
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফরের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কর্তৃক তাঁকে ‘দুই আনার মন্ত্রী’ আখ্যা দিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎকারকে তাচ্ছিল্য করার ঘটনাটি মিডিয়ায় ঝড় তুলেছে। সৈয়দ আশরাফ তাঁর ওই বক্তৃতায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মিস নিশার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত খোঁচা দিয়েছেন এবং মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকেও আক্রমণ করেছেন। উল্লিখিত আচরণ কূটনৈতিক শিষ্টাচারের দৃষ্টিতে অশিষ্ট ও আপত্তিকর বিবেচিত হবে।
২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর কিছুদিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রধানমন্ত্রীর সদ্ভাব পরিদৃষ্ট হলেও ২০১০ সাল থেকেই অধ্যাপক ইউনূস ইস্যুতে হিলারি ক্লিনটনের ভূমিকার কারণে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের টানাপোড়েন বাড়ছিল। বিশ্বব্যাংক কর্তৃক পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করার পেছনে হিলারির ভূমিকা ছিল বলে প্রধানমন্ত্রীর ৫ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা অভিযোগ দুই সরকারের সম্পর্কের অবনতিরই ইঙ্গিত দেয়। অভিযোগটি সত্য হলে সেটাকে ‘নির্ভেজাল দাদাগিরি’ বলতেই হবে। কিন্তু তারপরও শুভাকাঙ্ক্ষী হিসেবে বলব, অশিষ্ট আচরণ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিপতিসুলভ দাদাগিরির জবাব দিতে গেলে সেটা শুধু বাংলাদেশের স্বার্থহানিকর পাল্টা পদক্ষেপের আশঙ্কাই সৃষ্টি করবে, কাজের কাজ কিছুই হবে না।
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র খোন্দকার মোশতাকের নেতৃত্বাধীন মার্কিন লবির সহায়তায় ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিল মুক্তিযুদ্ধের কান্ডারি অর্থমন্ত্রী তাজউদ্দীনের আপত্তি সত্ত্বেও। রাজনৈতিক বিশ্লেষকেরা যুদ্ধবিধ্বস্ত দেশের বিপর্যয়কর অর্থনৈতিক বাস্তবতায় এ ব্যাপারে বঙ্গবন্ধুর সিদ্ধান্তকে অযৌক্তিক বিবেচনা করেননি। বিশেষত, ওই সময়ে বিশাল খাদ্য ঘাটতির মোকাবিলা করা দুঃসাধ্য ছিল বঙ্গবন্ধুর সরকারের জন্য।
কিন্তু, ১৯৭২ সালের এপ্রিলে নব্য স্বাধীন বাংলাদেশকে মার্কিন স্বীকৃতির পর থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত পুরো সময়টাতেই বঙ্গবন্ধুর সরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দসই ছিল না, তার অজস্র প্রমাণ ও নজির উদ্ঘাটিত হয়েছে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ ঘটানোর জন্যও মার্কিন যুক্তরাষ্ট্রকে আংশিক দায়ী করা যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবেরা যে তাঁদের অভ্যুত্থান পরিকল্পনা সম্পর্কে মার্কিন কূটনৈতিক মহলের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারও আলামত মিলছে, যদিও মূল ঘটনায় মার্কিন ভূমিকার অকাট্য প্রমাণ মেলেনি। তবে, খোন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করায় মার্কিন সরকার যে বিলক্ষণ প্রীত হয়েছিল, তা প্রমাণিত হয় ওই সরকারের আমলে (এবং পরবর্তী জিয়া সরকারের আমলে) এ দেশে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রবাহ দ্রুত বৃদ্ধি পাওয়ার মাধ্যমে। ওই রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশকে আবারও মার্কিন মক্কেল রাষ্ট্রের পুরোনো পাকিস্তানি বৃত্তে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। ১৯৭৫-১৯৯০ পর্বের সামরিক শাসকদের শাসনামলে যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক ও আইএমএফ এ দেশের সরকারগুলোর ওপর নয়া সাম্রাজ্যবাদী প্রভুত্ব চালিয়ে গেছে দাপটের সঙ্গে। কারণ, ওই সময়ে বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক