অভিবাসীদের দিকে আঙুল কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাতে প্যারিসের রাস্তায় যে সন্ত্রাসী হামলা হলো, তার দুটি আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত রয়েছে: প্রথমত, সিরিয়ার গৃহযুদ্ধ ও আইএস-বিরোধী যুদ্ধ এবং দ্বিতীয়ত, শরণার্থী সংকট—যে কারণে ইউরোপ জর্জরিত হচ্ছে। সিরিয়ার ঘটনাপ্রবাহে রাশিয়ার অংশগ্রহণের কারণে দেশটিতে চলমান দ্বন্দ্ব-বিবাদ আরও বেড়েছে। প্যারিস হামলার এক দিন আগেই খবর এসেছিল, মার্কিন বিমান হামলায় ব্রিটিশ নাগরিক ‘জিহাদি জন’ মারা গেছে, এই জন ছিল আইএসের খুবই গুরুত্বপূর্ণ একজন প্রচারক।
অন্যদিকে শুধু এ বছরই পাঁচ লাখ অভিবাসী ও শরণার্থী ইউরোপের দক্ষিণ ও পূর্ব সীমান্তে জড়ো হয়েছে, যাদের বেশির ভাগই এসেছে সিরিয়া থেকে। ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়টি সমন্বিতভাবে সামাল দিতে পারেনি বলে এর সদস্যদেশগুলোর মধ্যে গুরুতর রাজনৈতিক মতভেদ সৃষ্টি হয়েছে। এই ব্যর্থতার কারণে ইউরোপে অভিবাসীদের প্রতি বৈরী মনোভাব সৃষ্টি হয়েছে, ফলে জনপ্রিয়তাবাদী রাজনৈতিক দলগুলোর পোয়াবারো হয়েছে।
অনেক মানুষই প্যারিস হামলার ব্যাখ্যা হিসেবে এ দুটি সংকটকে চিহ্নিত করছেন। অনেকেই আবার মনে করছেন, সন্ত্রাসবাদ হচ্ছে সিরিয়ায় ফরাসি পররাষ্ট্রনীতির ফসল। অন্যরা মনে করছেন, সীমান্তে শিথিলতার কারণে সন্ত্রাসীরা ইউরোপে ঢুকতে পারছে। এই দুই যুক্তিই খুব ভাসাভাসাভাবে স্বতঃসিদ্ধ, কিন্তু দুটি যুক্তিই খুব গভীরভাবে অসত্য।
আইএস আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। যে বাতাক্লঁ থিয়েটারে ৮৯ জন মানুষ মারা গেছেন, সেখানে এক জিহাদিকে বলতে শোনা গেছে, ‘এটা সিরিয়ার জন্য।’ কিন্তু এটা ফরাসি ও পশ্চিমা নীতির কারণে হয়েছে, সেটা মনে করার আগে আমাদের বেশ সতর্ক হতে হবে।
সন্ত্রাসীরা কিন্তু ফরাসি রাষ্ট্রের প্রতীক ও সামরিক স্থাপনায় হামলা করেনি। এমনকি তারা পর্যটন স্পটেও হামলা করেনি, বরং তারা এমন স্থানে হামলা চালিয়েছে, যেখানে সাধারণত তরুণ, বর্ণবাদবিরোধী বিভিন্ন জাতির ফরাসি নাগরিকেরা একত্র হন। এই জায়গাগুলো মধ্যবিত্তের উপযোগী করে তৈরি করা হলেও সেখানে শ্রমিকসহ নানা বর্ণের মানুষেরই যাতায়াত ছিল। হামলার আরেকটি ভেন্যু ছিল ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম, যেখানে ফ্রান্স ও জার্মানির ফুটবল খেলা চলছিল। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও সেখানে উপস্থিত ছিলেন।
ফ্রান্সের ফুটবল দলের মতো এই স্টেডিয়ামেরও মহান সাংস্কৃতিক ঐতিহ্য আছে। ফ্রান্সের জাতীয় দল ‘লাঁ ব্লুস’ নামে পরিচিত, এই দলে কালো, সাদা ও আরব খেলোয়াড়েরা খেলে থাকেন। এই স্টেডিয়ামেই জিনেদিন জিদান নামের এক আলজেরীয় বংশোদ্ভূত ফরাসির নেতৃত্বে ১৯৯৮ সালে ফ্রান্স ফুটবল বিশ্বকাপ জয় করেছিল।
এসব জায়গায় আমজনতা মিলিত হতো, পান করত, খেত, হাসত—সন্ত্রাসীরা আসলে সেটাই ঘৃণা করে, তারা এই সংস্কৃতি মুছে ফেলতে চায়। তারা বৈচিত্র্য ও বহুত্ববাদের মূল্যবোধকেই ঘৃণা করে; ফ্রান্স রাষ্ট্রকে নয়। এই হামলার সঙ্গে ইতিপূর্বে ইউরোপ ও অন্যান্য স্থানে সংঘটিত সন্ত্রাসী হামলার মিল রয়েছে। এমনকি সন্ত্রাসীরা এটাও দাবি করে যে এই হামলার একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভাষ্যকারেরা কখনো কখনো আবার এটার সত্যতা জায়েজ করেন এভাবে যে পশ্চিমা পররাষ্ট্রনীতির অন্যায্যতা ও তাদের মুসলিমবিরোধী মনোভাবের কারণেই এসব হচ্ছে।

