চট্টগ্রামে হিমাদ্রী মজুমদার নামের এক কলেজছাত্রের নৃশংস হত্যাকাণ্ডের ওপর কবি বিশ্বজিৎ চৌধুরী একটি মর্মস্পর্শী কলাম লিখেছেন প্রথম আলোয়। তাঁর কলাম থেকে জানতে পারি হিমাদ্রীর ঘাতক, তার অন্যতম বন্ধু, ধনী পিতার সন্তান, জুনায়েদ (রিয়াদ), বাড়িতে পোষা তিনটি শিকারি কুকুর ডোবারম্যান পিনচার তার দিকে লেলিয়ে দেয়। ভয়ে হিমাদ্রী ছাদের রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালে, জুনায়েদ ও তার অন্য বন্ধুরা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। গুরুতর আহত হিমাদ্রী সাতাশ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তারপর না ফেরার দেশে চলে যায়। আর এদিকে ঘাতক জুনায়েদের বাবা শাহ সেলিম টিপু ছেলেকে দুই দিনের ব্যবধানে ইংল্যান্ড পাঠিয়ে দেন। এর মধ্যে সাজু নামের একজন ঘাতক টেকনাফে ধরা পড়েছে। হত্যাকারী ছেলেকে ধনী বাবা কর্তৃক বিদেশ পাঠিয়ে দেওয়ার নজির চট্টগ্রাম ও ঢাকাসহ বাংলাদেশে বহু আছে। এ রকম একটি ঘটনায় (বাবা কর্তৃক হত্যাকারী ছেলেকে বাইরে পাঠানো) সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষ খাওয়ার অভিযোগে এখন জেল খাটছেন। ছেলে অপরাধ করলে বাবার ভূমিকা কী হবে—এটি শুধু একটি পারিবারিক নৈতিকতার প্রশ্ন নয়, এটি একটি সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রশ্নও বটে। বাবা-মা, সমাজ ও রাষ্ট্র সবার ভূমিকাই অভিভাবকের। পিতা-মাতা স্বাভাবিক কারণে সন্তানদের প্রতি দুর্বল থাকেন। এমনকি, ভাই ভাইকে খুন করলে, বাবা-মা খুনি ছেলেকে অন্তরীণ বা দণ্ডিত দেখতে চান না, কেননা তখন তাঁরা দুটো ছেলেকেই হারান। একজন জীবন থেকে চলে গেল বলে, আরেকজন থেকেও নেই বলে। তবে বাবা-মা বা অভিভাবকের শক্তিশালী নৈতিক অবস্থানের কথাও আমরা জানি। আমি চট্টগ্রামের কাজীর দেউড়িতে বড় হওয়া ছেলে। খুবই জনবসতিপূর্ণ এলাকা এবং হরেক রকম পেশার লোক বাস করত বলে, অপরাধও সেখানে কম ঘটত না। হাজী সাহেব নামের একজন খুব পরহেজগার লোক তাঁর পরিবার নিয়ে বাস করতেন পেয়ার মোহাম্মদ সওদাগরের পুকুরপাড়ে। মধ্য ষাটের দশকের ঘটনা। হাজী সাহেবের দুই ছেলের মধ্যে ছোট ছেলেটি চুরি করা শুরু করে। তার উৎপাত বেড়ে গেলে একদিন অপরাহ্নে পুলিশ ডেকে এনে হাজী সাহেব ছেলেকে পুলিশের হাতে সঁপে দিয়েছিলেন। হাজী সাহেবের কাজটি অভিভাবকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। খলিফা ওমর (রা.)-এর কথা জানি। আরবে ব্যভিচারের শাস্তি ছিল চাবুক মেরে মৃত্যুদণ্ড। তাঁর ছেলে ওই অপরাধ করলে শাসক হিসেবে খলিফা ওমর (রা.)-এর ওপর বিচারের ভার পড়ে। ছেলে শুধু দোষী সাব্যস্ত হলো না, তাঁকে দোররা মারার ভার তিনি নিজেই নিলেন। তিনি মারতে মারতে পরিশ্রান্ত হয়ে পড়লে খলিফা হযরত আলী (রা.) বাকি কাজটি নিষ্পন্ন করেন। কিন্তু জুনায়েদের ধনী বাবা যে কাজটি করেছেন বলে উল্লিখিত কলামে এসেছে এবং সেটি যদি সত্য হয়, তাতে বোঝা যাচ্ছে আইন নিয়ন্ত্রণ সংস্থার লোকজনসহ তিনি বিমানবন্দরের বহির্গমন বিভাগের লোকজনকে মানিয়ে নিয়েছিলেন, কিংবা এসব সংস্থা কিছু একটা ব্যবস্থা নেওয়ার আগেই তিনি ছেলেকে পার করে দেন। শেক্সপিয়রের রাজা লিয়ার বলছেন, পাপকে স্বর্ণ দিয়ে মুড়ে দাও, বিচারের বর্শা হালকা পাখির পালকের মতো পাপীকে ছোঁবে মাত্র। অজস্র কালো টাকা থাকলে অজস্র জুনায়েদ সৃষ্টি