অভ্যন্তরীণ চাহিদা: প্রবৃদ্ধির ইঞ্জিনের নতুন জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবৃদ্ধির হার ১২ বছর ধরে ৬-এর কোঠায় আটকে আছে। এই ৬-এর ঘর থেকে তাকে ৭-এর ঘরে নিতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই, অর্থনীতির নিয়ম তো তাই বলে। বিনিয়োগ বাড়ানোর প্রধান উপায় হচ্ছে মুদ্রানীতির মাধ্যমে বেসরকারি খাতে ঋণ সরবরাহের লক্ষ্যমাত্রা বাড়ানো। অথচ বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য যে নতুন মুদ্রানীতি ঘোষণা করল, সেখানে বেসরকারি খাতের ঋণ সরবরাহের প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ, যেখানে আগের বছরের জুলাই-ডিসেম্বরে তা ছিল ১৫ শতাংশ। অর্থাৎ এবার ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা আরও কমানো হলো। আবার এই লক্ষ্যমাত্রা যে পুরোপুরি অর্জিত হয়, তাও নয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশাবাদী, বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থবছর শেষে প্রবৃদ্ধির হার ৭ শতাংশও স্পর্শ করতে পারে। কিন্তু কথা হচ্ছে, সারা দুনিয়ার প্রবৃদ্ধির ইঞ্জিন থমকে থাকার অন্যতম কারণ হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা না বাড়া। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবের কারণে যেমন বিনিয়োগ বাড়ে না, তেমনি রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও অভ্যন্তরীণ চাহিদা কম থাকলে প্রবৃদ্ধি স্থবির হয়ে যেতে পারে। ২০১৫ সালের প্রথম তিন মাসের পর রাজনৈতিক পরিস্থিতি একরকম স্থিতিশীল ছিল, কিন্তু তা সত্ত্বেও বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বাড়েনি।
সারা পৃথিবীতেই একধরনের মন্দা বিরাজ করছে। যেমন ইউরোজোন সংকটের কথা আমরা সবাই জানি। ২০১৫ সালে চীনের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ, গত ২৫ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন। এক বছর আগেও চীনের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ শতাংশ। চীনের মানুষের সঞ্চয় বেড়ে গেছে বলে বিশ্ববাজারে পণ্যের দাম পড়ে গেছে। এই অবস্থায় প্রবৃদ্ধির ৬-এর ঘরে থাকাটা ভালোই বলতে হয়, কিন্তু সেটাকে ৭-এর ঘরে নেওয়ার সুযোগ আমাদের আছে।
ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা কমালে হয়তো মূল্যস্ফীতিতে লাগাম দেওয়া এবং ব্যাংকঋণের সুদের হার কমানো যাবে। কিন্তু পণ্যের চাহিদা না থাকলে সুদের নিম্ন হারের কারণে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে উৎসাহী হবে না। মানুষ ব্যক্তিপর্যায়ে ধার করেও ক্রয়ে উৎসাহী হবে না, যদি তারা ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন হয় (যেটা তাদের হওয়া উচিত)। রাজনৈতিক পরিস্থিতি যে দীর্ঘ মেয়াদে এমন স্থিতিশীল থাকবে, তার নিশ্চয়তা নেই, ফলে স্বাভাবিকভাবেই মানুষ নিজের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন থাকবে।
প্রবৃদ্ধির ক্ষেত্র মূলত দুটি, প্রথমত রপ্তানি, দ্বিতীয়ত, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে বাজার বড় করা। এদিকে চীন রপ্তানিমুখী প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে অভ্যন্তরীণ চাহিদামুখী প্রবৃদ্ধির দিকে যাওয়ার চেষ্টা করছে। আপাতত তারা সেটাকেই টেকসই মনে করছে। সে কারণেই তারা এক সন্তান নীতি ত্যাগ করে দুই সন্তান নীতি গ্রহণ করেছে, যাতে সেখানকার মানুষের চাহিদা বাড়ে। আশার কথা হচ্ছে, মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, আমাদের রপ্তানি খাতের উন্নয়নের পাশাপাশি আরেকটি ‘গ্রোথ ইঞ্জিন’ যুক্ত করার সময় এসেছে, সেটি হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা। আর অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে হলে মানুষের আয় বাড়তে হবে।
