অমলকান্তিরা রোদ্দুর হতে পারবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বনশ্রীতে দুই সন্তানকে হত্যা করেছেন এক মা। এটি বেশ আলোচিত বিষয়। র্যা বের বক্তব্য অনুযায়ী শিশুদের মা স্বীকার করেছেন হত্যাকাণ্ডের কথা। হত্যাকাণ্ডের কারণ হিসেবে তিনি বারবারই বলেছেন সন্তানদের ভবিষ্যৎ-চিন্তায় বেশি মাত্রার উদ্বিগ্ন ছিলেন। সমাজের চোখে তিনি ‘ডাইনি’ অতি ‘জঘন্য’ এক মা। এসব তকমার আবরণেই হয়তো সমাজের বেশির ভাগ মানুষ তাদের দায়িত্ব শেষ করেছে। অপরাধ বিশ্লেষকদের মত নিয়ে কোনো কোনো কোনো পত্রিকা বলছে, এটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং অস্বাভাবিক ঘটনা। শুধু সন্তানদের ভবিষ্যৎ-চিন্তায় মা তাঁর সন্তানকে মেরে ফেলতে পারেন না, এর পেছনে নানা কারণ থাকতে পারে। পড়াশোনার জন্য বাবা-মা সন্তানকে মারতে পারেন, বকতে পারেন কিন্তু হত্যা—একেবারেই অস্বাভাবিক! হঠাৎ করেই আমার মনে পড়ে গিয়েছিল আমাদের ছোটবেলার এক ঘটনা। আমাদের এক প্রতিবেশী ভাইকে তার মা চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়েছিলেন পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছিল বলে। পড়ালেখার জন্য বাবা-মায়ের চড়-থাপ্পড় এমনকি এরও বেশি শারীরিক শাস্তি এখনো বাংলাদেশের সমাজব্যবস্থায় প্রশ্নহীনভাবেই গ্রহণীয় এবং এটিকে শাসন হিসেবে দেখা হয়। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের শাসনের বিপক্ষে রয়েছে মা-বাবার কঠিন শাস্তির বিধান। শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, গত দুই বছরে মা-বাবার হাতে খুন হয়েছে ৯০টি শিশু। গত বছর অর্থাৎ ২০১৫ সালে বাবা কিংবা মায়ের হাতে খুন হয়েছে ৪০টি শিশু।

দুই.
সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা-বাবার চিন্তা আসলে কী? সন্তানকে কীভাবে দেখতে চান মা-বাবা? এই চাওয়া কি আসলেই মা-বাবার চাওয়া? নাকি বহুদিন ধরে সামাজিকভাবে চর্চিত ‘ভালো ভবিষ্যৎ’-এর ধারণাটিকেই আমরা আমাদের স্বপ্ন হিসেবে ধরে নিই? বেশ ভালোভাবেই মনে আছে, ছোটবেলায় কেউ আমাকে যদি জিজ্ঞেস করত, বড় হয়ে আমি কী হতে চাই, আমি মায়ের চোখের দিকে তাকিয়ে বলতাম, ডাক্তার হব। শুধু আমি না, সম্ভবত আমার জেনারেশনের সবাই এভাবেই বলত। এভাবে একটি সামাজিক স্বপ্ন আমাদের স্বপ্নে পরিণত হয়েছিল। আরেকটিও ছিল মেয়ে হলে ডাক্তার আর ছেলে হলে ইঞ্জিনিয়ার। বাঙালি মধ্যবিত্ত পরিবারের সন্তানকেন্দ্রিক স্বপ্ন এই দুই ‘ভবিষ্যৎ’-এর বৃত্তেই বাঁধা। জানি না কোত্থেকে এই ভূত আমাদের বাঙালি মধ্যবিত্তের মধ্যে ঢুকেছে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে জীবন বৃথা যাবে। সন্তানের ভবিষ্যৎ নামক জীবনের দেমাগটি এই দুইয়ের মধ্যে না হলে সমাজে মুখ থাকবে না। পেশার সামাজিক মর্যাদা দিয়ে জীবন মাপা হয়, মানবিক গুণাবলি সেখানে নগণ্য হয়ে যায়।
একজন মানুষ তার সব ব্যর্থতা বাচ্চার ওপর চাপায়। সে নিজে জীবনে যা করতে পারেনি, সে মনে করে তার সবই তার সন্তানকে করতে হবে। যেন সন্তানের কোনো নিজের স্বপ্ন থাকতে পারে না। সে বাবা-মায়ের-সমাজের স্বপ্ন পূরণের এক মেশিন হিসেবেই তৈরি হতে থাকে। ছোটবেলা থেকেই যে সন্তান আর্ট, সংগীত, নাচ কিংবা খেলাধুলায় ভালো, বেশির ভাগ সময়ই তাকে সেগুলো বিসর্জন দিতে হয় সেই সামাজিক স্বপ্ন ‘ডাক্তার’ বা ‘ইঞ্জিনিয়ার’ হওয়ার তাগিদে। এখন তো শিশু হয়তো কথাও বলতে শিখেনি, শিশুর বয়স দুই বছর হতে না-হতেই কিনতে হয় স্কুলের ফরম। ভর্তির এক বছর আগেই কনফার্ম করতে হয় স্কুল। তিন বছর পার না হতেই ছুটতে হয় স্কুলে। তারপর শুরু হয় তথাকথিত ভালো স্কুলগুলোতে ভর্তির জন্য অভিভাবকের নিদ্রাহীন যুদ্ধ। ভর্তি হয়ে নতুন যুদ্ধ। স্কুল থেকে এসেই আবার ছুটতে হয় টিচারদের কাছে প্রাইভেট পড়তে। অনেক মা-বাবা খাবার সঙ্গে নিয়েই বের হন। সময় নেই। গাড়িতে বসেই খাওয়ান সন্তানকে। ক্লান্ত সন্তান ঘুমিয়ে পড়ে রিকশায়, গাড়িতে। তবু রেহাই নেই। ভালো রেজাল্ট তাকে করতেই হবে, ফার্স্ট যে তাকে হতেই হবে। পরীক্ষা দিয়েও রেহাই নেই। পথেই চলে দ্বিতীয় পরীক্ষা। কোনটার উত্তর দিতে পেরেছে, কোনটা পারেনি, কেন পারল না। এতবার মুখস্থ করার পর কেন পারল না, ইত্যাদি।

