অশান্তির সময়ে সাংবাদিকতার দায়ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড জার্নালিস্টস কনফারেন্স ২০১৭
ওয়ার্ল্ড জার্নালিস্টস কনফারেন্স ২০১৭

এপ্রিলের ৩ তারিখ সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে সূর্য ওঠেনি। পঞ্জিকার পাতায় বসন্ত শুরু হয়েছে বটে, কিন্তু বাতাস হিম ঠান্ডা। অবশ্য সিউলের প্রেস সেন্টারের ভেতরে বিশাল হলঘর ছিল উষ্ণ; পৃথিবীর ৫৫টি দেশের শখানেক সাংবাদিক সমবেত হয়েছেন সেখানে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কোরিয়ার আয়োজিত ‘ওয়ার্ল্ড জার্নালিস্টস কনফারেন্স-২০১৭’ শুরু হচ্ছে।

উদ্বোধনের কিছু পরেই দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন চং-গির বক্তৃতায় উচ্চারিত হলো বসন্তের আগমনী শুভেচ্ছা। শীতের পত্রপল্লবহীন গাছপালায় কুঁড়ি ও কিশলয়দের জেগে ওঠার প্রস্তুতির কথা তিনি জানালেন। কিন্তু পরের মুহূর্তেই বললেন, কোরীয় উপদ্বীপ অঞ্চলের ভূরাজনৈতিক ছবির দিকে তাকালে মনে হবে, এ যেন বসন্ত নয়। ‘উত্তর-পূর্ব এশীয় অঞ্চলে, বিশেষত কোরীয় উপদ্বীপের আকাশে অনিশ্চয়তার কালো মেঘের ঘনঘটা। আমাদের উত্তরে আমরা দেখছি অধিকতর ধ্বংসক্ষমতা-সম্পন্ন পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার অদম্য প্রয়াস। উত্তরের হুমকির বিপরীতে আমাদের পশ্চিমে আমরা সম্প্রতি দেখছি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে গভীর উত্তেজনা। পুবেও আমাদের সম্পর্ক যথেষ্ট উত্তেজনার মুখোমুখি।’

উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বললেন যে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি দক্ষিণ কোরিয়ার প্রধান নিরাপত্তা উদ্বেগ; পারমাণবিক হামলার শঙ্কা নিয়ে কোনো জাতিই শান্তিতে বসবাস করতে পারে না। তিনি কিছু পরিসংখ্যান দিলেন। যেমন: উত্তর কোরিয়া শুধু ২০১৬ সালেই দুটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে এবং ২৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে। চলতি বছরেই আরও তিন দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং ষষ্ঠবারের মতো পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরীয় নেতার ভাইকে প্রাণঘাতী নার্ভ গ্যাস ব্যবহার করে হত্যা করার কথাও তিনি তাঁর বক্তৃতায় উল্লেখ করলেন।

সম্মেলনের মূল অধিবেশনের অন্যতম আলোচক চীন থেকে আসা সাংবাদিক, সে দেশের পিপলস ডেইলির ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর এক্সটারনাল রিলেশন্স ইয়ং জাং বললেন, চীনের মূলধারার সংবাদমাধ্যম উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির বিরোধিতা করে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের পক্ষে চীনা সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানায়। একটু পরেই তিনি বেশ স্পষ্ট ভাষায় বললেন, চীনা সংবাদমাধ্যম উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে যতটা উদ্বিগ্ন, তার চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই-আল্টিচুড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি—থাড) ব্যবস্থা নিয়ে। এটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা; বসানো হয়েছে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ায়। ইয়ং জাং বললেন, চীনের অধিকাংশ মানুষ মনে করে, যুক্তরাষ্ট্রের থাড–ব্যবস্থার ব্যাটারি দক্ষিণ কোরিয়ায় স্থাপন করার ফলে উত্তর কোরিয়ার দিক থেকে সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা নিশ্চিত হয়নি; বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চীন দেশের অর্ধেক অঞ্চলজুড়ে তার রাডার নজরদারির পরিধি বিস্তৃত করেছে। এর ফলে চীনের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে এবং চীনা স্বার্থকে খাটো করা হবে। ইয়ং জাং আরও মনে করেন, যুক্তরাষ্ট্রের থাড কর্মসূচির কারণে উত্তর-পূর্ব এশিয়া ও সারা পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে এবং এক নতুন পর্যায়ের অস্ত্র প্রতিযোগিতা সূচিত হবে। রাশিয়া এ অঞ্চলে পাল্টা ব্যবস্থা নেবে, তার সামরিক সামর্থ্য বাড়াবে। জাপানসহ আরও কয়েকটি দেশে থাড–ব্যবস্থা মোতায়েন করা হতে পারে। এ অঞ্চলের প্রতিটি দেশই ক্ষতির মুখে পড়বে এবং বিশ্বশান্তি বিঘ্নিত হবে।