হবে। সেটা তো হলো, কিন্তু বিচারের হাত এড়িয়ে বাবার ক্ষমতা বা টাকা কত দিন ছেলেকে রক্ষা করবে? যেখানে স্বয়ং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রক্ষা পাননি, সেখানে জুনায়েদ কী করে রক্ষা পাবে? শেক্সপিয়রের আরেক চরিত্র, রাজা কিন্তু শীর্ষ সন্ত্রাসী ম্যাকবেথ বলছেন, যদি এ পৃথিবীতে বিচার নামক জিনিস না থাকত, তা হলে নির্বিবাদে এ খুন (রাজা ডানকানকে হত্যা) করা যেত। তার পরও হত্যাকারী ম্যাকবেথের বিপদ আসে বিচারব্যবস্থা থেকে নয়, তাঁর নিজের বিবেক থেকে। বিবেকের দংশন থেকে তিনি ঘুমহারা হোন। এখন জুনায়েদ এবং তার বাবার যদি বিবেক নামক একটি বস্তু থাকে, তাহলে আজকের ক্ষণিকের নিরাপত্তামূলক স্বস্তি যে কাল রৌরবের আগুনের মতো তাদের দাহ করবে না তার নিশ্চয়তা কী? জুনায়েদের বাবা ধনী এবং বাংলাদেশিদের তেমন কোনো কুকুরপ্রীতির কথা জানা না থাকলেও তিনি তিনটি হিংস্র-গোষ্ঠীর কুকুর পালতে ছেলের শখকে প্রশ্রয় দিয়েছেন। ধনী লোকের সন্তানেরা সহজেই বিপথগামী হয়, এ রকম একটা ধারণা লোকমনে শুধু আছে নয়, খানিকটা সত্যও বটে। তবে সন্তান বখে যাওয়ার হিসাব নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারেও কম নয়। কিন্তু ধনী বাবার সন্তানের ক্ষেত্রে বখে যাওয়ার সঙ্গে টাকার জোর থাকে বলে ক্ষমতাও খাটানো যায়, আইনি ব্যবস্থাকে উপেক্ষা করা যায়, কিংবা মুচড়ে দেওয়া যায়। আর এখানে দেখা যাচ্ছে বাবা স্বয়ং (হিমাদ্রীর মা গোপা মজুমদারের সংবাদ সম্মেলনের ভিত্তিতে বলছি) ছেলের অপরাধের ব্যাপারে উসকানিমূলক ভূমিকা পালন করছেন। তিনি নাকি হিমাদ্রীর মা-বাবাকে টেলিফোনে হুমকিও দিচ্ছেন।আরেকটি খবর পাশাপাশি যেটা এসেছে সেটা হচ্ছে, ওই এলাকায় মাদক ব্যবসার একটা আখড়া গড়ে তোলার পেছনে রিয়াদের পরিবারের ভূমিকা ছিল এবং বন্ধু হিসেবে হিমাদ্রী সেখানে বাদ সেধেছিল বলে রিয়াদ তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তা হলে দেখা যাচ্ছে, হিমাদ্রীর খুনটার পেছনে মাদক ব্যবসা জড়িত আছে। যেসব পরিবারে উঠতি বয়সের ছেলেমেয়ে আছে, সেসব পরিবারের মা-বাবার চূড়ান্ত উৎকণ্ঠায় সময় কাটে যে ছেলেমেয়ে কোনো মাদকের দিকে ঝুঁকে পড়ছে কি না। উঠতি বয়সের ছেলেমেয়েরা সাধারণত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনেক সময় বন্ধু-বান্ধবের সংসর্গে পড়ে মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু যার ভেতরের বোধশক্তিটা তৈরি হয়েছে সে খানিকটা বিপথগামী হলেও শেষ পর্যন্ত ওই পথ থেকে ফিরে আসতে পারে। মনোবিজ্ঞানী চিকিৎসক মোহিত কামালের মতে, মাদকে আসক্তজন মাদক কখনো ছাড়লেও যেকোনো মুহূর্তে পুনরায় মাদক গ্রহণের দিকে ঝুঁকে পড়তে পারে। আর সে রকম অবস্থায় যদি রিয়াদ এবং তার পরিবার মাদক ব্যবসার ক্ষেত্রে গডফাদারের পর্যায়ে থাকে তা হলে হিমাদ্রীর মৃত্যুটা নানা দিক থেকে অবক্ষয়ী সমাজের উপসর্গগুলো উন্মোচন করছে।