অরক্ষিত আদালত, সুরক্ষিত রাজনীতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ জানুয়ারি হাইকোর্টের দুটি আদালতকক্ষে তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়
১১ জানুয়ারি হাইকোর্টের দুটি আদালতকক্ষে তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়

মতামত পাতার নতুন নিয়মিত সাপ্তাহিক আয়োজন নাগরিক কলাম এখন থেকে ছাপা হবে প্রতি মঙ্গলবার। প্রথম আলোর যেকোনো পাঠক জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নিজের মতামত ও প্রতিক্রিয়া জানাতে পারবেন এই কলামে।
অবরুদ্ধ দেশ। অবরুদ্ধ জনতা। অরক্ষিত জনপদ। অরক্ষিত জীবন। দেশটা যেন রাজনীতিবিদদের দাবার ছক। আর ১৬ কোটি মানুষ তার ঘুঁটি। খেলতে খেলতে ২০১৩ সালে দেশটাকে তাঁরা মৃত্যুকূপ বানালেন। ২০১৪ সালটা ছিল বিশ্রামকাল। ২০১৫ শুরু হতেই ফের সেই পুরোনো খেলা। গোদের ওপর বিষফোড়া উঠল ১১ জানুয়ারির ঘটনা। সেদিন হাইকোর্টের দুটি আদালতকক্ষ থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার হলো। সঙ্গে বারের টয়লেট থেকে গুলিসহ পিস্তল আবিষ্কার। শুরু হলো নজরদারি-তল্লাশি। বিভিন্ন বেঞ্চের প্রবেশদ্বারে বিচিত্র নোটিশ: ‘বিজ্ঞ আইনজীবী ও আইডি কার্ডধারী আইনজীবীর সহকারী ব্যতীত অন্য কোন লোক কোর্টে প্রবেশ করা নিষেধ।’ ‘মোবাইল ফোন, যেকোনো ধরনের ব্যাগ অথবা সন্দেহজনক দ্রব্য বা মামলার সঙ্গে সম্পৃক্ত নহে এমন কোনো কিছু নিয়ে আদালতকক্ষে (কোর্ট রুম) প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।’ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত হয়েছে সাত সদস্যের নিরাপত্তা-সংক্রান্ত জাজেস কমিটি। ওই সব উদ্যোগ-আয়োজনে ‘বোমা-বাঘ’ হয়তো লাপাত্তা। কিন্তু মানুষের ‘মনের বাঘ’ ঠেকাবে কে?
এদিকে চলছে অবরোধের পক্ষে-বিপক্ষে দুই দলের কিছুসংখ্যক আইনজীবীর মিছিল-সমাবেশ। কখনো একই জায়গায়, একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ। অথচ বিদ্যমান হাইকোর্ট রুলস (২০১২ সালে সংশোধিত) অনুসারে আদালত চত্বরে সব ধরনের মিছিল-মিটিং-সভা-সমাবেশ, স্লোগান নিষিদ্ধ। তবে রুলসের ওই বিধান লঙ্ঘনে সুনির্দিষ্টভাবে কোনো শাস্তির উল্লেখ নেই। ফলে কেউই তা মানে না। এর আগে বিচারপতি আবদুল মতিনও এক রায়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে মিছিল-মিটিং নিষিদ্ধ করেছিলেন। সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের ডাকে সাড়া দিয়ে উভয় পক্ষের আইনজীবীরা গত ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রাজনৈতিক সভা-সমাবেশ না করার পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু পরে ওই সমঝোতা পণ্ড হয়। বহাল হয় পুরোনো ধারা, যা এখনো অব্যাহত।
আশা করি, নতুন প্রধান বিচারপতি আবারও সমঝোতার উদ্যোগ নেবেন। প্রয়োজনে রুলসমতে কঠোর পদক্ষেপ নেবেন। রুলস সংশোধন করে শাস্তির বিধান সংযোজন করবেন। মনিটরিং কমিটিকে আরও সক্রিয় করবেন। সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নির্লজ্জ দলবাজির যবনিকা টানা উচিত।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
[email protected]