
প্রশ্নবিদ্ধ বর্তমান সংসদ বিচারক অপসারণে অভিশংসন প্রথা ফিরিয়ে আনতে যাচ্ছে। শর্ত সাপেক্ষে এই অভিশংসন-ব্যবস্থা ফিরিয়ে আনা যেতে পারে। এই শর্ত যদি পূরণের চেষ্টাই চোখে না পড়ে, তাহলে এই সন্দেহ-সংশয় গভীরতর হবে যে সরকার বিচার বিভাগ কেবল নয়, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতাকে কার্যকরভাবে খর্ব করতে চায়। কিংবা সেটা তারা ঢাক পিটিয়ে না চাইলেও তার পরিণতিটা তেমনই ঘটার আশঙ্কা তৈরি হবে। বাংলাদেশের ইতিহাসের প্রায় প্রতিটি সংবিধান সংশোধনী ব্যক্তি কিংবা গোষ্ঠীবিশেষের প্রয়োজনীয়তা কিংবা শাসন প্রলম্বিত করার কলাকৌশল হিসেবে পাস করা হয়েছে। প্রস্তাবিত সংবিধান সংশোধন বিল যে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে আনা হচ্ছে, বিচার বিভাগকে ভয় পাইয়ে দিতে আনা হচ্ছে না, বিএনপির বিরোধিতা কেবলই বিরোধিতাসর্বস্ব, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে।
বহুবার এই কলামে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে সামরিক শাসনের উপজাত বলেছি। এর বিলোপ বা সংস্কার চেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে যা বলেছেন, তার সঙ্গে দ্বিমত করি না। তিনি বলেছেন, ‘একজন সামরিক শাসক এটি করেছিলেন। গণতান্ত্রিক ধারাবাহিকতার সঙ্গে এটি খাপ খায় না।’ কিন্তু এটা কবে থেকে খাপ খায় না? ১৫তম সংশোধনী পাস করার সময় সুরঞ্জিত সেনগুপ্ত অভিশংসনে ফিরতে চাইলে তাঁকে থামিয়ে দেওয়া হয়েছিল। সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বিচারিক আদালতের বিচারপতিদের নিয়োগ-বদলির কথা বলা আছে। এই দায়িত্ব সুপ্রিম কোর্টের কাছে না রেখে সরকারপ্রধানের কাছে ন্যস্ত রাখার বিধান ওই একই সামরিক শাসক করেছিলেন এবং তা গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না। বিচার বিভাগের ওপর সেটা যে নগ্ন থাবা ছিল, তা এত দিনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। তা হলে আমরা কেন এই কালাকানুন বদলানোর বিল আনতে মন্ত্রিসভাকে তৎপর হতে দেখি না।
গত সপ্তাহে প্রথম আলো দপ্তরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একজন কর্মকর্তা আমাদের সঙ্গে একমত হলেন যে, যে দেশে বিচারক নিয়োগ-প্রক্রিয়া মানসম্মত ও স্বচ্ছ নয়, সে দেশের সংবিধানে যদি হাজারবার লিখে রাখে যে এটা স্বাধীন, তাহলে তাকে স্বাধীন বলা যাবে না। কিংবা সেটা দাবি করা সত্যিকার অর্থে স্ববিরোধী, অন্তঃসারশূন্য। বাংলাদেশ সেই সংকটে ধুঁকছে। এখন একটি ভয়ানক প্রশ্নবিদ্ধ সংসদ, যে সংসদকে বিশ্ব অস্বীকার করে সরকারের সঙ্গে দৈনন্দিন সম্পর্ক বজায় রাখার ‘নেসেসিটি’ ধরে রাখছে, কেবল তার নাম ঐতিহ্যগত পার্লামেন্ট, সেই জোরে অভিশংসন আনতে চাইছে, সেটা গ্রহণযোগ্য নয়। কানা ছেলের নাম কেউ পদ্মলোচন রাখতে পারে। সে নামে তাকে ডাকাও যেতে পারে। কিন্তু তার চোখের সৌন্দর্যের প্রশংসা করে কাব্য করতে বলার আকাঙ্ক্ষা বড় বেশি মনে হতে পারে। এমনকি অনেকে তাকে রীতিমতো উপদ্রব মনে করতে পারেন।
রোববার সমকাল-এ মন্ত্রিসভার সারসংক্ষেপের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গড়া জাতীয় সংসদ রাষ্ট্রের অন্যান্য অঙ্গের মতো বিচার বিভাগ তথা বিচারকদের জবাবদিহির নীতি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাসহ পৃথিবীর অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে অনুসৃত হচ্ছে।’
