অভিবাসন রোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অভিবাসন রোধ করতে গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে, গড়ে তুলতে হবে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তা। বিশ্ব খাদ্য দিবস ২০১৭ সফল হোক’, এটা ছিল এবার বিশ্ব খাদ্য দিবসের স্লোগান। এই স্লোগান নিয়ে তৈরি রঙিন পোস্টারে ঢাকার ফার্মগেটের রাস্তা মুড়ে দেওয়া হয়েছে, বৃষ্টিতে ধুয়ে গেছে অনেক, তারপরও জ্বলজ্বল করছে এখানে-সেখানে ‘অভিবাসন রোধ করতে স্লোগান’! অভিবাসন রোধ করতে স্লোগান পড়ে একটু অবাক হলাম। খাদ্য দিবসের সঙ্গে অভিবাসন রোধের কী সম্পর্ক?

অভিবাসন কি রোগ, নাকি বন্যা, তাকে কেন রোধ করতে হবে? অভিবাসন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থিতু হওয়া। কেন মানুষ ঘর ছেড়ে পাড়ি জমায় কখনো দেশের মধ্যেই অন্য কোথাও, আবার কখনো দেশ ছেড়ে অন্য দেশে? কখনো স্রেফ প্রাণ বাঁচানোর তাগিদে, আবার কখনো–বা একটু ভালো থাকার জন্য। নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে মানুষ পরিশেষে শরণার্থী হয়ে কাছেপিঠে বাঁধে আশ্রয় নেয়। খুব দূরে যায় না; কারণ, ওখানেই তার জীবিকা। চেনাজানা হাটবাজার, কাজ পাওয়া যাবে কোনো একটা। কাজ না পেলে তখন সে হাঁটে; দূরে কোথাও যাওয়ার কথা ভাবে, কিন্তু চিন্তা একটাই, কাজ কোথায় পাওয়া যাবে। যেখানে কাজ, সেখানেই সে যাবে। চরের মানুষ এক চর থেকে আরেক চরে যায় কিন্তু সমাজ ভাঙে না। সবার সঙ্গে সবার হয়তো রক্তের বন্ধন নেই, কিন্তু সামাজিক বন্ধন একটা আছে। অভিবাসী হয়ে ঢাকায় রিকশা চালাতে এলেও—উলিপুর, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামের মানুষেরা শ্রীবর্দী, শেরপুর, সুসং দুর্গাপুর বা নালিতাবাড়ী, ময়মনসিংহের মানুষ কি মেসে থাকে না? একই কারণে কি লস অ্যাঞ্জেলেসে খোদ লিটল বাংলাদেশে গড়ে ওঠে না গলাচিপা সমিতি কিংবা নিউইয়র্কে গোলাপগঞ্জ সমিতি?

চরের মানুষের অভিবাসন-কৌশলেও পরিবর্তন আসছে। আগে তারা উজানমুখী ছিল অনেকটা মাছের মতো। উজানে বালু বেশি, মাটি কম, তাই চর নিয়ে কাইজা-ঝামেলাও কম। এভাবেই দু-তিন পুরুষে সিরাজগঞ্জের মানুষ পৌঁছে গেছে রৌমারী। এবার চৌহালীর চরে দেখলাম এক আজব ঘটনা—চর ডুবছে, চর ভাঙছে, মানুষ চাল, খুঁটি আলাদা করে নৌকায় তুলছে ডাঙার উদ্দেশ্যে। একটা বড় নৌকায় মুরগির ঘর, টিন, খুঁটি, বাছুর, ছাগল, হাঁস-মুরগি, খাট, চৌকি, লেপ-তোশকের বড় ট্রাংক, এমনকি জ্বালানি খড়িও ওঠানো হচ্ছে। ‘কনে যাবেন, বু?’ উত্তর শুনে বিষম খাওয়ার জোগাড়—‘হাজিপুর, থানা ধামরাই।’

নয়ারহাট পোশাক কারখানায় কাজের সুযোগ চৌহালী, রৌমারীর থেকে অনেক বেশি। কাজ যেখানে, মানুষ সেখানে যাবে—মাছ ধরতে শরীয়তপুরে জলদাসরা হাতিয়া, মনপুরায় চলে যায় ইলিশের মৌসুমে। এবার তাদের একদলকে দেখলাম শিবসায়, চালনায়। কয়েক বছর ধরে ইলিশ আসছে শিবসা, গোলা আর বলেশ্বরে—এবার এসেছে ঝাঁকে ঝাঁকে। অভিবাসী জলদাসরা তাই ঘুরিয়েছে তাদের নৌকার হাল। কে তাদের ঠেকাবে? রোধ করবে তাদের গতিপথ? তাহলে মানুষ কি শুধু আয়-রোজগারের জন্যই অভিবাসী হয়? নিশ্চয় এটা একটা শর্ত, তবে একমাত্র শর্ত নয়।

