অভিবাসন ব্যবস্থাপনা সঠিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতারা নিরাপদ, বিধিবদ্ধ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসনে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। এ বছর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁদের আরও অনেক কিছু করার দরকার রয়েছে।
জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো অভিবাসনের বহুবিধ সুবিধার বিষয়টি স্বীকার করে। এর মধ্যে রয়েছে বৈশ্বিক শ্রমবাজার স্থিতিশীল করা, জ্ঞান ও চিন্তার বিস্তার ঘটানো, ব্যবসা ও বিনিয়োগে গতি সঞ্চারকারী প্রবাসী জনগোষ্ঠী সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রার মাধ্যমে বিশ্বজুড়ে অর্থনীতিকে টেকসই রাখা। আর এ সবই জোগায় স্বদেশের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আবাসনের সুযোগ।
এসব সুবিধা অবলীলায় উবে যেতে পারে, যদি অভিবাসন দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিচালনা করা না হয়। ভূমধ্যসাগর, আন্দামান সাগর এবং মধ্য আমেরিকান করিডর, সাহারা ও উত্তর-পূর্ব আফ্রিকা অঞ্চলের সংকটের মধ্যে সম্প্রতি সেটাই আমরা দেখতে পেলাম।
গন্তব্যে পৌঁছাতে গিয়ে ৪ হাজার ৩০০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। কেবল ভূমধ্যসাগরেই প্রাণহানি হয়েছে ৩ হাজার ২০০ মানুষের। আর বঙ্গোপসাগরের ঠিক পূর্বে আন্দামান সাগরে হাজারো অভিবাসী কোথাও ভিড়তে না পেরে নৌকায় আটকে থেকেছে অথবা পাচারকারীদের হাতে জিম্মিদশায় পতিত হয়েছে।
এই প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্য-সরকারগুলোর উচিত গত বছর যেসব উচ্চাশার প্রতি সমর্থন জানানো হয়েছিল, তার সঙ্গে বাস্তবতার ব্যবধান এবং বহু অভিবাসী যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সে বিষয়ে ওয়াকিবহাল হওয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের এ মাসের অধিবেশনে, বিশেষত অভিবাসন ও শরণার্থী বিষয়ে এই অভূতপূর্ব সম্মেলনে বিশ্বনেতারা এই দায় মেটাতে পারেন।
বিশ্বনেতাদের প্রথমেই বৈশ্বিক অভিবাসন পরিচালনার বিষয়ে তাঁদের অঙ্গীকার নবায়ন করে নেওয়া উচিত। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ বছরের গোড়ায় যেমনটা প্রস্তাব করেছিলেন, সে অনুযায়ী ২০১৮ সালে প্রথমবারের মতো আন্তসরকারি সম্মেলনে; বিশেষ করে অভিবাসন বিষয়ে নতুন বৈশ্বিক চুক্তি প্রণয়নের ব্যাপারে একমত হওয়া উচিত।
জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর নতুন এক বৈশ্বিক চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনাটাই এক তাৎপর্যপূর্ণ উন্নতি। কেননা, আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে কার্যকরভাবে অভিবাসন পরিচালনার বিষয়ে সংগ্রাম করে আসছে। আন্তর্জাতিক সহযোগিতার পথনির্দেশের লক্ষ্যে বৈশ্বিক পরিচালনকারী প্রতিষ্ঠান ও আইনি কাঠামো যখন নেই, তখন বেশির ভাগ দেশের উচিত যার যার অভিবাসনপ্রবাহকে এককভাবে সামলানোর পথ বেছে নেওয়া।
যখন রাষ্ট্র কার্যকরভাবে অভিবাসন পরিচালন করতে ব্যর্থ হয়, তখন তারা এমন এক শূন্যতা সৃষ্টি করে, যা পূরণ করে নির্দয় ব্যক্তিরা—চোরাকারবারি, পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্র। আর ইতিমধ্যে অভিবাসনের সুফলের বদলে বিভিন্ন দেশ, অভিবাসী ও আশ্রয়দানকারী সমাজগুলো বরং খেসারতই দিয়ে যাচ্ছে।

অভিবাসী ও শরণার্থীদের জন্য আমাদের অনেক কিছু করা বাকি
অভিবাসী ও শরণার্থীদের জন্য আমাদের অনেক কিছু করা বাকি

বর্তমানে সদস্যরাষ্ট্র, অভিবাসী ও আশ্রয়দানকারী সমাজগুলোকে কার্যকরভাবে সহায়তা দেওয়ায় জাতিসংঘের সীমাবদ্ধতা রয়েছে। অভিবাসনের বিষয়টি সামলানোর জন্য জাতিসংঘের সদস্যসরকারগুলোর আন্তর্জাতিক কাঠামো প্রতিষ্ঠার সর্বজনীন নীতি বিষয়ে একমত হওয়ার দরকার রয়েছে। আর স্বয়ং জাতিসংঘেরও উচিত অভিবাসনবিষয়ক কাজটা ছড়ানো-ছিটানোভাবে বিভিন্ন সংস্থার কাছে না রেখে অন্যতম মূল লক্ষ্য হিসেবে নেওয়া।