ঋণ ও অনুদাননির্ভরতা মারাত্মক পর্যায়ে ছিল। ১৯৮০-৮১ অর্থবছরে জিডিপির অনুপাত হিসেবে বৈদেশিক ঋণ/অনুদান ১৩ দশমিক ৭ শতাংশে পৌঁছে গিয়েছিল বলে অধ্যাপক রেহমান সোবহানের বই দ্য ক্রাইসিস অব এক্সটারনাল ডিপেনডেন্স-এ দাবি করা হয়েছে, যার ফলে একটি স্বল্পোন্নত দেশের পক্ষেÿ সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা সমুন্নত রাখার প্রশ্নই ছিল অবান্তর। আমদানি বিলের ৩০-৪০ শতাংশের বেশি তখন আমাদের রপ্তানি আয় দিয়ে মেটানো যেত না, রেমিট্যান্স প্রবাহও ছিল অকিঞ্চিৎকর। রাজস্ব আয় দিয়ে সরকারের পৌনঃপুনিক ব্যয় মেটাতেই প্রায় বছর ব্যর্থ হতো সরকার, তাই বার্ষিক উন্নয়ন পরিকল্পনার অর্থায়নের জন্য প্রায় পুরোপুরি নির্ভর করতে হতো বৈদেশিক ঋণ ও অনুদানের ওপর। ২০১৩-১৪ অর্থবছরে বৈদেশিক ঋণ/অনুদানের অনুপাত জিডিপির ২ শতাংশেরও নিচে নেমে এসেছে। যার মানে, এখন বাংলাদেশকে আর বৈদেশিক খয়রাতনির্ভর দেশ বলার যুক্তি নেই।
স্বাধীনতা-পরবর্তী আড়াই দশক ধরে ৩০-৪০ লাখ টন খাদ্য ঘাটতি মেটানোর জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থার ওপর নির্ভরশীলতাই ছিল সরকারের সবচেয়ে বড় দুর্বলতা। বাংলাদেশ যে কখনো অর্থনৈতিকভাবে হেনরি কিসিঞ্জার কথিত ‘তলাবিহীন ভিক্ষার ঝুলি’র অবস্থান থেকে মুক্তি পাবে, সে কথাটা বলা কঠিনই ছিল। ১৯৯৮-৯৯ সালে যখন বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে চমকপ্রদ সাফল্য অর্জন করে প্রায় খাদ্যশস্য-স্বয়ম্ভরতার দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল, তখনো বিশেষজ্ঞদের অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে ওই সাফল্য টেকসই হবে না।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর আওয়ামী লীগের কৃষি নীতিমালা পরিত্যাগের কারণে যখন দেশ আবারও খাদ্যশস্য ঘাটতির কবলে পড়ল, তখন ওই দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বড় গলায় বলে বেড়িয়েছেন যে তাঁদের কথাই সত্য প্রমাণিত হয়েছে। বৈদেশিক পরামর্শদাতাদের প্রেসক্রিপশন যে ভুল হতে পারে, সেটা প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে কখনো বোঝানো যায়নি। তাঁর মতো ‘মুক্তবাজার অর্থনীতি’ দর্শনের নীতি-প্রণেতাদের ভুল নীতিমালার ধারাবাহিকতায় দেশ যখন ২০০৭ সালে মারাত্মক খাদ্য-মজুত বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, তখনো নীতি-প্রণেতাদের টনক নড়েনি। বিশ্বব্যাংক, আইএমএফ ও বিশ্ব বাণিজ্য সংস্থার প্রেসক্রিপশন মেনে তখনো তাঁরা কৃষি ভর্তুকি, কৃষি উপকরণের ও কৃষিঋণের সহজলভ্যতা এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যপ্রাপ্তির মতো কৃষিবান্ধব বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেননি। ২০০৯ সালে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে যখন কৃষিবান্ধব ও কৃষকবান্ধব নীতিগুলো আবার ফিরিয়ে আনল, তখন ২০১১ সাল থেকে দেশ আবার খাদ্যশস্য উৎপাদনে সাফল্যের ধারায় প্রত্যাবর্তন করেছে। দেশ এখন মোটা ধান উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, প্রতিবছর ধান উদ্বৃত্ত থাকছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা এখন এ দেশের চলমান কৃষিবিপ্লবের প্রশংসায় পঞ্চমুখ।
প্রায় দুই দশক ধরে দেশের রপ্তানি খাতের উচ্চ প্রবৃদ্ধি আমাদের পরনির্ভরতা কাটিয়ে উঠতে বড়সড় শক্তি জোগাচ্ছে। ১৯৮২ সালে এ দেশের রপ্তানি আয় ছিল মাত্র ৮০ কোটি ডলার, ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি আয় ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ওই আয়ের ৮১ শতাংশই তৈরি পোশাক রপ্তানি থেকে আসছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে এ দেশের সবচেয়ে বড় বাজার। সে জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের টানাপোড়েন আমাদের রপ্তানি খাতকে বিপদে ফেলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
