছে, আমাদের অর্থনীতির বড় হওয়ার একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শিক্ষিত শ্রমশক্তির অভাব! বলা হচ্ছে, তাঁরা মানসম্মত নন। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বেসরকারি খাত এরই মধ্যে বিদেশি কর্মীদের শরণাপন্ন হয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাত, উন্নত প্রযুক্তিনির্ভর শিল্পের মাঝারি ও উচ্চপদে এরই মধ্যে বিদেশি কর্মীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এক হিসাব বলছে, গত অর্থবছরে এই সব বিদেশি কর্মী না হলেও ৩০ হাজার কোটি টাকার বেশি নিজেদের দেশে নিয়ে গেছেন।
মাঝারি ও উচ্চপদের ব্যবস্থাপক কিন্তু বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় না। তাঁদের তৈরি করতে হয় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে। ঠিক এ জায়গাটাতেই আমাদের অনেক ঘাটতি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হয় ব্যক্তি উদ্যোগে। তাই দেশে দেশে সরকার এসব উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার জন্য মুখিয়ে থাকে। এখানে উল্টো। তাঁদের প্রতি পদে পদে হয়রানির শিকার হতে হয়। সামান্য ব্যাংক লোনের জন্য জুতার সুখতলী ক্ষয়ে ফেলতে হয়। তারপরও যদি জোটে তখন করা হয় বৈমাত্রেয় আচরণ। কোটি কোটি টাকার ঋণ বিনা বাক্যব্যয়ে ব্যাংকগুলো পুনঃতফশিলীকরণ করলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের সামান্য টাকার জন্য খড়্গহস্ত হতে হয়। গতকালও একজন সফল নারী উদ্যোক্তা ব্যাংক নিয়ে তাঁর দুঃখের বয়ান বলেছেন আমার কাছে। শুধু কি ব্যাংক? আমাদের ট্রেড লাইসেন্স আইনটি এমন যে একজন নতুন উদ্যোক্তার হয়রানি শুরু হয় ট্রেড লাইসেন্স করা থেকে। এই যেমন সেই আইনে বলা হয়েছে, উদ্যোক্তার নির্দিষ্ট ‘বর্গফুট’ দোকান বা অফিস থাকতে হবে, সেটা আবার কেবল বাণিজ্যিক জায়গাতেই হতে হবে। বটে, এখন একজন মহিলা কর্মী নিজের বাড়িতেই একটি বুটিক হাউস কিংবা একটা ছোট পার্লার করতে পারেন। বিশ্বের কোথাও তাঁকে এ জন্য হয়রানির শিকার হতে হয় না। কিন্তু বাংলাদেশে ওই উদ্যোক্তাকে দালালের কাছে টাকা দিয়ে ‘অন্য ঠিকানা’ দেখিয়ে তাঁকে ট্রেড লাইসেন্স করতে হয়। এভাবে প্রতি পদে হয়রানির শিকার হওয়া উদ্যোক্তার পক্ষে কেমন করে দক্ষ ব্যবস্থাপক গড়ে তোলা সম্ভব তা কি আমরা কখনো ভেবে দেখেছি?
মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।