ইংরেজি ভাষায় সুবক্তা এই সুদর্শন চীনা ভদ্রলোকের বক্তৃতা শুনে আমার মনে হলো, উত্তর কোরিয়া নিয়ে দুশ্চিন্তার মূল ব্যাপারটা তিনি ফাঁস করে দিলেন, যা অন্য বক্তারা মোটের ওপর এড়িয়েই যাচ্ছিলেন।

একটু পরে দক্ষিণ কোরিয়ার চসুন ডেইলি নিউজপেপার-এর ডেপুটি এডিটর উসুক কেনেথ চইয়ের বক্তৃতায় অবশ্য চীন-মার্কিন দ্বৈরথের জাঁতাকলের নিচে কোরীয় উপদ্বীপের পিষ্ট হওয়ার কথা উচ্চারিত হলো। তিনি কোরীয় একটা প্রবাদ ইংরেজিতে বললেন: হোয়েন দেয়ার ইজ আ ফাইট বিটুইন টু হয়েলস, শ্রিম্পস গেট দিয়ার বাট কিক্ড (যখন দুই তিমি মারামারি করে, তখন চিংড়ি মাছেরা পুচ্ছদেশে লাথি খায়)। দুই তিমি বলতে তিনি কাদের বোঝালেন তা বললেন না, তবে এটা বলতে ছাড়লেন না যে চিংড়ি মাছটা হলো কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার মানুষ বছর দুয়েক আগেও স্বপ্ন দেখত যে দুই কোরিয়া আবার একীভূত হবে। কিন্তু গত প্রায় দেড় বছরে সে স্বপ্ন অনেকটাই উবে গেছে। আমি সিউলের অদূরে ইনচিওন মেট্রোপলিটন সিটির মেয়র ইউ জিয়ং-বককে জিজ্ঞাসা করেছিলাম, তিনি ও তাঁর শহরের অধিবাসীরা কি এখনো আশাবাদী যে দুই কোরিয়া আবার এক হবে? উত্তরে তিনি না-সূচক উত্তর দিয়ে বলেন, দুই কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা এবং অন্তত তিন প্রজন্মের সাংস্কৃতিক ও মানসিক গড়নগত পার্থক্য এ দুই দেশের আবার এক হওয়ার প্রতিবন্ধক। আমি জানতে চাইলাম, উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক হতে চায় কিংবা চায় না, এ বিষয়ে তাঁদের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য আছে কি না। তিনি বললেন, সে রকম কোনো তথ্য নেই। তবে উত্তর কোরিয়ার কিছু মানুষ এখন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এমন খবর তাঁরা পান।

এখন দুই কোরিয়ার এক হওয়ার স্বপ্ন দূরের বিষয়, কখন উত্তর দিক থেকে ক্ষেপণাস্ত্র ছুটে আসতে শুরু করে—এমন অনিশ্চয়তাই বাড়ছে বলে অন্তত কনফারেন্সের কোরীয় আলোচকদের কথাবার্তা শুনে মনে হলো। কনফারেন্স শেষে কোরীয় উপদ্বীপে উত্তেজনা নতুন করে বাড়ার খবর পেলাম। উত্তর কোরিয়া আবার একটা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে এবং তার প্রতিক্রিয়ায় প্রশান্ত মহাসাগরের মার্কিন নৌঘাঁটি থেকে একটা যুদ্ধবিমানবাহী জাহাজসহ মার্কিন নৌবহর কোরীয় উপদ্বীপের উদ্দেশে রওনা করেছে। এই খবরে উত্তর কোরিয়া ঘোষণা করেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত আছে।