কিন্তু, মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি এ দেশের রপ্তানির ব্যাপারে যে তেমন একটা বন্ধুত্বপূর্ণ নয়, তা হয়তো অনেকেই জানেন না। স্বল্পোন্নত দেশগুলোকে ৯৭ শতাংশ পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং কনফারেন্সে প্রতিশ্রুতিবদ্ধ হয়েও মার্কিন সরকার বাংলাদেশের তৈরি পোশাককে বাকি ৩ শতাংশ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে ওই সুবিধা
থেকে বঞ্চিত করে রেখেছে। অথচ বেশির ভাগ স্বল্পোন্নত দেশকেই তারা শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় স্বল্পোন্নত দেশ বাংলাদেশ কেন এই সুবিধা পাবে না, তার কোনো সদুত্তর মার্কিনরা দিতে রাজি নয়। উপরন্তু, এ দেশের গার্মেন্টস আইটেমের ওপর যুক্তরাষ্ট্র ১৫ দশমিক ৮ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করে চলেছে। এর ফলে, বাংলাদেশের পণ্য যে অন্য প্রতিযোগী দেশগুলোর পণ্যের তুলনায় ‘দামের তুলনামূলক অসুবিধার’ সম্মুখীন হচ্ছে, তা তো স্বীকার করতেই হবে।
এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের অভিযোগকে ‘জিরো’ বানান করে মার্কিন রাষ্ট্রদূত মজীনা যেভাবে কূটনৈতিক শিষ্টাচারবর্জিত বাক্যবাণ ছুড়ে দিয়ে উড়িয়ে দিয়েছিলেন, তা হজম করা যেকোনো আত্মমর্যাদাশীল দেশের জন্যই অপমানজনক। অবশ্য, তোফায়েল আহমেদ রাষ্ট্রদূত মজীনার ঔদ্ধত্যের জবাব দিয়েছেন। তবু বলতে হবে, শুধু মার্কিন ভোক্তারাই ওই শুল্কের অভিঘাত বহন করছে—এই তত্ত্ব কোথায় পেয়েছেন রাষ্ট্রদূত মজীনা? এ ধরনের শুল্ক আরোপের ফলে ক্রেতা-বিক্রেতা উভয়েই করের অভিঘাত বহন করে, সেটাই তো তত্ত্বের কথা! এর পাশাপাশি লেবার স্ট্যান্ডার্ড, চাইল্ড লেবার, ট্রেড ইউনিয়ন অধিকার, অস্বাস্থ্যকর পরিবেশ, নিরাপত্তার অভাব—এ ধরনের ইস্যুগুলো ব্যবহার করে মার্কিনরা যে বাংলাদেশকে প্রায়ই ব্যতিব্যস্ত রাখছে, তা ওয়াকিবহাল মহলের অজানা নয়। কিন্তু, দর-কষাকষিতে বাংলাদেশের দুর্বলতার প্রধান কারণ আমাদের রপ্তানি ঝুলির সংকীর্ণতা এবং রপ্তানি বাজারের সংখ্যাল্পতা। এগুলো কাটিয়ে ওঠার আগে মার্কিনদের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া বাধালে বাংলাদেশকে ব্ল্যাকমেলিংয়ের শিকার করতে চাইতে পারে তারা—বিষয়টি মনে রাখতে হবে। বাংলাদেশকে বৈদেশিক ঋণ/অনুদান প্রদানকারী দেশের তালিকায় এখন মার্কিনদের অবস্থান পঞ্চম। কিন্তু, আমাদের রপ্তানি পণ্যের বৃহত্তম ক্রেতা হিসেবে তারা চাইলে এখনো বাংলাদেশকে বিপদে ফেলার ক্ষমতা রাখে।
গত দুই দশকে আমাদের অর্থনীতির শক্তির আরেকটি বড় উৎস হয়ে দাঁড়িয়েছে এক কোটি প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিট্যান্স প্রবাহের উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতা। বৈধ পথে প্রেরিত ১৪ বিলিয়ন ডলারের সঙ্গে নানা ইনফরমাল চ্যানেলে পাঠানো আরও প্রায় সাত-আট বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রবাহ এ দেশের লেনদেন ভারসাম্যের চলতি হিসাবে প্রতিবছর উদ্বৃত্ত সৃষ্টি করে চলেছে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
যে দুটো মারাত্মক ঘাটতি একটি দেশের পরনির্ভরতাকে অবশ্যম্ভাবী করে তোলে, তার মধ্যে প্রধান গুরুত্বের দাবিদার বৈদেশিক মুদ্রা-ঘাটতি এখন আর আমাদের নেই। তাই, সরকারের কোমরের জোর কিছুটা বাড়া স্বাভাবিক। কিন্তু, সরকারের বাজেট-ঘাটতি এখনো তেমন কমানো যায়নি রাজস্ব আয় বাড়ানোতে ব্যর্থতার কারণে। এটাই সরকারের প্রথম অগ্রাধিকার হতে হবে। এ ক্ষেত্রে সাফল্য অর্জিত হলে মার্কিন ডিকটেশনের আর পরোয়া করতে হবে না।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।