অর্থনীতিবিদেরা বলছেন, দেশে এখন একরকম বিনিয়োগ স্থবিরতা বিরাজ করছে। এই স্থবিরতা দূর করার জন্য সরকার একটা ধাক্কা দিতে পারে, যার একটি পথ হচ্ছে জ্বালানি তেলের দাম কমানো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন গত ১১ বছরের মধ্যে সবচেয়ে কম। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি এক মূল্যায়নে বলেছে, জ্বালানি তেলের দাম ১০ শতাংশ কমানো হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়বে শূন্য দশমিক ৩ শতাংশ। তৈরি পোশাক রপ্তানি ও ভোক্তা চাহিদা বাড়বে যথাক্রমে শূন্য দশমিক ৪ ও শূন্য দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ও সরকারের সঞ্চয় কমবে যথাক্রমে শূন্য দশমিক ২ ও শূন্য দশমিক ৪ শতাংশ। হিসাবটা খুব জটিল কিছু নয়। তেলের দাম কমানো হলে কৃষকের ধানসহ অন্যান্য ফসল উৎপাদনের খরচ কমবে, একই সঙ্গে পরিবহন খরচ কমবে। আর জ্বালানি তেলের দাম কমলে তো তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে, এতে বিদ্যুতের দাম কিছুটা কমানো সম্ভব। সেটা হলে শিল্পোৎপাদনের খরচ কমবে। কিন্তু সরকার তা না করে উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। তেলের দাম কমানোর সঙ্গে যদি বিদ্যুতের দাম কমানো হয়, তাহলে এক ধাক্কায় মানুষের ব্যয় অনেকটাই কমবে। খরচ কমলে সে ওই টাকাটা ভোগে ব্যয় করবে। তখন যে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হবে, তা প্রবৃদ্ধির ইঞ্জিন ঠেলে নিয়ে যেতে পারবে। দেশে এখন বড় একটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি হয়েছে, তা ঠিক। আরও অনেক মানুষ এই কাতারে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে, তাদের সেখানে টেনে আনতে হবে। তবে এই প্রক্রিয়া চলমান রাখতে রাজনৈতিক স্থিতিশীলতারও প্রয়োজন আছে।
কথা হচ্ছে, আমাদের দেশে তো চীন ও জাপানের মতো বুড়ো মানুষের সংখ্যা বেড়ে যায়নি যে চাহিদা ধপ করে পড়ে গেছে। আবার আমরা তো পশ্চিমা দেশও নই, যাদের আর অবকাঠামো খাতে বিনিয়োগের সুযোগ নেই, যাদের প্রায় সব অবকাঠামো নির্মিত হয়ে গেছে। সরকারি বিনিয়োগ বাড়লে প্রবৃদ্ধির গতি বাড়ে। ভারতকে আমরা ট্রানজিট দেব, ফলে যোগাযোগের অবকাঠামো উন্নয়ন এবং নতুন নতুন অবকাঠামো নির্মাণ করতে হবে। তার পাশাপাশি বিদ্যুতের চাহিদাও বাড়ছে, সে জন্য বিদ্যুৎ খাতেও সরকারকে অনেক বিনিয়োগ করতে হবে। এতে যেমন বিনিয়োগের অনেক বাধা দূর হবে, তেমনি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে, যা অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর অনুঘটক হিসেবে কাজ করবে।
আরেকটি বিষয় হলো, বিদ্যমান ব্যবস্থায় অতি ধনিক শ্রেণি সৃষ্টি হয়েছে, বৈষম্য বেড়েছে ব্যাপক। কদিন আগেই খবর এল, দুনিয়ার অর্ধেক অর্থাৎ প্রায় ৩৬০ কোটি মানুষের হাতে যে সম্পদ আছে, সেই একই সম্পদ আছে ৬২ জন মানুষের হাতে। আমাদের দেশের অবস্থা তো আমরা খালি চোখেই দেখছি, তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই অতি ধনিক শ্রেণি আর কত ভোগ করবে, সবকিছুরই তো একটা সীমা আছে! সে কারণে বিপুল অধিকাংশ মানুষের আয় যদি না বাড়ে, তাহলে তাদের চাহিদা বাড়বে না, আর সেটা না হলে কিন্তু শেষমেশ পুঁজিবাদী অর্থনীতিরই বিপদ!
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন বলেছেন, নিম্ন প্রবৃদ্ধির কারণ দূর করার জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন: যে পদক্ষেপের মধ্য দিয়ে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টি, অংশগ্রহণ ও উদ্ভাবনের মধ্য দিয়ে প্রবৃদ্ধির বাড়বাড়ন্ত হয়। কিন্তু এ ধরনের কাঠামোগত সংস্কার কায়েমি স্বার্থের বিপক্ষে যায়। ইউরো সংকট যখন মধ্য গগনে, তখন লুক্সেমবুর্গের সাবেক প্রধানমন্ত্রী জঁ-ক্লদ ইয়ুঙ্কার বলেছিলেন, ‘আমরা সবাই জানি কী করতে হবে। কিন্তু আমরা এটা জানি না যে তারপর কীভাবে নির্বাচনে জিতব।’
প্রতীক বর্ধন: সাংবাদিক ও অনুবাদক।
[email protected]