অভিবাসীদের এখন কঠিন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে ৪০ হাজারেরও বেশি অভিবাসী—নর, নারী ও শিশু—যুক্তরাষ্ট্রের বিভিন্ন জেলা কারাগার, রাজ্য বন্দিশালা এবং বেসরকারিভাবে পরিচালিত আটককেন্দ্রগুলোতে ঘুমাবে। না, কোনো অপরাধের শাস্তি হিসেবে এদের আটক করা হয়নি। এদের আটক হওয়ার কারণ, তারা এ দেশ ছেড়ে যেতে চায়নি। এদের অনেকেই হয়তো একসময় টিকে যাবে এবং বৈধভাবেই যুক্তরাষ্ট্রে বাস করবে। কিন্তু কোনো ধরনের শুনানি ছাড়াই এদের আটকে রাখা হয়েছে এবং তারা জানে না কবে এ অবস্থা থেকে তাদের মুক্তি ঘটবে।
যুক্তরাষ্ট্রে অজস্র অভিবাসীকে এভাবে অযথা মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হচ্ছে, যা আমাদের সংবিধানকে লঙ্ঘন করছে এবং পাশাপাশি দেশের মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপিয়ে দিচ্ছে, যা দেওয়ার সামর্থ্য অনেক মানুষের নেই।
গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের করা এক মামলার শুনানির সময় এই সাংবিধানিক ও নৈতিক সংকটের বিষয়টি উঠে আসে।

>সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী, সরকারি অভিশংসক অথবা পুলিশ কর্মকর্তা কোনো অভিবাসীকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখার সিদ্ধান্ত নিতে পারেন না

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট এবং ইউনাইটেড কোর্ট অব অ্যাপিলস ফর দ্য নাইনথ সার্কিট উভয়ই বিনা বিচারে অভিবাসীদের মাসের পর মাস বা বছরের পর বছর ধরে আটক রাখার সরকারের এই নিয়মিত চর্চাকে প্রত্যাখ্যান করেছেন। এই দুটি আদালত এক আদেশে বলেছেন, যখন কোনো অভিবাসীকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয় (ছয় মাসেরও বেশি), তখন অভিবাসন-বিষয়ক বিচারকের উচিত এ বিষয়ে শুনানি করা। এই নির্দেশ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নয়টি রাজ্যের হাজার হাজার অভিবাসীকে প্রথমবারের মতো সুযোগ এনে দেয়। আর তা হচ্ছে, অভিবাসীরা একজন অভিবাসন বিচারকের কাছে ব্যাখ্যা করতে পারবেন যে কেন তাঁরা এ দেশের মানুষের জন্য বিপজ্জনক নন এবং শুনানি চলাকালে তাঁদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও তাঁরা কেন কারও ক্ষতির কারণ হবেন না। এই আদেশের ফলে এই প্রথমবারের মতো সরকারকে এখন একজন অভিবাসন বিচারকের কাছে প্রমাণ করতে হবে যে কেন এসব অভিবাসীকে আটক করা প্রয়োজন।
এ ধরনের মামলায় বেশির ভাগ ক্ষেত্রে—৭০ শতাংশের মতো—বন্দীকে মুচলেকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়। সুপ্রিম কোর্টে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, জোরালো কোনো কারণ ছাড়াই অভিবাসীদের আটক করা হয়েছে। এর ফলে তাঁদের পরিবার বিপদে পড়েছে এবং অর্থকড়ি না থাকায় সরকারের করা বিতাড়ন মামলা লড়তে তাঁদের অসুবিধা হচ্ছে। কারাগারের জঘন্য পরিবেশে থেকে তাঁরা হতাশায় ভুগছেন।
আদালতের আদেশ সত্ত্বেও সরকারের মনোভাবে যে খুব একটা পরিবর্তন এসেছে, তা নয়। সরকার কোনো ধরনের শুনানি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য অভিবাসীদের আটক রাখতে চায়। এটা সংবিধানের নীতির পরিপন্থী। সরকার যখন কাউকে কারাগারে আটক রাখবে, তখন অবশ্যই এর শুনানি হতে হবে এবং একজন স্বাধীন বিচারক নির্ধারণ করবেন ওই ব্যক্তিকে আটকে রাখার যথেষ্ট যুক্তি সরকারের আছে কি না।
সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী, সরকারি অভিশংসক অথবা পুলিশ কর্মকর্তা কোনো অভিবাসীকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখার সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু যখন অভিবাসীদের বিতাড়নের প্রশ্ন এল, তখন সরকার তার ক্ষমতার অপব্যবহার করা শুরু করল।
অভিবাসন এজেন্টরা যখন এই ক্ষমতা হস্তগত করল, তখন তারা মারাত্মক ভুল করা শুরু করল। এবং এমনকি জেনেশুনে নির্যাতনমূলক সিদ্ধান্ত নিতে থাকল। আহিলান নাদারাজাহ নামের শ্রীলঙ্কার এক অভিবাসীকে এভাবে পাঁচ বছরেরও বেশি সময় আটকে রাখা হয়। তিনি শ্রীলঙ্কা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন বেশ কয়েক বছর আগে। তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চান এবং অভিবাসন বিচারকের সামনে দুবার তাঁর দাবি জয়ী হলেও তাঁকে ছেড়ে দেওয়া হয়নি। আজ তিনি অবশ্য একজন মার্কিন নাগরিক।
এবার আসি আলেজান্দ্রো রদ্রিগেজের কথায়। তিনি যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা। যুক্তরাষ্ট্রে আসার সময় তিনি ছিলেন একেবারেই কোলের শিশু। ঘোড়া চালানো ও মাদক রাখার অভিযোগ এনে সরকার তাঁকে দেশ থেকে বিতাড়নের সিদ্ধান্ত নেয় এবং তিন বছরেরও বেশি সময় আটকে রাখে। এই দীর্ঘ সময় কোনো শুনানি হয়নি। সরকারের বিরুদ্ধে করা মামলায় জয়ের পর তিনি ছাড়া পান।
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অনেক অভিবাসীকে আটক করার অঙ্গীকার করেছেন। তাঁর এই অঙ্গীকার বাস্তবায়িত হলে আইনি মর্যাদা দাবি করা বহু অভিবাসীকে মাসের পর মাস, বছরের পর বছর ধরে জেলখানায় আটকে থাকতে হবে।
আর তাঁদের মামলাগুলো আইনি বিস্মৃতির মধ্যে পতিত হবে। অবশ্য এ ধরনের অবিচার এড়াতে আমেরিকার সংবিধানে অভিবাসীসহ প্রত্যেককেই সুরক্ষা দেওয়ার বিধান রয়েছে।
অনুবাদ: রোকেয়া রহমান, দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
সেসিলিয়া ডি ওয়াং: আফ্রিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের অভিবাসন অধিকার প্রকল্পের পরিচালক।