সৌভাগ্যজনকভাবে আজ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জাতিসংঘ ব্যবস্থায় যোগ দিচ্ছে। আশা করা হচ্ছে, আইওএম অভিবাসন পরিচালনকে আরও দক্ষ ও সমন্বিত করায় নেতৃত্বদানকারী ভূমিকা রাখবে।
নির্দিষ্টভাবে অভিবাসন পরিচালনকে আরও উন্নত করার লক্ষ্যে বৈশ্বিক চুক্তির ধারণাকে সূচিত করেছে আমার দেশ, বাংলাদেশ। অভিবাসন ও উন্নয়নবিষয়ক বৈশ্বিক ফোরামের বর্তমান সভাপ্রধান হিসেবে বাংলাদেশ তার অর্জিত শিক্ষাকে বৈশ্বিক চুক্তিতে প্রতিফলনের নিশ্চয়তার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কিন্তু নিছক বিদ্যমান অঙ্গীকার নতুন করে ব্যক্ত করা বা পুনরায় সমঝোতার জন্য নতুন চুক্তি স্বাক্ষর এড়াতে বিশ্বনেতাদের উচিত আগের প্রস্তাবগুলো কাজে পরিণত করা এবং আরও অগ্রগতি
সাধনে এখনই প্রাতিষ্ঠানিক ও আইনি ভিত্তি প্রণয়ন করা।
অভিবাসন বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি হওয়া উচিত সরকারসমূহের মধ্যকার চুক্তিগুলো, যেমন টেকসই উন্নয়নের এজেন্ডা ২০৩০, আদ্দিস আবাবা অ্যাকশন এজেন্ডা ২০১৫, সেন্ডাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০১৫ এবং ২০১৩-এর ডিক্লারেশন অব হাই-লেভেল ডায়ালগ অন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট।
অভিবাসন এক বহুমাত্রিক বিষয়। এটা দাবি করে এমন সমন্বিত পদক্ষেপ, যা বিদ্যমান জাতীয় আইন ও বিধিমালার প্রতিও শ্রদ্ধাশীল থাকবে। নীতিনির্ধারকদের উচিত অভিবাসনের অর্থনৈতিক সুফল সর্বোচ্চকরণে কাজ করা; অভিবাসীরা যাতে বেআইনি বিকল্পের দিকে পা না বাড়ায়, তার জন্য আইনি পথ প্রশস্ত করা। উচিত কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার বাধা কমিয়ে আনা; অনিয়মিত অভিবাসনপ্রবাহকে সামলানো এবং এ বছর যেমনটা হয়েছে; বিশেষত যুদ্ধাঞ্চলে অথবা যখন অভিবাসন সংকটজনক পর্যায়ে চলে আসে, তখন অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
দেশসমূহ ও বেসরকারি সংস্থাগুলোকে অবশ্যই অভিবাসীদের শোষণের বিষয়ে সজাগ থাকতে হবে। সরকারগুলোর উচিত শরণার্থীদের আবাসিত করা এবং দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক শর্তগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অভিবাসন ও বড় আকারের জন চলাচলের সমস্যা মোকাবিলায় নতুন অংশীদারির বিবেচনা করা।
চূড়ান্তভাবে কার্যকর অভিবাসন পরিচালন দাবি করে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো প্রণয়ন। যেমন, কোনো দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জাতীয় স্বার্থ, তাদের সীমান্ত নিয়ন্ত্রণ এবং তাদের অভ্যন্তরীণ আইন প্রয়োগের বিষয়গুলো অবশ্যই অভিবাসীর মানবাধিকার, জীবনের মানোন্নয়নে তাদের বৈধ আকাঙ্ক্ষা এবং সমাজের অভিবাসী ও ক্রমবর্ধমান বৈচিত্র্যের প্রয়োজনীয়তার সঙ্গে ভারসাম্যপূর্ণ রাখা।
এসব উদ্বেগ একত্রে মেটানোয় আন্তর্জাতিক সম্প্রদায় যৌথ দায়িত্বশীলতার মাধ্যমে যৌথ সমৃদ্ধির নীতি ঊর্ধ্বে তুলে ধরতে পারে।
আর এটাই রয়েছে জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন কার্যসূচির মূলে। জনতুষ্টিবাদীদের পছন্দের ধ্বংসাত্মক একপক্ষীয়তার বদলে দুনিয়াকে গঠনমূলক উন্নয়নের নতুন পথে নেওয়ার সময় এসে গেছে। আমাদের সবারই স্বীকার করা দরকার, কষ্ট কমানো ও অর্জন সর্বোচ্চকরণে অভিবাসন সবার জন্যই ফলদায়ক।
প্রজেক্ট সিন্ডিকেট থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
[বাংলাদেশে শুধু প্রথম আলো বিশেষ ব্যবস্থায় প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ বাংলায় প্রকাশ করে থাকে।]
শেখ হাসিনা: প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।