পরিবার, স্কুল ও রাস্তা—এ তিনটি ক্ষেত্র থেকে মানুষ শিখতে শিখতে বড় হয়। প্রতিটা লোকের জন্য জীবনটা হচ্ছে পদে পদে, সে যে বয়সেরই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জনই মনুষ্যত্ব বিকাশের রাস্তা। সন্তানের ভেতরের বোধশক্তি—বিবেক এবং বুঝ—তৈরি হয় অভিজ্ঞতার সঙ্গে পুনঃ পুনঃ ঘর্ষণের ফলে। বাসার চৌকাঠ পার হলেই একজন সন্তান মা-বাবার প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেখানে তার রক্ষাকবচ কী হবে? সে কীভাবে বুঝবে কোনটা ভালো, কোনটা খারাপ? এখানে পরিবার, স্কুল ও সমাজ থেকে পাওয়া একটি শিক্ষা তার কাজে লাগবে। সেটা হলো বিবেক। বিবেক হলো সে গণতান্ত্রিক চেতনা, যা আমাদের নিজেদের স্বার্থের বাইরে অন্যের অবস্থা সম্পর্কেও সচেতন হতে শেখায়। অথচ উল্টো দিকে, রিয়াদের পরিবার প্রশ্রয় দিয়েছে রিয়াদকে এ চিন্তা করতে যে এ বিদেশি প্রজাতির হিংস্র কুকুর একান্ত বন্ধুর দিকেও লেলিয়ে দেওয়া যায়। এবং বন্ধু যখন ভীত অবস্থায় রেলিংয়ে ওঠে তখন তাকে ধাক্কা দিয়ে নিচেও ফেলে দেওয়া যায়। একজন অল্পবয়সী পড়ুয়া ছেলের মনে এ বিবেকহীন নিষ্কম্প ও নিষ্ঠুর মানসিকতা তৈরি হওয়ার পেছনে মা-বাবার আশকারা আছে, আর এ আশকারা তৈরি হয়েছে অবৈধ উপার্জনের ফলে আহূত অপসাহস থেকে। অবৈধ প্রেম যেমন, তেমনি অবৈধ উপার্জনের পেছনেও কষ্ট আছে, পরিশ্রম আছে, আছে কু-সাহস আর ঝুঁকি, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে নৈতিকতা বা বিবেকের সায়, আইনগত ভিত্তি তো নেই-ই। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতির বেগবান খাত হচ্ছে অবৈধ বাণিজ্য। প্রতিবছর বাজেটে কালো টাকাকে সাদা করার একটা না একটা পথ বাতলে দেওয়া হয়। ফলে মাদক ব্যবসাসহ অন্যান্য অবৈধ ব্যবসা করে একপর্যায়ে একটি শ্রেণী টাকার জোরে সমাজের অভিভাবক হয়ে যাচ্ছে কালো টাকাকে সাদা করার মাধ্যমে। বলা যায়, রাষ্ট্রীয়ভাবে রিয়াদের বাবা এবং তাঁর মতো লোকের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ভিত্তি তৈরি হয়ে আছে। এবং এঁরা ছোট অংশ হলেও প্রতিপত্তি ও ক্ষমতায় এঁরা বড় অংশ। ফলে সমাজে অস্থিরতা রয়ে যাচ্ছে। কারণ মাদক যেমন ছোঁয়াচে রোগের মতো নেশা ছড়ায়, তেমনি অবৈধ টাকা অন্যকে মোহগ্রস্ত করে। একজন সৎ-বিবেকসম্পন্ন মানুষেরও মনে হতে পারে যে অবৈধ পথে বুঝি যাওয়া যায়। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এ ধরনের ঘেরাটোপের মধ্যে আছে, ফলে হিমাদ্রীর মতো মৃত্যু আরও ঘটবে। যদি রিয়াদের বাবা সৎ বাবার ভূমিকা পালন করতেন তা হলে তিনি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতেন। অভিভাবকের ভূমিকা কী হওয়া উচিত, তার একটি মহৎ নিদর্শন পাই আমরা শহীদ জননী জাহানারা ইমামের কাছ থেকে। তাঁর বড় ছেলে রুমি বুয়েটের (তখন ইপিয়ুয়েট) ছাত্র ছিল। আমেরিকায় যাবে স্কলারশিপ নিয়ে পড়তে। এসে ঢুকল মুক্তিযুদ্ধ। অনেকটা যেন কর্ণ-কুন্তীর ঘটনার মতো। জাহানারা বললেন, বাবা, তুই বিদেশে পড়তে যা। রুমি দৃঢ়কণ্ঠে বললেন, ‘মা, আমি ডিগ্রি করে এলাম, আর দেশটা রয়ে গেল পরাধীন। তাতে কি তুমি খুশি হবে?’ জাহানারা বললেন, ‘ঠিক আছে বাবা, তুই যুদ্ধে যা। তোকে আমি দেশের জন্য উৎসর্গ করলাম।’ রবীন্দ্রনাথের কর্ণ মা কুন্তীকে বলছে: ‘মাত:, করিয়ো না ভয়। . . . যে পক্ষের পরাজয়/ সে পক্ষ ত্যাজিতে মোরে করো না আহ্বান। . . . শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে,/ জয়লোভে যশোলোভে রাজ্যলোভে, অয়ি,/ বীরের সদগতি হতে ভ্রষ্ট নাহি হই।’আমাদের সন্তানদের বীরের সদগতি হতে ভ্রষ্ট হতে না দেওয়াই হচ্ছে আমাদের অভিভাবকদের মৌলিক লক্ষ্য।ড. মোহীত উল আলম: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজি, ইউল্যাব, ঢাকা।