অভিশাপ আর প্রায় অভিশপ্ত রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো কর্তৃপক্ষ হরতালের দিনে এ লেখাটি ছাপলে ধরে নেব পাঠকও হরতালের দিনেই পড়বেন। তাই হরতাল মোবারক! হরতালকে কেন্দ্র করে আমোদ-ফুর্তি করা ছাড়া উপায়ই বা কী? ভাঙচুর বা হামলার শিকার হলে রিকশা-সিএনজি-বাস-গাড়ি থেকে নেমে জান বাঁচানোর জন্য ভোঁদৌড় দেওয়ার প্রস্তুতি নিয়ে হরতালের দিনে রাস্তায় বেরোনোর বয়স চলে গেছে। পা দুটি এখন শুধু হাঁটতে পারে, দৌড়াতে পারে না। চোখ দুটো বেশি দূরে দেখতে পায় না। তাই ঘরে বসে পাঠকদের জানাচ্ছি ‘হরতাল মোবারক’! শত দুঃখ-কষ্টের মধ্যেও চলেন সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। অনেক রাজনীতিবিদের দুটো মহাসুবিধা আছে, যেটা আমার-আপনার নেই। তাঁদের বেশির ভাগের কোনো কাজ-কর্ম-পেশা-ব্যবসা নেই। তাই হরতালে ঘরে বসে থাকলে বিশেষ কোনো অসুবিধা হয় না। আর সারা দিন অনর্গল-অনবরত হরতাল নিয়ে মিথ্যাচার করতেও বেগ পেতে হয় না। মনে হয়, প্রায় অনাদিকাল ধরেই হরতাল শেষে আমরা শুনে আসছি—হরতাল সম্পূর্ণ সফল হয়েছে। আর এ জন্য জনগণকে ধন্যবাদ। অপর পক্ষ একইভাবে দিনের শেষে সংবাদ সম্মেলন করে বলবে, জনগণ হরতাল সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে ইত্যাদি। কে কোন বিবৃতি দেবে, সেটা বলাবাহুল্য এবং যা আমরা সবাই জানি—নির্ভর করবে কোন দলে আছেন তার ওপর। অর্থাৎ বিরোধী, না সরকারি দল। মিথ্যাচারের দলীয় পরিচিতি সর্বজনবিদিত। আমাদের কাজ-পেশা-ব্যবসা—কিছু তো একটা করে খেতে হয়। চাঁদা বা ঘুষ, এ দুটো পাওয়ার মতো ভাগ্য নিয়ে তো আর সবাই জন্ম গ্রহণ করে না। আমরা এক-আধটু ঠকাই, কিছু ভেজাল দিই, অল্পস্বল্প জাল-জোচ্চুরি—কিন্তু সবকিছুতেই চেষ্টা করে গলদঘর্ম হতে হয়। বিনা শ্রমে, বিনা কষ্টে ঘরে বসে চাঁদা-ঘুষ পাওয়ার ভাগ্য নিয়ে আর কত লোক জন্মায়। ২.চাঁদা-ঘুষের যৎসামান্য ‘রিস্ক ফ্যাক্টর’ আগে থাকলেও বর্তমানে তা নিঃশেষিতপ্রায়। এ জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ধন্যবাদ দিয়ে ও কৃতজ্ঞতা জানিয়ে ছোট করার দরকার নেই। পদ্মা সেতু নাটকের পর্দা ওঠার পর থেকে যে ডায়ালগটা সবচেয়ে বেশি শুনছি তা হলো, কোনো টাকার লেনদেন তো হয়নি। অতএব, ঘুষ-দুর্নীতির ব্যাপারটা অবাস্তব। বিশ্বব্যাংকের চাপে পড়ে কিছু তদন্তফদন্ত করতে হয়েছে দুদককে। বিশ্বব্যাংক পরপর দুবার তাদের ‘এক্সপার্ট’ পাঠিয়েছিল আমাদের দুদককে বোঝানোর জন্য যে দুর্নীতির অর্থ কী? দুদকের চেয়ারম্যান সাহেবের কথা একটাই তখনো এবং