অর্থনীতির মহা অস্বস্তি কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছর কেমন কাটবে বিশ্ববাসীর? পৃথিবীর প্রথম সারির নেতা ও ভাবুকেরা তুলে ধরেছেন তার এক আগাম ছবি। বাংলাদেশে শুধু প্রথম আলোকে দেওয়া প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ নিয়ে চার দিনব্যাপী বিশেষ আয়োজন। আজ তৃতীয় দিনে প্রকাশিত হলো আরও দুটি লেখা।
জোসেফ ই. স্টিগলিৎস
জোসেফ ই. স্টিগলিৎস

২০১৫ সালটা সবার জন্যই কঠিন সময় ছিল। এ বছর ব্রাজিল মন্দার কবলে পড়ে। চীনের অর্থনীতি প্রায় চার দশক অত্যন্ত দ্রুতগতিতে প্রবৃদ্ধি অর্জনের পর প্রথমবারের মতো গুরুতর ধাক্কা খায়। অভিন্ন মুদ্রা ইউরো গ্রহণকারী ইউরোপীয় দেশগুলো (ইউরোজোন) গ্রিসকে কেন্দ্র করে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছে বটে, কিন্তু প্রায়-স্থবির অবস্থা চলছেই। ফলে এই দশকটাকে তারা হারিয়ে যাওয়া দশক হিসেবে বিবেচনা করবে। যুক্তরাষ্ট্র ভেবেছিল, ২০০৮ সালে সৃষ্ট মহামন্দা তারা এ বছর কাটিয়ে উঠবে, কিন্তু সেটা হয়নি বরং দেখা যাচ্ছে, সে মোটামুটি সন্তোষজনক গতিতে রোগ নিরাময় করছে।
সে কারণেই হয়তো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ড বৈশ্বিক অর্থনীতির বিদ্যমান অবস্থাকে নিউ মিডিওকার (নয়া মাঝারি গোছের) বলে আখ্যায়িত করেছেন। অন্যরা ফিরে যাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের গভীর হতাশার দিকে; তাঁদের ভয় হচ্ছে, বিশ্ব অর্থনীতি গভীর মন্দায় ডুবে যেতে পারে, কিংবা অন্তত আটকে যেতে পারে প্রলম্বিত স্থবিরতায়।
২০১০ সালের শুরুর দিকে আমি আমার লেখা বই ফ্রিফল-এ সতর্ক করেছিলাম, যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে বিশ্ব অর্থনীতি মহা অস্বস্তিতে (গ্রেট ম্যালাইস) পড়ে যেতে পারে। যেসব ঘটনার ফলে মহামন্দার সৃষ্টি হয়েছিল, বইটিতে আমি সেগুলো বর্ণনা করেছি। দুর্ভাগ্যের বিষয়, আমার সেই সতর্কতা সঠিক প্রমাণিত হয়েছে। যা করা দরকার ছিল, আমরা তা করিনি, ফলে যে পরিস্থিতিতে আমরা পড়ব বলে আশঙ্কা করেছিলাম, শেষ পর্যন্ত সেখানেই এসে পড়েছি।
এই জড়তার অর্থনীতি বোঝা সহজ এবং এ থেকে বেরোনোর পথও যথেষ্টই আছে। বিশ্ব অর্থনীতির মোট চাহিদা পড়ে গেছে, ক্রমবর্ধমান অসমতা ও বিবেচনাহীন আর্থিক কৃচ্ছ্রসাধনের নীতি গ্রহণের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওপরের সারির মানুষেরা নিচের সারির মানুষের চেয়ে অনেক কম ব্যয় করে। এতে টাকা ওপরের দিকে প্রবাহিত হয়, চাহিদা পড়ে যায়। আর জার্মানির মতো দেশগুলো, যারা ধারাবাহিকভাবে বহিঃস্থ উদ্বৃত্ত সংরক্ষণ করছে, বৈশ্বিক চাহিদা হ্রাসের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করছে।

