অসংক্রামক রোগ মোকাবিলার চ্যালেঞ্জ
সত্তরের দশকে কেউ ভাবতে পারেনি এ দেশে খাদ্যাভাব থাকবে না অথবা সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। সত্যি বলতে কি, বৈশ্বিক উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ অংশগ্রহণ করতে পেরেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা হয়েছি অগ্রগামী। মাথাপিছু আয় বেড়েছে, শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে এবং গড় আয়ু বেড়েছে। তবে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যমাত্রা অর্জনে আমরা বেশ পিছিয়ে আছি এবং এ অবস্থার উন্নয়নে জরুরি ভিত্তিতে কিছু করণীয় আছে।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে এখন খুব কমসংখ্যক লোকই সংক্রামক রোগে মারা যায়। অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি, যার মধ্যে উল্লেখযোগ্য হৃদ্রোগ, ক্যানসার, ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। বাংলাদেশে এখন ৬৭ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি। এসব রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামক ব্যাধির প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে এবং অতিরিক্ত চিকিৎসাব্যয়ের কারণে আক্রান্ত জনগোষ্ঠীর একটি বড় অংশ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে।
স্বাস্থ্য সুরক্ষায় এ দেশে মাথাপিছু ব্যয় বছরে ৩৭ মার্কিন ডলার, যার দুই-তৃতীয়াংশ জনগণ নিজেদের পকেট থেকে খরচ করে। বাংলাদেশে মোট চিকিৎসাব্যয়ের মাত্র ২৮ শতাংশ বহন করা হয় সরকারিভাবে, যা সার্ক দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অথচ মালদ্বীপে চিকিৎসাব্যয়ে মাথাপিছু সরকারি অবদান ৭৮ শতাংশ, ভুটানে ৭৩ শতাংশ, শ্রীলঙ্কায় ৫৭ শতাংশ ও ভারতে তা ৩০ শতাংশ। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে স্বাস্থ্য কৌশল অনুযায়ী, বাংলাদেশে ২০২১ সালের মধ্যে স্বাস্থ্য খরচে ব্যক্তিগত ব্যয়ের পরিমাণ ৬৭ শতাংশ থেকে ৪৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ।
অসংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ২০১৮ সালে স্বাস্থ্য অধিদপ্তর গৃহীত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বহু খাতভিত্তিক কর্মপরিকল্পনা ২০১৮-২৫’-এর দুই ধাপের প্রথম ধাপ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। এখন দেখার বিষয় হলো, এই কর্মপরিকল্পনা হাতে নেওয়ার ফলে অসংক্রামক রোগে মৃত্যুহার কতটুকু কমানো সম্ভব হয়েছে। স্বাস্থ্য বুলেটিন ২০১৮ অনুযায়ী, অসংক্রামক রোগের কারণে ৩০ থেকে ৭০ বছর বয়সী জনসংখ্যার মধ্যে প্রতি এক লাখে মারা গেছে ৩৬৯ দশমিক ৭৮ জন। এই মৃত্যুহার কমাতে পারলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৩ অর্জন অনেকাংশে নিশ্চিত হবে।
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাড়াতে হবে স্বাস্থ্যসচেতনতা। সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তেমনই একটি উদ্যোগ ‘চৌগাছা-ঝিনাইদহ জনসম্পৃক্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা মডেল’ স্বাস্থ্যক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। বর্তমান সরকার এই মডেল দেশের সব জেলা-উপজেলার হাসপাতালে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।
আইসিডিডিআরবির শেয়ার প্রকল্প ২০১৫ সাল থেকে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে জনসম্পৃক্ততায় অসংক্রামক ব্যাধি প্রতিরোধসহ এই স্বাস্থ্যসেবা মডেল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দুর্গম অঞ্চল মনপুরার স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে চৌগাছা-ঝিনাইদহ জনসম্পৃক্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা মডেলের আলোকে ‘কমিউনিটি সাপোর্ট গ্রুপ’ তৈরিতে এই প্রকল্প শুরু থেকেই সহযোগিতা করে আসছে। যার মাধ্যমে দরিদ্র রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করছে ও একই সঙ্গে হাসপাতালের জনবলসংকট নিরসনে সাধারণ জনগণ সহায়ক ভূমিকা পালন করতে পারছে।