এখনো। সর্বশেষ ২২ এপ্রিল ২০১৩-এর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এক কলামে, ‘রমেশের ডায়েরি বাজারের ফর্দ’তে দুদকের চেয়ারম্যান সাহেবকে উদ্ধৃত করা হয়েছে এই বলে, এ ক্ষেত্রে কোনো অর্থের লেনদেন হয়নি। অবশ্যই অর্থের লেনদেন হয়নি। সৈয়দ আবুল হোসেন সাহেবসহ যাঁদেরই নাম এসেছে, তাঁরা কেউ কোনো অর্থ পাননি। সুরঞ্জিত সেনগুপ্ত বাবুও কোনো অর্থ পাননি। অর্থের বস্তাভর্তি গাড়িটা তো তাঁর বাড়িতে যায়নি। গিয়েছিল বিজিবির হেডকোয়ার্টার্সে। সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে কারও কোনো অর্থের লেনদেন হয়নি। একটু অপ্রাসঙ্গিক কথা। মাস্টারি করতে করতে অনেকের নাকি বদভ্যাস হয়ে যায়, সবাইকে ‘ছাত্র’ মনে করা এবং ছাত্র মনে করে ছাত্রের মতো বিদ্যাদান করা। অত্যন্ত বিরক্তিকরভাবে। অন্য কোনো মাস্টারের ব্যাপারে না হলেও অধমের ব্যাপারে এই বদনামটা সম্পূর্ণভাবে প্রযোজ্য। মাস্টারি শুরু ১৯৮০ সালে। এখনো চলছে। মাঝে অবশ্য ছেদ পড়েছিল অনেক বছর। মাস্টারি করব। চেয়ারম্যান সাহেব, বলুন তো, দুর্নীতি মানে কী? আচ্ছা বলা লাগবে না, শুনুন। দুর্নীতির সংজ্ঞা আছে প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট ১৯৪৭ সালের আইনের ৫ ধারায়। পাঠককে বলে রাখি, থানার বেচারা ওসিকে আইনের কত শত ধারা প্রয়োগ অর্থাৎ কত শত ধারার অপরাধের অভিযুক্তকে পাকড়াও করতে হয়, মামলা লিখতে হয়, কোর্টে যেতে হয়—তার ইয়ত্তা নেই। যেমন এখন চলছে অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদি। সঙ্গে আছে বিস্ফোরক দ্রব্যের মামলা, অস্ত্র, চাঁদাবাজিসহ আরও কত কিছু। এক নারী ও শিশু আইনেই আছে ডজন খানেক ভিন্ন ভিন্ন অপরাধ। হত্যা, ডাকাতি, চুরি ইত্যাদি ডাল-ভাত মামলার সুরাহাও করতে হয় ওসি সাহেবকে প্রায় প্রতিদিনই। সংসদ প্রতিনিয়ত আইন করে যাচ্ছে, আর ওসি সাহেব, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টরকে কত নতুন নতুন আইন জেনে, বুঝে সে অনুযায়ী মামলা লিখতে হয়, আসলেই তার হিসাব কে রাখবে। লেটেস্ট চলেছে তথ্যপ্রযুক্তি না কি যেন কোনো আইনের ৫৬ ও ৫৭ ধারা। অর্থাৎ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে যেসব অপরাধে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে এই নতুন আইনে নতুন ধারা। নতুন অর্থে যে এর আগে কোনো পুলিশ এই ধারায় মামলা লেখেনি। এই আইনের কপি কয়টা থানায় আছে কে জানে।