>এটা মনে করিয়ে দেওয়ার দরকার, যে পরিস্থিতি গত শুক্রবার প্যারিসের রাস্তায় সৃষ্টি হলো, সেই একই পরিস্থিতির কারণে সিরিয়া থেকে শরণার্থী ও অভিবাসীরাও দেশ ছেড়ে পালাচ্ছে

কিন্তু তারপরও দেখা যাচ্ছে, অধিকাংশ হামলাই কিন্তু রাজনৈতিক লক্ষ্যবস্তুতে করা হচ্ছে না, করা হচ্ছে ক্যাফে, মসজিদ ও ট্রেনে। রাজনৈতিক লক্ষ্য অর্জন করার জন্য এসব হামলা করা হচ্ছে না, ১৯৭০ ও ৮০-এর দশকে ব্রিটেনের আইআরএ বোমা বর্ষণের ঘটনা যেমনটা ছিল। এগুলো বরং সবকিছু শেষ করে দেওয়ার লক্ষ্যে পরিচালিত বর্বরতা, যার একমাত্র লক্ষ্য হলো ভীতি সৃষ্টি করা।
বামদের অনেকেই যদি এই হামলার জন্য পশ্চিমা পররাষ্ট্রনীতিকে দায়ী করেন, তাহলে ডানদের অনেকেই শরণার্থী ও অভিবাসীবিরোধী বাগাড়ম্বর আরও তীব্র করার জন্য এটাকে ব্যবহার করেন। তাঁরা মনে করেন, ফ্রান্স যদি সীমান্তে আরও কড়াকড়ি আরোপ করত, তাহলে এই হত্যাযজ্ঞ এড়ানো যেত। প্যারিসের হত্যাকারীরা আগে কী করত, আমরা এখনো সেটা জানি না। তারা হয়তো সম্প্রতি অভিবাসী ও শরণার্থী হয়ে ফ্রান্সে এসেছে। এটা যদি সত্যও হয়, তাহলেও এ ঘটনার সঙ্গে শরণার্থী সংকটকে যুক্ত করার চেষ্টা প্রশ্নের মুখে পড়বে।
এটা মনে করিয়ে দেওয়ার দরকার, যে পরিস্থিতি গত শুক্রবার প্যারিসের রাস্তায় সৃষ্টি হলো, সেই একই পরিস্থিতির কারণে সিরিয়া থেকে শরণার্থী ও অভিবাসীরাও দেশ ছেড়ে পালাচ্ছে। আর ইউরোপ এই শরণার্থীদের বন্ধুসুলভ ঢঙে বিদায় না দিয়ে ২৫ বছর ধরে অভিবাসন ঠেকাতে সীমান্তগুলোকে দুর্গ বানিয়েছে, যার পাহারায় রয়েছে সেনাবাহিনী।
প্যারিসের হত্যাকারীদের পরিচয় যাই হোক না কেন, এখন পর্যন্ত কিন্তু ইউরোপের এই সন্ত্রাসের সমস্যা শরণার্থীদের নৌকায় আসা সন্ত্রাসীদের কারণে সৃষ্টি হয়নি। মূলত, সেখানে গজিয়ে ওঠা সন্ত্রাসীরাই এসব ঘটাচ্ছে। এ বছরের জানুয়ারিতে শার্লি এবদোর হত্যাকাণ্ডের জন্য দায়ী কৌচি ভ্রাতাদের জন্ম কিন্তু প্যারিসেই হয়েছিল। প্যারিসের কোশের সুপার মার্কেটে যারা হামলা চালিয়েছিল, তাদেরও জন্ম হয়েছিল প্যারিসে। লন্ডনের টিউব ও বাসে ৭/৭ হামলায় যে চারজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল, তাদের মধ্যে তিনজনের জন্ম ব্রিটেনে।
এ পর্যন্ত যে চার হাজার ইউরোপীয় আইএসে যোগ দিয়েছে, তারা সবাই ইউরোপে জন্মেছে। তাদের অনেকেই পেশাজীবী, তারা সেখানকার সমাজের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এসব কারণে শরণার্থীদের দিকে অভিযোগের আঙুল তাক করা হলে ইউরোপে বিকশিত জিহাদের সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়া হয়। এ কারণে আবার অভিবাসীবিরোধী ঘৃণা আরও চাঙা হয়, আর ইউরোপীয় সমাজ বহুধাবিভক্ত হয়ে পড়ে।
প্যারিসের এই বিভীষিকার পরিপ্রেক্ষিতে আমাদের দ্রুত ও সহজ সমাধান খোঁজার তাগিদ বোধগম্য, কিন্তু সন্ত্রাসবাদের সমস্যা এর চেয়ে অনেক জটিল। আমরা যদি সত্যিই সন্ত্রাসবাদ মোকাবিলা করতে চাই, তাহলে এই জটিলতাকেও আমাদের আমলে নিতে হবে।
আল-জাজিরা থেকে নেওয়া
অনুবাদ: প্রতীক বর্ধন
কেনান মালিক: লন্ডনভিত্তিক লেখক।