যদিও এই স্বাস্থ্য মডেলের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যার মধ্যে অন্যতম স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে হাসপাতাল কর্তৃপক্ষের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা। এ ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনতে হবে এবং নীতি বাস্তবায়নে সাধারণ জনগণকে এগিয়ে এসে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল নিশ্চিতকরণে সাধারণ মানুষকে নীতিনির্ধারক ও নীতি প্রণয়নকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।
গত বছর মনপুরায় আয়োজিত ‘জনগণের জন্য স্বাস্থ্য সংলাপ’-এ স্থানীয় অধিবাসী স্কুলশিক্ষক হালিমা বেগম বলেন, এখন জটিল অসংক্রামক রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রক্ত পরীক্ষার ব্যবস্থাও উপজেলা পর্যায়ের হাসপাতালে নেই। আলোচনায় উঠে আসে, অসংক্রামক ব্যাধির দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেকের জন্য কঠিন হওয়াতে মাঝপথে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয় অনেকে।
অন্যদিকে, কমিউনিটি স্বাস্থ্যকর্মী অসংক্রামক ব্যাধি প্রতিরোধে একটি বড় ভূমিকা পালন করতে পারে। এ-সংক্রান্ত একটি সম্মেলন ‘দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন’ গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয়। যেখানে ৩৫টি দেশ থেকে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের সুপারিশমালায় অসংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ততা ও দক্ষতা বৃদ্ধির ব্যাপারে জোর দেওয়া হয়। যেহেতু কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ এলাকার পরিচিত ব্যক্তিত্ব, তাঁরা যদি প্রতিটি এলাকায় অসংক্রামক ব্যাধিবিষয়ক সচেতনতামূলক স্বাস্থ্যবিধি প্রচারণা ও আক্রান্ত রোগীর নিয়মিত স্বাস্থ্য নিরীক্ষা করেন, তবে এ দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যতথ্য নথিবদ্ধ করা সম্ভব। তবে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে টিকিয়ে রাখার ব্যাপারে একধরনের শঙ্কা রয়েছে বহুদিন থেকেই। সুপারিশমালায় আরও বলা হয়, কর্মক্ষেত্রে তাঁদের বেতন-ভাতার বিষয়টি আমলে নিয়ে কমিউনিটি স্বাস্থ্যকর্মীর ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করা উচিত। নতুবা সবার জন্য স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
ওই সম্মেলনে গবেষকদের উত্থাপিত গবেষণা ফলাফল থেকে উঠে আসে, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ততায় এ ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ গবেষণায় জানা যায়, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধে আচরণগত পরিবর্তন বার্তা প্রচার করে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। তাঁরা ডায়াবেটিস টাইপ-২ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন। মাত্র দেড় বছরে ফরিদপুরের ৯৬টি গ্রামে কাজ করে এ রোগের প্রকোপ ২০ দশমিক ৭ শতাংশ কমানো সম্ভব হয়েছে।
অসংক্রামক রোগের প্রভাব মহামারি পর্যায়ে পৌঁছানোর আগেই আমাদের রোগ প্রতিরোধের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসংক্রামক ব্যাধির ভয়াবহতা ঠেকাতে শুধু চিকিৎসকদের ওপর নির্ভর না থেকে স্বাস্থ্যক্ষেত্রের তৃণমূল থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ের সব পেশাজীবীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই এ দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে অর্জন করতে পারবে।
ড. ইকবাল আনোয়ার: আইসিডিডিআরবির বিজ্ঞানী ও প্রকল্প পরিচালক
নূসরাত খান: আইসিডিডিআরবির ইনফরমেশন ম্যানেজার