অশান্তির আশঙ্কা শুধু কোরীয় উপদ্বীপকে নিয়েই নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন অংশে চলমান যুদ্ধ, গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদী আক্রমণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিয়েও কথা বললেন কনফারেন্সের অন্য বক্তারা। সিরিয়া-ইরাকের ইসলামিক স্টেট (আইএস) ও ইউরোপের বিভিন্ন শহরে তাদের সন্ত্রাসী হামলা নিয়েও বিস্তর কথা হলো।

কিন্তু অশান্তির আশঙ্কা বা হুমকি আর যুদ্ধ ও সন্ত্রাসবাদের ব্যাপারে সাংবাদিকদের কী করার আছে? এটা ছিল কনফারেন্সের প্রধান আলোচ্য বিষয়গুলোর অন্যতম। চীনা সাংবাদিক ইয়ং জাং বললেন, কোরীয় উপদ্বীপসহ সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চীন দেশে নাকি বলা হয়, সাংবাদিকেরা জনমনের নির্মাণশ্রমিক। তাঁরা পৃথিবীকে খবর জানান এবং একই সঙ্গে পৃথিবী সম্পর্কে জনগণের ধারণা নির্মাণ করেন। ‘আমরা জনমত উদ্ধৃত করি, আবার একই সঙ্গে জনমত গঠনের কাজে নেতৃত্ব দিই।’ আলোচকদের আরেকজন, যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো থেকে আসা এনবিসির অনুসন্ধানী সাংবাদিক লিন ওয়ালশ বললেন, অন্যান্য সময়ের তুলনায় যুদ্ধ-সংঘাতের সময় সত্য, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের প্রয়োজন বেশি। সাংবাদিকদের চেষ্টা করা উচিত সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্যগুলো জনগণকে জানানো। কারণ, বেঠিক ও ভিত্তিহীন খবর জনগণকে বিভ্রান্ত করে। সব সময় সত্য খুঁজতে হবে এবং সত্য খবর জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে। যুদ্ধ ও সহিংসতার ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করতে হবে।

গুজব কিংবা ভুয়া খবর যে যুদ্ধও বাধাতে পারে, এ কথাটা অবশ্য কেউ বললেন না। আমার মনে পড়ছিল, সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক-বিধ্বংসী অস্ত্র আছে, নিউইয়র্ক টাইমস-এ এই ভুয়া খবর ছাপা হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরাকে আগ্রাসী যুদ্ধ শুরু করার রাস্তা খুলে গিয়েছিল। কিন্তু খবরটা যে ভুয়া ছিল, তা জানা গেছে পরে। কদিন আগে যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালাল এই বলে যে বাশার আল-আসাদের বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। অবশ্য কোনো সংবাদের ভিত্তিতে তারা এই আক্রমণ চালিয়েছে কি না, তা জানা যায়নি। কে জানে, পরে হয়তো জানা যাবে বাশার আল-আসাদের কাছে রাসায়নিক অস্ত্রই ছিল না!

ফেক নিউজ বা ভুয়া খবর যে অতি বিপজ্জনক একটা বিষয়, তা কোনো নতুন কথা নয়। সামাজিক যোগাযোগমাধ্যম আর ইন্টারনেট-ভিত্তিক সাংবাদিকতার বিপুল বিস্তারের যুগে এই বিপদ আরও অনেক গুণ বেড়েছে। তাই পেশাদার সাংবাদিকেরা ‘ফাইটিং ফেক নিউজ’ আওয়াজ জোরেশোরে তুলেছেন। সিউলের কনফারেন্সেও সেই আওয়াজ শোনা গেল লিন ওয়ালশ, উসুক কেনেথ চইসহ অন্যান্য আলোচকের কণ্ঠে। কেনেথ চই বললেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে “সবাই সবকিছু জানে”। ফেক নিউজ বা ভুয়া খবর একটা বিরাট সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে।’

তিনি আরও বললেন, এক দেশের সংবাদমাধ্যম অন্য দেশের সমালোচনা করতে অবশ্যই পারে, কিন্তু সেই সমালোচনা সব সময়ই হওয়া উচিত আবেগবর্জিত। নিরেট সত্য সংবাদ পরিবেশন করাই সাংবাদিকের দায়িত্ব। অশান্তির সময়ে সংবাদের গুরুত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]