মোদ্দা কথা, ওসি, ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদের শত শত ধারার তুলনায় দুদকের কাজ মূলত একটা ধারায় অপরাধ নিয়ে। আর একেবারে অন্য কোনো আইন নিয়ে তাদের যে মাথাব্যথা নেই, তা বলা হচ্ছে না। তবে মুখ্য দুর্নীতি। আর দুর্নীতি ৫ ধারায়। আইনটা ইংরেজিতে, তাই প্রথম ৫(১) ধারার মূল কথাগুলো ইংরেজিতেই লিখি, ‘(a) if he accepts or obtains or agrees to accept or attempls to obtain...’ সহজভাবে বাংলায় অর্থ দাঁড়ায় কেউ যদি (বেআইনি অর্থ লাভ, সুযোগ-সুবিধা ইত্যাদি) গ্রহণ করেন বা পান বা গ্রহণ করতে রাজি হন বা পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা হবে দুর্নীতি। আরও সোজা করে বলি, কেউ যদি অর্থ গ্রহণ করেননি বা এখনো পাননি, কিন্তু গ্রহণ করতে রাজি হয়েছেন (যেমন আমাকে এই টেন্ডারের কাজ দেন, আর কাজ পেতে আমি আপনাকে ১০ লাখ টাকা দেব। আপনি এতে রাজি হলেন) অথবা পাওয়ার চেষ্টা করেছেন (যেমন আমাকে ১০ লাখ টাকা দেন, তাহলে কাজটি আপনাকে দেব)। বোঝা গেল? টাকা লেনদেন না করে দুর্নীতির অপরাধে দোষী হওয়া যায়। অবশ্য বিশ্বের সেরা বিশেষজ্ঞরা বোঝাতে পারেননি, আমি তো কোন ছার। আগে একবার লিখেছিলাম। পুনরাবৃত্তি করতে পারি কিন্তু বোঝাতে পারব না—আগামী নির্বাচনে বর্তমান সরকারি দল হারলে তার অন্যতম প্রধান কারণ হবে দুদকের দুর্নীতির অর্থ বুঝতে না পারা। অবশ্য সরকার পরিবর্তন হলে আবার পইপই করে বোঝা শুরু করবে।৩.দেশটা এগিয়ে যেতে পারত। এগিয়ে যাচ্ছিল। কিন্তু অপরাজনীতি বাধা হয়ে দাঁড়াবেই বলে পণ করেছে। সংবাদমাধ্যমগুলো কিছু তাৎক্ষণিক জরিপের ব্যবস্থা করতে পারে। হরতালের আগে ও পরে পক্ষে-বিপক্ষে জনসমর্থন জরিপ করার জন্য। ব্যবসায়ী সংগঠন—যাদের টাকাপয়সা অঢেল, তারাও তো সাহায্য করতে পারে। ইস্যু দুটো। হরতাল এবং যে কারণে হরতাল হচ্ছে। হয়তো দেখা যাবে যে জনগণ হরতাল সমর্থন করছে না, কিন্তু যে কারণে হরতাল ডাকা হচ্ছে সে কারণটিকে যথার্থ মনে করছে। যেমন জরিপে দেখা যেতে পারে, ফৌজদারি বিচারব্যবস্থার দলীয়করণ কেউ সমর্থন করছে না, তবে এর প্রতিবাদ হিসেবে হরতালও গ্রহণযোগ্য নয়। রাজনীতি যেভাবে চলছে তাতে এটা প্রায় হালুয়া-রুটির জন্য দুই দল খাদক কামড়া-কামড়িতে পর্যবসিত হয়েছে। ফটিকছড়ির মতো নৃশংস ঘটনা এ দেশে যে ঘটতে পারে, সেটা ২০১২-এর শেষে এ দেশে কেউই আশঙ্কা করেনি। ফটিকছড়ির হত্যাকাণ্ডের চেয়ে আরও বীভৎস হলো ওই ধরনের হত্যাকাণ্ডকে ‘রাজনীতি’র অংশ বা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে ঘোষণা দেওয়া। রাজনৈতিক হুমকি হিসেবে ব্যবহার করা। পুলিশের সঙ্গে আদালতও