একই সঙ্গে, ইউরোপে যে মৃদু মাত্রায় আর্থিক কৃচ্ছ্রসাধন চলছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ভুগতে হচ্ছে। সংকটের আগে যুক্তরাষ্ট্রে যত মানুষ সরকারি খাতে চাকরি করত, তাদের সংখ্যা এখন প্রায় ৫ লাখ কম। ২০০৮ সাল থেকে সরকারি কর্মসংস্থান স্বাভাবিকভাবে বাড়লে এখন সরকারি চাকরিজীবীর সংখ্যা বরং ২০ লাখ বেশি হতো। উপরন্তু, বিশ্বের অধিকাংশ দেশ অর্থনীতির কাঠামোগত রূপান্তরের প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে—ইউরোপ ও আমেরিকা ম্যানুফ্যাকচারিং বা যন্ত্রের সাহায্যে শিল্প উৎপাদন থেকে সেবা খাতে এবং চীন রপ্তানিমুখী প্রবৃদ্ধি থেকে অভ্যন্তরীণ চাহিদাভিত্তিক অর্থনীতিতে। একইভাবে আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রাকৃতিক সম্পদভিত্তিক অর্থনীতির দেশগুলোর অধিকাংশই পণ্যের দাম বাড়ার সুযোগ নিতে পারেনি। চীন নিজের অর্থনীতিকে বহুমুখী করার যে চেষ্টা করেছিল, তার ফলেই পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছিল। কিন্তু এখন চীনের প্রধান রপ্তানি পণ্যের দাম পড়ে যাওয়ার কারণে তাকে ভুগতে হচ্ছে। বাজার কখনোই নিজে থেকে এমন কাঠামোগত পরিবর্তন ঘটাতে পারেনি।
বৈশ্বিকভাবে বিরাট অপূর্ণ চাহিদা রয়েছে, যা প্রবৃদ্ধির জন্য প্রণোদনা সৃষ্টি করতে পারে। শুধু অবকাঠামো খাতেই হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করা সম্ভব। এটা শুধু উন্নয়নশীল পৃথিবীর জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্যও সত্য। যুক্তরাষ্ট্র মৌলিক অবকাঠামো খাতে কয়েক দশক ধরে প্রয়োজনের তুলনায় কম বিনিয়োগ করছে। তা ছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বাস্তবতা মোকাবিলা করতেও পুরো পৃথিবীকে নতুন নতুন কলাকৌশল ও যন্ত্রপাতি দিয়ে নিজেকে সজ্জিত করতে হবে।

চীনের শেয়ারবাজারে দরপতনের পর বিনিয়োগকারীদের মাথায় হাত
চীনের শেয়ারবাজারে দরপতনের পর বিনিয়োগকারীদের মাথায় হাত

আমাদের ব্যাংকগুলো স্বাস্থ্য মোটামুটি ফিরে পেয়েছে বটে; কিন্তু তারা দেখিয়েছে যে তারা নিজেদের লক্ষ্য অর্জনে সক্ষম নয়। তারা শোষণ করতে ওস্তাদ, বাজারে কারসাজি করায়ও তাদের জুড়ি নেই। কিন্তু নিজেদের যা মূল কাজ, অর্থাৎ আমানতকারী ও ঋণগ্রহীতাদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকাতেই তারা ব্যর্থ। দীর্ঘমেয়াদি সঞ্চয়কারী (যেমন সার্বভৌম সম্পদ ফান্ড ও যাঁরা অবসরের জন্য সঞ্চয় জমা করেন) ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মধ্যে আটকা পড়েছে আমাদের ক্ষীণদৃষ্টিসম্পন্ন ও অকার্যকর আর্থিক খাত।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বোর্ডের সাবেক চেয়ারম্যান বেন বার্নানকি একবার বলেছিলেন, পৃথিবী ‘সঞ্চয়ের আধিক্যে’ ভুগছে। হ্যাঁ, নেভাদার মরুভূমিতে রদ্দি মার্কা ঘরবাড়ি নির্মাণের পেছনে পৃথিবীর সঞ্চয়ের যে মন্দ বিনিয়োগ হয়েছে, তা না হয়ে যদি সঞ্চয়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করা হতো তাহলে পৃথিবীতে সঞ্চয়ের আধিক্য সৃষ্টি হতে পারত। কিন্তু বাস্তবতা হলো, যেসব প্রকল্পের সামাজিক প্রাপ্তি যথেষ্ট ভালো, সেসব প্রকল্পের ক্ষেত্রেও অর্থায়ন–সংকট সৃষ্টি হয়।