চৌহালীর আম্বিয়া খাতুন যে নৌকা ছোটালেন ধামরাইয়ের পথে, তিনি কি শুধুই জীবিকার জন্য লটবহর, ছানাপোনা, বিধবা মা আর পঙ্গু নানাকে নিয়ে নৌকা হাঁকালেন? আম্বিয়া খাতুন বছর দু-এক সাভারে মেসে থেকে পোশাক কারখানায় কাজ করে সংসার টেনেছেন। এবার বড় একটা কারখানায় কাজ পেয়েছেন। ছেলেমেয়েদের স্কুলে পড়াবেন। নানাকে চিকিৎসা করাবেন সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসাকেন্দ্র)। চৌহালীতে কাজ থাকলেও তিনি সাভারে চলে আসতেন লেখাপড়া, চিকিৎসা, তাঁর নদীভাঙনের সর্বনাশা প্রতীক্ষা থেকে মুক্তি পেতে। আমরা কি কখনো ভেবে দেখেছি, সন্দ্বীপের সবচেয়ে ধনী মানুষটা কি সন্দ্বীপে থাকেন? যেখানে তাঁকে কাঁধে করে লঞ্চ থেকে নামানোর লোকের অভাব নেই। মাথায় ছাতা ধরার, বাতাস করার, এমনকি পা টিপে দেওয়ার লোকও আছে কাতারে কাতারে। সেখানে তিনি কেন থাকেন না? আয়-রোজগার তাঁর কাছে কোনো ব্যাপার নয়, তবু তিনি সন্দ্বীপছাড়া।

অভিবাসনের ক্ষেত্রে ঠেলা (পুশ) আর টেনে তোলা (পুল) দুটো প্রপঞ্চই কাজ করে—পুল-পুশ বা টানা-ঠেলার মধ্যেই মানুষের জীবন ঘুরপাক খায়। গ্রামে হাঁস ডিম পাড়লে, মুরগির খামারে মোরগের চিৎকার বাড়লে বা গরুর খামার বানাতে পারলে অভিবাসন রোধ করা যাবে, এমন সরল ভাবনায় আরেকটু চিন্তার প্রয়োজন।

বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ছিল ইংরেজিতে এ রকম—চেঞ্জ দ্য ফিউচার অব মাইগ্রেশন, ইনভেস্ট ইন ফুড সিকিউরিটি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ‘চেঞ্জ’ মানে কি রোধ করা? বদলে দেওয়া বা পরিবর্তনকে আমরা রোধ করা বলি কেমন করে? গ্রামীণ অবকাঠামোর উন্নতি আর খাদ্যনিরাপত্তায় লগ্নি করে ভবিষ্যৎ অভিবাসনের ধারায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে মূল বার্তায়। আম্বিয়া খাতুন তাঁর নানার চিকিৎসা আর ছেলেমেয়ের মানসম্মত লেখাপড়ার সুযোগ চৌহালীর গ্রামীণ অবকাঠামোতে পেলে আর খাদ্যনিরাপত্তার সুযোগ থাকলে ধামরাই হাজিপুরে দারাপুত্রপরিবার নিয়ে হয়তো চলে যেতেন না। ভাবতেন দুবার। নিজে হয়তো থেকে যেতেন সাভারেই মেসে, নয়তো কাজ খুঁজতেন এনায়েতপুরের কোনো পোশাক কারখানায়। পোশাক কারখানা কি সাভার, নারায়ণগঞ্জ ছেড়ে এনায়েতপুর, শাহজাদপুর, বেলকুচিতে আসবে? অবকাঠামো থাকলে হয়তো আসবে। উগান্ডা, তানজানিয়ায় সস্তা রিফিউজি শ্রমিকের খোঁজে যদি বাংলাদেশের মালিকেরা উড়োজাহাজে পাড়ি জমাতে পারেন, তাহলে যমুনা পাড়ি দেবেন না কেন?

ভুলে গেলে চলবে না, অভিবাসন এখন একটা স্বীকৃত অধিকার। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজনের একটা কৌশল বলে মেনে নেওয়া হয়েছে অভিবাসনকে। যাদের গায়ে জলবায়ু পরিবর্তন বা দুর্যোগের শাপ–তাপ লাগেনি, তারা চট করে এই অধিকার চাইবে না, সেটাই স্বাভাবিক।

অনুবাদ-বিভ্রাটের একটা বাস্তব গল্প দিয়ে শেষ করি: ১৯৮১-৮২ সালের কথা। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য সাময়িকীর কাজ করছি। অনুবাদের কাজই বেশি। আমাদের দেশের অনেক ক্ষেত্রের বিশেষজ্ঞরা বলেন বেশি, লেখেন কম। আর সাধারণ মানুষের বোধগম্য লেখা তো কেউ লিখতেই চান না। প্রতিষ্ঠানটির অন্য কাজে যোগ দিতে আসা এক উচ্চশিক্ষিত ব্যক্তিকে আমার সঙ্গে জুড়ে দেওয়া হলো অনুবাদের কাজ এগিয়ে নেওয়ার জন্য। বড় গল্প ছোট করি—পরিবার পরিকল্পনার ব্যর্থতার দিকে আলোকপাত করা ইংরেজির অনুবাদ হলো এমন, ইংরেজিতে ছিল: ‘হোয়েন দ্য মেল হেলথ ভিজিটরস ভিজিট দ্য ভিলেজ উইমেন টু মনিটর দ্য ইউজ অব দ্য বার্থ কন্ট্রোল ম্যাটেরিয়ালস দে (ভিলেজ উইমেন) ফিল শাই অ্যান্ড থিংক ইটস বেটার টু লাই।’ অনুবাদ হলো এ রকম: পুরুষ স্বাস্থ্যকর্মীরা গ্রামের নারীদের কাছে গেলে তারা লজ্জা পেয়ে তাদের সঙ্গে শয়ন করাই শ্রেয় মনে করে।

‘চেঞ্জ’ এর অনুবাদ ‘রোধ’ তেমনি এক অনুবাদ নয় তো?

গওহার নঈম ওয়ারা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।