এর আগে অভিশংসন কেন সমর্থনযোগ্য, তা লিখেছিলাম। অনেকে বলেছেন, এই সংসদ মানেন না, আবার তার কাছে প্রত্যাশা কিসের? এর জবাব হচ্ছে, মানা না-মানায় ইতিহাসের চাকা থেমে থাকবে না। নিয়মিত ব্যবস্থা পুনঃপ্রবর্তনের আগ পর্যন্ত জাতীয় জীবনে যা ঘটে যাবে, তাও বাস্তবতা এবং সেই সুসময় (সেটাও প্রশ্নমুক্ত নয়) আসার আগ পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণের প্রয়াস যত
দূর সম্ভব চালিয়ে যেতে হবে। আর সেটা করতে গিয়ে এই সংসদ যদি দরকারি কোনো পদক্ষেপ নেয়, তা হলে তাকে কেবলই অবৈধ সংসদের এখতিয়ারের নিরিখে মাপতে চাই না। প্রাচীনকালে রোমান সিনেট বহু বৈধতার প্রশ্ন ভূতাপেক্ষভাবে মীমাংসা করেছে। দরকার হলে বর্তমান সংসদের যাবতীয় কার্যক্রম আমরা আওয়ামী লীগকে নিয়েই ভূতাপেক্ষভাবে সুরাহা করতে পারব। সুতরাং
এই সংসদ কেবল অবৈধ বলেই আমি ওর কাছ থেকে কিচ্ছুটি নেব না, ওকে ছুঁলে জাত যাবে, সেটা আমার অবস্থান নয়। আবার তাকে পরোক্ষভাবে বৈধতা দিতেও সংবেদনশীলতার ঘাটতি পড়তে দেব না। বাদানুবাদ ও লড়াই মুখ্যত করব বা প্রবণতা দেখাব বিষয়ভিত্তিক।
তবে মুশকিল হলো, মন্ত্রিসভা আজ কী প্রেক্ষাপটে আচমকা ষোড়শ সংবিধান সংশোধন বিলে অনুমোদন দিচ্ছে, সেটাও রহস্যজনক। বিশেষ করে আইন কমিশন ও সংসদীয় কমিটির অভ্যন্তরীণ চিন্তাভাবনা যা জানলাম, তাতে অভিশংসন আনার উদ্যোগকে গায়েবি মনে হচ্ছে। জনপ্রিয় সরকারও ক্রমাগতভাবে জনবিচ্ছিন্নবোধে আচ্ছন্ন হতে পারে। তখন তার পক্ষে নিত্যনতুন কর্তৃত্বপরায়ণতার উপাদান গ্রহণ করাটাই স্বাভাবিক। সম্প্রচার নীতিমালা করার মধ্যে পুলিশি রাষ্ট্র গঠন ও তাকে রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের লক্ষণ স্পষ্ট। যারা জনতাকে ভয় দেখাবে, কণ্ঠ রোধ করবে, তাদের হাত-পা ও মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতেই এসব উদ্যোগ। আমাদের এত বড় আশঙ্কা অমূলক—এর প্রমাণ পেলে আমরা আনন্দ প্রকাশে অকৃপণ থাকিব। সত্যিই এটা দেখতে
চাই যে, একতরফা নির্বাচন প্রশ্নে অন্তর্গতভাবে কাতর সরকার জনমতকে যথাসাধ্য প্রাধান্য দিয়ে চলছে। এটা সে যত বেশি মাত্রায় পারবে, তার দুর্বলতা তাকে তত কম উপহাস করবে। সরকারকে প্রমাণ দিতে হবে, তারা যেহেতু বিএনপি বা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী সব গ্রুপকে খাঁচাবন্দী করেছে; সে কারণেই এখন তারা স্বৈরশাসনের চিরকালীন প্রতিপক্ষের আসনে থাকা গণমাধ্যম ও বিচার বিভাগকে খাঁচায় পুরতে নামেনি। নিন্দুকের মুখে ছাই দিয়ে তারা প্রমাণ দিক, তারা সত্যিই শাসনব্যবস্থার সর্বনাশের ষোলোকলা পূর্ণ করতে উতলা হয়নি।
বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচারপতি এ টি ফজলে কবীর (যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান), যাঁরা একসঙ্গে ২০০৫ সালে পঞ্চম সংশোধনীর মামলার ঐতিহাসিক রায় দিয়ে আমাদের শ্রদ্ধা অর্জন করেছিলেন, তাঁরা এবং আইন কমিশনের অপর সদস্য ড. শাহ আলম সংসদে স্থায়ী কমিটিতে গিয়েছিলেন বিচারাধীন সোয়া একত্রিশ লাখ মামলার (২৮ লাখ নিম্ন আদালতে ও প্রায় সোয়া তিন লাখ উচ্চ আদালতে) হিমালয়সদৃশ্য জট কী করে কমানো যায়, তার পরামর্শ দিতে। তাঁরা প্রথম যে উপস্থাপনা পেশ করেন, তাতে অভিশংসনের কথা ছিল না। কারণ, মামলার জট কমানোর সঙ্গে অভিশংসনের প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করা কঠিন। বরং নিয়োগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার সঙ্গে মামলার জট কমানোর যথেষ্ট জোরালো যোগসূত্র রয়েছে। এখানে ঘাটতি যত, জট তত।