এই রোগ সারানোর একমাত্র উপায় হলো বিশ্বের সামগ্রিক চাহিদা বাড়াতে হবে। আয়ের পুনর্বণ্টনের সুদূরপ্রসারী পরিকল্পনা করা হলে তা কাজে আসতে পারে, সেই সঙ্গে আর্থিক খাতের বৃহৎ সংস্কার করা প্রয়োজন। না, সেটার লক্ষ্য শুধু এই খাতকে আমাদের ক্ষতি করা থেকে বিরত রাখা নয়, এগুলোকে নিজের কক্ষপথে পরিচালনা করাও এই সংস্কারের এক লক্ষ্য—দীর্ঘমেয়াদি সঞ্চয়কে দীর্ঘমেয়াদি বিনিয়োগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।
কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান করতে অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি ও পরিবেশ খাতে সরকারি বিনিয়োগের প্রয়োজন। একই সঙ্গে কাঠামোগত সংস্কারকে সহজ করার দায়িত্বও সরকারকে পালন করতে হবে।
বিশ্ব অর্থনীতি যে সমস্যার সম্মুখীন হয়েছে, তার ভিত্তি কিন্তু অর্থনীতিতে নয়, রাজনীতি ও আদর্শের মধ্যে নিহিত। বেসরকারি খাত অসমতা সৃষ্টি করেছে, পরিবেশের ক্ষতি করেছে, আমাদের এটা সামাল দিতে হবে। বাজার নিজে থেকে এসব গুরুতর সমস্যা মোকাবিলা করতে পারবে না অথবা সমৃদ্ধিও ফিরিয়ে আনতে পারবে না। এ লক্ষ্যে সক্রিয় সরকারি নীতির প্রয়োজন।
এর মানে হলো ঘাটতির যে বদ্ধ সংস্কার আমাদের মধ্যে আছে, তা দূর করতে হবে। যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো দেশগুলোর জন্য এটা প্রযোজ্য, কারণ তারা দীর্ঘ মেয়াদে ঋণাত্মক হারে ঋণ নিয়ে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারে। একইভাবে অন্যান্য দেশেও সরকারি বিনিয়োগ থেকে যে প্রাপ্তিযোগ ঘটে, তা ওই তহবিল সৃষ্টির খরচ থেকে অনেক বেশি। যেসব দেশের ঋণ করার সুযোগ কমে গেছে, তাদের সে অবস্থা থেকে মুক্তিলাভের এক পথ আছে, সেটা হলো ব্যালান্সড বাজেট মাল্টিপ্লায়ারের নীতি, এটা অনেক আগেই প্রতিষ্ঠিত এক নীতি। সরকারি ব্যয় বাড়ার সঙ্গে যদি কর আয় সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ে, তাহলে তা অর্থনীতিতে গতি সঞ্চার করে। কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রান্সসহ অনেক দেশই ব্যালান্সড বাজেট সংকোচের দিকে যাচ্ছে।
আশাবাদীরা বলেন, ২০১৬ সালটা ২০১৫ সালের চেয়ে ভালো হবে। এটা সত্য হতে পারে, কিন্তু তা হলেও অনেকটা অলক্ষ্যেই হবে। চাহিদা পড়ে যাওয়ার ব্যাপারটা আমলে না নিলে এই অস্বস্তি কাটবে না।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন
জোসেফ ই. স্টিগলিৎস: নোবেল পুরস্কারপ্রাপ্ত মার্কিন অর্থনীতিবিদ।
আগামীকাল পড়ুন: ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারের লেখা