তিন.
বেশ কয়েক বছর আগে এটিএন বাংলায় আমি বাচ্চাদের একটি অনুষ্ঠান গ্রন্থনা করতাম। চিরায়ত নাচ-গানের অনুষ্ঠান থেকে সেটি ছিল একটু ভিন্ন। বাচ্চাদের শৈশব স্বাধীনতা কেন্দ্রীয় থিম ছিল। একটি সেগমেন্ট ছিল বাচ্চারা কে কী হতে চায়। সবচেয়ে মজার বিষয় হলো, একটি অনুষ্ঠানেও বাচ্চারা প্রথাগত ‘ভালো’ পেশার কথা বলেনি। আধো আধো বুলিতে কিংবা বেশ জোর দিয়েই কয়েকজন বেশ মজার মজার ইচ্ছার কথা বলত। স্পষ্ট মনে আছে, একজন বলেছিল, আমি বড় হয়ে পতাকা বিক্রেতা হব। ঘুরে ঘুরে পতাকা বিক্রি করব। আরেকজন বলেছিল সে স্পাইডারম্যান হবে আর উড়ে উড়ে বেড়াবে। একজন খুব চুপচাপ থাকা মেয়েশিশু বলেছিল, সে নান হতে চায়। কারও জগতেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল না। বাচ্চাদের সঙ্গে থাকা একজন অভিভাবক বলেছিলেন, ‘বাচ্চারা কী ভবিষ্যৎ বোঝে?’ কিন্তু একজন নারী জানেন সে সন্তানের সেই কাঙ্ক্ষিত ‘ভবিষ্যৎ’ না হলে, তার জীবন কতটা দুর্বিষহ হবে। যে কারণে সে যখন সামাজিকভাবে একজন নারী হয়ে ওঠে, সমাজের চোখে তখন থেকেই ক্লান্তিহীনভাবে প্রশ্ন তোলে বিয়ে হচ্ছে না কেন? বিয়ে হলে বাচ্চা হচ্ছে না কেন? বাচ্চা হলে ছেলে হচ্ছে না কেন, কিংবা বাচ্চা মাত্র একটা কেন? বাচ্চা পড়াশোনায় মনোযোগী না হলে মানুষ হচ্ছে না কেন? নিশ্চয়ই মা ভালোভাবে খেয়াল করছে না। সমাজের কাছে ‘দেনাদার’ নারীর তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাড়তি দুশ্চিন্তাই হয়তো স্বাভাবিক।

চার.
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল কিংবা মাস্টার কিছুই হতে যায়নি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, পারেনি। অমলকান্তি ছাপাখানায় কাজ করত। অমলকান্তি প্রথাগত চাওয়ার কোনো রঙিন সুতো কখনো টানতে পারেনি। তাই অভিভাবকেরা সন্তানদের নিজেদের মতো জগৎ তৈরি করতে দিন। সন্তানের ভালো ভবিষ্যৎ সমাজের কাছে আপনার মুখ রক্ষা করবে ঠিকই কিন্তু ভালো মানুষ না হলে কারও মুখই রক্ষা হবে না।
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।