অনেক আগে এক লেখায় মামলা এবং বিচারকের সংখ্যার অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। সুপ্রিম কোর্টের নিজের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখিয়েছি যে বিচারক বাড়ে কিন্তু মামলার জট কমে না। বঙ্গবন্ধুর আমল এবং আশির দশকেও একজন বিচারক বছরে যত মামলা নিষ্পত্তি করেছেন, তার চেয়ে অনেক কম মামলা নিষ্পত্তি করেন এখনকার বিচারকেরা। যদিও এটা সত্য যে নিম্ন আদালতে এক হাজার ৭০০ বিচারপতি অত্যল্প। তবে সংখ্যা বাড়ানো এর সমাধান নয়। মামলা ও আদালত ব্যবস্থাপনায় যে দীর্ঘকালীন নৈরাজ্য চলছে, তার প্রশাসনিক প্রতিকার করতে হবে। সব বিচারককে নিয়ে মহাসম্মেলন করতে হবে। সেখানে দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন করতে হবে। বাংলাদেশের বিচার বিভাগের প্রশাসনিক নেতৃত্ব দীর্ঘকাল ধরে গতিহীন এবং পালহীন নৌকার মতো বয়ে চলছে। অভিশংসন একে ভাটি থেকে উজানে নেবে না।
সংশ্লিষ্ট একজন শ্রদ্ধেয় মুখপাত্রের সঙ্গে কথা বলে জানলাম, মামলাজট কমাতে সন্ধ্যাকালীন আদালত করা যায় কি না, তা নিয়ে সংসদে বৈঠক বসেছিল। সেখানেই কমিশন তার ওই উপস্থাপনা পেশ করে। এরপর কোথা থেকে কী হলো। কমিশন তার দ্বিতীয় রিপোর্টে, মাত্র ছয় পৃষ্ঠার একটি রিপোর্টের শেষ একটি প্যারাগ্রাফে অভিশংসন আনতে বলল। তারা বলেছে, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, তা সবাইকে উপলব্ধি করতে হবে। এমনকি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকদের মধ্যে যদি কেউ কর্তব্যে গুরুতর অবহেলা বা আচরণবিধি লঙ্ঘন বা গুরুতর অসদাচরণ করেন, তাহলে তিনি জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন মর্মে মূল সংবিধানে প্রদত্ত বিধান চালু করা যেতে পারে।’
মাত্র দুটি বাক্য। সমকাল-এর রিপোর্টে দেখলাম, মন্ত্রিসভার সারসংক্ষেপে আইন কমিশনের বরাত দেওয়া হয়েছে। সারা জাতি অর্ধ সত্যই (যা মিথ্যার চেয়ে ভয়ংকর) জানবে, আইন কমিশন সুপারিশ করেছে। হায়, ভারতীয় আইন কমিশন, তোমরা অভিশংসন আইনে একটা সংশোধনী আনতে ৫০০ পৃষ্ঠা খামোখা নষ্ট করেছ, বাংলাদেশকে দেখে শেখো। তবে এই লজ্জা কোথায় রাখি যে, ভারতের আইন কমিশন তাদের আইনপ্রণেতাদের বোঝাতে বাংলাদেশের জুডিশিয়ারি কাউন্সিল নিয়েও দুপৃষ্ঠা খরচ করেছে।
এত সব সত্ত্বেও অভিশংসন উদ্যোগকে কম সন্দেহ করা যায়, একে সমর্থন করা যায়, যদি তারা ১৬তম সংবিধান সংশোধন বিলে ১১৬ অনুচ্ছেদ বাহাত্তরেরটা প্রতিস্থাপন করে। যদি তারা ১৩ আগস্ট লোকসভা যে মডেলে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে ছয় সদস্যের ঐতিহাসিক ন্যাশনাল জুডিশিয়াল কমিশন করেছে, সেই মডেলে একটা কমিশন করে। আমাদের আরেক ধাপ বেশি যেতে হবে। বিচারকেরা নন, অন্য সাংবিধানিক পদধারীদের নিয়োগেও বাংলাদেশকে একটি দ্বিদলীয় ব্যবস্থায় যেতে হবে। গত সোমবার মন্ত্রিসভা সভা শেষে তার একজন সদস্য ফোনে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে নিয়োগ কমিশন চাইবেন। তাঁর আক্ষেপ, অনেকেই মুখ খুলতে চান না। যেসব দেশের নজির দেখিয়ে অভিশংসন আনা হচ্ছে, তারা নিয়োগ কমিশন করেছে। আসুন, আমরা তাদের সঙ্গে পথ চলি।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]