ক্রমে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছেন। না হলেও জনমনে এই ধারণাই স্থান পাচ্ছে যে বিরোধী নেতা-কর্মীরা ন্যায়বিচার বা সুষ্ঠু বিচার পাবেন না। শেষতক বিচার বা সুষ্ঠু বিচার পাবেন না। শেষতক বিচার পেলেও ইতিমধ্যে তাঁদের ফৌজদারি বিচারব্যবস্থার জাঁতাকলে তাঁদের যে নিষ্পেষিত করা হচ্ছে, এ ব্যাপারে সন্দিহান লেখকের সংখ্যা নিশ্চয়ই আঙুলে গোনা যাবে। সুযোগ বুঝে স্পষ্টতই ধর্মব্যবসায়ীরাও ফায়দা হাসিলের জন্য ঝাঁপিয়ে পড়ছে। সহিংসতা-নৃশংসতা এখন কানায় কানায় পূর্ণ হবে। ধর্মব্যবসায়ীরা মাঠে নামবে। অথচ খুনখারাবি, অগ্নিসংযোগ, লুটপাট অর্থাৎ কিছুটা হলেও ১৯৭১-এর অপরাধগুলোর পুনরাবৃত্তি হবে না, সেটা তো হতে পারে না। অনেক দিন পর মাস খানেক ধরে ভোরে বিবিসির বাংলা-ইংরেজি খবর শুনছি। বর্তমান বিশ্বে যত হানাহানি, গৃহযুদ্ধ বা গৃহযুদ্ধপ্রায় অবস্থা, নিরীহ মানুষ নিধন—তার প্রায় সব কটি চলছে মুসলিমপ্রধান দেশগুলোতে। মুসলমান-মুসলমানেরাই মারামারি-হানাহানি করছে। এক মুসলমান আরেক মুসলমানকে ‘কতল’ করছে ইসলামকে হেফাজত করার জন্য।ইসলামকে হেফাজত করার জন্য সারা বিশ্বে এখন সম্ভবত সহস্রাধিক দল ও গোষ্ঠী আছে। আর তাই বোধ হয় প্রতিদিন মুসলমানেরা নিজেদের মারছে অকাতরে। নিহত ব্যক্তিদের বেশ বড় অংশই নারী ও শিশু। আমাদের রাজনীতিবিদদের বদৌলতে আমরা সম্ভবত সেদিকেই যাচ্ছি।বলাবাহুল্য, ‘অভিশাপ’ পুরোনো কালের বা মধ্যযুগের কুসংস্কারপ্রসূত। বর্তমানের আধুনিক-যুক্তিবাদী জগতে তার স্থান নেই। তাই যৌক্তিকভাবে আশাবাদী হয়ে নতুন রাষ্ট্রপতিকে ঘিরে প্রত্যাশার পাহাড় গড়তে চাই। ইতিহাসে অনেক উদাহরণ আছে, যখন অনেক বড় ব্যক্তির ছোট একটা কাজ জাতিকে ভীষণভাবে এগিয়ে দিয়েছে। নতুন রাষ্ট্রপতি এই সপ্তাহেই বা আগামী কয়েক দিনেই শপথ নেবেন। শপথ নেওয়ার পরপরই মহামান্য রাষ্ট্রপতি তাঁর ও তাঁর পরিবারের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন। আর শপথ নেওয়ার পরদিনই বিরোধী দলের নেতা যাবেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে। আর তা না হলে আমরা সবাই মিলে হয়ে যাব তৃতীয় রাজনৈতিক শক্তি। আমাদের মতো করে দুর্নীতিমুক্ত আইনের শাসনের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগের দেশ গড়ে ফেলব। হালুয়া-রুটির রাজনীতি আর ধর্মব্যবসায়ীদের বিদায় দিতে পারলে সুন্দর বাংলাদেশ গড়া সহজ কাজ। ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট; পরিচালক, স্কুল অব ল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।